ডিগনিটাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রয়্যাল কোর্ট অব জাস্টিস, লন্ডন। আন্নার মামলার শুনানি চলছে। ভাবলেশহীন চেহারার দুই বর্ষীয়ান বিচারক, আন্না, মিগেল, আন্নার আইনজীবী, ডিরেক্টরেট অব পাবলিক প্রসিকিউশন্সের একজন উকিল, রাজ্যের রিপোর্টার, ফটোগ্রাফার—কোর্টরুম ভর্তি উৎসুক মানুষ। আন্না বসে আছে হুইলচেয়ারে। কী অদ্ভুত দুর্ভাগ্য আমার! হরিণীর মতো, রাজহংসীর মতো সেই তরুণীকে দেখতে হচ্ছে হুইলচেয়ারে, যে মস্কো গিয়েছিল ব্যালে শিখতে, বালশোই থিয়েটারে যার পাশে বসে আমি দেখেছিলাম সোয়ান লেক! ওর হাত ধরে কত দিনমান ঘুরে বেড়িয়েছি মস্কোর পথে, উদ্যানে, বুলভারে! কত সন্ধ্যা কেটেছে ওর সঙ্গে গল্প করে, রুশ, ইংরেজি, স্প্যানিশ সংগীত শুনে, কফির মগ হাতে! কনিয়াকের গ্লাস টুং টাং শব্দে বেজেছিল কত রাত! আন্নার আইনজীবী ও তাঁর প্রতিপক্ষের মধ্যে যুক্তিতর্ক চলছে, সেসবের মাথামুণ্ডু কিছুই ঢুকছে না আমার মগজে। আমি শুধু নিষ্পলক চোখে চেয়ে আছি আন্নার মলিন, বিরক্ত, জেদি মুখমণ্ডলের দিকে। আর দেখছি তার হুইলচেয়ারের পেছনে দাঁড়ানো শয়তানের হাড্ডি মিগেল পেরালেসকে।কয়েক সপ্তাহ ধরে লন্ডনের পত্রপত্রিকায় দেখছি, মাল্টিপল স্ক্লেরোসিস নামের দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অ্যান রিচার্ডসন নামের ৩৪ বছর বয়সী এক নারী তাঁর স্বামীর সহযোগিতায় আত্মহত্যা করতে চান। কিন্তু ব্রিটেনে অ্যাসিস্টেড সুইসাইড দণ্ডনীয় অপরাধ। অ্যান রিচার্ডসন ডিরেক্টরেট অব পাবলিক প্রসিকিউশন্সের কাছ থেকে এ সংক্রান্ত আইনের পরিষ্কার ব্যাখ্যা ও দিকনির্দেশনা চেয়েছেন; কিন্তু ডিরেক্টরেট কোনো দিকনির্দেশনা দিতে নারাজ। তারা বলে দিয়েছে, সুইসাইড অ্যাক্ট ১৯৬১-এ সবকিছু পরিষ্কারভাবে বলা আছে। কিন্তু অ্যান রিচার্ডসন তাতে সন্তুষ্ট হতে পারেননি। কারণ, তিনি খোঁজ নিয়ে জেনেছেন, এ যাবৎ প্রায় শখানেক মানুষ স্বজনদের সহযোগিতায় ব্রিটেন থেকে সুইজারল্যান্ডে গিয়ে আত্মহত্যা করেছে। (সুইজারল্যান্ডে অ্যাসিস্টেড সুইসাইড আইনসিদ্ধ।) কিন্তু যারা আত্মহত্যায় সহযোগিতা করেছে, তাদের কাউকেই সুইসাইড অ্যাক্ট অনুযায়ী বিচারের মুখোমুখি দাঁড়াতে হয়নি। অর্থাৎ, ব্রিটেনে এ পর্যন্ত আত্মহত্যায় সহযোগিতাকারী একজন ব্যক্তির ক্ষেত্রেও আইনটি প্রয়োগ করা হয়নি। অ্যান তাই ডিরেক্টরেট অব পাবলিক