তখন দক্ষিণ আফ্রিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ আফ্রিকার সঙ্গীদের সঙ্গে লেখক (ডান থেকে দ্বিতীয়)
দক্ষিণ আফ্রিকার সঙ্গীদের সঙ্গে লেখক (ডান থেকে দ্বিতীয়)

জোহানেসবার্গে মধ্যরাত। জান স্মাট এয়ারপোর্টের (বর্তমান নাম ‘ও আর ট্যাম্বো’) শেতাঙ্গ ইমিগ্র্যান্ট অফিসার বারবার আমার মুখ দেখছিলেন। চোখে বিরক্তি, আমার পাসপোর্টের পাতা উল্টাচ্ছিলেন, খুঁজছিলেন কোন পাতায় আছে ভিসা-চিহ্ন। পাসপোর্ট দেওয়ার সময়, ঢাকার ইউএনডিপি অফিস থেকে পাওয়া ভিসা-সংক্রান্ত কাগজ দিয়েছিলাম। আমি গেছি দক্ষিণ আফ্রিকায় প্রথম গণতান্ত্রিক নির্বাচনকালে (১৯৯৪) জাতিসংঘের পর্যবেক্ষক হয়ে কাজ করতে। পাসপোর্টে সিল মেরে অফিসার বললেন, ‘থ্যাংকস।’
দক্ষিণ আফ্রিকায় ঢুকলাম। কিউতে আমার আগে ছিলেন একজন শেতাঙ্গ নারী, হল্যান্ডের নাগরিক, আমার মতোই কাজ করতে এসেছেন দক্ষিণ আফ্রিকায়, পরে তিনি আমার সহকর্মী হয়েছিলেন ভেলকম প্রদেশে; তাঁকে ভিসা দিতে সময়ই নেননি অফিসার। দক্ষিণ আফ্রিকায় ডাচদের দখল-বাণিজ্য আর লুণ্ঠন ছিল যৎপরোনাস্তি। আফ্রিকানস নামে যে ভাষা দক্ষিণ আফ্রিকায় বলা হয়, তার উদ্ভব ডাচ ভাষা থেকে।
রাত্রে বুঝিনি। সকালে দেখি, হোটেলের অদূরে জনপদকে শান্তি দিয়ে বয়ে যাচ্ছে এক নদী। অচেনা পাখি উড়ছে। নৌকায় পর্যটক-পরিবার নদীভ্রমণে সকালের রোদে তৃপ্ত। পরদিন চলে যেতে হলো অরেনজ ফ্রি স্টেটের রাজধানী ব্লুমফেনটেনে। সেখানে এক রাত্রি বাস। সকালে আমাদের তিন টেবিল দূরে বেশ কজনকে নিয়ে উইনি ম্যান্ডেলা নাকি প্রাতরাশ করেছেন, চিনিনি। ডাইনিং থেকে বের হওয়ার সময় শেতাঙ্গ ম্যানেজার তথ্যটি জানালেন। চিনব কীভাবে? তাঁর মুখের ছবি তো আগে দেখিনি। ‘বললে না কেন?’ প্রশ্ন করাতে, নিচু স্বরে: ‘পারপাজ, সিকিউরিটি।’

ভেলকমে অনেক সোনার খনি আছে। খনিতে ঢুকেছিলাম। সেই অভিজ্ঞতার কথা এখানে নয়। শুধু জানিয়ে রাখছি, শীতাতপনিয়ন্ত্রিত খনির মধ্যে সব শ্রমিক কৃষ্ণাঙ্গ, ক্রীতদাসসম, মুখে হাসি ছিল না, বোবা মুখ, তাঁদের কাজ শকুনচোখে তদারকিতে সদাব্যস্ত কজন শেতাঙ্গ। খনির দেয়ালে দেয়ালে ডিনামাইটটি দেখিয়ে সাদা কর্তা স্বর্ণতৃপ্ত চোখে হেসেছিলেন।

