ঢাকায় থাকাকালে বাংলা ভাষার প্রেমে পড়ি
ড. হ্যান রুথ টমসন ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের বাংলা বিভাগের প্রভাষক। তাঁর প্রথম বই এসেনশিয়াল এভরিডে বেঙ্গলি। সম্প্রতি বেরিয়েছে বেঙ্গলি: এ কমিপ্রহেনসিভ গ্রামার। বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে তাঁর আরও দুটি বই বেরোবে এ বছর। রাওটলেস প্রেসের একটি মুখপত্রে তাঁর এ সাক্ষাৎকার ছাপা হয়।প্রশ্ন: আপনি বাংলা শিখলেন কীভাবে?হ্যান রুথ টমসন: নব্বইয়ের দশকের গোড়ার দিকে বছর চারেক আমরা ঢাকায় ছিলাম। সত্যি কথা বলতে কি, সে সময়ই আমি বাংলা ভাষার প্রেমে পড়ে যাই। ওই সময় আমার পক্ষে যতটুকু বাংলা শেখা সম্ভব এবং যত দ্রুত সম্ভব সেটুকু শিখি। অবশ্য সে শেখাটা যথেষ্ট ছিল না। আমার বাংলা শেখার অভিজ্ঞতা থেকেই আমার প্রথম বই এসেনসিয়াল এভরিডে বেঙ্গলি লেখা হয়েছে। ওই বইটিতে প্রাত্যহিক জীবনে ব্যবহূত হয়, এমন সাধারণ কথ্য ভাষা শেখার সহজ পন্থা দেখানো হয়েছে।প্রশ্ন: ভাষার ওপর স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ঠিক কোন কারণে বাংলা বিষয়ের শিক্ষিকা হলেন?হ্যান রুথ টমসন: এসেনশিয়াল এভরিডে বেঙ্গলি বেরোবার পর আমি যুক্তরাজ্যে ফিরে আসি। বাংলা ব্যাকরণ সম্পর্কে আমার আরও বেশি জানার আগ্রহ তৈরি হয়। সে সুবাদে এসওএএস (স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, লন্ডন ইউনিভার্সিটি) থেকে বাংলা ভাষার ওপর পিএইচডি করি। বলা যায় এর ‘সাইড প্রোডাক্ট’ হিসেবেই আমার শিক্ষকতা পেশায় আসা। বিদেশিদের বাংলা শেখানোয় নিয়োজিত বাংলাদেশি শিক্ষকদের প্রশিক্ষক হিসেবেও আমি কাজ করেছি।প্রশ্ন: আপনার লেখা ‘বেঙ্গলি: এ কমিপ্রহেনসিভ গ্রামার’ বইটি লেখার উদ্দেশ্য সম্পর্কে একটু বলবেন?হ্যান রুথ টমসন: পিএইচডি করার মধ্য দিয়েই মূলত এ বইটির প্রাথমিক প্রস্তুতি শেষ হয়েছিল। আমার মনে হয়েছে, আধুনিক সময়ের সঙ্গে সঙ্গতি রেখে বাংলা ভাষার নতুন ব্যাকরণ তৈরি হওয়া উচিত।বর্তমান বাজারে যেসব প্রচলিত বাংলা ব্যাকরণগ্রন্থ রয়েছে, তার প্রায় সবই সংস্কৃত থেকে উদ্ভূত ভাষার ঐতিহাসিকভাবে ক্রমবিকাশের ভিত্তিতে রচিত। এসব ব্যাকরণ গ্রন্থ বাংলা শিখতে ইচ্ছুক বিদেশিদের মোটেও কাজে আসে না। এ বইতে আমি প্রাচীন বাংলা ভাষার আদি রূপের দিকে না গিয়ে শুধু সমসাময়িক ভাষাগত কাঠামোর ব্যাপারে গুরুত্ব দিয়েছি। এই সময়ে বাংলা ভাষায় উচ্চারিত ধ্বনি, শব্দ সংস্থান-বিষয়ক কলাকৌশল, শব্দের শ্রেণীবিন্যাস, বাক্যকাঠামো ইত্যাদি ঠিক কোন অবস্থানে রয়েছে, তা বইটিতে আমি তুলে আনার চেষ্টা করেছি।