জাতীয় গ্রন্থকেন্দ্র তৎকালীন পূর্ব-পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়েছিল ইউনেস্কোর গৃহীত ‘গ্রন্থ উন্নয়ন কর্মসূচি’র অংশ হিসেবে। দেশ স্বাধীন হওয়ার পর প্রতিষ্ঠানটির বর্তমান নামকরণ হয় এবং সেই সময়কার পরিচালক কথাশিল্পী সরদার জয়েনউদ্দীনের উদ্যোগে অন্যান্য পণ্যের মেলার মতো অর্থাৎ সেই থেকে বইমেলার আরম্ভ। আমি প্রথমেই বলতে চাই যে বইমেলা পরিচালনা তথা গ্রন্থ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে জাতীয় গ্রন্থকেন্দ্রের ভূমিকা চড়াই-উৎরাইয়ের মধ্যেও প্রশংসাযোগ্য।বাংলাদেশের শিল্প-বাণিজ্যের প্রায় প্রতিটি সেক্টরে শত প্রতিকূলতা সত্ত্বেও কম-বেশি বিকাশ ও প্রবৃদ্ধি ঘটেছে। দেশে শিক্ষা বিস্তারের কারণে বেসরকারি প্রকাশকদের প্রচেষ্টায় পাঠ্যবই প্রকাশনার বিকাশ ও প্রবৃদ্ধি ঘটেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের সৃজনশীল ও মননশীল প্রকাশনার অবস্থা ঠিক বিপরীত। ইন্টারনেটের দাপটের মধ্যেও আমাদের দেশে প্রিন্ট মিডিয়া তথা সংবাদপত্রের বর্তমানের বিশাল অবয়বের কারণে একটি পাঠক সমাজ সৃষ্টি হয়েছে। কিন্তু বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে ব্যয়বহুল বিজ্ঞাপন ও বিক্রয়-উন্নয়ন খরচের কারণে আমরা এই প্রজন্মের পাঠকদের কাছে নতুন প্রকাশনার খবর পৌঁছাতে পারছি না। তাতে প্রকাশক-পাঠকের মধ্যে দূরত্ব দিন দিন বেড়েই চলেছে।‘গ্রন্থ উন্নয়ন সংস্থা’ হিসেবে জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক পরিচালিত বইমেলা এই দূরত্ব ঘোচাতে অবশ্যই ইতিবাচক ভূমিকা রাখতে পারত, কিন্তু সুধী ও পাঠকসমাজের ওপর বাৎসরিক এই বইমেলার প্রভাবের স্থায়িত্ব খুব বেশি নয়।তাই বইমেলার ‘প্রাপ্তি ও প্রত্যাশা’র বিতর্কে না গিয়ে সামনে এগোনোর লক্ষ্যে কিছু প্রস্তাব উপস্থাপন করতে চাই।১. আমাদের প্রস্তাবিত শিক্ষানীতিতে গ্রন্থাগারকে ‘সভ্যতার দর্পণ’ ও ‘সামাজিক প্রতিষ্ঠান’ হিসেবে গণ্য করে গ্রন্থাগার উন্নয়নকে শিক্ষা উন্নয়নের অংশ হিসেবে বিবেচনায় আনা হয়েছে। আমি মনে করি, এ কর্মসূচিতে ‘কর্মসূচি বাস্তবায়ন অংশীদার’ হিসেবে জাতীয় গ্রন্থকেন্দ্রকে সম্পৃক্ত করা যেতে পারে।২. আমাদের বহুল আলোচিত খসড়া জাতীয় গ্রন্থনীতি বাস্তবায়ন করা এখন সংস্কৃতি মন্ত্রণালয়ের অন্যতম ও সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি হিসেবে বিবেচিত হওয়া উচিত।৩. দেশে সরকারি গ্রন্থাগারের সংখ্যা বৃদ্ধি এবং বিদ্যমান গ্রন্থাগারের ক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির জন্য পদক্ষেপ গ্রহণসহ সব জেলায় একটি সরকারি গণগ্রন্থাগার প্রতিষ্ঠা এবং সব থানায় একটি গণগ্রন্থাগারকে সরকারি ‘গ্রন্থ-ভান্ডার’ হিসেবে গড়ে তোলার জন্য অবিলম্বে বার্ষিক উন্নয়ন ও পরিকল্পনা গ্রহণ করা দরকার। ইউনিয়ন পর্যায়ে দরকার গণগ্রন্থাগার প্রতিষ্ঠার প্রচেষ্টা নেওয়া। জাতীয় গ্রন্থাগার ও কেন্দ্রীয় গণগ্রন্থাগারের গ্রন্থ ক্রয় বাবদ বরাদ্দ বৃদ্ধি করা। এই অর্থের তিন-চতুর্থাংশ দেশীয় বই ক্রয়ে ব্যয় করা।