ঢাকার প্রথম আকাশচারী
১৬ মার্চ ১৮৯২ সালে ঢাকায় তথা বাংলাদেশে যিনি প্রথম আকাশ জয় করেছিলেন, তিনি একজন আমেরিকান নারী, যাঁর নাম জিনেট ভানতাসেল। বিষয়টি আমরা প্রথম জানতে পারি সিলেটের বিখ্যাত হাসন রাজার ছেলে গনিউর রাজার ডায়েরি থেকে। তিনি সে সময় ঢাকায় ছিলেন ও ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। ১৯৮৯ সালে ঘটনাক্রমে একটি পুরোনো আলোকচিত্র পাওয়ার কারণে ঢাকায় যে এমন একটি ঘটনা ঘটেছিল, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। উল্লেখ্য যে গনিউর রাজার ডায়েরি ছাড়া ঢাকা বিষয়ে প্রকাশিত পুরোনো বইয়ে এ বিষয়ে আর কোন উল্লেখ পাওয়া যায়নি। ছবিটি ও ডায়েরির সূত্র ধরে পরবর্তীকালে অনুসন্ধান ও পর্যালোচনা করে এই নারীর নাম ও তাঁর সমাধিটি খুঁজে পাওয়া যায় এবং প্রকৃত ঘটনা সম্পর্কেও তথ্য উদ্ধার সম্ভব হয়।জিনেট ভানতাসেল ও তাঁর স্বামী পি এ ভানতাসেলকে কলকাতা থেকে ঢাকায় এসে বেলুনে চড়ার জন্য নবাব আহসানউল্লাহ চুক্তিবদ্ধ করেন। ১৮৯২ সালের ১০ মার্চ তাঁরা ঢাকায় আসেন এবং ১৬ মার্চ জিনেট বেলুনে করে বিকেলে বুড়িগঙ্গার ওপার থেকে আকাশে উড়েন এবং কথা ছিল বেলুন ছয় হাজার ফুটের ওপরে ওঠার পর প্যারাসুট নিয়ে ঝাঁপ দেবেন নবাববাড়ির ছাদে নামার উদ্দেশে। কিন্তু বাতাসের তীব্র বেগের কারণে বেলুন ভাসতে ভাসতে শাহবাগে নবাবের বাগানবাড়ির একটি ঝাউগাছে আটকে যায় এবং জিনেট ১৫ থেকে ২০ ফুট ওপরে প্যারাসুটের সঙ্গে ঝুলতে থাকেন। এ সময় ঢাকার এক ইংরেজ পুলিশ কর্মকর্তা তিনটি বাঁশ বেঁধে তার সাহায্যে জিনেটের নেমে আসার ব্যবস্থা করেন। কিন্তু নিচে নেমে আসার সময় বাঁশের বাঁধন আলগা হয়ে গেলে জিনেট নিচে পড়ে আঘাত পান। প্রায় অচেতন জিনেট এরপর প্রচণ্ড জ্বরে ভুগে ১৮ মার্চ দুপুর একটায় মৃত্যুবরণ করেন। বিকেল চারটায় জিনেটকে ঢাকার নারিন্দার খ্রিষ্টান গোরস্থানে সমাহিত করা হয়। ঢাকার আকাশে বেলুনে উড্ডয়নের দু-এক দিন আগে থেকেই ঢোল পিটিয়ে ঢাকাবাসীকে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছিল। ১৬ মার্চ বিকেলে আহসান মঞ্জিলের প্রাঙ্গণ এবং মঞ্জিলের ছাদে দেশি ও ইউরোপীয় অতিথিরা আসন নিয়েছিলেন। বুড়িগঙ্গার দুই ধারে ও নদীসংলগ্ন দালানগুলোর ছাদেও ছিল কৌতুহলী মানুষের প্রচণ্ড ভিড়। নদীর মধ্যেও নৌকায় অবস্থান নিয়েছিল শত শত মানুষ। আমেরিকান হয়েও জিনেট ঢাকাবাসীর মনে কতটা স্থান করে নিয়েছিলেন, তা বোঝা যায় সে সময়ের প্রকাশিত পত্রিকাগুলোয়। এ ঘটনা ইংরেজ প্রশাসন ও ঢাকাবাসীকে যেন মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিল। ঢাকাবাসীর অভিযোগ, ইংরেজ পুলিশ কর্মকর্তার ব্যর্থতার জন্যই জিনেটের এই করুণ পরিণতি বরণ করতে হয়েছিল। আর ইংরেজ প্রশাসনের পক্ষে বিভিন্ন ইংরেজি পত্রিকা অভিযোগ তুলেছিল যে ঢাকার অধিবাসীরা গুজব ছড়াচ্ছে। জিনেটের মৃত্যু এড়াতে তাদের কিছুই করার ছিল না। সব বিতর্কের অবসান ঘটিয়ে জিনেটের স্বামী পি এ ভানতাসেল এর দু-এক দিন পর ঢাকা ত্যাগ করেন। এরপর ধীরে ধীরে জিনেট ও ঢাকায় তার বেলুন উড্ডয়নের পুরো ঘটনাটি বিস্মৃতির মাঝে হারিয়ে যায়। দীর্ঘদিন পর জিনেটের নাম ও প্রকৃত ঘটনা আজ জানা গেছে। নারিন্দার গোরস্থানে সমাধিফলকহীন জিনেটের সাধারণ সমাধিটি জঙ্গল ও আগাছায় আজ নিশ্চিহ্ন প্রায়।