ভেলকমের ম্যাপ নিতে গেছি এক শেতাঙ্গ ম্যাজিস্ট্রেটের কাছে। সহকর্মী নগুই কেনিয়ার, ‘হ্যালো’ বলে হাত বাড়ালেন। ম্যাজিস্ট্রেট হাত বাড়ালেন না। বললেন, ‘কাম উইথ মি।’ অর্জিত বর্ণঘৃণায় তিনি দাম্ভিক! বললাম, ‘আমরা জাতিসংঘের।’ তাঁর উত্তর সংক্ষিপ্ত, ‘আই নো।’ ম্যাপ ও রিসিভ করার কাগজ আগেই রাখা ছিল টেবিলের ওপর। কাগজটি রাখার কারণ হতে পারে কালো চামড়ার ইউএন-কর্মী এলে কোনো সংসর্গে তাঁর সাদা হাতের সঙ্গে কালো হাতের কোনো রকম স্পর্শ-সম্পর্ক যেন না হয়, সেই জন্য ওই কর্ম আগেই সম্পাদিত।

টেলিভিশন বিতর্ক অনুষ্ঠানে নেলসন ম্যান্ডেলা ও ডব্লুউ ডি ক্লার্ক, ১৯৯৪
টেলিভিশন বিতর্ক অনুষ্ঠানে নেলসন ম্যান্ডেলা ও ডব্লুউ ডি ক্লার্ক, ১৯৯৪

দিগন্তরেখা আড়াল পড়েছিল সাত-আট ফুট উচ্চতার হাজার হাজার সূর্যমুখীতে। আমাদের গাড়ি সূর্যমুখী বনের ভেতর দিয়ে যাচ্ছে তো যাচ্ছেই। শক্ত মাটির ওপর লালচে ছোট ছোটো নুড়ি, মসৃণ রাস্তা। শেতাঙ্গ খামারমালিকের বাড়িতে মিটিং। তাঁর ডাইনাস্টিতে একটি ভোটকেন্দ্র হবে। বড় রাস্তা থেকে গাড়িটা যখন সূর্যমুখীর খেতে নামে, আমাদের কৃষ্ণাঙ্গ চালক বলেছিলেন, ‘ডেসটিনেশন ইজ নট ফার।’ বাড়িটা বিশাল কৃষিভূমির কেন্দ্রে, যেদিক থেকেই যাত্রা হবে, তাঁর বাড়িতে পৌঁছাতে ২৫ কিলোমিটার গাড়ি চালাতে হবে। মালিক খুব ভদ্র। বয়স ষাটের মতো। বউটার বয়সও কাছাকাছি। ড্রয়িংরুমের দুই দেয়ালজোড়া বই। অন্য দেয়ালে ছবি দেখার স্ক্রিন। দুজন মানুষকে সেবা করবার জন্য তিনজন নারী ও তিনজন পুরুষ—সবাই কৃষ্ণাঙ্গ, নিঃশব্দে সংসারের বিভিন্ন কাজে ব্যস্ত। ট্রলি ঠেলে ঠান্ডা বিয়ার যে মেয়েটি নিয়ে এলেন, আমাদের দিকে চোখ তুলে তাকালেনও না। মালিকের ছেলে থাকে আমেরিকায়, মেয়ে ইংল্যান্ডে। বাড়ি কেনা আছে কানাডায়। ছেলে তার বান্ধবীকে নিয়ে মাঝেমধ্যে কানাডার বাড়িতে রাত-দিন কাটাতে যায়। বাবার সৎ স্বীকারোক্তি। নির্বাচনের পর বেশি ঝামেলা হলে চলে যাবেন কানাডায়। অনেক জমি কিনবেন, করবেন খামার। বাড়ির কাছেই দেখলাম, ধূসর শামিয়ানার নিচে ছোট একটি উড়োজাহাজ, কৃষি-ফসলে ওষুধ ছিটানোর কাজে লাগে। বাড়ির লাগোয়া পেট্রলপাম্প। ১৫ দিন পর পর তেল দিয়ে যায় এক তেল কোম্পানি। মালিক হেসে হেসে দেখালেন, সুন্দর একটি চার্চ, সাধারণ নির্মাণসামগ্রীতে তৈরি একটি স্কুল, খেলার মাঠ। ‘ক্লাস এইট পর্যন্ত পড়া যায়, তারপর পড়তে হলে যেতে হবে আরও দূরের স্কুলে,’ বললেন। আসলে বোঝানো হলো, কালোদের কত সুযোগ-সুবিধার মধ্যে তাঁরা রেখেছেন। বেশির ভাগ ছাত্রছাত্রী পড়তে যায় না, মালিকের কৃষিকাজে ঢুকে পড়ে। স্কুল থেকে কিছু দূরে একটি শুঁড়িখানা দেখলাম। বিকেলে ফিরছি। চালক বলেছিলেন, সন্ধ্যার পর পুরো জায়গাটাই মাতাল হয়ে যায়, শ্রমিকেরা হুল্লোড় করেন, আর খামারমালিক তাঁর বুড়িকে নিয়ে তখন হয় পর্নো দেখেন, না হয় কোনো ছবি। আর হাসেন।

