লকডাউন নাকি বিধিনিষেধ, তা নিয়ে যদিও ধোঁয়াশা আছে, তবু একটা কিছু যে এ দেশে আছে, তা নিশ্চিত। সেই ‘একটা কিছু’ আমরা অনুভব করি তখনই, যখন বিকেলের পর কিছু কেনার ইচ্ছা হয়। বিশেষ করে, যদি বাজারে যেতে চান, তবে বিফল মনোরথে চেপে ফিরে আসার আশঙ্কাই প্রবল। কারণ, দেশে আছে মতান্তরে ‘লকডাউন’।
ইংরেজি ‘লকডাউন’ শব্দটিতে একটু বিচ্ছেদের সুর টানলে আমরা পাব দুটি বিষয়। একটি ‘লক’, অন্যটি ‘ডাউন’। লক মানে বন্ধ করা বা আটকে রাখা। আর বন্ধ রাখা বা আটকে রাখার মধ্যে নিরাপদে রাখার একটা বিষয়ও আছে বলে অন্তর্জালসূত্রে জানা যাচ্ছে। আর ‘ডাউন’ হলো ক্রমশ নিচের দিকে যাওয়া। তামাশা করে কেউ যদি তাই ‘লকডাউন’কে অভিহিত করে ‘নিচের দিকে তালা’ বলে, তবে কি দোষ বেশি হয়ে যায়?
হতেও পারে। এ বঙ্গে তামাশা সহজভাবে নেওয়া কঠিন বড়! তা নইলে কি আর ব্যঙ্গ করে গরাদের পেছনে যেতে হয়!
যাক, ওসব নিয়ে কথা বাদ দিই। জানেনই তো, চাচা আপন প্রাণ বাঁচা। এর চেয়ে বরং ইংরেজি শব্দের সন্ধিবিচ্ছেদ নিয়ে আলোচনা করা যাক। এ পর্যন্ত অনেকগুলো লকডাউন বা বিধিনিষেধ আমরা দেখে ফেলেছি। প্রথম দু-একটায় যেমন রূপ দেখা গিয়েছিল, এখন তেমনটা চোখে পড়ে কম। শুরুতে আতঙ্ক ছিল বেশি। মানুষের কৌতূহল ও মৌসুমি ইচ্ছাও ছিল কম। তবে লকডাউন দিন দিন যত পুরোনো হতে থাকল, ততই কমতে থাকল জৌলুশ। অনেকটা ‘পুরান পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি’র মতো। একপর্যায়ে মানুষকে মাছ কিনতে রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যেতে দেখেছি আমরা। তখন তা-ও ‘সত্যকথন’-এর চল ছিল। কিন্তু এবার জানা যাচ্ছে যে মানুষ নাকি মিথ্যা তথ্য দিয়ে বের হচ্ছে। অন্তত সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে তেমনটাই।
কিন্তু বের হয় কারা? ধরুন, আপনি যদি সংবাদমাধ্যমের খবরগুলোর শিরোনামে নিয়মিত চোখ বুলিয়ে থাকেন, তবে নির্দিষ্ট এক ‘ধরন’ দেখতে পাবেন। আহা, শুধু করোনারই নিত্যনতুন স্ট্রেইন বা ধরন বের করার ক্ষমতা আছে, তা কে বলল? এ দেশে এসে লকডাউনেরও পাখা গজিয়েছে। যেমন প্রথম দিন দেখবেন, ‘চলছে কঠোর লকডাউন, রাস্তাঘাট সুনসান’। দ্বিতীয় দিন দেখবেন, ‘রাস্তায় ভিড় বেড়েছে’। তৃতীয় দিনে গিয়ে এই ভিড়ে কার কত অবদান, সেটি বোঝা যাবে। শিরোনাম পাবেন, ‘বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা, আছে রিকশাও’-এর মতো করে। চতুর্থ দিনেও ব্যক্তিগত গাড়িকে ভিড় থেকে বের করা যাবে না। একবার ভেবে দেখুন তো, এই লকডাউনে এত ব্যক্তিগত গাড়ি কেন বেরোয়? বা গাড়িতে আসলে কারা চড়ে?
সোজাসাপটা উত্তর হলো, গাড়িতে চড়ে তারাই, যাদের সংগতি আছে। কিছুটা হলেও তারা উঁচুতলার মানুষ। সাধারণ মানুষের তো হাঁটা বা নিদেনপক্ষে রিকশায় চড়া ছাড়া গত্যন্তর নেই। তবে কি শুধু ‘ডাউন’দেরই ‘লক’ হতে হচ্ছে? অথচ এই ডাউনদেরই বের হওয়ার তাগিদ সবচেয়ে বেশি থাকে। কারণ, বের না হলে যে পকেটে টান পড়ে। পরে ক্ষুধার ‘লকআপে’ পৃথিবী হয়ে যায় গদ্যময়!
মোদ্দা কথা হলো, লক-এর পদোন্নতি প্রয়োজন। ডাউন থেকে আপে ওঠা দরকার। এত দিন ধরে এ দেশে কাজ করছে লকডাউন, তার কি কোনো মূল্য নেই? এ দেশে গরিবদের হয়তো পদোন্নতি পেতে পেতে দিন ফুরিয়ে সন্ধ্যা হয়ে যায়। তাই বলে ‘ভিআইপি’ লকডাউনের কেন সেই দুর্ভাগ্য বরণ করে নিতে হবে? সুতরাং অবিলম্বে ডাউন থেকে লককে পদোন্নতি দিয়ে আপে তোলা হোক।
আর লকডাউন দেওয়ার পর তা মানায় যেহেতু ঢিলেঢালা ভাব চলেই এসেছে, সে ক্ষেত্রে গোপাল ভাঁড়ের পদ্ধতি অনুসরণ করা যেতে পারে। একদা জনৈক রামবাবুর সঙ্গে গল্প করতে করতে গোপালের খুব তেষ্টা পেয়েছিল। ভৃত্যকে ডেকে প্রথমেই গোপাল দিল ঠাস ঠাস করে তিনটে চড়। এরপর বলল, ‘যা, এক ঘটি জল নিয়ে আয়! ঘটি যেন না ভাঙে।’ ব্যাপার দেখে রামবাবু বললেন, ‘গোপাল, ঘটি ভাঙার আগেই ওকে চড় মেরে বসলে যে?’ গোপাল জবাব দিল, ‘আরে, ভেঙে ফেলার পর মেরে কি আর লাভ আছে? এর চেয়ে আগেই মেরে দিলাম। সাবধান থাকবে।’
তবে কি ভবিষ্যতে এভাবেই সাবধান করতে হবে আমাদের?