তবু মাথা নোয়াবার নয়...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বেড়ি ভাইঙ্গসে..., তোরা কে কোতায় আছিস..., চইলে আয়...।’ সুন্দরবনের পাশে অশান্ত নদী শিবসা। এর তীরে দাঁড়িয়ে এই ডাক তোলেন হারাধান মণ্ডল। মুঠোফোন বা ফেসবুকে তা রটিয়ে দেওয়ার দরকার হয়নি। মুহূর্তে তা শত গ্রামের হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। উপকূল রক্ষাকারী বেড়িবাঁধ ভাঙার এই খবর জনে জনে রটে যায়। শুরু হয় পানির ভয়াল স্রোতের বিরুদ্ধে মাটির দলার যুদ্ধ। দেশি-বিদেশি সংস্থার প্রশিক্ষণ প্রকল্প ছাড়াই হাজারো মানুষ সার বেঁধে নেমে পড়ে। জোয়ারের সময় ভয়ংকর শিবসা নদীর পানি যত দূর উঠবে, তার চেয়ে উঁচু করতে হবে বাঁধের চূড়া। ডাঙার বাঘ আর জলের কুমিরের ভয়ে আতঙ্কিত হয় না কেউ। সামান্য বাতাসেই রুদ্র রূপ নেওয়া শিবসার জলও ওদের কাছে তুচ্ছ মনে হয়। অপুষ্ট শরীরে সামান্য পেশির ভাঁজ জানিয়ে দেয়, তারা হারবার পাত্র নয়।২০০৯ সালের ২৪ মে ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার তিন দিন পর এই দৃশ্য দেখা গিয়েছিল খুলনার দাকোপ উপজেলার নলিয়ান এলাকায়। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে, খুলনার কয়রাসহ উপকূলের অনেক এলাকাতেই ঝড়-জলোচ্ছ্বাসের বিরুদ্ধে মানুষ আর মাটির লড়াই চোখে পড়েছিল। পরে জানা গিয়েছিল, এটা নতুন কোনো ঘটনা নয়। হাজার বছর ধরে প্রকৃতির রুদ্র রূপের বিরুদ্ধে লড়াই করে টিকে থাকাই উপকূলবাসীর স্বভাব।একাত্তর-পরবর্তী বিশ্ব গণমাধ্যমে মুক্তিযোদ্ধাদের লড়াইয়ের পরিবর্তে বাংলাদেশকে অনেকে তলাবিহীন ঝুড়ি, দুর্ভিক্ষ ও দরিদ্র দেশ হিসেবে চিত্রিত করেছিল। কয়েক বছর ধরে বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে পরিচিতি পাচ্ছে জলবায়ু-বিপন্ন দেশ হিসেবে। ২০০৭ সালে ব্রিটেনের প্রভাবশালী দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর সাংবাদিক জোয়ান হারি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে বাংলাদেশের এক-তৃতীয়াংশ ডুবে যাবে—এমন আশঙ্কা থেকে একটি প্রতিবেদন লিখেছিলেন। ‘বাংলাদেশ: রক্তে যার জন্ম, পানিতে তার মৃত্যু’ প্রতিবেদনের পর বিশ্বজুড়ে বাংলাদেশের বিপন্ন মুখ দেখানোর প্রতিযোগিতা শুরু হয়েছে।কিন্তু বাংলাদেশ কি শুধু বিপন্ন, বিধ্বস্ত, বিমূঢ় চেহারা নিয়ে বিশ্বের দরবারে হাজির হবে? এই প্রশ্ন তুলে এখন অনেকেই বলছেন, পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ এ দেশের মানুষের মনের জোর ও লড়াই করার শক্তি পৃথিবীর কাছে আদর্শ। তাই তো জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করে বাংলাদেশের মানুষ কীভাবে টিকে আছে, কোন কৌশলে তারা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াচ্ছে, তা জানতে বিশ্বের তাবৎ বড় বড় বিজ্ঞানী বাংলাদেশে আসা শুরু করেছেন। প্রতি দুই বছর পর ‘স্থানীয় জনগোষ্ঠী-ভিত্তিক বিশ্ব জলবায়ু অভিযোজন’ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে। ঢাকায় স্থাপন করা হচ্ছে অভিযোজন বিষয়ে বিশ্বের অন্যতম বড় গবেষণাকেন্দ্রটি।