ডাকটিকিটে আমাদের শহীদ মিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মায়ের মর্যাদা রক্ষার জন্য সন্তানেরা নিজেদের উত্সর্গ করেছেন। এই আত্মত্যাগের মহিমায় মা ঝুঁকে পড়েছেন একটু স্নেহে; আর চারটি সন্তানের মধ্য দিয়ে তিনি এ দেশের লাখ লাখ সন্তানকে দেখতে পাচ্ছেন। অনন্তকাল ধরে মা এভাবে রক্ষা করছেন তাঁর সন্তানদের। শহীদ মিনারের স্তম্ভগুলো মাতৃভাষা, মাতৃভূমি তথা মাতা এবং তাঁর শহীদ সন্তানদের প্রতীক। স্বাধীন বাংলাদেশের নিজস্ব নকশায় প্রকাশিত প্রথম ডাকটিকিটেও স্থান পেয়েছে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের স্মৃতিস্তম্ভ ‘শহীদ মিনার’। ১৯৭২ সালের একুশে ফেব্রুয়ারি প্রকাশিত ২০ পয়সা সমমূল্যের এ ডাকটিকিটের নকশা করেছেন বি পি চিতোনিশ এবং মুদ্রিত হয়েছে ভারতের নাসিক সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে।ভাষা আন্দোলনের ৩৫তম বার্ষিকীতে ডাক বিভাগ প্রতিটি তিন টাকা মূল্যের দুটি ডাকটিকিট প্রকাশ করে। রাশিয়া থেকে মুদ্রিত বাকির উদ্দিন সরকারের নকশায় ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ লেখা প্ল্যাকার্ড হাতে গুলিবিদ্ধ যুবক মাটিতে লুটিয়ে পড়ছেন; পেছনে মিছিল। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার দাবিতে বিক্ষোভরত ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ হয়, তারই প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে এ ডাকটিকিটে। একসঙ্গে দুটি ডাকটিকিটের দ্বিতীয় অংশে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে সেই সব মহান ভাষাশহীদকে। বাংলা চতুর্দশ শতাব্দী পূর্তিতে প্রকাশিত ডাকটিকিটেও রয়েছে শহীদ মিনারের উপস্থিতি। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার অপরাহ্নে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গণে, ২২ ফেব্রুয়ারি সকালে হাইকোর্টের সামনের রাস্তায় আর দুপুরে রথখোলা ও সংবাদ অফিসের কাছে মাতৃভাষার দাবিতে প্রাণ হারান রফিক, বরকত, জব্বারসহ নাম না-জানা অনেকে। ভাষার জন্য এমন আত্মবিসর্জনের ঘটনা ঘটেনি পৃথিবীতে। এরই পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ ঘোষণা করে। ২০০০ সালের একুশে ফেব্রুয়ারি প্রথমবারের মতো বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। দেশি ডাকটিকিটেও এই প্রথম উপজীব্য হয় বায়ান্নর ভাষাশহীদ। বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত প্রতিটি চার টাকা মূল্যমানের চারটি ডাকটিকিটে স্থান পান আবুল বরকত, আবদুল জব্বার, শফিউর রহমান ও রফিক উদ্দিন আহমদ। ভাষা আন্দোলনের ৫০তম বার্ষিকীতে ডাক বিভাগ প্রতিটি ১০ টাকা সমমূল্যের তিনটি ডাকটিকিট প্রকাশ করে। আনোয়ার হোসাইনের নকশায় সেটের দ্বিতীয় ডাকটিকিটে দেখা যায় একুশের শহীদ মিনার। একই সঙ্গে ভাষা আন্দোলনের ওপর প্রথম প্রকাশ পায় ৩০ টাকা মূল্যের একটি স্যুভেনির। কাইয়ুম চৌধুরীর নকশায় প্রকাশিত এ স্যুভেনির শিটে প্রাধান্য পেয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিকৃতি।১৯৪৮-৫৩ পর্যন্ত সংঘটিত ভাষা আন্দোলনের ঐতিহাসিক সাতটি আলোকচিত্রের সমন্বয়ে ডাক বিভাগ ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি প্রকাশ করে দ্বিতীয় স্যুভেনির। স্যুভেনিরের ৫০ টাকা মূল্যমানের ডাকটিকিটে আরও একবার বুকে শহীদ মিনার নিয়ে উঠে আসে স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকটিকিট। ঢাকায় প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। ২০১০ সালের একুশে ফেব্রুয়ারি প্রকাশিত স্মারক ডাকটিকিটে প্রতিষ্ঠানটি বিষয়বস্তু হয়। জসীমউদ্দীনের নকশায় সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত ১৫ টাকা মূল্যের এ ডাকটিকিটে শহীদ মিনারের প্রতিকৃতি দেখা যায়। ভাষা আন্দোলনের ৬০ বছর পূর্তিতে বাংলাদেশ ডাক বিভাগ প্রকাশ করে ২১ টাকা মূল্যমানের একটি একুশের ডাকটিকিট। আনোয়ার হোসাইনের নকশায় সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে মুদ্রিত এই বহুবর্ণের ডাকটিকিটে রয়েছে অমর একুশের শহীদ মিনার।