তদন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

‘মাসি এই এল বলে,’ আনুমানিক ১৫ বছরের মেয়েটি চাবি দেওয়া পুতুলের কণ্ঠে বলল, ‘ততক্ষণ আপনি আমার সাথে সময় কাটাতে পারেন।’
আমি মেয়েটিকে সত্য উপলব্ধি করতে সহায়তা করব। ওর সঙ্গে বসে ওর মাসির জন্য আপাতত অপেক্ষা করছি। অপেক্ষা করার ভান করছি আসলে। দ্বিধা আমাকে খানিকটা দোলাচলে রেখেছে। পুলিশ রিপোর্ট ভালো করে পড়ে এসেছি। ওর মাসিকে প্রশাসনের কর্তাব্যক্তিদের সামনেই দাহ করা হয়েছে। আমিও ছিলাম শ্মশানের কিনারে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে। অথচ মেয়েটিকে বলেছি, মাসি জেলহাজতে আছে।
‘আমার দিদি, সুন্দরবনের কাছে গ্রামে থাকে, অবশ্য খবর পাঠিয়েছে, মাসি গ্রামে আছে। সেখানে আমাকে নিয়ে যাবে না জানিয়ে দিয়েছে। আমি অনেক কথা বলি তো, সে গ্রামে আবার অচেনা লোকদের সাথে মেয়েদের কথা বলা বারণ আছে। কথা বলতে গেলেই নাকি আমার সর্বনাশ হবে! গ্রামে যাদের আমি নামে চিনি, তাদের একটা তালিকা করেছি। এই যে দেখেন।’ হাতের মুঠোর ভেতর থেকে একটি ভাঁজ করা কাগজ আমার দিকে এগিয়ে দেয় মেয়েটি। আমি কাগজের ভাঁজ খুলে কোনো তালিকা দেখতে পাই না। পেনসিল দিয়ে নানা রকম কাটাকুটি করা। মেয়েটি বলে, ‘তালিকায় যাদের নাম দেখতে পাচ্ছেন, মাসি বলেছে, তারা সবাই খুব ভালো।’ আমি ওর অস্থির ফ্যাকাশে মুখের দিয়ে তাকিয়ে হাসলাম। নিঃশব্দে। সে বলল, ‘আসলে অনেক দিন আগে পেনসিল দিয়ে লিখেছিলাম তো, মনে হয় নামগুলো মুছে মুছে গেছে। আপনার পক্ষে পড়া সম্ভব হবে বলে মনে হয় না। কিন্তু আমি ঠিকই সব পষ্ট ভাষায় পড়তে পারি।’
কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে জিজ্ঞেস করলাম, ‘এখানে আশপাশে সব মানুষকে তুমি চেনো?’
মেয়েটি বলল, ‘এমনিতে আলাদা করে চিনতে পারব না। কিছু নাম জানি। তবে দেখলে সবারই মুখ চিনতে পারব। নির্দিষ্ট করে কারও নাম বলতে পারব না।’ একটু থেমে মাথা নিচু করে বলল, ‘এখানকার বাসিন্দারা খুব কথা বলে, হইচই করে। আমার বড় বোন চিনবে সবাইকে। আমি তো হোস্টেলে থাকি। খুলনা শহরে। কী করে জানব এত কিছু। তবে সবাই খুব ভালো। আমার খোঁজখবর নিতে আসে। বলে, তোমার কোনো ভয় নেই, আমরা তো আছি! কী ভালো, না?’ শেষ কথাটা বলার সময় সরাসরি আমার চোখের দিকে তাকাল সে। হাসল। ওর নিপাট ঝকঝকে দাঁতের সারি থেকে স্নিগ্ধ আলোর সহস্র রেখা যেন ছড়িয়ে পড়ল ঘরের খোলা দরজা দিয়ে বাইরের খাঁ খাঁ উঠোন পর্যন্ত।
ঘরটা ছিল উত্তপ্ত। টিনের চালের ওপর চৈত্রের রোদ টগবগ করছে। টিনের বেড়া সৌরতাপ বিকিরণ করছে ঘরের ভেতরের স্তব্ধ বাতাসে। আমার দিকে অপলক চোখ রেখে বলল মেয়েটি, ‘জল আনব নাকি?’ বলেই দুপুর বেলাতেও আধো অন্ধকারে ছেয়ে থাকা ঘরের বাইরে গেল সে। পুরোনো কাঁসার ঝকঝকে গ্লাস ভরে জল এনে দাঁড়াল আমার পাশে। গ্লাস হাতে নিয়ে সরাসরি ওর চোখের দিকে তাকালাম আমি। ঠোঁটে গ্লাস ছোঁয়ানোর আগেই মেয়েটি বলল, ‘মাসিকে আপনি কত দিন ধরে চেনেন?’
আমি বললাম, ‘তাঁর নাম ও ঠিকানা আমার কাছে ছিল। তিনি অল্প বয়সে বিধবা হয়েছেন। তোমাদের দুই বোনকে তিনিই বড় করেছেন। তোমার বাবা খুন হওয়ার পর তোমার মা বোবা হয়ে গিয়েছিলেন। তারপর এক সপ্তাহ বেঁচে ছিলেন। এরপর মাসিই তোমাদের মা।’

