ঢাকার বাবুর্চি
‘রাস্তা থেকে খুব সরু ও ছোট্ট গলি, তারপর দুটো তিনটে ধাপ নিচে নামতে হয়। ঘরে ঢোকার আগেই মোরগ পোলাওয়ের গন্ধ মাথা জুড়ে একচ্ছত্র রাজত্ব করে। ওরা বসার কিছুক্ষণের মধ্যে দুটো প্লেট আসে, পোলাওয়ের ওপরে দুটো মুরগির রান। পাশে এনামেলের দুটো পিরিচে কলজে ও গিলা।’ এই ওরা হলো ওসমান আর তার বন্ধু শওকত। রায়সাহেব বাজারের ওদিক থেকে তারা যোগ দিয়েছিল এক বিশাল মিছিলে। কেমন ছিল সেই ধেয়ে আসা বিপুল জনতরঙ্গ? ‘মনে হয় ঢাকা শহর তার ৩৫০-৪০০ বছরের বুড়ো হাবড়া রোগা-পটকা লোনা-ধরা গতর ঝেরে উঠে ছুটতে শুরু করেছে।’ সেই ছুটন্ত ঢাকার সঙ্গে তারাও দুজন চলে এসেছিল বাবুবাজারের সামনে। তখনই শওকতের খিদে পায়। ওসমানের অবশ্য মিছিল ছেড়ে খেতে বসার আগ্রহ ছিল না। শওকতকে সে গুলিস্তানের ওদিকটায় ‘রেক্সে’র পরাটা-শিককাবাব খাওয়াতে চেয়েছিল। কিন্তু তার সাপটা জবাব, “শওকতকে ঠকানো অত সোজা নয়, ‘হু কেয়ার্স ফর পরোটা-শিককাব?’ চলেন পালোয়ানের দোকানে মোরগ পোলাও মেরে দিই।”পূর্বোক্ত আলোচ্য অংশের উদ্ধৃতিগুলো আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই নামের উপন্যাস থেকে নেওয়া। এখানে ঔপন্যাসিক আইয়ুববিরোধী ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের মিছিলের বর্ণনা দিয়েছেন। সেই মিছিলে অংশগ্রহণকারী দুই বন্ধু শওকত আর ওসমান খেতে গিয়েছিল সাইনু পালোয়ানের মোরগ-পোলাও। শওকতের কাথায় কোনো বাহুল্য ছিল না। ষাটের দশকে রেক্স রেস্তোরাঁ খুব বিখ্যাত হয়ে উঠলেও বাবুবাজারে সাইনু পালোয়ানের মোরগ-পোলাও যাঁরা একবার খেয়েছেন, তাঁদের কাছে ওই এক জবাব, ‘হু কেয়ার্স ফর পরোটা-শিককাবাব?’ প্রায় দেড় পাতাজুড়ে নানা কায়দায় পালোয়ানের তারিফ করেছেন ঔপন্যাসিক। এ থেকেই বোঝা যায়, বাবুর্চি পালোয়ান কুস্তিগির পালোয়ানকে একেবারে পুরোদস্তুর নকআউট করে দিয়েছিলেন। সাইনু তাঁর অতি সুস্বাদু মোরগ-পোলাওয়ের জন্যই বিখ্যাত হয়ে আছেন, কুস্তির জন্য নয়।পুরান ঢাকার খাদ্য-পানীয়ে একটা দীর্ঘকালের অভিজ্ঞতা ও ঐতিহ্যের সঙ্গে লেগে থাকা আপাত বিলুপ্ত খানদানি আভিজাত্যের সংযোগ একে একটা আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। স্বাদে-গন্ধে-পরিবেশনে এই খাবার ঠিক বাঙালির চিরায়ত খাদ্যের সঙ্গে পুরোপুরি মেলে না। তাতে মিশে আছে তুর্কি-মোগল খাদ্যের রীতি। দীর্ঘকালের পরিক্রমায় এসব খাদ্য-পানীয় এবং পরিবেশনার রীতিতেও পরিবর্তন এসেছে। বাবুর্চিদের সৃজনশীলতা আর বাংলার ফলে-ফসলে এসব বিদেশি খাবারগুলোকে এখন বিদেশি বলে ভাবাই দুষ্কর। কোনো বিশেষ উপলক্ষ বা আনন্দ-উৎসবের