ঢাকার শতবর্ষী বৃক্ষ
রাজধানী ঢাকার বয়স কত? ৪০০ বছর উদ্যাপন করেছে শহরটি। মানব বসতি এবং ইতিহাস-সংস্কৃতির দিক থেকে ৪০০ বছর অনেক দীর্ঘ সময়। কিন্তু এই শহরে ৪০০ বছর তো দূরের কথা, ২০০ বছরের পুরোনো বৃক্ষও খুঁজে পাওয়া দুষ্কর। দীর্ঘ পরাধীনতা, রাজনৈতিক পটপরিবর্তন, প্রাকৃতিক দুর্যোগ, অসচেতনতা এবং মাত্রাতিরিক্ত লালসার করালগ্রাসে এখানকার অনেক ঐতিহ্যের সঙ্গে প্রাচীন বৃক্ষ সম্পদও হারিয়ে গেছে। তাই ঢাকায় শতবর্ষী বা শতোর্ধ্ববর্ষী বৃক্ষের সংখ্যা হাতে গোনা কয়েকটি। এমনই একটি শতবর্ষী বৃক্ষ হিসেবে ধারণা করা হয় ফুলার রোডের পুরোনো তেঁতুলগাছটিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জগন্নাথ হল-লাগোয়া পথ ধরে একটু এগোলেই উদয়ন উচ্চমাধ্যমিক স্কুল। স্কুলের মূল ফটকের সামনে দাঁড়ালে বাঁ পাশে বিশালাকৃতির একটি তেঁতুলগাছ চোখে পড়বে। অন্য পথে ভিসির বাসভবন থেকে ব্রিটিশ কাউন্সিল হয়ে আরেকটু সামনে এগোলেই পাওয়া যাবে গাছটি। গাছের কালো রঙের কাণ্ড অসংখ্য গুটিভর্তি। সারা গা বিভিন্ন দাগে ক্ষতবিক্ষত। কাটা পড়েছে অনেক ডালপালা। বেশ ওপরের দিকে কয়েকটি ডালপালা এখনো বেশ সজীব। কালের সাক্ষী এই তেঁতুলগাছটি এক জীবনে অনেক কিছু দেখেছে। মোকাবিলা করেছে অনেক বৈরী পরিস্থিতির। তুলনামূলকভাবে আরও কম বয়সী কয়েকটি তেঁতুলগাছ দেখা যায় বাংলাদেশ শিশু একাডেমী ও রমনা পার্কে। ফুলার রোডের এই তেঁতুলগাছ সম্পর্কে ঐতিহাসিক কোনো তথ্য খুঁজে পাওয়া না গেলেও ফুলার রোড সম্পর্কে ইতিহাসবেত্তা মুনতাসীর মামুন ঢাকা স্মৃতি-বিস্মৃতির নগরী গ্রন্থে লিখেছেন, ‘... ১৯০৫ সালে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠিত হলে এর প্রথম লে. গভর্নর ছিলেন স্যার ব্যামফিল্ড ফুলার। মুসলিম সম্প্রদায়ের তিনি ছিলেন প্রিয়ভাজন।’ উল্লিখিত তথ্য থেকে স্পষ্ট যে স্যার ব্যামফিল্ড ফুলারের নামানুসারে এই সড়কটির নামকরণ এবং সেই সূত্রে সড়কটিও বেশ পুরোনো। তেঁতুলের বৃদ্ধি মন্থর। সেই অর্থে পুরু কাণ্ডের গাছ হতে দীর্ঘ সময়ের প্রয়োজন। এ কারণে এ গাছের মূল কাণ্ডের আকৃতি দেখেই ধারণা করা হয় যে গাছটি অতি প্রাচীন। একসময় ঢাকায় রমনা গ্রিনের দক্ষিণ ফটক থেকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন পর্যন্ত তেঁতুলের একটি দীর্ঘ বীথি ছিল। শ্রীলঙ্কায় ২০০ বছরের পুরোনো একটি তেঁতুলগাছের কাণ্ডের বেড় প্রায় ৪২ ফুটের মতো। মুখরোচক ফল হিসেবে তেঁতুল (Tamarindus indica) দেশের সর্বত্র সমাদৃত। তবে ফলের উপযোগিতার কাছে এ গাছের ফুলের সৌন্দর্য বরাবরই উপেক্ষিত। অথচ তেঁতুল ফুল দেখতে ভারি সুন্দর এবং নজরকাড়া। শুধু তা-ই নয়, এ গাছের পাতাও বেশ নান্দনিক। তেঁতুলের প্রচলিত আরেকটি নাম আমলি। তেঁতুল আমাদের দেশের দুষপ্রাপ্য কোনো গাছ নয়। একসময় গ্রামে প্রায় প্রতিটি বাড়িতেই দু-একটি গাছ ছিল। নানান কারণে এখন সংখ্যায় কমেছে। শহরের বড় পার্ক ও উদ্যান এবং পথের ধারে এ গাছ দেখা যায়। গ্রামের শিশুদের তেঁতুল খাওয়া থেকে বিরত রাখার জন্য একসময় বলা হতো, এই গাছে ভূত থাকে। সেই কুসংস্কার থেকে অনেকেই এ গাছ কেটে ফেলেছে। তবে তেঁতুলগাছ বহু গুণের অধিকারী। দীর্ঘ জীবন, দৃঢ়তা, নিবিড় ছায়া এবং ব্যবহারিক মূল্যে এ গাছ আমাদের তরুরাজ্যের মধ্যমণি। প্রতিটি পূর্ণবয়স্ক তেঁতুলগাছ যেন একেকটি মহিরুহ। সুদূর আফ্রিকার এই গাছটি এখন শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর গ্রীষ্মপ্রধান সব দেশেই ছড়িয়ে পড়েছে। তেঁতুল এই অঞ্চলের আদি বৃক্ষ। প্রাচীন লোকগীতিতেও তার প্রমাণ মেলে— ‘আম ধরে ঝোপা ঝোপা তেঁতুল ধরে বেঁকা/ দেশের বন্ধু বিদেশ গেলে আর নি অইব দেখা।’ চিরসবুজ এই গাছটির কাণ্ড সরল, নাতিদীর্ঘ ও শাখায়িত। পত্র যৌগিক, ঘন-সবুজ এবং আকর্ষণীয়। গ্রীষ্মের শেষ ভাগে অসংখ্য ফুলে ভরে ওঠে গাছ। সাধারণত ছোট গাছের ক্ষেত্রেই আমরা ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারি। ফুলের রং হলুদ কিংবা প্রায় সাদা, পাপড়ি লাল শিরায় চিত্রিত। ফল মাংসল ও বাঁকানো ধরনের। কাঁচা অবস্থায় টক, পাকলে টক-মিষ্টি স্বাদের। তেঁতুলের শাঁস খাদ্য হিসেবেও ব্যাপক আদৃত। তেঁতুলের তৈরি বিভিন্ন মুখরোচক দ্রব্য পৃথিবীজুড়েই জনপ্রিয়।