
মাথার ওপর খোলা আকাশ, নিচে অসীম সমুদ্র। সে সমুদ্রের বুক চিরে এখন এই রাতের বেলায় সুন্দরবনের দুবলারচরের দিকে এগিয়ে চলেছে ফিশিং বোট ‘এমভি জলকপোত’। চারদিকজুড়ে শুধু সমুদ্রের অপার্থিব গান আর পৌষ-বাতাসের তান।
গভীর সমুদ্র থেকে নৌকাভর্তি মাছ ধরে মহা আনন্দে মোকামে ফিরছে জেলেরা। মাছও পড়েছে বটে এবার। রাজা ইলিশের ঝাঁক, রেড টাইগার চিংড়ি, সাগর-কই, সাগর-কোরাল, রুপচাঁদা, লইট্যাসহ আরও কত মাছ!
সমুদ্রের বুকে শীত কম। তবু, পৌষের শীত বলে কথা! কিন্তু বালক জেলে জলধর জলদাস দিব্যি চিত হয়ে শুয়ে আছে ফিশিং বোটের ছাদে। চোখ স্থির তার পৌষ-পূর্ণিমার চাঁদটার দিকে। শীত তাকে কাবু করতে পারছে না। সে মুগ্ধ চোখে তারার ভারে নুয়ে পড়া আকাশ দেখছে। এই দেখাটা তার নেশায় পরিণত হয়েছে। আঙুরের থোকার মতো তারাগুলো যেন থোক বেঁধে থাকে, মিটিমিটি হেসে যেন কথা বলে তার সঙ্গে। জলধরের খুব ইচ্ছা করে—হাত বাড়িয়ে কিছু তারা পেড়ে বুকপকেটে রাখে, বাড়ি গিয়ে বেঁধে দেবে মায়ের আঁচলে। মাঝেমধ্যেই উল্কা ছুটে যায়। জলধরের চোখে নেশা ধরে যায়।
মাকে যদি সমুদ্রে এনে দেখাতে পারত উল্কাপাতের দৃশ্য! সমুদ্রের জলের ওপরে নেমে আসা তারাগুলো! মায়ের বড়সড়-গোলগাল কাঁসার বাটিটাই যেন সমুদ্রের ওপরে উপুড় হয়ে ঢেকে ফেলে সমুদ্রটাকে।
ফিশিং বোটের ভেতরে হঠাৎ বেজে উঠল বিপদসূচক শঙ্খধ্বনি। ঝট করে উঠে বসেই দাঁড়িয়ে গেল জলধর, পশ্চিম দিকে তাকিয়ে সে দেখতে পেল, আলো নেভানো ট্রলার দুইখানাকে। বুকের ভেতরে জাগল ঝড়। ট্রলার দুটি ধেয়ে আসছে এদিকেই। জলদস্যু!
দৌড়ে নিচে নেমে গেল জলধর। ভেতরে তখন হুড়োহুড়ি-কলরব। রামদা-বল্লম হাতে প্রস্তুত হচ্ছে জেলেরা। এই ফিশিং বোটে আছে ৫০ লাখ টাকার মাছ। দস্যুরা লুটে নিলে পথে বসতে হবে সবাইকে। দাদনের টাকা শোধ করেও এই যাত্রায় লাভ থাকার কথা প্রায় ৪০ লাখ টাকা।
অগ্নিতীরের ফলা আর ধনুক নিয়ে আবার ছাদে উঠে এল জলধর। পেছনে পেছনে এলেন চুয়াত্তর বছর বয়সী ঠাকুরদা। দূরের ট্রলার দুইখানা দেখলেন, বললেন, ‘জলধররে! আট ইঞ্জিনের ট্রলার ওইগুলা। পেত্যেকটা ইঞ্জিন আশি হর্স পাওয়ারের। আমাগে তো দাবড়াইয়ে ধইরে ফেলাবেনে আধ ঘণ্টার মধ্যি।’
‘অগ্নিতীর মাইরে দিই দাদা?’ বলল জলধর ট্রলার দুইখানার দিকে চোখ রেখে, ‘বইসে মারব, না দাঁড়াইয়ে?’