প্রসিকিউশন্সের কাছে পরিষ্কারভাবে জানতে চেয়েছেন, তাঁর স্বামী মিগেল পেরালেস যদি স্ত্রীকে সুইজারল্যান্ড যেতে সহযোগিতা করেন এবং স্ত্রী অ্যান রিচার্ডসন যদি সেখানে গিয়ে চিকিৎসকদের সহযোগিতায় নিজের জীবনাবসান ঘটান, তাহলে সেসব কিছু সম্পন্ন হওয়ার পর মিগেল পেরালেস ব্রিটেনে ফিরে এলে তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কি হবে না। ডিরেক্টরেট অব পাবলিক প্রসিকিউশন্সের কোনো দিকনির্দেশনা না পেয়ে তিনি আদালতে রিট করেছেন। কয়েক মাস সপ্তাহ ধরে সেই রিটের শুনানি চলছে। লন্ডনের সংবাদমাধ্যমে এই নিয়ে বিরাট চাঞ্চল্য। পত্রিকায় অ্যান রিচার্ডসনের ছবি দেখে আমার চিনতে একটুও কষ্ট হয়নি, ১২ বছর আগে মস্কোয় আমি যাকে হারিয়েছিলাম, এ মেয়ে আমার সেই ব্যালেরিনা আন্না।আনমনে ভাবছিলাম এসব। হঠাৎ দেখি, এবার কথা বলছেন একজন বিচারক: ‘সুইসাইড অ্যাক্ট নাইনটিন সিক্সটি ওয়ান সেইজ ভেরি ক্লিয়ারলি দ্যাট, ইট ইজ অ্যান অফেন্স টু এইড, অ্যাবেট, কাউন্সেল অর প্রোকিউর সুইসাইড। মিস অ্যান রিচার্ডসন যদি আত্মহত্যার উদ্দেশে বিদেশে যাওয়ার জন্য তাঁর স্বামী মিস্টার মিগেল পেরালেসের সহযোগিতা চান এবং মিস্টার মিগেল পেরালেস তাঁকে কোনো রকম সহযোগিতা করেন, তাহলে আইন অনুযায়ী তাঁকে বিচারের মুখোমুখি হতে হবে।’আন্নার চিৎকার: ‘বাট বাই ফেইলিং টু ক্ল্যারিফাই মাই হাজবেন্ডস পজিশন, দি ডিরেক্টরেট অব পাবলিক প্রসিকিউশন্স ইজ ভায়োলেটিং মাই রাইট টু এ প্রাইভেট লাইফ অ্যাজ এনশ্রাইন্ড ইন দ্য ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস।’বিচারক বললেন: ‘ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস শুধু এই মর্মে গ্যারান্টি দিচ্ছে যে কোনো ব্যক্তির নিজের পছন্দমতো জীবনযাপনে কেউ হস্তক্ষেপ করতে পারবে না; কিন্তু কে কীভাবে নিজের মৃত্যু চায় সে বিষয়ে সেখানে কিছুই বলা হয়নি। অর্থাৎ কে কীভাবে বাঁচতে চায় তা তার নিজস্ব ব্যাপার, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না। কিন্তু কে কীভাবে মরতে চায় সেটা তার নিজস্ব বিষয় নয়; ব্রিটেনে এখনো পর্যন্ত বিদ্যমান আইন তা-ই বলছে। আদালত আইনের বাইরে কিছুই করতে পারে না। যদি কিছু করতে হয় তবে তার আগে আইনটির পরিবর্তন করতে হবে। সেটা কেবল পার্লামেন্টই করতে পারে। আদালতের এখানে করার কিছু নেই।’