ডিজিটালি আরও সরব হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১

একুশে বইমেলায় এখন বই প্রকাশ সাময়িক ‘ইভেন্ট’ হয়ে গেছে—বইমেলা ও বই প্রকাশ হওয়া চাই পাঠকনির্ভর বই প্রকাশের। শুধু চাকচিক্যের বাড়বাড়ন্ত চাই না। মেলা নিয়ে আমার আরও কিছু প্রত্যাশা রয়েছে: একুশে বইমেলার মাঠকে বাংলা একাডেমি ও প্রকাশক–লেখক—মোটকথা বইয়ের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের সারা বছরের চর্চার মহড়ার ক্ষেত্র তৈরি করা যায়। এ মেলার সময় নিউ মিডিয়াকে নানা মাত্রায় ব্যবহার করে সামগ্রিক বইয়ের জগৎকে উন্মুক্তও করা যায়। ব্যাপারটি বুঝিয়ে বলি। লেখক এবং সারা দেশের বইয়ের দোকান, পাঠাগার, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠাগার, লাইব্রেরি প্রফেশনালস, বইকর্মী, পাঠাগারকর্মী—বইসংস্কৃতি জগতের সবাই নিজেদের স্ব স্ব ক্ষেত্রকে ভার্চ্যুয়ালি প্রদর্শন করে, লাইভ করে এ প্রক্রিয়ায় যুক্ত থাকতে পারেন। আর এর কেন্দ্রবিন্দু হবে বইমেলার মাঠ বা বাংলা একাডেমি। এ ক্ষেত্রে মেলার একটি প্রকাশনা প্রতিষ্ঠানে প্রতিদিন যতজন পাঠক বই দেখেন, তার চেয়ে লাইভে আরও বেশি দেখানো সম্ভব। অর্থাৎ ডিজিটালি আরও সরব হয়ে উঠতে হবে।

২

জাতির মননের ও বিকাশের ক্ষেত্র হয়ে উঠেছে বইমেলা। মেলাটি ভাষার মাসে হওয়াই এর ঐতিহ্য। তাই মেলা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল যথেষ্ট, করোনার প্রকোপ কমলে এবং পাঠকের সাড়া থাকলে বড়জোর ৭ মার্চ পর্যন্ত নেওয়া যেত। বইমেলায় সময় বাড়ানোর দাবি সামগ্রিক দাবি নয়। সব প্রকাশক মেলা বাড়ানোর দাবি করেননি।

৩

পেশাদার প্রকাশকের পাণ্ডুলিপি সম্পাদনার বিকল্প নেই। সম্ভব হলে বিষয়ভিত্তিক আউটসোর্সিং হলেও দরকার। শুধু প্রুফ রিডিংয়ে বই সামগ্রিকভাবে শুদ্ধ হয় না। পাণ্ডুলিপি প্রুফ রিডিংও আলাদা দক্ষতার বিষয়। সবকিছু নিশ্চিত করতে হবে।