বইটি লিখতে যদিও সময় লেগেছে দুই বছর, তবে এর আগে বহু বছর ধরে আমি সমকালীন বাংলার মৌখিক ও লিখিত অনুষঙ্গ নিয়ে গবেষণা করেছি।প্রশ্ন: আপনার এই ব্যকরণ গ্রন্থে কি সাধু ভাষার ওপর জোর দেওয়া হবে বা আজকের বাংলা ভাষার বাইরে আর নতুন কোনো কিছু কি যোগ করবে?হ্যান রুথ টমসন: আমার এ বইয়ে কোনো সাধু ভাষার ব্যবহার নেই। যাঁরা ঐতিহাসিক গবেষণার জন্য ভাষার আদি থেকে বর্তমান জানতে চান, তাঁদের প্রতি আমার কোনো অশ্রদ্ধা নেই। কিন্তু আমার গবেষণার বিষয় হলো, আধুনিক ভাষা ও তার আধুনিক গঠনশৈলী। আমি মনে করি, গতানুগতিক ও প্রচলিত বাংলা ব্যাকরণ কার্যত ফসিলে রূপ নিয়েছে। সেসব নিয়মকানুন ওই ব্যাকরণের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেছে। ব্যবহারিক জীবনে এর কোনো প্রয়োগ নেই।আমি অত্যন্ত সতর্কভাবে এসব মান্ধাতা আমলের অকেজো গ্রামারকে এড়িয়ে গেছি। এ কাজটি করতে গিয়ে আমি বাংলা ভাষার বিষয়ে এমন কতগুলো নতুন বিষয় আবিষ্কার করতে পেরেছি, যা দেখে খোদ বাংলা ভাষাতাত্ত্বিকেরাই অবাক হয়ে গেছেন।প্রশ্ন: আপনার নিজের অভিজ্ঞতা অনুযায়ী বাংলা ব্যাকরণের কোন কোন বিষয় বিদেশি শিক্ষার্থীদের কাছে দুরূহ মনে হয় বলে আপনি মনে করেন?হ্যান রুথ টমসন: সত্যি বলতে কি, বাংলা ব্যাকরণ খুব শক্ত কিছু নয়। তবে বাংলা ভাষার বাক্য গঠনের ধরন ইংরেজির বাক্য গঠনের ধরনের চেয়ে সম্পূর্ণ আলাদা: ‘আই হ্যাভ নো মানি—আমার টাকা নেই’, ‘আই ফিল হাংরি—আমার খিদা লেগেছে (পশ্চিমবঙ্গে—আমার খিদে পেয়েছে)। এ ছাড়া ক্রিয়াপদের ব্যবহার, বাক্য গঠনের বহুমাত্রিক ধরন এবং বাংলা ভাষার বিশাল শব্দভান্ডার বিদেশি শিক্ষার্থীদের কাছে অনেক সময় ভীতিপ্রদ ব্যাপার হয়ে ওঠে। তাদের এ ভীতির পেছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে। তবে তাদের শিক্ষা গ্রহণকে যদি সঠিকভাবে সমন্বয় করা যায়, তাহলে সমস্যা হওয়ার কথা নয়। আমি এ বইটিতে একেবারে সহজ ভাষায় বাংলা ভাষার ব্যাকরণিক দিক তুলে ধরার চেষ্টা করেছি।প্রশ্ন: গ্রামার বই ছাড়াও এ বছরই আপনার আরও কয়েকটি বই বেরোনোর কথা।হ্যান রুথ টমসন: যে তিনটি বই শেষ করেছি সেগুলো হলো দুটো ডিকশনারি—ডিকশনারি অ্যান্ড ফ্রেসবুক এবং প্রাকটিক্যাল বেঙ্গলি ডিকশনারি—এবং জর্মান ভাষায় অনূদিত বুদ্ধদেব বসুর উপন্যাস মনের মতো মেয়ে। আগামী অক্টোবর নভেম্বরে বইগুলো বেরোবার কথা।অনুবাদ: সারফুদ্দিন আহমেদ