সকালে যাওয়ার সময় পথে মানুষ দেখিনি, খেতের মধ্যে কোনো কোনো সূর্যমুখীর নড়াচড়া দেখেছিলাম। বুঝিনি, মানুষের শ্রমে সূর্য নড়ছে। খেতে কাজ করা কালো শ্রমিকেরা বিকেলে বাড়ি ফিরছেন। গাড়ি থামাতে বললাম। চালক বললেন, ‘ছবি তুলতে চাইলে তাঁদের অনুমতি নিয়ো।’ ছবি তুলিনি। ভোট আসছে, জানে কি না জিজ্ঞেস করলাম। সবাই জানে। মুখে আশাপূর্ণ সুন্দর হাসি। গাড়িতে ওঠার সময় দু-একজন হাত মেলালেন। মিটার ৩০ যাওয়ার পর মাথা ঘোরালাম, ইউএন-এর গাড়ির চাকার গতি-সন্ত্রাসে উড়ছিল লাল ধুলা। ধুলার ওপারে কালো শ্রমিকেরা প্রায় অদৃষ্টিমান। সোফিয়া লরেনের সানফ্লাওয়ার শুটিং হয়েছিল দক্ষিণ আফিকায়। সহকর্মীকে জিজ্ঞেস করলাম, ‘আপনি দেখেছেন?’ বললেন, ‘ওই ছবিতে যুদ্ধ মানুষকে নির্মমভাবে বিচ্ছিন্ন করছে, আর এখানেও বর্ণবাদ মানুষকে অপমান ও ছোট করছে, বিচ্ছিন্ন করছে।’

এক শেষবিকেলে নেপালের প্রকাশ, নগুই আর আমি ফুটপাত ধরে হাঁটছি। দিনটি ছিল শুক্রবার। খ্রিষ্ট্রীয় কী একটা পর্ব, ছুটির দিন। দ্রুতগামী একটি গাড়ি থেকে তিনটি কমলালেবু আমাদের তিনজনের দিকে ছুড়ে মারল কজন শেতাঙ্গ তরুণ-তরুণী। কানে এল বাতাসে উড়ন্ত ‘বা...স্টা...র্ড, ’ ‘ফা...কে...ন শি...ট’ আর সাফল্যের আকাশ-ফাটানো হাসি। একটি কমলা লেগেছিল প্রকাশের মাথায় আর একটি আমার পিঠে।