প্রয়োজনে, এমনকি মনে একটু ভালো খাবারের বাসনা উদয় হলেও রসনা তৃপ্তির জন্য এখন সবাই পোলাও, বিরিয়ানির কথাই ভাবেন। বিয়েশাদি তো পোলাও ইত্যাদি ছাড়া অকল্পনীয়। এই খাবারগুলো এ দেশে তুর্কি-মোগল-আফগানরা আমদানি করেছিলেন। তাঁদের সঙ্গে আসা বাবুর্চিদের রন্ধনকলা রপ্ত করে নিয়েছেন এ দেশি সহযোগীরা। তুর্কি-মোগলদের বিদায়ঘণ্টা বেজেছে ইতিহাসের অমোঘ গতিধারায়। তবে প্রবহমান আছে তাদের খাদ্য-পানীয়ের ধারা।বাবুর্চি শব্দটি তুর্কি। বাংলায় ‘মুসলমান পাচক’। এমনই অর্থ রয়েছ হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধানে। তবে পাচক বললে সে সময় ‘ব্রাহ্মণ রন্ধনকারী’দের বোঝাত। চলতি জবানে তাঁদের বলা হতো ‘বামুন ঠাকুর’। তাঁরা সাধারণত সম্পন্ন পরিবারে রান্না করতেন। হোটেলে যাঁরা রান্না করতেন তাঁদের বলা হতো ‘পাকর্শী’। হাল জামানায় হলেন ‘শেফ’, ‘চিফ শেফ’ ইত্যাদি। হিন্দু-মুসলিম সম্পর্ক যতই প্রীতিপূর্ণ হোক, সে সময় খাওয়াদাওয়াতে ছোঁয়াছুঁয়ির ব্যাপারটায় খুব ছিল কড়াকড়ি। তদুপরি হিন্দুবাড়িতে মুরগি-খাশির প্রবেশ নিষিদ্ধ। সে কারণে বিরিয়ানির গন্ধ সেখানে ছড়াতে পারেনি। ওসব ছিল মুসলমানদের খাবার। ঢাকায় মোগল সুবেদারি প্রতিষ্ঠার পর থেকেই তার চল শুরু হয়। নবাব-জমিদারদের রান্নাঘরে তা সমাদরে প্রতিপালিত ও বাবুর্চিদের নানা সৃজনশীল পরীক্ষা-নিরীক্ষায় পরিবর্ধিত-পরিবর্তিত হতে থাকে। পরিবর্তন ঘটে পরিবেশনের রীতিতেও। হাকীম হাবিবুর রহমান ঢাকা: পাচাশ বারস্ পহেলেতে বলেছেন, ‘ঢাকায় দুই ধরনের বাবুর্চি ছিল। এক ডেগ নামানেওয়ালা, দ্বিতীয় হান্ডি পাকানেওয়ালা।’ ডেগ বাবুর্চিরা বড় বড় দাওয়াত-মজলিশে রান্না করতেন আর হান্ডি বাবুর্চিরা রান্না করতেন মূলত হোটেল বা নবাব-জমিদারদের রসুইঘরে। ব্রিটিশ-পাকিস্তান আমলের বাবুর্চিদের মধ্যে বিখ্যাত কয়েক বাবুর্চির নাম আছে এশিয়াটিক সোসাইটির ঢাকাই খাবার বইতে। এদের মধ্যে খ্যাতিমান ছিলেন পিয়রু বাবুর্চি, কালু বাবুর্চি, সামির উদ্দিন বাবুর্চি। ড. আবদুল করিম মোগল রাজধানী ঢাকা বইতে উল্লেখ করেছেন, ব্রিটিশ আমলে ঢাকা কুঠিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম বাবুর্চি নিয়োগ করেছিল ১৭২৩ সালে। তবে তাঁদের নামের তালিকা পায়া যায় না। এ ছাড়া আঠারো-উনিশ শতকে ঢাকায় ইউরোপীয় সাহেবদের অনেকের বাড়িতে বা প্রতিষ্ঠানে হান্ডি বাবুর্চিরা কাজ করতেন। খাবারের সুস্বাদ মনিবের সঙ্গে তাঁদের অনেকেরই সুসম্পর্ক সৃষ্টি করেছিল। এমনকি ঢাকা ছেড়ে যাওয়ার সময় অনেকে তাঁদের বাবুর্চিকেও সঙ্গে নিয়ে গেছেন বা দেশে গিয়ে চিঠিপত্র দিয়ে