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

শব্দ করে হেসে উঠল মেয়েটি, ‘মাসি ইচ্ছে করেই আমাদের দায়িত্ব নেয়নি। আমার বাবা নাকি আমাদের বাড়ির ভিটা বেচে দিয়েছিল, কিন্তু দখল ছেড়ে দেয়নি। তাই তাকে খুন করা হলো। মাসির আর উপায় ছিল না। আমাদের লালন-পালনের দায়িত্ব নিল। কিন্তু এখন মাসিও ঠিক করেছে এই বাড়ি বেচে দেবে। ওপারে চলে যাবে। ওখানে মাসির এক দাদা আছে, তার কাছে। আমি কিন্তু যাব না। কেন যাব? ওখানে তো কাউকে চিনি না। এখানে আমাদের ভয় থাকলেও চেনা লোকেরাই ভয় হয়ে ওঠে। ওখানে অচেনা লোকেরা আমাদের মেনে নেবে কেন?’
‘কেন? মাসি চলে যাবেন কেন?’ জিজ্ঞেস করলাম।
‘কাউকে বলবেন না, আপনাকে ভালোই মনে হচ্ছে, তাই বলছি। মাসির ঘরে কারা যেন ঢুকেছিল। মাসির নামে অনেক কলঙ্ক রটেছে পাড়ায়’, বলে উঠে দাঁড়াল মেয়েটি। ঘরের বাইরে গেল। আবার ফিরে এসে বলল, ‘আপনি চলে যান। মাসির আসতে দেরি হবে। আপনাকে কেউ এখানে দেখলে আমার নামেও কলঙ্ক হবে। আপনি হয়তো জানেন না, বাতাস যাতে ঘরে ঢুকতে না পারে, সে জন্য আমরা জানালা বন্ধ করে রাখি! আপনার জন্য দরজা খুলে দিয়েছি, সেটা অনেক বড় ধৃষ্টতা হয়েছে আমার।’
‘জানালা বন্ধ করেও তো ভয় আটকাতে পারোনি তোমরা।’
অনেকক্ষণ চুপ থেকে মাথা নিচু করে দাঁত দিয়ে নখ কাটতে লাগল মেয়েটি। তারপর ধীরে ধীরে চোখ তুলে বলল, ‘পরিচিত মানুষেরাই যদি বিশ্বাসের সুযোগ নেয়, তাহলে সতর্ক হওয়ার আর সুযোগ থাকে না। আপনিও যদি ভয়রূপে এসে থাকেন তো আমার মৃত্যু নিশ্চিত করে তারপর যাবেন প্লিজ।’
নির্বিকার থাকার চেষ্টা করে সফল হলাম আমি। মূল ঘটনা আমাকে জানতেই হবে। এর মধ্যে চোখ দেখেই আমি নিশ্চিত হয়েছি যে এ মেয়ে বানিয়ে কিছু বলতে পারে না।
মেঝের দিকে চোখ রেখে মেয়েটি বলল, ‘সেদিন আমি খুলনা থেকে এলাম। অনেক দিন পর। মাসি খুব খুশি। জানালা খুলে দিল। জানালার ধারে দাঁড়িয়ে বাইরে চোখ রেখে দীর্ঘশ্বাস ছেড়ে হাসল সে। বলল, বাপ-দাদার দেশ ছেড়ে যেতে বলে কেন রে ওরা? তখন সন্ধ্যা। বৈশাখের গরম। মেলার সার্কাসের ক্যানভাস হচ্ছে মাইকে। ওরা দরজা খোলা পেয়ে ঘরে ঢুকে মাসির পেছনে এসে দাঁড়াল। আমাকে জোর করে টেনে নিয়ে গেল বিছানার কাছে...। মাসি চিৎকার করে উঠল। মাসির শাড়ির আঁচল দিয়ে তারই মুখ বেঁধে বাইরে কোথায় যে নিয়ে গেল। বলল, মাসি নাকি চরিত্রহীন। দেহ বেচে খায়। এখানে তার থাকা চলবে না। ততক্ষণে জ্ঞান হারিয়ে ফেলেছি আমি। পরে শুনি, মাসিকে পুলিশে নিয়ে গেছে। ইশ্, কেন যে মাসি আমাকে দেখে অত খুশি হতে গেল!’
আমি সম্ভবত আরও কিছুক্ষণ কথা বলতে পারলে মেয়েটির কাছ থেকে আরও কিছু তথ্য পেতে পারতাম, কিন্তু তার পরদিন হঠাৎই অবরোধ ডেকেছে একটি দল। এদিকে জরুরিভাবে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। ওয়্যারলেসে সে খবর পেয়ে স্টেশনের দিকে ফিরে যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম আমি। পেছন থেকে মেয়েটি বলল, ‘হাতে সময় না থাকলে সাহায্য করতে চান কেন?’
আমার আর পেছন ফিরে তাকানোর সুযোগ হলো না।