নির্বাচন পর্যবেক্ষণ করছেন লেখক ও অন্যরা
নির্বাচন পর্যবেক্ষণ করছেন লেখক ও অন্যরা

আমার হোটেলের অদূরে ছিল একটি বড় ডিপার্টমেন্টাল স্টোর। মালিক শেতাঙ্গ। ভদ্রলোক মানবিক। শেতাঙ্গদের বর্ণবাদিতার ঘোর সমালোচক, ম্যান্ডেলার জীবন ও কর্মদর্শনের মর্মগভীর সমর্থক। গান্ধী তাঁর নমস্য। অনেক বই পড়েন। প্রিয় লেখক কোয়েতজে ও আন্দ্রে ব্রিংক, নাদিন গার্ডিমার নন। আমাকে বলেছিলেন, অ্যালিস্টার স্পার্কসের দ্য মাইন্ড অব সাউথ আফ্রিকা পড়তে, পড়েছি। ‘তুমি কি জানো, এই রাস্তা ও ফুটপাতে কৃষ্ণাঙ্গদের চলাচলের অনুমতি ছিল না?’ তাঁকে জানাই, আমি জানি, এখন এই শহরের সব রাস্তায় রাত-দিন কেন হেঁটে বেড়ায় আর ফুটপাতে বসে বিয়ার খায় কৃষ্ণাঙ্গরা। কদিন পর নির্বাচন। তাদের চোখে-মুখে এবং কথা ও হাসিতে স্বাধীনতার পদধ্বনি ধাবমান।
শেতাঙ্গ বড় এক ব্যবসায়ী তাঁর বাড়িতে ইউএন-কর্মীদের নেমতন্ন করেছিলেন। ছিলাম ১০ জন। মধ্যরাত পর্যন্ত তাঁর বাড়িতে বারবিকিউসহ অনেক প্রকার আনন্দ হলো। তিনি ভক্ত ম্যান্ডেলার। তাঁকে নাকি অন্য শেতাঙ্গরা কয়েকবার হত্যার হুমকি দিয়েছিল। বারবার বলছিলেন, ক্ষমতায় আসছে এএনসি (আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস)। দ্বিধায়ও ছিলেন, ম্যান্ডেলা কি পারবেন তাঁর দেশের সব মানুষকে স্বাধীনতার মূলমন্ত্রের ভেতর-সত্য বোঝাতে। ৩৫০ বছরের উপনিবেশ। দেশের সবকিছু শ্বেত-ব্যবস্থাপনায় শৃঙ্খলিত, এএনসি কি তা নিয়ন্ত্রণ করতে পারবে? কৃষ্ণাঙ্গদের মধ্যে দেশ চালানোর মতো প্রয়োজনীয়সংখ্যক শিক্ষিত মানুষই নেই।
এয়ারপোর্টে যে শেতাঙ্গ মেয়েটি আমার আগে ছিলেন, নাম লিজান। ডাচ। প্রাণপূর্ণ তরুণী। সিগারেট খান। সৎ প্রেমিকা। দেখেছিলাম, তাঁর ছেলেবন্ধুর ছবি। প্রতিদিন প্রেমিককে ফোনে বলেন, ‘আই অ্যাম মিসিং ইউ, আই লাভ ইউ।’ আমাদের দৃঢ় স্বরে হেসে বলেছেন, ‘তাঁর দিকে মিনিংফুল লুক দিলে কোনো লাভ হবে না।’ তাঁর জন্মদিন এল। গেলাম তাঁর পছন্দ করা এক রেস্তোরাঁয়। মালিক শেতাঙ্গ। প্রকাশ, নগুই আর আমাকে রেস্তোরাঁর ম্যানেজার ঢুকতে দেবেন না। ম্যানেজার লিজান, আলফ্রেড ও ক্লারাকে ঢোকার অনুমতি দেবে। তারা শেতাঙ্গ। লিজান রেগে কাঁই। উত্তেজিত। আফ্রিকানস ভাষায় কী সব বলছিল, বুঝিনি। ডান ও বাঁয়ে হেতু-উষ্ণ হাত ও মুখ নড়াচড়া দেখে অনুমান করলাম ম্যানেজারকে বর্ণবাদী আচরণের জন্য কথা শোনাচ্ছে। যেতে হলো অন্য রেস্তোরাঁয়। সিঁড়ি দিয়ে নামতে নামতে আমাদের তিনজনকে লিজান বারবার সরি বলছিল।