প্রিয় বাবুর্চির ব্যক্তিগত খোঁজখবরও নিয়েছেন। ওই সময় খ্যাতিমান ছিলেন দীন মোহাম্মদ, শেখ আলী মোহাম্মদ। তাঁরা কাজ করতেন রেলি ব্রাদার্সে। বাড়িতে কাজ করতেন বংশীবাজারের জুম্মন মিয়া। ঢাকা ছেড়ে যাওয়া সাহেবরা লন্ডন থেকে তাঁর সঙ্গে পত্রে যোগাযোগ রাখতেন। ইউরোপীয় সাহেবদের কিচেনে ঢাকার কুকেরা কারি পাকাতে গিয়ে তুর্কি-মোগলাই খানার সঙ্গে ইউরোপীয় কোর্সও শিখে ফেলেন। ফলে এশিয়া-ইউরোপের মধুর মিলন ঘটে যায় বাংলার রন্ধনশিল্পীদের হাতে। কেক-পেস্ট্রির রেওয়াজ চালু হয়ে যায় ঢাকায় । শেখ আলী আমজাদ এতে প্রভূত খ্যাতি অর্জন করেন। সেকালে ব্রিটিশ সাহেবদের বড়দিনের কেক তৈরির জন্য তাকেই খোঁজা হতো। নবাববাড়ির বাবুর্চিদের মধ্যে খ্যাতিমান ছিলেন হাসান জান। তিনি স্যার সলিমুল্লাহর প্রধান বাবুর্চি ছিলেন। এ ছাড়া ছিলেন গুলকান বাবুর্চি, হাফিজ উদ্দিন বাবুর্চি। আগে আমন্ত্রিত ব্রিটিশ সাহেবদের জন্য ইংরেজ বাবুর্চি ভাড়া করে আনা হতো নবাববাড়িতে। তবে পরে নবাবদের বাবুর্চিরাই বিলেতি রেসিপিতে ব্যুৎপত্তি অর্জন করেন। এ ছাড়া প্রাত্যহিক রান্নার জন্য ‘পাকানেওয়লী’ বলে মহিলা বাবুর্চিরা বংশপরম্পরায় নবাববাড়িতে কাজ করতেন। তাঁদের নাম-পরিচয় অবশ্য তেমন পাওয়া যায় না। ব্রিটিশ আমলের শেষ দিকে ঢাকার অন্য খ্যাতিমান বাবুর্চিদের মধ্যে ছিলেন বংশীবাজারের ইদু খলিফা ও জানু খলিফা; এঁরা ইউরোপীয় রান্নায় দক্ষ ছিলেন। ঈদ বা বড় মজলিশে রান্না করতেন রহমান বাবুর্চি, শুক্কুর বাবুর্চি, চামু বাবুর্চি, সিকিম বাবুর্চি প্রমুখ। সুখ্যাত বাবুর্চিদের নিয়ে তখন ঢাকার ধনাঢ্য ও অভিজাত পরিবারের মধ্যে একটা প্রতিযোগিতাও চলত। প্রায়ই একে অন্যের বাবুর্চিকে সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়ে ভাগিয়ে নিয়ে যেতেন। এটা তাঁদের মধ্যে একটা আত্মশ্লাঘার বিষয় বলে গণ্য হতো এবং আড্ডা-দরবারে সে কথা তাঁরা গর্বের সঙ্গেই উল্লেখ করতেন।মিষ্টি না হলে রসনাতৃপ্তি হয় না। ঢাকার প্রাচীন হালুইকররা সবাই ছিলেন হিন্দু। তাঁদের মধ্যে খ্যাতিমান ছিলেন কালাচাঁদ, গন্ধবণিক, সীতারামরা। পরের যুগে মরণ চাঁদ, মোহন চাঁদেরা। মিষ্টিতে মুসলিমদের পথিকৃৎ কাশ্মীর থেকে আগত আলাউদ্দিন হালুইকর। এ ছাড়া পানীয়ের মধ্যে বিখ্যাত ঢাকার বিউটির শরবত-লাচ্ছি।রান্নার স্বাদে, অনেকেই বলে থাকেন, হাতযশের একটা ব্যাপার আছে। তা হয়তো আছে। তবে পুরো ব্যাপারটা কেবল জঠরজ্বালার দায় মেটানোর মধ্যে সীমিত না রেখে একে উপভোগ্য করে তোলার জন্য বিশেষ প্রযত্ন, নিষ্ঠা আর সৃজনশীলতারও প্রয়োজন। সে কারণে রন্ধনকে দেওয়া হয়েছে শিল্পের মর্যাদা।