
যুদ্ধ-উত্তর পাশ্চাত্যের কবিতায় টি এস এলিয়ট, ডব্লিউ বি ইয়েটসের সঙ্গে যে নামটি বিশ্বসাহিত্যের পাঠক ও আন্তর্জাতিক সাহিত্যে নিবেদিতপ্রাণ লেখকেরা প্রায়ই স্মরণ করেন তাঁর অবিস্মরণীয় কবিতা প্রয়াসের জন্য, তিনি ডিলান টমাস। এ মাসের ২৭ তারিখে পূর্ণ হলো তাঁর জন্মশতবর্ষ। ডিলান টমাসের জন্মশতবর্ষে দাঁড়িয়ে এ কবির দিকে চোখ ফেরানোই এই নিবন্ধের উদ্দেশ্য।
আজীবন অবিশ্রান্ত লিখে গেছেন ডিলান টমাস। ইংল্যান্ডের ওয়েলস রাজ্যের প্রধানতম আর আধুনিক লন্ডনের শ্রেষ্ঠ এই কবি যুক্তরাষ্ট্রেও ছিলেন বহুলপঠিত, আলোচিত ও জনপ্রিয়।
১৯৩৪ সালে মাত্র ২০ বছর বয়সে তাঁর প্রথম কবিতাগ্রন্থ ১৮টি কবিতা প্রকাশিত হওয়ার পর থেকে ব্রিটেন, যুক্তরাষ্ট্রও অন্যান্য ইংরেজিভাষী পাঠকের কাছে, ইংরেজি কবিতার ভুবনে আলোড়ন তুলেছিলেন তিনি। ১৯৪৬-৪৯ পর্যন্ত চলচ্চিত্র ও বেতারের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ডিলানের সৃষ্টিশীলতার আরেক অধ্যায়। জীবনকে ভালোভাবে উদ্যাপনের জন্য বিভিন্ন উৎস থেকে তিনি অর্থ উপার্জন করেছেন। কিন্তু সবকিছুর পরেও কবিতায় তিনি ছিলেন সামগ্রিকভাবে এবং সম্পূর্ণভাবে নিবেদিত ও নিমজ্জিত। বলা ভালো, চলচ্চিত্রে অপার আগ্রহ, বিশেষ করে চিত্রনাট্য লেখা, পরোক্ষভাবে তাঁর কবিতাকে চমৎকারভাবে সহযোগিতা করেছে, নতুন ভাষা দিয়েছে।
কবিতাবিষয়ক গদ্য ‘কবিতা বিষয়ে কবি’-তে ডিলান লিখেছেন, ‘কারুশিল্পীরা তাদের পণ্য ঘরে ফেলে রাখে না।’
তাহলে কী করেন তাঁরা? একজন কবি, ভিন্নমাপের আধুনিক কবি, কবিতাকে জীবন ও বাস্তবতার নিরিখে বিনির্মাণ করেন। এ প্রসঙ্গে বলা যায় অ্যারিস্টটলের কথা। পোয়েটিকস গ্রন্থে কবিদের সম্পর্কে অ্যারিস্টটল বলেছেন, কবি নকল করেন, প্রতিকল্প নির্মাণ করেন। জীবন ও বাস্তবতার কাছেই তাঁর সমস্ত ঋণ। ডিলান টমাসও কবিতায় কেবল জীবন ও বাস্তবতাকে অনুকরণ করেননি, নতুন মাত্রাও যোগ করেছেন, জীবনকে বিশ্লেষণ করেছেন ভিন্ন প্রেক্ষাপটে।
তো, কেমন করে পাঠক হৃদয়ের অন্তঃপুরে প্রবেশ করলেন তিনি? এ প্রসঙ্গে অনেক দূরবর্তী সময়ের হলেও রবীন্দ্রনাথ ঠাকুর এবং টি এস এলিয়টকে টেনে আনতে হচ্ছে। রবীন্দ্রনাথ তাঁর আত্মজীবনীতে লিখেছেন, একজন কবিকে ভ্রমণপিপাসু হতে হয়, তাঁর শৈশবের স্মৃতিকে, যৌবনের ঘটনাকে লেখায় উদ্ভাসিত করতে হয়। ‘অন পোয়েটস অ্যান্ড পোয়েট্রি’ প্রবন্ধে টি এস এলিয়টও বলেছেন একই কথা। ডিলানের কবিতাতেও পাওয়া যায় সেই স্মৃতি, ভ্রমণ ও তাঁর জন্মশহরের কথা।