কোর্টরুমের বাইরের প্রাঙ্গণে আন্না, মিগেল, তাঁদের আইনজীবী ও প্রতিপক্ষ উকিলকে ছেঁকে ধরল রিপোর্টার ও ফটোগ্রাফারের দল। এলোপাতাড়ি প্রশ্নের ঝড় উঠল: ‘মিস রিচার্ডসন, এ রায়ে আপনার প্রতিক্রিয়া কী?’ ‘আপনি এখন কী করবেন?’ ‘মিস্টার পেরালেস, হোয়াট উড ইউ লাইক টু সে?’আন্নার হুইলচেয়ার ঠেলে নিয়ে যেতে যেতে মিগেল বলল, ‘দি ডক্টরস ক্যান গিভ হার পেইনকিলারস, আই ক্যান প্রোভাইড লাভ, বাট দি ল ইজনট ক্লিয়ার।’ নাছোড়বান্দা সাংবাদিকদের কনুইয়ের গুঁতো মেরে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে করতে আন্নার হুইলচেয়ার ঠেলে নিয়ে পার্কিং লটের দিকে এগিয়ে চলল মিগেল। কিন্তু সাংবাদিকের বাহিনী পিছু ছাড়ল না। মিগেল চিৎকার করে উঠল: ‘প্লিজ, লিভ হার অ্যালৌন!’ পার্কিং লটে মিগেল ও আন্নার গাড়ির পাশে গিয়ে আমি দাঁড়ালাম: ‘হাই আন্না! ওলা মিগেল!’দুই জোড়া চোখ বিস্ময়ে বস্ফািরিত হয়ে জ্বলে উঠল একসঙ্গে।২.বারো বছর পর আন্নাকে সামনে পেয়ে এবং তার অমন নিষ্করুণ দুর্দশা দেখে হু হু করে উঠল আমার বুক। ওর একটি হাত ধরে আকুল বালকের মতো প্রায় কেঁদে উঠলাম: ‘কী করে এমন হলো?’আন্নার দুই চোখ ভিজে উঠল। মিগেলের মলিন মুখ, উপরন্তু সাংবাদিক বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ। এক্ষুনি পালাতে পারলেই বাঁচে। আমরা দুজনে তড়িঘড়ি আন্নাকে গাড়ির পেছনের সিটে বসিয়ে দিলাম। মিগেল দ্রুত হাতে হুইলচেয়ারটা গুটিয়ে নিতে নিতে আমাকে বলল, গাড়িতে উঠে বসতে। আমি আন্নার পাশে বসলাম। মিগেল গাড়ি স্টার্ট করে হ্যাঁচকা টানে এমনভাবে গাড়ি রাস্তার দিকে ঘোরাল যে কংক্রিটের সঙ্গে গাড়ির টায়ারের ঘর্ষণের শব্দে চারপাশে সবাই চমকে উঠল। আমরা ছুটে চললাম। আন্নার একটি হাত টেনে নিলাম নিজের মুঠির মধ্যে। আন্না আমার মুখের দিকে চেয়ে রইল। তার দু চোখে অশ্রু।৩.লন্ডনের হাইবারি ইজলিংটন মহল্লায় একটি দোতলা পুরোনো বাড়িতে আন্না-মিগেল দম্পতির বাস। লিভিংরুমে আমাকে বসিয়ে রেখে হুইলচেয়ারে বসা আন্নাকে নিয়ে ভেতরে চলে গেল মিগেল। যেতে যেতে চিৎকার করে আমার নাম ধরে ডেকে বলল, ‘জামিল, চিল্ড বিয়ার চলবে তো?’ আমি কিছু বলার আগেই শুনতে পেলাম আন্নার কণ্ঠ, ‘আমাকে একটু ব্রান্ডি দাও, প্লিজ।’ সঙ্গে সঙ্গে মিগেল চিৎকার করে উঠল: ‘না। ডক্টর বলেছে নো অ্যালকোহল!’‘হেল উইথ ডক্টরস! একটু ব্রান্ডি দাও না, প্লিজ!’