ঢাকার বুদ্ধদেব, বুদ্ধদেবের ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বুদ্ধদেব বসু—সৈয়দ আবুল মকসুদ \ প্রথমা প্রকাশন, ঢাকা \ ফেব্রুয়ারি ২০১০ \প্রচ্ছদ ও অলংকরণ: কাইয়ুম চৌধুরী \ ২০৮ পৃষ্ঠা \ ২৬০ টাকারবীন্দ্রনাথ-পরবর্তী বাঙালি কবিকুলের মধ্যে বুদ্ধদেব বসু বিশিষ্ট ছিলেন তাঁর মেধা, মননশীলতা ও আধুনিক দৃষ্টিভঙ্গির জন্য। জীবনানন্দ দাশ সম্পর্কে বুদ্ধদেবের মন্তব্য ছিল, তাঁর উপমা ‘চিন্তাপ্রসূত নয়, অনুভূতিপ্রসূত’ এবং তাঁর রচনা ‘সবচেয়ে কম বুদ্ধিগত, সবচেয়ে বেশি ইন্দ্রিয়নির্ভর।’ (কালের পুতুল, কলকাতা: নিউ এজ পাবলিশার্স, ১৯৪৬: ৩১)তাঁর এই মন্তব্য একটু ঘুরিয়ে তাঁর নিজের কবিতার ওপর আরোপ করলে বলা যায়, তাঁর উপমা একই সঙ্গে চিন্তা ও অনুভূতিপ্রসূত এবং তাঁর কবিতা একই সঙ্গে বুদ্ধিগত এবং ইন্দ্রিয়নির্ভর। বাংলা কবিতায় বুদ্ধি ও চিন্তাকে অনুভূতি ও কল্পনার যুগলবন্দীতে স্থাপন এবং একে আধুনিক প্রকাশ-বিশিষ্টতা এবং যুগাত্মাসন্ধানী করার ক্ষেত্রে বুদ্ধদেব বসুর অবদান ছিল অপরিসীম। তবে শুধু কবিতায় নয়, গল্প-উপন্যাসে এবং নাটকেও ছিল তাঁর অসামান্য নির্মাণ-প্রতিভার স্বাক্ষর। আবু সয়ীদ আইয়ুব তাঁর তপস্বী ও তরঙ্গিনীকে বিশ্বসাহিত্যের অমূল্য সম্পদ বলে বিবেচনা করেছেন। তাঁর উপন্যাস রাত ভরে বৃষ্টিকেও সেই কাতারে ফেলা যায়। এই উপন্যাসটির ওপর চাপানো হয়েছিল অশ্লীলতার দায় এবং এ জন্য কলকাতা হাইকোর্টে ২০০ টাকা জরিমানা দিতে হয়েছিল বুদ্ধদেব বসুকে।এই জরিমানা দেওয়ার বিষয়টি বুদ্ধদেব বসু সম্পর্কিত আলোচনায় প্রাসঙ্গিক হতে পারে, না-ও পারে। একটি বই, নব্য ইতিহাসবিদেরা বলেন, তার পেছনের, আশপাশের ঘটনাপ্রবাহের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকে। যেমন থাকে কবির জীবনের সঙ্গে, তাঁর দিনযাপনের নানা সূত্র, কর্মস্থল অথবা অবকাশ কাটানোর জায়গার সঙ্গে। বুদ্ধদেব বসুর ক্ষেত্রে এ কথাগুলো খাটে—তাঁর কবিতা-উপন্যাস আমাদের উৎসাহিত করে তাঁর চোখ দিয়ে তাঁর সময়, মানুষজন ও পরিবেশকে দেখতে। পাঠকের এই দাবি যে মিটছে না, তা নয়, কিন্তু কোথাও যেন একটা এক রৈখিকতার প্রকাশ থেকে যায়। বিতর্কের বিষয়গুলো, স্পর্শকাতর বিষয়গুলো এড়িয়ে যাওয়া হয়।সেই অভাব ঘুচিয়েছেন সৈয়দ আবুল মকসুদ, তাঁর ঢাকার বুদ্ধদেব বসু বইয়ে। সৈয়দ মকসুদের লেখা যাঁরা পড়েন এবং অনেক দিন থেকেই পড়ছেন, তাঁরা জানেন, তথ্য-উপাত্ত, ব্যাখ্যা-বিশ্লেষণ এবং দৃষ্টিভঙ্গি গ্রহণে তিনি অত্যন্ত বস্তুনিষ্ঠ, কিন্তু প্রকাশে কখনো রসকষহীন নয়। তাঁর লেখায় থাকে আয়রনির আভাস, কৌতুকের কারুকাজ, পরিহাসপ্রিয়তার প্রকাশ। অপ্রিয় সত্যগুলোকে তিনি অপ্রিয়তার দূরত্বে রাখতে দেন না, বরং পরীক্ষা-নিরীক্ষায় উৎসাহিত করেন। গবেষক হিসেবেও তিনি পরিশ্রমী। ফলে, এই বইতে বুদ্ধদেব বসুর ঢাকা বাসের সময়টি এবং অনেক পরে দুই দিনের এক সফরে আসার প্রসঙ্গটি অনেক খুঁটিনাটিসহ জীবন্ত হয়ে উঠেছে।