লেখক-পাঠক-প্রকাশকদের আনন্দের বইমেলা ফিরে এসেছে আবার। মাসব্যাপী বইয়ের এ উৎসবে প্রকাশিত হচ্ছে বিচিত্র বিষয়ের অজস্র বই। সেসবের মধ্য থেকে নির্বাচিত তিনটি নতুন বইয়ের পাণ্ডুলিপির অংশবিশেষ ছাপা হলো এ সংখ্যায়

তরঙ্গের অস্থির নৌকায়
সৈয়দ শামসুল হক
প্রচ্ছদ: তৌহিন হাসান
প্রকাশক: শুদ্ধস্বর
ফেব্রুয়ারি-২০১৫
৪৮ পৃষ্ঠা, দাম: ১০৫ টাকা
যদি যেতে হয় তবে
সংসারের কিছু কিছু রেখে যাওয়া খুব ভালো হবে,
হাতের কলমটিকে রেখে যাওয়া রাতের টেবিলে
এভাবেই যাওয়া ভালো সরোদের শব্দের নীরবে—
তারপর উড়ে যাওয়া অগণন নক্ষত্রের নীলে।
ফেলে তো যেতেই হবে মায়াময় ধুলোর সড়ক,
এই যে এতটা পথ তার অভ্র মেখে নিয়ে যাবো,
ফেলে যাবো সংসারের বর্শী বেঁধা চৈত্রের চড়ক,
ঘটের তৃষ্ণার জল পথিকের জন্যে রেখে যাবো।
রেখে যাবো গর্ভিনী আমার গাভি ভাষার গোহালে,
কুড়িগ্রামে শীতের আগুন আমি রেখে যাবো শীতে।
কী মিঠে আবার হবে এই রোদ—রাতটা পোহালে!
সোনালি খড়ের ঘর হবে ফের আমারই এ ভিতে।
কালকের সেই ঘর সেই খুঁটি সোনালি সে খড়—
তার নকশা রেখে যাবো, যদি যাই—যাবো তারপর।

মানসের সরোবরে আছো তুমি
এমন হিমের রাতে পঙ্ক্তি তুমি অনেক লিখেছো,
অনেক শব্দের কাঠি ঠুকে ঠুকে করেছো আগুন,
তবু কি গিয়েছে শীত? তারপরও তুমিই টিকেছো।
তুমিই দেখেছো কাল-কুঠারের নিচে কত খুন!
পরে পর এত মৃত্যু! তবু আজও এর বিপরীতে
তুমিই দাঁড়িয়ে আছো কবিতার পঙ্ক্তি নিয়ে ঠোঁটে।
এই যে বিদায়গুলো এরই হিম একাই সহিতে!—
মানসের সরোবরে আছো তুমি পদ্ম যদি ফোটে।
শিল্পের দেবীর পায়ে রেখে যাবে ওই পদ্মফুল—
তোমারও অন্তিম অর্ঘ্য সামান্যের এই পৃথিবীতে।
চারদিকে পড়ছে বরফ—শীত ক্রমেই তুমুল
হয় হোক—এখনো আগুন আছে জীবন-কাঠিতে।