‘না! আমি বলেছি, না!’‘ও, ইউ ডোন্ট লাভ মি! ইউ নেভার লাভড মি!’‘নো ডারলিং, নো! আই লাভ ইউ, আই ডু লাভ ইউ..।’চুম্বনের শব্দ। আন্নার কণ্ঠ: ‘ভান করবে না খবরদার! তুমি আমাকে ভালোবাস না এবং তুমি আমাকে হেল্প করতে চাও না!’‘অবশ্যই আমি তোমাকে হেল্প করতে চাই! বাট দি ফাকিং লজ অব দিস ফাকিং ল্যান্ড..! আমার কী দোষ? তুমি কি চাও ওরা আমাকে ফাঁসিতে লটকাক?’‘অলরাইট, অলরাইট! নাউ গিভ মি সাম ব্রান্ডি, ইফ ইউ লাভ মি! তুমি জানো না, আমি মরতে চাই? মরতে চাই আজই, এক্ষুনি, এই মুহূর্তেই?’৪.কিন্তু আন্না অ্যালকোহলে আসক্ত ছিল না। ওর আসক্তি ছিল সংগীত, ও ভালোবাসত নাচতে। নাট্যকলা পড়তে গিয়েছিল মস্কো। ব্যালে নাচ শিখত এক প্রাক্তন রুশ ব্যালেরিনার কাছে। এক বিকেলে ক্রেমলিনের পাশের উদ্যানে আমাদের পরিচয়। তারপর যোগাযোগ। ও আমার হোস্টেলে আসত, আমি ওর হোস্টেলে যেতাম। আমরা ঘুরে বেড়াতাম সারা শহর: সিনেমা, থিয়েটার, পার্ক।হোস্টেলে আমার পাশের রুমে থাকত কিউবার ছেলে মিগেল পেরালেস। ক্লাসে যেত না, সারা দিন গিটার বাজিয়ে গান গাইত, টেপরেকর্ডারে গান বাজিয়ে শুনত। ওর মেয়েবন্ধুর হিসাব ছিল না। মেয়েরা ওকে খুব পছন্দ করত। অ্যান রিচার্ডসন, রুশি স্টাইলে আমি যাকে ডাকতাম আন্না বলে, আমার ঘরে আসা-যাওয়া করতে করতে হঠাৎ এক সন্ধ্যায় আটকা পড়ে গেল মিগেলের সংগীতের ইন্দ্রজালে। সারাটা গ্রীষ্মকালের এত ঘোরাঘুরি, এত মাখামাখি—সবকিছু মিথ্যা হয়ে গেল এক সন্ধ্যায় এক মুহূর্তের জাদুতে। আন্না মিগেলের রুমের দরজা দিয়ে মুখ বের করে আমাকে বলল: ‘প্রেমে পড়েছি! ও, আমি প্রেমে পড়ে গেছি!’তারপর আর বেশি দিন মস্কো থাকেনি। সুইডিশ এক গানের দলের শো দেখতে গিয়ে ওরা সে দলে ভিড়ে যায়। তাদের সঙ্গে শো করতে যায় সিঙ্গাপুর। সিঙ্গাপুর থেকে স্টকহোম ফেরে, কিন্তু সেখানে আন্নার ভালো লাগে না। ওরা জাপান চলে যায়। এভাবে কয়েক বছর নানা দেশ ঘুরে ওরা ফেরে লন্ডন, আন্নার মায়ের বাড়িতে। আন্নার মা ক্যানসারে ভুগছিলেন, আন্না ও মিগেল ফেরার দু মাস পর তিনি মারা যান। বাড়িটা এখন আন্নার সম্পত্তি।