নির্বাচনের আগে তৎকালীন রাষ্ট্রপতি ডব্লুউ ডি ক্লার্ক ও নেলসন ম্যান্ডেলার বিতর্কের লাইভ অনুষ্ঠান হয়েছিল টিভিতে। যতদূর মনে পড়ে, অনুষ্ঠান ছিল দুই ঘণ্টার। বিতর্কটি রেকর্ড করলেন আমাদের বস আদনান। উদ্দেশ্য, পরে দু-তিনবার দেখতে হবে, বুঝতে হবে দক্ষিণ আফ্রিকার রাজনৈতিক মেজাজ। সঞ্চালক বিতর্কের সময়-ব্যবস্থাপনা বুঝিয়ে দিলেন। ডায়াসের নিচে, অদূরে, বসেছেন চারজন সাংবাদিক। তাঁদের মধ্যে বিবিসির একজন। সাংবাদিকেরা প্রশ্ন করবেন এক মিনিটের মধ্যে। ম্যান্ডেলাকে প্রশ্ন করা হলে তাঁকে উত্তর দিতে হবে তিন মিনিটের মধ্যে এবং যদি ডব্লুউ ডি ক্লার্ক কোনো জবাব দিতে চান, তিনি সময় পাবেন দুই মিনিট। তাঁর কথার জবাব যদি ম্যান্ডেলা দিতে চান, সময় পাবেন এক মিনিট। মোট সাত মিনিটের মধ্যে শেষ করতে হবে একটি প্রশ্নের উত্তর। ডি ক্লার্কের একটি জবাবের সময় তিন মিনিট পার হয়ে যাচ্ছিল, সঞ্চালক প্রেসিডেন্টের মাইক অফ করে দিয়ে বললেন, ‘সরি মিস্টার প্রেসিডেন্ট, ইয়োর টাইম ইজ ওভার। মিস্টার ম্যান্ডেলা, ডু ইউ ওয়ান্ট টু গিভ অ্যানসার?’ এবং সঞ্চালকের এই নিয়ন্ত্রণ ম্যান্ডেলার সময়েও করা হলো দু-একবার। কী একটা প্রশ্নে ডি ক্লার্ক অসত্য বললেন। ম্যান্ডেলা পকেট থেকে ছোট একটি পোস্টার মতো বের করে ক্যামেরার সামনে ধরলেন। কিছু বললেন না, মৃদু হাসলেন। হাসিতে শ্লেষ ছিল না, কী বিনয়! ভাবলাম, ইশ্, এই বিতর্ক যদি আমাদের দেশচালকরা দেখতেন!

সকালে শুরু হবে ভোট। ভোটকেন্দ্রগুলোর ব্যবস্থাপনা ঠিক আছে কি না, দেখতে বের হলাম রাতে। মধ্যরাত নামতেই কৃষ্ণাঙ্গ ভোটাররা দাঁড়িয়ে পড়েছে ভোটকেন্দ্রের সামনে। কারও হাতে বিয়ার ও সিগারেট, কারও হাতে রুটি, কোনো কোনো মায়ের কোলে ঘুমন্ত শিশু। লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো প্রায় আশিছোঁয়া বেশ কজন বুড়ো, ভোট দিতে হবে। চোখে ঘুমের চিহ্নমাত্র নেই। কেউ কেউ বারবার দেখছিল ভোটার কার্ড, যত্নে রাখছিল পকেটে, কারও কারও হাতের মধ্যে, যেন হারিয়ে যেতে না পারে।

ভোটের দিন দুপুরবেলায় এক কাগজের হেডলাইন পড়লাম: ‘৩৫০ বছর ধরে এই ভোটের লাইনে দাঁড়িয়ে আছি।’ এক কৃষ্ণাঙ্গের উত্তর। সাংবাদিক প্রশ্ন করেছিলেন, ‘কখন থেকে লাইনে দাঁড়িয়েছ?’