জন্ম যাদের যুদ্ধ নিয়েঘূর্ণিঝড় সিডরের আঘাতে তছনছ হওয়া বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জে গত সপ্তাহে গিয়ে রীতিমতো অবাক হতে হলো। সিডরের প্রবেশপথ বলেশ্বর নদ-তীরবর্তী এই দুই উপজেলায় মৃতের সংখ্যা হাজার অতিক্রম করেছিল। ধারণা ছিল, ২০০৭ সালে সিডরের আঘাতে সম্পদ আর স্বজন হারানো মানুষের আহাজারি সাড়ে তিন বছরেও ম্লান হয়নি। সরকারি অবকাঠামোর ভাঙা অংশে সিডরের না শুকানো ক্ষত দেখা গেল। তবে কথা বলে বোঝা গেল, শরণখোলা আর মোরেলগঞ্জবাসীর মাথা যেন নোয়াবার নয়। সব হারানো এসব মানুষের ভাঙা মন প্রকৃতির কৃপায় আবারও জোড়া লাগতে শুরু করেছে।বলেশ্বর-তীরের দক্ষিণ সাউথখালী গ্রামের জাহাঙ্গীর শিকদারের সঙ্গে কথা হলো। তিনি জানালেন, সিডরের রাতে তিনি দুই সন্তান হারিয়েছেন। ঘর-নৌকা-পুকুরের মাছ সব ভেসে গিয়েছিল। সব হারিয়ে স্বামী-স্ত্রী টানা এক সপ্তাহ শুধু বিলাপ করেছিলেন। সরকারি-বেসরকারি সহায়তা আর ধারদেনা করে আবারও ঘর বেঁধেছেন। নৌকা কিনেছেন, সেটাতে ইঞ্জিন লাগিয়ে ভাড়াও দিয়েছেন। বলেশ্বর থেকে মাছ মেরে সংসার চালাচ্ছেন জানিয়ে জাহাঙ্গীর আত্মবিশ্বাসের সুরে বলেন, ‘প্রকৃতি খাইপে উঠি (খেপে উঠে) আমাদির শাস্তি দেয়; আর মাটি, পানি, মাছ, গাছকে কাজে লাগিয়ে আবারও আমাগের টিইকে রাখে। প্রকৃতি আমাগের ভাইঙ্গে আবার গড়ে।’ষোড়শ শতকের শুরুতে রাজা প্রতাপাদিত্যের আমলে পিরোজপুর-ঝালকাঠি উপকূলে মগ ও পর্তুগিজ জলদস্যুদের উৎপাত বেড়ে যায়। অনেকে তখন ওই এলাকা থেকে পালিয়ে এসে বলেশ্বর-তীরে সুন্দরবন এলাকায় আশ্রয় নেয়। বন পরিষ্কার করে গড়ে তোলে বসতি। ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসা মানুষের (শরণ) আশ্রয়স্থল হয়ে ওঠায় এ এলাকার নাম হয় শরণখোলা। সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার, কুমির আর জলদস্যুদের সঙ্গে নিত্য লড়াই করে টিকে থাকার অপর নাম হয়ে ওঠে শরণখোলা। সিডর বা আইলা মোকাবিলা করার শিক্ষা তাদের শৈশব থেকেই জানা।‘একটির পর একটি দুর্যোগ মোকাবিলা করা উপকূলবাসীর জীবনের অংশ। ১০ বছর বয়স থেকে যে শিশু বঙ্গোপসাগরে যায় মাছ ধরতে; বেশি মাছ পাওয়ার আশায় ঘূর্ণিঝড়ের সিগন্যাল বাড়লে যাদের চোখ চকচক করে ওঠে; পানির স্রোত বাড়লে যারা আরও গভীর সমুদ্রে যায় বেশি মাছ ধরতে; তাদের কাছে ঝড়-জলোচ্ছ্বাস বা জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা কোনো বিশাল আয়োজনের ব্যাপার নয়।’ এই মন্তব্য করে শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, তাঁদের কাছে প্রতিটি দুর্যোগ পরবর্তী দুর্যোগ মোকাবিলার শক্তি দেয়।ঝড়ের চেয়ে বাঘের ভয় বেশিসাতক্ষীরার শ্যামনগর উপজেলার মানুষের কাছে ঝড়-জলোচ্ছ্বাসের চেয়ে বাঘের ভয় বেশি। গত ১০ বছর সুন্দরবন-সংলগ্ন এ এলাকায় প্রাকৃতিক দুর্যোগে মারা গেছে ৩০ জন আর শুধু বাঘের হাতে মারা পড়েছে ১৫০ জনেরও বেশি। এপ্রিল-মে আর অক্টোবর-নভেম্বর মাসে উপকূলের এ এলাকার অধিবাসীরা ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি নেয়। আর গ্রামে কখন বাঘ ঢুকে কাকে মারবে, সেই আশঙ্কায় থাকে প্রতিদিন। তাই বৈরী প্রকৃতি আর ভয়াল প্রাণীর বিরুদ্ধে লড়াই এখানকার মানুষের মজ্জাগত। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, বিশ্বের তাপমাত্রা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি নিয়ে যখন আলোচনা জোরদার হচ্ছে, তখন শ্যামনগরের মানুষ অতি আদিম সংগ্রাম—বাঘের বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ের মধ্যে আছে।খুলনার কয়রা উপজেলায় গেলে একে দেখে মনে হবে এটি একটি পরিত্যক্ত জনপদ। উপজেলার ৮০ শতাংশ নলকূপে আর্সেনিক বিষ, ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ভেঙে যাওয়া বিধ্বস্ত বেড়িবাঁধের বেশির ভাগ অংশ এখনো বিধ্বস্ত। প্রকৃতির এত নির্দয় আচরণেও হাল ছাড়েনি কয়রার মানুষ। পরবর্তী জলোচ্ছ্বাস থেকে বাঁচতে কিছুটা উঁচু ও নিরাপদ এলাকা আমাদিতে গিয়ে বসত করেছে তারা। সেখানে ধীরে ধীরে গড়ে উঠছে নতুন কয়রা। জমে উঠেছে বাজার, গড়ে উঠছে রাস্তাঘাট। কপোতাক্ষের বুক থেকে অশান্ত পানির স্রোত জলোচ্ছ্বাস আকারে আসার আগেই তারা প্রস্তুতি নিচ্ছে। ঘর ও পুকুরপাড় উঁচু করছে তারা, যেন পরবর্তী যুদ্ধে হেরে যেতে না হয়।পথ দেখাবে বাংলাদেশহিমালয় থেকে বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে বছরে ১০ লাখ টন পলি এসে জড়ো হয়। ষাটের দশকে লবণপানি আটকে কৃষি বাড়াতে উপকূলজুড়ে তৈরি করা হয়েছিল বেড়িবাঁধ। পলি ওই বেড়িবাঁধে বাধা পেয়ে নদীর বুকে জমা হচ্ছিল। আশির দশকে স্থানীয় জনগণ এই পলি পরিকল্পিতভাবে কাজে লাগানোর এক পথ বের করল। খুলনার বিল ডাকাতিয়ার মানুষ পলি বেশি আসে নদীর এমন স্থানগুলোতে বেড়িবাঁধ কেটে দিল। জোয়ারের সময় বিলের মধ্যে পানির সঙ্গে প্রবেশ করল বিপুল পরিমাণ পলি। উঁচু হলো বিলের জমি। ভাটার টানে পানি বের হয়ে যাওয়ার সময় নদীর বুকে জমে থাকা পলি কেটে বাড়াল নদীর নাব্যতা। পরিকল্পিতভাবে জোয়ার-ভাটা করে যশোর-খুলনার বিল ভায়না, বিল খুকশিয়া, বিল কেদারিয়া আর সাতক্ষীরার বিল জেঠুয়ার জমি উঁচু করল স্থানীয় লোকজন। পানি উন্নয়ন বোর্ড ও বিভিন্ন গবেষণা সংস্থা সমীক্ষা চালিয়ে দেখতে পেল, এতে উপকূলের প্রায় ৩২ বর্গকিলোমিটার জমি দেড় থেকে দুই মিটার পর্যন্ত উঁচু হয়েছে। গবেষণা সংস্থা ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং বলছে, আরও ১০০ বর্গ কিলোমিটার জমি উঁচু করা সম্ভব। এতে বাংলাদেশ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি থেকে কিছুটা হলেও নিজেকে রক্ষা করতে পারবে।যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা ম্যাপেলক্রপ ও জার্মানিভিত্তিক জার্মান ওয়াচের গত দুই বছরের সমীক্ষা অনুযায়ী বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। একই সঙ্গে সংস্থা দুটির সমীক্ষায় বেরিয়ে আসে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর শক্তির দিক থেকেও বাংলাদেশ শীর্ষে রয়েছে। আইপিসিসির চেয়ারম্যান রাজেন্দ্র পাচুরি জানিয়েছেন, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন-সংক্রান্ত পরবর্তী প্রতিবেদনে বাংলাদেশের অভিজ্ঞতা গুরুত্বসহকারে স্থান পাবে। পাচুরির মতে, বাংলাদেশের পথে-মাঠে-ঘাটে ঘুরলেই বৈরী আবহাওয়া মোকাবিলায় মানুষের কৌশল আর লড়াই হরহামেশাই চোখে পড়ে। তাই তো জলবায়ু পরিবর্তন মোকাবিলার কৌশল শেখানোর ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বকে পথ দেখাতে পারে।