আমার কথা কী বলব, এক চেচেন-সুন্দরীকে বিয়ে করেছিলাম। আন্নার চেয়েও সুন্দরী ছিল সে: ককেশাসের কিছু মেয়ে এত সুন্দর, যেন সোজা স্বর্গ থেকে নেমে আসা পরি। পশ্চিমের দেশগুলো তখন সোভিয়েতদের নাগরিকত্ব দিচ্ছিল পাইকারি হারে। চেচেন-সুন্দরীকে নিয়ে ট্রেনে চেপে মস্কো থেকে চলে এলাম লন্ডন; লেখাপড়া শিকায় তুলে রেখে। কারণ তত দিনে বুঝে গেছি, ওসব আর হবে না আমাকে দিয়ে। কিন্তু লন্ডনে এসে আমার চেচেন-বউ আমাকে ফেলে চলে গেল এক সাদা যুবকের সঙ্গে। আমি নারী জাতিকে অভিসম্পাত দিয়ে লন্ডনের বাঙালি রেস্টুরেন্টগুলোতে কিছুদিন কাজ করলাম। তারপর লন্ডনে বিতৃষ্ণা চলে এলে গেলাম ব্রাইটন, তারপর হেস্টিংস, তারপর অক্সফোর্ড, ম্যানচেস্টার...আরও নানা শহর ঘুরেটুরে শেষে আবার লন্ডন, ফাঁকে শিখে নিলাম গাড়ি চালানো। এখন লন্ডনে ট্যাক্সি চালাই। এভাবে চলছে ১০ বছর।৫.‘কিন্তু তুমি সুইসাইড করতে চাও কেন?’ জিজ্ঞেস করলাম আন্নাকে। আন্না বলল, তার বেঁচে থাকা শুধু যে অর্থহীন হয়ে গেছে তা-ই নয়, অসহ্য কষ্টকর হয়ে উঠেছে। সে টিকে আছে পেইনকিলারের ওপর। মাল্টিপল স্ক্লেরোসিস এমন এক দুরারোগ্য অসুখ, যা শরীরের অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে অসাড় করে দেয়। সারা শরীরে প্রচণ্ড ব্যথা লেগে থাকে সারাক্ষণ, কখনো কখনো ব্যথা সহ্যের সীমা ছাড়িয়ে যায়; আন্না বলে, ‘তখন মনে হয়, আই নিড টু ডাই। কিন্তু আমি নিজে তা করতে অক্ষম। আই নিড অ্যাসিস্টেন্স। মিগেল আমাকে অ্যাসিস্ট করতে রাজি। কিন্তু আইন পারমিট করছে না। আমাকে অ্যাসিস্ট করলে ওকে জেলে যেতে হবে।’তবু আমার বিশ্বাস হয় না আন্না সত্যিই আত্মহত্যা করতে চায়। দুরারোগ্য, ভয়ংকর যন্ত্রণাদায়ক নানা অসুখে কত মানুষই তো ভুগছে। সে জন্য কেউ কি আত্মহত্যা করে? আন্না হয়তো আদালতে লড়ছে আত্মহত্যার অধিকারটার স্বীকৃতির জন্য। যেন সে এই দাবি প্রতিষ্ঠা করতে চায়: আমি পৃথিবীতে থাকতে চাই, না এখান থেকে চিরতরে বিদায় নিতে চাই সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমার, রাষ্ট্রের নয়, সমাজের নয়, আমার প্রিয়জনের নয়। শুধু আমার। ৬.আন্নার বাসায় আমার আসা-যাওয়া বেড়ে চলল। মিগেলের দেখি কোনো আপত্তি নেই তাতে। কেন থাকবে, আজ আর কোনো পুরুষ আন্নাকে ভাগিয়ে নিতে আসবে না। আমার আসা-যাওয়ায় ওদের দুজনেরই বেশ উপকার হচ্ছে। মিগেল কাজে চলে গেলে আন্না সারা দিন একা থাকে। স্প্যানিশ এক মধ্যবয়স্ক মহিলা ঘণ্টা দুয়েকের জন্য এসে ঘরদোর পরিষ্কার করে দিয়ে যায়, দুপুরে সে আন্নাকে ওষুধও খাওয়ায়। কিন্তু দিনের বাকি পুরোটা সময় আন্না বাড়িতে সম্পূর্ণ একা। আমাকে পেয়ে ওর অনেক লাভ হচ্ছে। আমি ট্যাক্সি চালাই রাতে, নিশাচর। সারা দিন মরার মতো ঘুমোতাম। এখন আন্নার বাড়িতে এসে ঝিমাই, ওর গল্প শুনতে শুনতে আমার ঝিমানি ছুটে যায়। আমি অবাক হই, কষ্ট পাই, জীবনের প্রহেলিকাগুলোর কথা চিন্তা করে গোলকধাঁধায় পড়ি।