৪. দেশে বেসরকারি গ্রন্থাগার প্রতিষ্ঠার আন্দোলন জোরদার করা ও বেসরকারি গ্রন্থাগার প্রতিষ্ঠার জন্য এলাকাভিত্তিক নাগরিক প্রয়াসকে সমর্থনদানের নীতি প্রতিষ্ঠা। জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় বেসরকারি গ্রন্থাগারে বই ও অর্থ সাহায্যের পরিমাণ বৃদ্ধি করা।৫. সরকারি উদ্যোগে বিভিন্ন দেশে বাংলাদেশের বইমেলার আয়োজন করে আন্তর্জাতিকভাবে বাজার সৃষ্টিতে সহায়তা দান। কলকাতা বইমেলায় অংশগ্রহণকারী বেসরকারি প্রকাশকদের জন্য নগদ প্রণোদনার (ক্যাশ ইনটেনসিভ) ব্যবস্থা গ্রহণ করা। ভারতের পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায়, আসামের বাংলা ভাষাভাষী অঞ্চলে, ত্রিপুরা রাজ্যের আগরতলায়, যুক্তরাজ্যের বাঙালি অধ্যুষিত এলাকাসমূহে ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সরকারি সহায়তায় বেসরকারি প্রকাশকদের বইমেলায় অংশগ্রহণে উদ্যোগ নেওয়া।৬. বিদেশে প্রকাশনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী প্রকাশকদের বিশেষ সহায়তা দেওয়াসহ সরকারিভাবে বৃত্তি প্রদান করে প্রকাশকদের বিদেশে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ প্রদান। প্রকাশনাসংক্রান্ত বিভিন্ন বৃত্তি প্রকাশকদের জন্য সংরক্ষিত রাখা।৭. জাতীয় গ্রন্থকেন্দ্র আগে জেলায় জেলায় বইমেলার আয়োজন করত। জানি না কী কারণে সেই বইমেলা এখন বন্ধ। আমরা মনে করি, পুনরায় প্রতি জেলায় বইমেলা অনুষ্ঠিত হলে সংশ্লিষ্ট জেলায় পাঠকও বইয়ের বাজার সৃষ্টির ক্ষেত্রে ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখতে পারবে। প্রতি জেলায় বইমেলা পুনরায় চালু করার ব্যাপারে জাতীয় গ্রন্থকেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করছি এবং সেই বইমেলা চলাকালীন স্থানীয় স্কুল, কলেজ, গণগ্রন্থাগার, স্থানীয় পর্যায়ের বিভিন্ন সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে যেন বইমেলার অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানসমূহ থেকে বই কেনা করার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং এর পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে (এনজিও) মেলায় সম্পৃক্ত করা।৮. ঢাকা আন্তর্জাতিক বইমেলা ও জেলা বইমেলা অনুষ্ঠানের রীতিকে জোরদার করা ছাড়া বিভিন্ন আঞ্চলিক বইমেলার আয়োজন করা।৯. জাতীয় গ্রন্থকেন্দ্রকে গ্রন্থ উন্নয়ন পরিষদে পরিণত করে এর তৎপরতা জোরদার করা। পরিচালনা পরিষদে সংস্কৃতি মন্ত্রণালয়, বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধিত্বের পাশাপাশি শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য, ধর্ম, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব থাকতে হবে। জাতীয় গ্রন্থকেন্দ্রের বই বিক্রয়কেন্দ্রকে বই সরবরাহ কেন্দ্রে রূপান্তর এবং এর ব্যবস্থাপনা আধুনিক ও দক্ষ করা।