তমাল কুঁড়ি অথবা এক সোনালি বিকেলের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

শেষ রাত থেকে ঝরছে একটানা বৃষ্টি। কখনো বেশ জোরে, কখনো-বা ধীর লয়ে। বৃষ্টি থামার কোনো লক্ষণ না দেখে সকালে বিশ্ববিদ্যালয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিলো মাল্যবান। চুটিয়ে ঘুমিয়ে সময়টা কাটানো যাবে। সকালের নাশতা খেয়ে আবার শুয়ে পড়ল সে। দু-একবার এপাশ-ওপাশ করল। কিন্তু চলে যাওয়া আয়েশি ঘুম আর ফিরে এল না। না, ভালো লাগছে না, ওঠা যাক। চোখে পড়ল বৃষ্টিতে ভেজা কাকটাও বাড়ির কার্নিশে ধ্যানে বসেছে—ঝরছে জল, আকাশটা বুঝি জল দিয়ে তৈরি। এ সময় কবিতা পড়লে কেমন হয়? বইয়ের তাক থেকে টেনে নিল সঞ্চয়িতা। খুলতেই বেরিয়ে গেল ‘বাঁশি’। পড়তে পড়তে হঠাৎ থেমে গেল মাল্যবান। হরিপদ কেরানির ধলেশ্বরী তীরের অনামিকা সেই নারীর কথা মনে পড়ল তার। ‘তীরে তমালের...’ চরণটি পড়তেই থমকে গেল মাল্যবান। মনে পড়ে গেল বছর দশেক আগের পৌষের এক সোনালি বিকেলের কথা, মনে পড়ল এক তমাল-কুঁড়ির স্মৃতি।
সূর্য পশ্চিমে হেলে পড়েছে বেশ কিছু আগে। মাইক্রোবাসটা রাজশাহী শহর ছেড়ে ক্রমেই পশ্চিমে ছুটছে খেতুরের দিকে। ওটা গিয়ে থামবে প্রেমতলীর এক প্রাচীন মন্দিরের প্রাঙ্গণে। মাইক্রোবাসে ওঠার সময় মাল্যবানের পরিচিত ছিল একজনই—ইতিহাসের অধ্যাপক ড. আকবর আলী। আকবর সাহেবই মাল্যবানকে দেখাতে নিয়ে যাচ্ছেন প্রেমতলীর মন্দির। সঙ্গে আকবর সাহেবের বন্ধু নিলয়—ডা. নিলয় হাসান, তাঁর স্ত্রী প্রথমা হাসান আর নিলয়-প্রথমার কন্যা পঞ্চমী অতন্দ্রিলা। পঞ্চমীর নাম শুনেই মাল্যবান প্রশ্ন করল, পঞ্চমী তিথিতেই কি এসেছেন পৃথিবীতে? প্রশ্নটা যে মাল্যবান পঞ্চমীকেই করেছে, সেটা প্রথমে বুঝতে পারেনি আমাদের অষ্টাদশী পঞ্চমী। কিন্তু যখন দেখল পঁচিশ-বসন্ত পেরোনো মাল্যবান তাকিয়ে আছে তারই দিকে, তখন হাসতে হাসতেই বলল, প্রশ্নটা মাকেই জিজ্ঞাসা করুন। সঙ্গে সঙ্গেই প্রথমা বললেন, হ্যাঁ, ফাল্গুনের শুক্লা পঞ্চমীতেই ওর জন্ম, তাই ওর নাম রেখেছি পঞ্চমী। কেমন, একটু আনকমন, তাই না? নামটা যে এখনো আনকমন সে কথায় সায় দিল মাল্যবান।
মাল্যবান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় ঢুকেছে বছর খানেক হলো। ইতিমধ্যে অর্থনীতির শিক্ষক মাল্যবান তরুণ ছোটগল্পকার হিসেবে বেশ খ্যাতি পেয়ে গেছে। ওর মাল্যবান নামটাও যে বেশ আনকমন সে-কথা প্রথমা হাসান বলতেই সবাই হো হো করে হেসে উঠল। পঞ্চমী জিজ্ঞাসা করল, আমি নাহয় পঞ্চমী তিথিতে জন্মেছি বলে ওই নামটা পেয়েছি, কিন্তু আপনার নাম এমন হলো কেন? ভূমিষ্ঠ হয়েই মাল্যবান পাহাড় দেখেছেন নাকি? বেশ মুশকিলেই পড়ে গেল মাল্যবান। তার পোশাকি নাম মামুন মোরশেদ, কিন্তু লেখক হিসেবে সে যে মাল্যবান মোরশেদ, এ কথা তো পঞ্চমী জানে না। ব্যাপারটা খোলাসা করে দিলেন আকবর সাহেব। সঙ্গে সঙ্গেই পঞ্চমী কৌতূহলী চোখে তাকাল মাল্যবানের দিকে—
: মামুন মাল্যবান হলো কীভাবে?
: মানুষের কি একটার বেশি নাম থাকে না?