সন্ধ্যায় আন্নার কাছ থেকে বিদায় নিতে চাইলে তার মুখটা মলিন হয়, কিন্তু সে গুডবাই বলে পরদিন আবার আসতে অনুরোধ করে। ততক্ষণে মিগেল কাজ শেষে ফিরে আসে। কিন্তু এক সন্ধ্যায় মিগেলের ফিরতে দেরি হয়। আন্না আমাকে ছাড়তে চায় না, মিগেলের ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে অনুরোধ করে। মিগেল ফেরে রাত ১০টায়, এবং ভীষণ মাতাল অবস্থায়। আমার উপস্থিতিতেই আন্না ভীষণ চেঁচামেচি-কান্নাকাটি করে। তারপর এক সপ্তাহ মিগেল লক্ষ্মী ছেলেটির মতো সন্ধ্যা হলেই ঘরে ফিরে আসে। কিন্তু তারপর আবার একদিন দেরি করে, বেশ দেরি। রাত সাড়ে ১১টায় ফেরে সে, বদ্ধ মাতাল হয়ে। মিগেল মস্কোতে নারীবাজ ছিল, আমি ওর পাশের ঘরেই থাকতাম। আমি সব দেখেছি। আন্না এখন হোপলেসলি ইনভ্যালিড। মিগেলকে ভীষণ কামুক বলে আমি জানি। সে আন্নাকে ফাঁকি দেয়, অন্য মেয়েদের সঙ্গে শোয়—আমি ১০০ ভাগ নিশ্চিত। এবং জীবনের জৈবিক সত্য স্বীকার করলে মিগেলকে দোষ দিতে পারি না। আন্নাও সম্ভবত সব বোঝে, এবং মিগেলকে ক্ষমা করে দেয়। বরং ওর এমন অবস্থায় মিগেল যে ওকে ফেলে কোনো সুন্দরী তরুণীর হাত ধরে চলে যায়নি, সেটাই তো অনেক।একদিন আন্নাকে বললাম, ‘মিগেল তোমাকে ফাঁকি দেয় না তো?’ আন্নার গলা থেকে এমন এক আর্তনাদ বেরিয়ে এল, যেন তার বুকে ছুরি মেরেছি আমি। সে আমার ওপর ক্ষেপে গেল, মিগেলের ওপর আমার পুরোনো ক্রোধ, আদিম ঈর্ষা ইত্যাদির অভিযোগ তুলে আমাকে বকাবকি করল। আমি ওকে বাস্তব অবস্থাটা বোঝানোর চেষ্টা করলাম। আমি ওকে বললাম, মিগেলের বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করছি না, কিন্তু এ রকম পরিস্থিতিতে যেকোনো পুরুষ অন্য মেয়ের সঙ্গে গোপন সম্পর্ক গড়তে পারে। আন্না কিছুই বোঝার চেষ্টা করল না। আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিল। আমি নিজের ডেরায় ফিরে এলাম। পরদিন আর গেলাম না। তার পরদিনও না। পুরো সপ্তাহই কাটিয়ে দিলাম আন্নাবিহীন।৭.