‘বইসে ল’, বললেন ঠাকুরদা, ‘দেইখে মনে হোতিছে, ওরা মগাইয়া ডাকাত। খুনখারাবিতে ওরা ওস্তাদ।’
জলধর হাঁটু গেড়ে বসে ধনুকে জুড়ল তীরের ফলা। ঠাকুরদা বসে কোমর থেকে দেশলাই বের করে ফলার আগায় প্যাঁচানো কেরোসিন ভেজানো ন্যাকড়ায় আগুন ধরিয়ে দিলেন। এভাবে জলধর পর পর ১০টি অগ্নিতীর ছুড়ল আকাশে। উল্কাপাতের মতো ওগুলো শূন্য থেকে পড়ল আবার সাগরে। পরমুহূর্তেই দস্যু ট্রলার থেকে ধেয়ে এল রাইফেলের বুলেট। ফিশিং বোটের গায়ে লেগে আগুনের ফুলকি ছুটল। অগ্নিমশাল যদি নজরে পড়ে ধারে-কাছে থাকা নৌবাহিনী বা কোস্টগার্ড বাহিনীর, তাহলে ছুটে আসবে ওরা।
ফিশিং বোটের কাছাকাছি এসে পড়েছে ট্রলার দুইখানা। জেলেরা বল্লম ছুড়ছে, পাথর ছুড়ছে—জলধর পাঠাচ্ছে অগ্নিগোলক। না, ওরা এল, সব বাধা উপেক্ষা করে বহু জেলেকে আহত করে বোটের দখল নিল ওরা। একে একে সব জেলেকে ছুড়ে ফেলল সাগরের জলে। হাবুডুবু খাচ্ছে সবাই।
জলধর পড়েছিল সবার পেছনে। পড়েই সে চিত হয়ে সাঁতরাতে লাগল। পূর্ণিমা-জোয়ারের প্রবল ঢেউ। ঠান্ডা-লোনাজল।
হঠাৎ যেন পায়ের তলায় ঠেকল মাটি! তাই তো! ডুবোচর! দাঁড়িয়ে পড়ল জলধর। দুই পা দিয়ে চরের বালিতে গর্ত খুঁড়ে তার ভেতরে দুই পা ঢুকিয়ে দিল। ঢেউ যেন তাকে আর ধাক্কা দিয়ে সরিয়ে দিতে না পারে। পূর্ণিমার জোয়ারেও ডুবোচরে জলধরের গলা পর্যন্ত জল।
ভোরের সূর্য মাথা তুলল যখন সমুদ্রের বুকে, তখন সূর্য থেকে সোনালি রঙের চওড়া একখানা কার্পেট যেন জলধরের নাকের ডগায় এসে থামল। এই কার্পেটের ওপর দিয়ে যদি হেঁটে যাওয়া যায় ওই সূর্যের কাছে! তাহলে বরফের মতো শীতল শরীর গরম হয়ে যেত।
নড়তে পারছে না জলধর। জোয়ারের জল সরে গিয়ে জেগে গেছে ডুবোচরটা—সামুদ্রিক কাছিমের পিঠের মতন। অনেক কষ্টে পরনের লাল লুঙ্গিটা খুলে ডান হাতের কবজিতে বেঁধে ওড়াতে লাগল নিশানের মতো। শরীরে ঘা করে দিয়েছে সমুদ্রের লোনাজল। শরীরের অনেক জায়গায় ক্ষতের চিহ্ন। পিপাসায় বুকের ভেতরটা জ্বলছে। কিন্তু সমুদ্রের জল জিবে পড়লে জিব পুড়ে যাবে।
জলধর চরে দাঁড়িয়ে নিশানটা দুলিয়েই চলেছে। যদি কারও নজড়ে পড়ে নিশানটা!