প্রসঙ্গত, এই কবির জন্ম ও বেড়ে ওঠা লন্ডনের সোয়ানসি অঞ্চলের সমুদ্র উপকূলে। প্রকৃতির বৈচিত্র্যময় পালাবদল হৃদয় দিয়ে অনুভব করেছেন তিনি। প্রকৃতি কখনো অনুরাগে সিক্ত, কখনো বৈরীতায় নির্মম—এসবই তাঁর কবিতার বিষয়-আশয়। উল্লেখ্য, সমসাময়িক অন্যান্য কবিদের মতো তিনি রোমান্টিক বলয়ের ভেতর আজীবন অধিবাস করেননি, বারবার বেরিয়ে এসেছেন স্বরচিত বৃত্ত ভেঙে।
১৯৩৬ সালে টুয়েন্টি ফাইভ পোয়েমস নামে প্রকাশিত হয় ডিলান টমাসের ২৫টি কবিতার নতুন একটি বই।
এরপর লন্ডনে কিছুকাল বোহেমিয়ান জীবন কাটিয়ে ১৯৩৭-এ এসে তাঁর জীবনে ঘটে নতুন এক অধ্যায়ের সূচনা—ক্যাটলিন ম্যাকনামারাকে বিয়ে করেন তিনি। এরপর পুরোপুরি গৃহী হলেন ১৯৩৮-এ। চলে গেলেন সমুদ্র উপকূলের একটি গ্রামে, কারামানখেয়ার অঞ্চলে। কবিতা ও দাম্পত্য জীবন চলতে লাগল হাত ধরাধরি করে। ১৯৫২-তে ইন কানট্রি স্লিপ নামে প্রকাশিত হলো তাঁর কবিতাসমগ্র।
এর আগে ১৯৪০-এ লিখেছিলেন আত্মজৈবনিক গদ্য ‘পোট্রে৴ট অব দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়ং ডগ’। এটি লিখে বেশ খ্যাতি পেয়েছিলেন সে সময়। এ সময় যুদ্ধবিষয়ক ও যুদ্ধবিরোধী কবিতা লিখেও বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন। টি এস এলিয়ট, আর আই রিচার্ড প্রমুখ সমালোচক ও কবি এ কবিতাগুলোকে ‘শতাব্দীর শ্রেষ্ঠ যুদ্ধবিরোধী কবিতা’ বলে অভিহিত করেন।
১৯৪৬ সালে তাঁর লেখা ডেথ অ্যান্ড এন্ট্রি লিরিক কবিতার এক দারুণ সংকলন। আন্ডার মিল্ক উড ডিলানের আরেকটি উল্লেখযোগ্য কবিতাগ্রন্থ। বিষয়বস্তু—সেই স্মৃতিময়তা, আত্মকথন, সমুদ্র উপকূল, বনভূমি, প্রযুক্তি, যুদ্ধপরবর্তী নির্মম বাস্তবতা ও মানবজীবনের মূল্যবোধের চড়াই-উতরাই। এই বইয়ের কবিতা পড়তে গেলে টি এস এলিয়েটের ওয়েস্টল্যান্ড ও অ্যাস ওয়েনেস ডে কাব্যগ্রন্থের কথা প্রসঙ্গত আমাদের মনে পড়বে। এলিয়ট যেখানে গদ্যময়, যেমন ‘Let’s go, you and me’, সেখানে ডিলান অনেক বেশি শীতল, যেমন ‘It is a winter’s tale, that the snow blind twilight ferries over the lakes.’—এই শব্দগাথা, বাক্যবন্ধ, কিছুই না, খুব নিরাভরণ, শুধু চিত্রকল্প, শুধু দৃশ্য—যেন চিত্রনাট্যের ছেঁড়া ছেঁড়া ছবি। আমাদের মনোরাজ্যে এগুলো অপরূপ এক অনুভূতি সৃষ্টি করে। কবিতার নিবিড় পাঠক সম্পূর্ণ কবিতাটি (A Winter’s Tale) পড়ে নিলে বিষয়গুলো আরও গভীরভাবে অনুভব করতে পারবেন।