কিন্তু আন্নার জন্য মায়া হয়। ওর ওপর রাগ করে থাকতে পারি না। এমন অসুস্থ একজন মানুষের ওপর রাগ করে দূরে চলে যাওয়া উচিতও মনে হয় না। তা ছাড়া একটু কৌতূহলও জাগে: মিগেলের গোপন সম্পর্কে যে কথা আমি আন্নাকে বলেছিলাম তা নিয়ে ওদের মধ্যে ঝগড়াঝাটি হয়নি তো?পরের সপ্তাহে আন্নার সামনে গিয়ে হাজির হতেই সে হাউমাউ করে কেঁদে উঠল: ‘তুমি একদম ঠিক বলেছ। মিগেল একটা লম্পট, ওর ওয়ালেটের মধ্যে আমি প্রমাণ পেয়েছি, ওর গায়ে আমি অন্য মেয়ের গন্ধ পেয়েছি। আমি ওকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ডিভোর্স দিয়েছি ওকে। ও আর জীবনেও আমার ধারে-কাছে আসতে পারবে না...,’ আন্না কাঁদতে থাকল।ভয়ানক অসুস্থ আন্না এখন সম্পূর্ণ একা। লন্ডনে কোনো আত্মীয়স্বজন নেই ওর। এক কাজিন থাকে ইয়র্কশায়ারে, আন্নার কোনো খবর রাখে না। মিগেলকে তাড়িয়ে দিয়ে আন্না পৃথিবীতে এখন সম্পূর্ণ একা। পৃথিবীতে সে আর থাকতে চায় না। কিন্তু আত্মহত্যা করারও সামর্থ্য তার নেই।আন্নার অনুরোধে আমি ওর বাড়িতে এসে উঠলাম। ঘরভাড়া বাবদ সপ্তাহে যে ৫০ পাউন্ড আমাকে ব্যয় করতে হয়, তা থেকে বাঁচলাম। স্বার্থপর ছোটলোকের মতো শোনাতে পারে কথাটা, কিন্তু বাস্তব সত্য কথা। তিন দিন না যেতেই আন্না আমাকে বিয়ের প্রস্তাব দিল। ভালোবেসে নয়, আমি জানি আন্না কখনো আমার প্রতি প্রেম বোধ করেনি। ও ভালোবাসত মিগেলকে, মনে হয় এখনো বাসে। কিন্তু আমাকে বিয়ে করতে চায় কারণ ও সুইসাইড করবে, সে জন্য ওর অ্যাসিস্টেন্স দরকার। আমি ওকে অ্যাসিস্ট করব—এই হচ্ছে আমাকে ওর বিয়ে করতে চাওয়ার যুক্তি। কিন্তু আমি কেন রাজি হব? কারণ আন্না তার বাড়িটা আমাকে উইল করে দেবে, ওটার দাম কমপক্ষে দুই লাখ পাউন্ড।এগুলো আমার কল্পনা। আন্না আসলে আমাকে বলল, ‘তুমি আমার কাছে থাকো। তোমাকে পেয়ে আমি উপলব্ধি করতে পেরেছি ভালোবাসা কী জিনিস। মিগেলের জন্য আমার যা ছিল, ওটা মোহ। চলো, আমরা বিয়ে করি, আমি সুইসাইড করব না। যত কষ্টই হোক, বাকিটা জীবন আমরা একসঙ্গে থাকি!’আমরা বিয়ে করলাম। মাসখানেক পেরিয়ে গেল। আন্নার অসুখ মারাত্মক হয়ে উঠল। কোনো পেইনকিলারেই ব্যথা কমাতে পারে না। ‘আই নিড টু ডাই!’ আন্না চিৎকার শুরু করল, ‘প্লিজ হেল্প মি, আই নিড টু ডাই।’একদিন আন্না বাড়িটা আমার নামে উইল করে দিল। সেই সঙ্গে বলল, ‘বাড়িটা মর্টগেজ রাখা আছে। কিন্তু মাত্র ৩০ হাজার পাউন্ড। তুমি শোধ করে দিতে পারবে।’আইনের মুখে ঝাঁটা মেরে আমরা লন্ডন থেকে উড়ে গেলাম সুইজারল্যান্ডের জুরিখ শহরে।