: তা থাকে। কিন্তু আমার প্রশ্ন মাল্যবান নামটা নিয়ে।

ইতস্তত করছিল মাল্যবান। কীভাবে সে বলে, ওই নামটা সে নিজেই পছন্দ করেছে লেখক নাম হিসেবে। বন্ধু ও পরিচিত মহলে মামুন এখন মাল্যবান নামেই খ্যাত এ কথাই-বা সে বলে কীভাবে পঞ্চমীকে? মনে মনে ভাবছিল মাল্যবান। হঠাৎ ভেসে এল পঞ্চমীর কথা—

: কী, বললেন না। মাল্যবান নামটা এল কীভাবে? নাকি জীবনানন্দ দাশের উপন্যাস পড়ে নিজেই নিজের নামটা রেখেছেন?

ধরা পড়ে লজ্জাই পেল মাল্যবান। আকবর সাহেব বললেন, ঠিকই ধরেছ পঞ্চমী। মাল্যবান নামটা ও নিজেই পছন্দ করেছে। হেসে উঠলেন প্রথমা, হেসে উঠল পঞ্চমীও।

লাল সূর্য ক্রমেই পশ্চিমে নামছে, পৌষের বিকেল ধীরে ধীরে হয়ে উঠছে বিষণ্ন। ধু ধু প্রকৃতি, বরেন্দ্রভূমির লাল মাটি, ধূলি উড়ছে রাস্তায়, আকাশে উড়ছে এক ঝাঁক শীতের পাখি। একটা মহিষের গাড়ি ধানের আঁটি নিয়ে এগিয়ে আসছে, মাইক্রোবাসটা পোঁ-পোঁ শব্দ করতে করতে গাড়িকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে গেল।

ড. আকবর আলী—ইতিহাসের নামী অধ্যাপক। হঠাৎ আরম্ভ করলেন বরেন্দ্রভূমির ইতিহাস—পাল সাম্রাজ্যের কথা—মহীপালের রাজত্বকালে বরেন্দ্রভূমির স্বাধীনতার জন্য দিব্যকের নেতৃত্বের কৈবর্ত বিদ্রোহের কথা।

আকবর সাহেবের কোনো কথাই কানে ঢুকছিল না আমাদের তরুণ অধ্যাপক মাল্যবানের। ও ভাবছে পঞ্চমীর কথা, পঞ্চমী যে জীবনানন্দের মাল্যবান উপন্যাসের খবর রাখে সে কথা। হঠাৎ পঞ্চমীকে প্রশ্ন করল মাল্যবান—

: জীবনানন্দের মাল্যবান পড়েছেন নাকি?

: হ্যাঁ।

: আপনি কি বাংলায় পড়াশোনা করছেন?

: না।

কাটা-কাটা উত্তর শুনে মন খারাপ হয় মাল্যবানের। তবু কৌতূহল চেপে রাখতে পারে না সে। ভাবছে, আলাপটা কীভাবে চালানো যায়? অগত্যা আবার প্রশ্ন—

: কোন সাবজেক্টে পড়েছেন?

: জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

: কোন ইয়ারে?

: অনার্স শেষ করলাম। মাস্টার্সে ভর্তির সময় ঘনিয়ে এল।

: রাজশাহী না ঢাকা বিশ্ববিদ্যালয়ে?

: ঢাকা।

আমাদের তরুণ মাল্যবান খানিকটা বিস্মিত। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী মাল্যবান উপন্যাস পড়েছে, এটা ক্রমেই তার মাঝে সৃষ্টি করে চলেছে পঞ্চমী-প্রীতি। একসময় মাইক্রোবাস থামল একটা মন্দির প্রাঙ্গণে। সংবিৎ ফিরে এল মাল্যবানের। মাইক্রোবাস থেকে নেমে সবাই গেল মন্দির দেখতে। আকবর সাহেব খেতুরের কথা, প্রেমতলীর কথা, মন্দিরের ইতিহাস—এসব বিষয় ধীরে ধীরে শোনাচ্ছেন সবাইকে। প্রতিবছর এখনে মেলা বসে। বৈষ্ণব-সাধক শ্রীনরোত্তম ঠাকুরের তিরোধান তিথি উপলক্ষে কয়েক শ বছর ধরে এখানে মেলায় লাখো লোকের সমাগম হয়। আকবর সাহেব শোনালেন এক পুরাকাহিনি। কলির কৃষ্ণ শ্রীচৈতন্য এ পথে যাওয়ার সময় কৃষ্ণ প্রেমধন গচ্ছিত রাখেন অনাগত এক শিশুর জন্য। সেই শিশু পরে জন্ম লাভ করে গড়েরহাট পরগনার রাজা কৃষ্ণানন্দ দত্তের স্ত্রীনারায়ণী দেবীর গর্ভে। উত্তরকালে এই শিশুরই নাম হয় নরোত্তম দাস। বালক বয়সে নরোত্তম দাস স্বপ্নে আদিষ্ট হয়ে পদ্মা নদীতে স্নান করতে গেলে তাঁর কৃষ্ণবর্ণ গৌরবর্ণে পরিণত হয়। এরপর তিনি নদীতীরের তমাল বৃক্ষকে আলিঙ্গন করেন। সেই থেকে এলাকার নাম প্রেমতলী হয়ে যায়। সে আজ থেকে পাঁচ শ বছর আগের কথা।

