তথ্যবহুল একটি বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে তেল বিপণনের এক শতাব্দী
বাংলাদেশে তেল বিপণনের এক শতাব্দী

বাংলাদেশে তেল বিপণনের এক শতাব্দী
শরীফ আতিকুজ্জামান
প্রচ্ছদ: কিরিটি
প্রকাশক: বাংলাপ্রকাশ
৩৪৪ পৃষ্ঠা
দাম: ৫০০ টাকা।
তেলের কথা এলে যুদ্ধের কথা মনে পড়ে। তেলের জন্যই নাকি বিশ্বে এত যুদ্ধ। তারপর মনে আসে তেল উৎপাদনকারী বড় দেশ সৌদি আরব, কুয়েত কিংবা ইরাকের কথা। যদিও রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন তেল উৎপাদনে প্রথম সারিতে রয়েছে। কিন্তু কীভাবে? সেসব ভিন্ন আলোচনা। ২০১২ সালে তেল উৎপাদনে প্রথম ছিল রাশিয়া। এরপর সৌদি আরব, যুক্তরাষ্ট্র, চীন, ইরান, কানাডা, ভেনেজুয়েলা, কুয়েত ও ইরাক।
তবে গত বছর এ চিত্র বদলেছে। রাশিয়া ও সৌদি আরবকে পেছনে ফেলে যুক্তরাষ্ট্রই সে বছর উৎপাদন করেছে সবচেয়ে বেশি তেল।
১৮৯০ সালে ডিগ্বয়ে তেল আবিষ্কারের পরপরই বার্মা অয়েল কোম্পানি (বিওসি) বাংলাদেশের ভূখণ্ডে অনুসন্ধান শুরু করে তেল-গ্যাস। পাশাপাশি বিওসির মাধ্যমে বাংলাদেশে শুরু হয় পেট্রোলিয়াম-পণ্যের আমদানি ও বিপণন। তেল বিপণনের এসব বিষয়-আশয় নিয়ে বাংলাদেশে জ্বালানি তেল বিপণনের এক শতাব্দী নামে একটি বড় বই লিখেছেন শরীফ আশরাফউজ্জামান।
বইটি মূলত লেখকের পিএইচডি অভিসন্দর্ভের পরিমার্জিত ও পরিবর্তিত রূপ। লেখক পরিচিতি দেখলে জানা যাবে, তিনি নিজে একটি তেল বিপণনকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা। ফলে কাজের খাতিরে দেশে তেলের বিপণন ও বাজার নিয়ে তাঁর রয়েছে বিস্তর জানা। বইটির একটি বিরাট অংশজুড়ে আছে পরিশিষ্ট। তাতে ইংরেজি, বাংলা মিলিয়ে যুক্ত করা হয়েছে তথ্যের নানা উৎস ও সেগুলোর ব্যাখ্যা-বিশ্লেষণ।
এ ছাড়া নয়টি অধ্যায়ে বিস্তারিত জানানোর চেষ্টা রয়েছে প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত জীবাশ্ম-জ্বালানির আবিষ্কার ও ব্যবহার নিয়ে। কীভাবে এই উপমহাদেশে তেল এল, বাংলাদেশে তেল-গ্যাস অনুসন্ধান, কী করছে পেট্রোবাংলা ও তার অধীন কোম্পানিগুলো—বইয়ে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন লেখক। তেল প্রসঙ্গেই তাঁর আলোচনা সীমাবদ্ধ নয়, বাংলাদেশে গ্যাসের আবিষ্কার ও মজুতের সমস্যা এবং সম্ভাবনা, তেলক্ষেত্র সংশ্লিষ্ট অর্জন, বাংলাদেশে কয়লার আবিষ্কার মজুত ও ব্যবহার নিয়েও যুক্ত করা হয়েছে দুটি পরিচ্ছেদ। পরিশিষ্টে বাংলাদেশের মানচিত্রে চিহ্নিত করা হয়েছে দেশের গ্যাসক্ষেত্রের হদিস।
তেল নিয়ে যাঁরা গবেষণা করবেন কিংবা লিখবেন—বইটি তাঁদের কাজে আসতে পারে। ছোট ছোট মুদ্রণত্রুটি বাদ দিলে বইটি বেশ তথ্যবহুল।