১০. প্রকাশনা শিল্পকে ‘শিল্প’ হিসেবে ঘোষণা করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে হবে। প্রকাশনা শিল্পের মূল উপকরণ কাগজের দাম যেন গ্রহণযোগ্য পর্যায়ে আসে সেই ব্যবস্থা নিতে হবে।১১. দেশে-বিদেশে সরকারি সাংস্কৃতিক/শিক্ষামূলক প্রতিনিধিদলে প্রকাশকদের অন্তর্ভুক্ত করা।১২. জাতীয় গ্রন্থকেন্দ্র ইতিপূর্বে প্রকাশনা শিল্পের অবদানের জন্য শ্রেষ্ঠ প্রকাশক সম্মাননা প্রদান করত। এই সম্মাননা প্রদান পুনরায় চালু করার ব্যবস্থা করা। ১৩. জাতীয় গ্রন্থকেন্দ্রকে উদ্যোগী ভূমিকা নিয়ে বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক ও সাময়িকীতে ভর্তুকি হারে বইয়ের বিজ্ঞাপন ছাপার ব্যবস্থা গ্রহণ করা।১৪. সব ধরনের বই তস্করতার (বুক পাইরেসি) বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করা। জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আইন মন্ত্রণালয়, পুলিশ বিভাগ ও কপিরাইট দপ্তরের সমন্বয়ে একটি আইন সহায়তা সেল প্রতিষ্ঠা করে ক্ষতিগ্রস্ত প্রকাশকদের আইনি সহায়তা প্রদান করা।১৫. সারা দেশে বর্তমানে ২৭টি সরকারি বিশ্ববিদ্যালয়, ৫০টির অধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শতাধিক স্নাতকোত্তর কলেজ রয়েছে। এ ছাড়া আমাদের দেশে রয়েছে দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। আরও আছে সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও বিভিন্ন প্রকৌশল ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজন প্রচুর দেশি-বিদেশি পাঠ্যপুস্তক, গবেষণাধর্মী ও একাডেমিক বই। ঢাকা আন্তর্জাতিক বইমেলা এই চাহিদা মেটাতে কার্যকর ভূমিকা রেখে দেশি-বিদেশি প্রকাশক, লেখক ও পুস্তক ব্যবসায়ীদের মিলনকেন্দ্রে পরিণত হতে পারত।১৬. জাতীয় গ্রন্থকেন্দ্র কর্তৃক আয়োজিত এই বইমেলাটি বর্তমান মেলাসহ ১৭ বার অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনক হলেও সত্য যে দেশে-বিদেশে এই মেলা সম্পর্কে প্রকাশক, লেখক, পাঠক ও পুস্তক ব্যবসায়ীদের মধ্যে কোনো ইতিবাচক ধারণা গড়ে উঠেনি। কারণ মেলার জন্য নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়ে মেলা অনুষ্ঠানের সময়সূচি না থাকা ও আন্তর্জাতিক মেলার রীতিনীতি অনুযায়ী মেলায় কোনো বিদেশি রাষ্ট্রকে ‘থিম কান্ট্রি’ হিসেবে ঘোষণা না দেওয়ার কারণে বিদেশি প্রকাশনা সংস্থাগুলোর পক্ষে ঢাকা আন্তর্জাতিক বইমেলার বিষয়ে ইতিবাচক মনোভাব এত বছরেও তৈরি হয়নি।একটি সফল মেলা অনুষ্ঠানের জন্য আমাদের চিহ্নিত সমস্যাগুলো নিয়ে এখনই ভাবতে হবে এবং সেই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নিয়ে একটি সফল ও সুষ্ঠু আন্তর্জাতিক মানের বইমেলা অনুষ্ঠানের জন্য আমরা সবাই কাজ করে যাব। (লেখক প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্স-এর স্বত্বাধিকারী)