সবাই কৌতূহলভরে শুনছিল আকবর সাহেবের কথা। ইতিমধ্যে মন্দির থেকে বেরিয়ে এসেছেন পুরোহিত মাধব ভট্টাচার্য। মন্দিরের দুজন সেবায়েত এসে আকবর সাহেবদের বসতে দিলেন একটা চাটাই পেতে। মন্দিরের পেছনে চমৎকার একটা পুকুর। মাল্যবান সিঁড়ি বেয়ে নেমে গেল জলের ধারে। ডান হাত দিয়ে জল নাড়তে লাগল আলতো ভঙ্গিতে।

পাঠক, আপনারা তো ইতিমধ্যে জেনেই গেছেন, ক্রমে জলের ধারে নেমে এসেছে আমাদের সেই পঞ্চমী, যাকে আমরা খানিকটা সময় ভুলে ছিলাম। আজই যে প্রথম পরিচয় ওদের—সে-কথা যেন ভুলে গেছে ওরা। নিশ্চয়ই এবার বোঝা যাচ্ছে—একসঙ্গে ওরা জল নাড়ছে...। হঠাৎ মাল্যবান বলল—

: দেখুন, ওধারে কেমন মায়াবী ছায়া পড়েছে গাছের। ওই যে পুকুরের ও ধারে।

: হ্যাঁ। ওটা ছায়া নয়, প্রতিবিম্ব।

: এসব জায়গায় কি এত ভুল ধরতে আছে? আচ্ছা, নাহয় ছায়া বাদ দিলাম। প্রতিবিম্বটা দেখুন। কেমন সুন্দর!

: হ্যাঁ। চমৎকার। কিন্তু আমরাই যে ওটা নষ্ট করে দিলাম।

: কীভাবে?

: এই যে আপনি প্রথমে জল নেড়ে ওটাকে এলোমেলো করে দিলেন। তারপর, দেখাদেখি আমিও।

পঞ্চমীর কথায় চমকে গেল মাল্যবান। মাল্যবান বুঝতে পারে এ মেয়ে নামেই কেবল আনকমন নয়, সবকিছুতেই অসাধারণ। হঠাৎ পঞ্চমী জিজ্ঞাসা করল—

: বলতে পারেন কোন গাছের প্রতিবিম্ব দেখছেন জলের আয়নায়?

: ঠিক বুঝতে পারছি না। ওটা কি নাগার্জুন, নাকি জাম?

: হলো না। তমাল। বৃন্দাবনের সেই তমাল।

গাছটা চিনতে না পেরে বেশ লজ্জাই পেল মাল্যবান। কিন্তু বৃন্দাবন শব্দটা শুনেই সে হারিয়ে গেল দূরঅতীতে। হঠাৎ ডাক এল আকবর সাহেবের, ডাক এল নিলয় হাসানের—মাল্যবান উঠে এসো, উঠে এসো পঞ্চমী। আমরা এবার পদ্মার ধারে যাব। দুজনেই উঠে এল সিঁড়ি বেয়ে। সবাই হাঁটতে হাঁটতে চলেছে পুকুরের ধারে তমালগাছের তলায়, যেখানে দাঁড়িয়ে আছে তাদের মাইক্রোবাসটি।

