
পাশের বাসার ছেলেটা অনেক দিন থেকে যন্ত্রণা করছে। প্রতিদিন বিকেলবেলা ওদের বাসা থেকে আমাদের বাগানে ঢিল ছোড়ে। মাঝেমধ্যে ঢিলগুলো আমাদের বাগানের সীমানা পেরিয়ে রান্নাঘর পর্যন্ত পৌঁছে যায়।
আমার ছোট বোন মীরা এবার কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে। মীরা প্রতিদিন বিকেলে বাগানে সময় কাটায়। ওর বাগান করার খুব শখ। সামি (পাশের বাসার ছেলেটি) হয়তো কথাটা জানে!
পছন্দ করিস ভালো কথা, ওটা মুখে বল। এভাবে মানুষের বাসায় কেউ ঢিল ছোড়ে! নেহাত ওর বোন সাবিহাকে আমার একটু ভালো লাগে, নয়তো এত দিনে সামির একটা শিক্ষা হয়ে যেত।
দিন দুয়েক আগে বিকেলবেলা আমি বাগানে পায়চারি করছিলাম। মীরার শরীরটা ভালো নেই। তাই ও শুয়ে আছে, তখন পাশের বাসা থেকে যথারীতি ঢিল ছোড়া হলো। পড়বি তো পড়, একেবারে আমার কপালে। এই হঠাৎ আক্রমণে একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম। পুরো পৃথিবীটা চক্কর দিয়ে উঠল। একটু ধাতস্থ হয়ে মাথায় হাত দিলাম। না, রক্ত আসেনি, তবে কপালের একদম মাঝখানের জায়গাটা ফুলে গেছে।
এই ঘটনার পর শুধু সাবিহার ভাই বলে ছোকরাটাকে ক্ষমা করে দেওয়া যায় না। বিদ্যুৎবেগে গেট দিয়ে বের হয়ে পাশের বাসায় গেলাম। সামির কী দুর্ভাগ্য, ওদের গেটের সামনেই ওকে পেয়ে গেলাম। রাগে তখন আমার মাথা ঠিক নেই।

প্রথম দেখাতেই সামির কলার চেপে ধরলাম।
‘বেয়াদব ছেলে! আদব-কায়দা কিছু শেখোনি, অন্যের বাসায় ঢিল ছোড়ো? আজকে তোমাকে পেয়েছি।’
সামি অস্ফুট স্বরে কিছু বলতে চাইল। কিন্তু আমার আক্রমণের সামনে আর কিছু বলার সাহস বা সুযোগ পেল না। আমি রাগে বুঝতে পারলাম না ওকে কী করব! দুয়েকটা চড়-থাপড় দেওয়ার পর একটা ঘুষি মারলাম। ঘুষিটা বোধ হয় ঠোঁটে লেগেছিল। চলে আসার সময় দেখলাম, ওর ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে।
যাক, ওর একটা শিক্ষা হয়েছে।
ঘটনাটা নিয়ে পরে আর তেমন কোনো ঝামেলা হলো না। হয়তো লোকলজ্জার ভয়ে সামির বাবা-মা বিষয়টা চেপে গেলেন। যা-ই হোক, দোষটা তো ওদের ছেলেরই।
সেদিন বিকেল। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য বাসা থেকে বেরোচ্ছি। সামিদের বাসার সামনে সাবিহার সঙ্গে দেখা। ওকে দেখলেই আমার সবকিছু গুলিয়ে যায়। আমাদের ভার্সিটিতেই পড়ে, আমার এক বছরের ছোট। সামি ওর ভাই, একমাত্র এই দোষটা বাদে সাবিহার সবই ভালো। আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, ‘কেমন আছ, সাবিহা?’
আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সাবিহা জিজ্ঞেস করল, ‘আপনি সামিকে কেন মেরেছেন?’
সরাসরি এ প্রশ্নে ভড়কে যাচ্ছিলাম। তবু মাথা ঠান্ডা করে ওকে পুরো বৃত্তান্ত সংক্ষেপে বললাম।
‘আপনি কী করে জানলেন সামি ঢিল ছুড়ত? আপনি কি নিজের চোখে দেখেছেন?’
সাবিহার প্রশ্ন।
সর্বনাশ, মেয়েটা তাহলে আমার কথা বিশ্বাস করেনি।
‘না, আমি অনুমান করেছি। ও ছাড়া তোমাদের বাসায় আর কে এ কাজ করবে?’
আমি মিনমিন করে বলার চেষ্টা করলাম।
‘আপনি অনুমান করে একটা ছেলের ঠোঁট ফাটিয়ে দিলেন?’ সাবিহার রাগ তখনো পড়েনি।
মনে মনে আমি মরমে মরে যাচ্ছি। তাহলে অন্য কেউ ঢিল ছুঁড়ত? আর আমি বোকার মতো...।
সাবিহাকে টপকে সটকে পড়তে যাচ্ছিলাম, সে আবার পেছন থেকে ডাকল।
‘আসল কথা কি জানেন? ঢিলগুলো আমিই ছুড়তাম। আমি ভেবেছিলাম, আপনি বুঝতে পারবেন যে আমি আপনাকে পছন্দ করি...’
এ পর্যন্ত বলেই সাবিহা গটগট করে হেঁটে চলে গেল।
মো. আশরাফুল বারী
নোয়াপাড়া, আখালিয়া, সিলেট।