ফোরটি ইয়ার্স অব ক্যাপিটাল ঢাকা অ্যান্ড বিয়নড (১ম, ২য় ও ৩য় খণ্ড)—মুখ্য সম্পাদক: শরিফ উদ্দিন আহমেদ \ প্রকাশক: এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ \ প্রকাশকাল: ২০১১ \ মূল্য: প্রতি খণ্ড তিন শ টাকারাজধানী হিসেবে ঢাকার চার শ বছর পূর্তি নিয়ে নানা মুনির নানা মত প্রচলিত। সেই বিতর্কের জালে না জড়িয়ে আমরা যদি চারশ বছরকে ধরেই আলোচনায় অগ্রসর হই, তাহলে আমাদের আলোচ্য গ্রন্থের প্রাসঙ্গিকতা নিয়ে বিতর্কের অবকাশ থাকবে বলে মনে হয় না।ইংরেজিতে লেখা তিন খণ্ডের এই গ্রন্থ নানাদিক থেকেই গুরুত্বপূর্ণ। বিশেষভাবে গুরুত্বপূর্ণ এ কারণে যে, এই গ্রন্থসমষ্টির মাধ্যমে এই প্রথম রাজধানী হিসেবে ঢাকাকে রাজনীতি, সমাজ ও প্রশাসনিকভাবে, অর্থনীতি ও সাংস্কৃতিকভাবে এবং নগরায়ণ ও নগর উন্নয়নের বিশাল আন্তসম্পর্কজাত প্রেক্ষাপট থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। প্রথম খণ্ডের শিরোনাম ‘পলিটিক্স সোসাইটি অ্যাডমিনিসট্রেশন’, দ্বিতীয় খণ্ডের শিরোনাম ‘ইকোনমি অ্যান্ড কালচার’ এবং তৃতীয় খণ্ডের শিরোনাম ‘আরবানাইজেশন অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট’। প্রথম খণ্ডের লেখক সংখ্যা ১৯, দ্বিতীয় ও তৃতীয় খণ্ডের লেখক সংখ্যা প্রতিটির যথাক্রমে ২৮ জন। লেখকদের প্রত্যেকেই তাঁদের স্ব-স্ব বিষয়ে বিশেষজ্ঞবিশেষ। প্রতিটি খণ্ডের দুজন করে সম্পাদক। প্রথম খণ্ডের সম্পাদক হচ্ছেন যথাক্রমে আবদুল মোমিন চৌধুরী ও শরিফ উদ্দিন আহমেদ; দ্বিতীয় খণ্ডের সম্পাদক যথাক্রমে এম মুফাখখারুল ইসলাম ও ফিরোজ মাহমুদ, তৃতীয় খণ্ডের সম্পাদক রোখসানা হাফিজ এবং এ কে এম গোলাম রাব্বানী। তিনটি খণ্ডেরই মুখ্য সম্পাদক শরিফ উদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা সম্পাদক এ কে এম গোলাম রাব্বানী।এই গ্রন্থের প্রথম খণ্ডের বিষয়সূচির দিকে দৃষ্টিপাত করলেই পাঠকের মনোযোগ অন্য দুটি খণ্ডের বিষয়সূচির দিকে ধাবিত না হয়ে পারবে না। প্রথম খণ্ডে প্রাক-মোগল, মোগল সুবাদার, নায়েব নাজিম ও ব্রিটিশ আমলে ঢাকার বিকশিত হওয়ার বিবরণ যেমন আমরা পাই, তেমনি পাই ঢাকাকেন্দ্রিক অনুশীলন সমিতির অজানা অনেক কথা। পাই ৪৯তম ‘বেঙ্গলি রেজিমেন্ট’ গঠন ও তাতে ঢাকার অবদান সম্পর্কেও এমন সব তথ্য, যা আগে প্রায় জানা ছিল না বললেই চলে। প্রতিটি প্রবন্ধই প্রভূত পরিশ্রমের ফসল।দ্বিতীয় খণ্ড অধিকার করে আছে ঢাকার অর্থনীতি ও সংস্কৃতি। এর কালগত পরিসর ১৬১০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বিস্তৃত। ঢাকাকে কেন্দ্র করে গড়ে ওঠা অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি স্থাপত্য, সাহিত্য ও শিল্পকলা, শিক্ষা ও ক্রীড়াসহ ধর্মীয় উৎসবাদির প্রায় অনুপুঙ্খ চালচিত্র উঠে এসেছে এই খণ্ডের প্রবন্ধের পর প্রবন্ধের ভেতর দিয়ে।তৃতীয় খণ্ডের পরিসর জুড়ে আছে ঢাকার নগরায়ণ ও তার উন্নয়নের খতিয়ান। ১৬০৮ সাল থেকে ২০১০ সালপরিসরে ঢাকায় আয়তনগত বিস্তৃতির পাশাপাশি প্রাবন্ধিকেরা এর জনসংখ্যা, উদ্যান, উন্মুক্ত স্থান, পানি সরবরাহ ব্যবস্থা ও পয়োপ্রণালীগত সমস্যা তুলে ধরেছেন প্রায় সবিস্তারে। ভবিষ্যতের ঢাকা, বিশেষ করে ২০৫০ সালগত সময়পরিসরে ঢাকা কোথায় গিয়ে দাঁড়াবে, এঁকেছেন তাঁরা তার ছবিও। প্রতিটি খণ্ডের ভূমিকা যেমন সুলিখিত, তেমনি প্রাসঙ্গিক দুর্লভ সব ছবি, মানচিত্র, সারণি ও নির্ঘণ্ট নিঃসন্দেহে পরিণত করেছে একে একটা দুর্লভ সম্পাদিত গ্রন্থে। এই গ্রন্থের বাংলা অনুবাদ দ্রুতই প্রকাশিত হবে—বাংলা ভাষাভাষী পাঠককুলের তরফ থেকে এমন আশা করাটা নিশ্চয়ই অসঙ্গত কিছু হবে না।