৮.জুরিখ শহরের বিখ্যাত সুইসাইড ক্লিনিক ‘ডিগনিটাস’। তার মূল ফটকের দেয়ালে বড় বড় অক্ষরে লেখা: ‘ডায়িং উইথ ডিগনিটি’। আন্নার রেজিস্ট্রেশন হলো, সব কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হলো। জটিলতা সৃষ্টি করা হলো আমার পরিচয় এবং আন্নার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে। আলাদা ঘরে দীর্ঘ ইন্টারভিউ নেওয়া হলো আমার। তার পর এক সপ্তাহ ধরে চলল আন্নার নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা। তাকে মানসিক পর্যবেক্ষণে রাখা হলো দুই সপ্তাহ: মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ না হলে কাউকে আত্মহত্যায় সহযোগিতা করে না ডিগনিটাস। আন্নার মানসিক সুস্থতা প্রমাণিত হলো। সবকিছু ওকে। কিন্তু এখনই নয়। ‘সময় নিন,’ আন্নাকে বলল ডিগনিটাসের চিকিৎসকেরা, ‘ঠান্ডা মাথায় ভাবুন, আরও চিন্তা করুন। উত্তেজনা পরিহার করুন। এক মাস সময় নিন। তারপরও যদি আপনার মনে হয়, এটাই শ্রেয়, আর কোনো বিকল্প নেই, তখন আসবেন।’জুরিখ ভীষণ ব্যয়বহুল শহর। সেখানে আরও এক মাস থাকার মতো টাকা আন্না বা আমার কাছে নেই। আমরা লন্ডন ফিরে এলাম। আন্নার হাতে রইল ডিগনিটাসের দেওয়া আসিস্টেড সুইসাইডের ছাড়পত্র।আমি রাতে ট্যাক্সি চালানো ছেড়ে দিলাম। দিনেও এখন চালাই মাত্র চার ঘণ্টা। আন্না চায় আমি সব সময় ওর পাশে থাকি। ব্যাংকে ওর টাকা আছে। দুজনের খরচ বেশি নয়। পেইনকিলার কেনা ছাড়া আন্নার তেমন কোনো চিকিৎসা-ব্যয়ও আর নেই এখন। বিকেলে আমি আন্নাকে নিয়ে পার্কে বেড়াতে যাই। একদিন থিয়েটার দেখে এলাম। মজার মজার মুভি কিনে এনে আমরা একসঙ্গে বসে দেখি। আমি আন্নাকে হ্যারি পটারের গল্পগুলো পড়ে শোনাই। এভাবে দিন যায়, আন্নার শরীরের অবস্থা আরও খারাপ হতে থাকে। এ এমন এক রোগ, যা ধীরে ধীরে গোটা শরীরকে কাঠের মতো নিরেট বানিয়ে ফেলে। এখন আন্না নিজে আর দাঁত ব্রাশ করতে পারে না, আমি করিয়ে দিই, ওকে খাবার খাইয়ে দিতে হয়, গোসল করিয়ে দিতে হয়...।তিন সপ্তাহ পেরিয়ে যায়, কিন্তু আন্নার মুখে জুরিখের কোনো প্রসঙ্গই নেই। যখন তার ব্যথা অসহ্য হয়ে ওঠে, তখন গোঙাতে গোঙাতে সে আমাকে বলে, ‘কাছে এসো, আমাকে ধরো, একটু আদর করে দাও! প্লিজ লাভ মি, প্লিজ হিল মি!’কক্ষনো সে ভুলেও একটিবার বলে না, ‘আই নিড টু ডাই, প্লিজ হেল্প মি!’