বইটির নাম ঢাকার বুদ্ধদেব বসু, অর্থাৎ সৈয়দ মকসুদের দৃষ্টি ঢাকার ওপর নয়, বুদ্ধদেবের ওপর। মোটা দাগে তাঁর গবেষণার বিষয়: ঢাকা, আরও নির্দিষ্ট করে, পুরানা পল্টনের পরিপ্রেক্ষিতে বুদ্ধদেবের অবস্থান, তাঁর মানসগঠন, ঢাকার সঙ্গে তাঁর সম্পর্কের নানা টানাপোড়েন। যে মানুষ জীবনের (এবং যৌবনের) একটা উল্লেখযোগ্য অংশ ছিলেন ঢাকাতে, সেই শহর ছেড়ে যেতে কেন তিনি স্মৃতিকাতর হননি, কেন বরং তাঁর খুশি লেগেছে? সে কি শুধু বড় শহরের আকর্ষণ? খ্যাতির হাতছানি? নাকি মহাজন-ঊনজন, ক্ষমতা-ক্ষমতাহীনতা ইত্যাদির বিভাজনে নির্দিষ্ট আরও কিছু অনিবার্যতা? সব প্রশ্নের উত্তর অবশ্য পাননি সৈয়দ মকসুদ; কিন্তু অনেকগুলোর পেয়েছেন। সেগুলোতে যাওয়ার আগে আরেকটি বিষয়ের অবতারণা জরুরি এবং তিনিও একে প্রণিধানযোগ্য করেছেন: একাত্তরে আমাদের স্বাধীনতাসংগ্রামকে কেন গ্রহণ করেননি বুদ্ধদেব বসু, কেন তিনি মুক্তিযুদ্ধ সম্পর্কে নিস্পৃহ ছিলেন? এই শেষ প্রশ্নের উত্তর গবেষককে নিয়ে যায় এমন একজন মানুষের কাছে, যিনি সাহিত্যে ছিলেন ঝকঝকে আধুনিক, কিন্তু জীবনে এবং (অ)রাজনৈতিক বিশ্বাসে অনাধুনিক। একটি চিঠিতে তিনি লিখেছেন, ‘ভারতবর্ষ এবং হিন্দু ঐতিহ্য থেকে বিচ্ছিন্ন করে আমি আমার নিজের অস্তিত্ব কল্পনা করতে পারি না’ (১৪২)। কবি সুকান্তকে তিনি অভিযোগের সুরে বলছেন, রাজনৈতিক কবিতা লিখে তিনি শক্তির অপচয় করছেন।রাজনীতিবিমুখতার কথাটা বোঝা যায়, একজন লেখক রাজনীতিবিমুখ হতেই পারেন, কিন্তু যে মাটিতে তাঁর জন্ম, তাঁকে কেন স্বপ্নে স্থান না দেওয়া, স্মৃতিতে মাঝেমধ্যে দিলেও? সৈয়দ মকসুদ সে প্রশ্নের একটি উত্তর পরোক্ষভাবে দিয়েছেন। তিনি লিখেছেন, জন্মের পরপরই মাকে হারান বুদ্ধদেব। মায়ের বয়স তখন ছিল ১৬। বাবা কিছুদিন পরিব্রাজ্য নিয়ে পরে আবার বিয়ে করেন। বাবাকে কোনো দিনই ক্ষমা করেননি তিনি, বাবাকে জীবন থেকে নির্বাসন দিয়েছিলেন, কিন্তু মাকে? আমার ছেলেবেলায় বুদ্ধদেব লিখেছেন, বাবা-মায়ের একটি ছবি ছিল তাঁর সংগ্রহে, মৃত মাকে জড়িয়ে ধরে আছেন বাবা, যে ছবিটি একসময় হারিয়ে গেল। ‘কবে, আমি তা লক্ষ করিনি, তা নিয়ে চিন্তা করার কোনো কারণ অথবা অবকাশ ছিল না।’কথাগুলো নির্মম, কিন্তু হয়তো যে মাকে কোনো দিন চোখ মেলে পরিপূর্ণভাবে দেখতে পাননি, সে মাকে মনে রাখার বেদনা তিনি সইতে চাননি, একই কথা কি খাটে না ঢাকা সম্পর্কে? ঢাকা তো মাতৃভূমি ছিল তাঁর, তাকেও ভুলতে চেয়েছেন; লিখেছেন, ঢাকা সম্পর্কেও অভিযোগ আছে তাঁর, যদিও জানাননি, অভিযোগটা কী? তাঁর কলকাতা যাত্রা, ডি এইচ লরেন্সের সনস অ্যান্ড লাভারসের সেই পলের মা ও খনি এলাকা ছেড়ে আলোকিত শহরের দিকে যাত্রার মতোই। একটি ফ্রয়েডীয় জটিলতার সাক্ষাৎ পাওয়া যায় এখানে, যার ইঙ্গিত সৈয়দ মকসুদ দিয়েছেন।বইটিতে আরও অনেক বিষয় আছে—ঢাকার সাহিত্যিক পরিবেশ, ঢাকায় বুদ্ধদেবের নজরুল-সান্নিধ্য, শামসুর রাহমানের সঙ্গে প্রথম আলাপ; আছে কিছু অগ্রন্থিত কবিতা, আছেন কবিপত্নী প্রতিভা বসু, যাঁকে বুদ্ধদেব থেকেও বেশি আধুনিক বলে বর্ণনা করেছেন সৈয়দ মকসুদ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো: বুদ্ধদেবের চরিত্রের একটি অপঠিত দিকের ওপর আলো ফেলে তিনি বুদ্ধদেবের সাহিত্যকে ভিন্ন মাত্রায় পঠনের একটা উপায় করে দিলেন এবং একই সঙ্গে বুদ্ধদেবের ঢাকাকেও একটি বিশেষ গুরুত্বে স্থাপন করলেন।শত মুদ্রণ প্রমাদ নিয়েও বইটি বুদ্ধদেব-অনুরাগীদের জন্য অবশ্য পাঠ্য।