জীবনজীবিকার প্রয়োজনে খুব যৌবনে লন্ডনে ১৮ মাস সাংবাদিকতা করেছিলেন ডিলান। ‘কবিতাসুলভ সংবাদ’—এই তত্ত্বে বিশ্বাসী নন তিনি। তবে ফরাসি কবি মালার্মের ‘শব্দই কবিতা’ এ আপ্তবাক্যও তাঁকে তৃপ্ত করতে পারেনি। সব সময় কবিতা নিয়ে চালিয়েছেন বিভিন্ন নিরীক্ষা। কবিতার ফর্ম ও বিষয় নিয়ে ভেবেছেন, কিন্তু নিরাপদ দূরত্বে দাড়িয়ে; তাঁকে কেউ দুর্বোধ্যতার অপবাদ দিতে পারেনি।
প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ তাঁকে অনেকটা অসহায় করে ফেলে, কেননা সেই সময় ইউরোপীয় বাজারে চাকরির খুব আকাল ছিল। তা ছাড়া যুদ্ধভীতি তাঁকে সব সময়ই বিব্রত, ব্যথিত ও বিপর্যস্ত করত।
একসময় ডিলান টমাসের কবিকৃতি ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রে। লন্ডন ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি। পরে একপর্যায়ে যুক্তরাষ্ট্রের ভক্ত পাঠক, বন্ধুবান্ধব ও প্রকাশকদের সহযোগিতায় নিজের পাণ্ডুলিপিগুলো বেশ ভালো দামে বিক্রি করে দেন ডিলান। শুধু তা-ই নয়, প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের অর্থ যেন তাঁকে দেওয়া হয়, চুক্তি করেন এ ব্যাপারেও। এই সিদ্ধান্ত কবিকে দেয় অর্থনৈতিক নিশ্চয়তা। নির্বিঘ্নে লিখতে থাকেন কবিতা ও গদ্য।
ডিলানের স্ত্রী সার্বক্ষণিক তাঁর কবিতা ও তাঁকে ভালোবাসলেও ব্যক্তিজীবনে তিনি ছিলেন অতৃপ্ত। একসময় মদপানে আসক্ত হয়ে পড়েন প্রচণ্ডভাবে। ১৯৫৩ সালে যুক্তরাষ্ট্রে মাত্র ৩৯ বছর বয়সে মারা যান তিনি। মদপানে অতি আসক্তি ডিলানের কবিতাকে ক্ষতি করেছে বলে তাঁর জীবনাকারদের ধারণা। কিন্তু আমাদের বিবেচনায়, তাঁর শ্রেষ্ঠ কবিতাগ্রন্থগুলো, আগেই রচিত হয়ে গেছে।
এই বইগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, বিষয়বৈচিত্র্যে তিনি যেমন অসাধারণ, তেমনি প্রেম, প্রকৃতি, মনস্তত্ত্ব, পরাবাস্তবতা, মেটাফিজিক্স, যৌনতা, মৃত্যুচিন্তা, নারী ও রহস্যময়তা মূর্ত হয়ে উঠেছে কবিতার পরতে পরতে। এখানে আছে আঙ্গিক ও ভাষার অপূর্ব মিথস্ক্রিয়া। শব্দচয়ন, বাক্য নির্মাণ, চিত্রকল্প, প্রতীক—সব মিলিয়ে তাঁর কবিতায় পাওয়া যায় ব্যতিক্রমী এক কণ্ঠ। আগেই বলেছি, একই বৃত্তে বসবাস করে একই ধাঁচের কবিতা তিনি লেখেননি—লিখেছেন সনেট, কখনো মুক্তছন্দের কবিতা উপহার দিয়েছেন; এবং গদ্যকবিতাতেও পারঙ্গমতা দেখিয়েছেন দারুণভাবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ডিলান টমাস পাঠ্য, তার পরও এ কবিকে নিয়ে ইংরেজি কিংবা বাংলায় চর্চা হয়নি তেমনভাবে। ভবিষ্যতে নিশ্চয়ই পূরণ হবে এই অভাব। তখন নতুনভাবে আবার ডিলান টমাসকে উপলব্ধি ও আবিষ্কার করতে করতে পারব আমরা। তাঁর জন্মশতবর্ষে আমাদের শ্রদ্ধা।