তবু বেঁচে থাকার গল্প
জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। এরই প্রেক্ষাপটে ২২ ও ২৩ আগস্ট ঢাকার দৃক গ্যালারিতে হয়ে গেল ‘বাংলাদেশ: জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী। আয়োজন করে ঢাকা আহ্ছানিয়া মিশন ও কনসার্ন ইউনিভার্সাল বাংলাদেশ। এই প্রদর্শনীতে দুর্যোগের পটভূমিকায় বিপত্সংকুল মানুষের বেঁচে থাকার লড়াই যেমন উদ্ভাসিত, তেমনি দুর্যোগ মোকাবিলার প্রেক্ষাপটও বিধৃত হয়েছে ক্যামেরার আলো-ছায়ায়। প্রদর্শনীতে ছিল দুর্যোগপূর্ণ উপকূলের মানুষের মোট ৬০টি আলোকচিত্র। ২২টি সিডর, আইলাসহ পরিবেশ বিপর্যয়ের ওপর তোলা বিভিন্ন আলোকচিত্রীর ছবি। বাকি ছবিগুলো সমাজভিত্তিক দুর্যোগঝুঁকি হ্রাসকরণ প্রকল্পের আওতায় তোলা। এ ছবিগুলোর আলোকচিত্রীর নাম সাকিন উল্লেখ করা হয়নি। অন্যদিকে আহ্ছানিয়া মিশন প্রদর্শনী উপলক্ষে এক প্রতিযোগিতায় দুই আলোকচিত্রীকে পুরস্কৃতও করেছে। তাঁদের মধ্যে শোয়েব ফারুক পেয়েছেন প্রথম পুরস্কার, দ্বিতীয় পুরস্কার ওয়াহিদ আদনান।প্রদর্শিত আলোকচিত্রগুলো দুর্যোগে-ঝঞ্ঝায় উন্মূল মানুষের বেঁচে থাকার গল্পই বলেছে বারবার। শোয়েব ফারুকের একটি আলোকচিত্রের শিরোনাম, ‘মাই ওয়ার্ল্ড: লুকিং ফর এ ব্যালান্স ইকো ফ্রেন্ডলি ওয়ার্ল্ড।’ এখানে আলো-ছায়ার ক্যানভাসে দেখা যায়, নীলচে শুভ্র আকাশ, আকাশে উড্ডীয়মান এক কালো পাখি এবং দুর্যোগ-আক্রান্ত এক মধ্যবয়স্কের দৃষ্টি তন্ময়চিত্তে অনুসরণ করছে সেই পাখিটিকে। সমগ্র ছবিতে নতুনভাবে জেগে ওঠার গল্প। জীবনের জয়গানের পাশাপাশি আবার দুর্যোগের ফলে সৃষ্ট দুর্ভোগের চিত্রও পাওয়া যায়। প্রদর্শনীতে স্থান পাওয়া আলোকচিত্রী মনিরুল আলমের একটি ছবির নাম ‘রিসেটেলমেন্ট’। তাতে সিডর-আক্রান্ত এক মহিলার মুখ। নদীভাঙনের ফলে সবুজ শাড়ি পরা ওই মহিলা নিজের ঘরের একটি বেড়া মাথায় করে ছুটে চলেছেন নতুন আবাসের সন্ধানে। দুর্যোগের পরিপ্রেক্ষিতে উপকূলীয় মানুষের বাস্তু স্থানান্তর বা বাস্তু অন্বেষণের এই চিত্র তো এখন আমাদের চোখসওয়া দৃশ্য!বানের পানিতে চারদিক থইথই। তার মধ্যে বানভাসি মানুষের চোখে বেঁচে থাকার আকুতি—এটি ওয়াহিদ আদনানের তোলা একটি আলোকচিত্র, নাম ‘বাংলাদেশ: জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ’। তাতে উন্মোচিত হয়েছে সেসব অস্থির অবস্থার প্রতিচ্ছবি, যেখানে হামেশাই নদী ভাঙে, সেই ভাঙা নদীতেই সাঁতার কাটে মানুষ জীবনের উচ্ছলতায়।