তমালগাছটা বেশ প্রাচীন—উঠে গেছে অনেক উঁচুতে, তবে দু-একটা শাখা খানিকটা ঝুঁকে পড়েছে নিচে মানুষের নাগালের সীমানায়। পঞ্চমী তমাল শাখা থেকে একটা কুঁড়ি ছিঁড়ে হাতে নিলো। গাড়ি চলছে পদ্মার দিকে—গাড়ি থামল পদ্মার তীরে। বাঁ দিকে বিশাল এক অশ্বত্থগাছ—নিচে ছোট একটা মন্দির। দুজন উড়িয়া নারী বেরিয়ে এলেন। বললেন, এই যে গাছটা দেখছেন, এটা লাগিয়েছেন মহাপ্রভু শ্রীচৈতন্য। নৌকা করে শ্রীহট্ট থেকে তিনি যাচ্ছিলেন নদীয়ায়। পথিমধ্যে এখানে নেমে তিন দিন বিশ্রাম করেন মহাপ্রভু। যাওয়ার সময় অনুসারীদের অনুরোধে এই গাছটি তিনি রোপণ করেন। উড়িয়া নারী রাধাসুন্দরীকে নিলয় হাসান জিজ্ঞাসা করলেন, আপনারা কত দিন যাবৎ এখানে আছেন? রাধা জানালেন, সে বহুদিন আগের কথা। বহুদিন আগে উড়িষ্যা থেকে তাঁদের পূর্বপুরুষেরা মহাপ্রভুর প্রেমধর্মের কথা জেনে বরেন্দ্রভূমিতে আসেন। সেই থেকে তাঁরা আছেন এই অঞ্চলে। আকবর আলী, নিলয় হাসান আর প্রথমা হাসান উড়িয়া নারীদের সঙ্গে কথা বলছেন, শুনছেন দূরঅতীতের নানা গল্প। আর আমাদের পঞ্চমী ও মাল্যবান যে কখন নেমে গেছে পদ্মার তীরে তা কি বলার দরকার আছে? পদ্মায় জোয়ার এসেছে—খানিকটা দূরেই জলের হাতছানি। ওধারে, মুর্শিদাবাদের দিকে লাল সূর্যটা ডুবু-ডুবু। হঠাৎ পঞ্চমীর কণ্ঠ—

: নেন, তমালগাছ তো চেনেন না, এই কুঁড়িটা ভালো করে দেখুন। এটা তমাল-কুঁড়ি।

: কিন্তু এটা পেলেন কোথায়?

: বৃন্দাবন থেকে নিয়ে এসেছি। সেই বৃন্দাবন-যমুনা তীরের বৃন্দাবন!

বিস্মিত মাল্যবান। পঞ্চমী কি বৃন্দাবনের রাধা? মাল্যবান কি কৃষ্ণ? দুহাত বাড়িয়ে তমাল-কুঁড়িটা নিতেই পঞ্চমী বলল—

: কুঁড়িটি নষ্ট করবেন না। কোথাও রেখে দেবেন। শুকিয়ে যাওয়া কুঁড়িটা কখনো দেখলে মনে পড়বে আমার কথা, এই পঞ্চমীর কথা।

: হ্যাঁ, দিন। মনে থাকবে আপনার কথা। ওই কুঁড়িটা যখনই দেখব, তখনই ভাবব পঞ্চমী অতন্দ্রিলা দাঁড়িয়ে আছেন আমার সামনে।

সূর্য ঢলে পড়ল পশ্চিম দিগন্তে। লাল আকাশ ক্রমেই কালো হতে চলল। জোয়ারের জল ওদের পায়ের কাছে। তমাল-কুঁড়িটা দুহাতে নাড়ছে মাল্যবান। হঠাৎ হাত থেকে পড়ে গেল কুঁড়িটি-জোয়ারের স্রোতে মুহূর্তেই ধরার আওতার বাইরে। পঞ্চমী কি দেখে ফেলল দৃশ্যটা? কী বিড়ম্বনা! কী যন্ত্রণা! হঠাৎ ডাক এল আকবর সাহেবের, পঞ্চমী-মাল্যবান তোমরা উঠে এসো। রাত হলো। এখনই ফিরতে হবে।

গাড়ি ছুটছে সাঁওতাল পরগনার রুক্ষ মাটি কাঁপিয়ে পোঁ-পোঁ শব্দে। শব্দটা যেন উঠছে মাল্যবানের হৃদয় থেকে। তমাল-কুঁড়িটা কি হাত থেকে না পড়লে চলত না? কিন্তু কাকে এ প্রশ্ন? কেনই-বা এই অর্থহীন ভাবনা? হঠাৎ নিজেকে বোঝানোর চেষ্টা করে মাল্যবান—এমন কত তমাল-কুঁড়ি ভেসে যায় জলে—কখনো যমুনায়, কখনো পদ্মায়। কখনো দুহাত পেতে সে তমাল-কুঁড়ি গ্রহণ করেন কৃষ্ণ, কখনো মাল্যবান—কিন্তু রাধা কি জানে, জানে কি পঞ্চমী—ওটা চিরকালের মতো ভেসে যায় নীল যমুনায়, খোলা পদ্মায়।