
বাসস্ট্যান্ডকে দক্ষিণ আফ্রিকায় বলা হয় ট্যাক্সি-র্যাং ক। ওদিকে যেতে গিয়ে দাঁড়িয়ে পড়ি সড়কদ্বীপের সামনে। সোনালি সাইপ্রেসগাছের ছায়ায় বাচ্চাকাচ্চা নিয়ে এক কৃষ্ণাঙ্গ পরিবার। বসে আছে। চারদিকে ছড়ানো-ছিটানো একাধিক স্যুটকেস, ঝুড়ি, ফ্লাস্ক, টেপ-স্টিরিও ও উলের তুলতুলে টেডি-বিয়ার। একটি মেয়েশিশু ঝুনঝুনি হাতে ঘাসে হামাগুড়ি দিচ্ছে। হ্যাট পরা ছোট্ট ছেলে প্লাস্টিকের ব্যাট দিয়ে কল্পনায় ক্রিকেট বলে হিট করে তুলছে ছক্কা। গৃহকর্তা ভদ্রলোক কোলের বাচ্চার মুখে দুধদানি দিতে দিতে গলদঘর্ম হচ্ছেন। শিশুটি শামুকের খোলের মতো ঠোঁট বাঁকিয়ে তারস্বরে কাঁদছে। এদের মা কোথায় আজ? ভদ্রলোকের চোখে চোখ পড়তেই আমি জানতে চাই, মে আই হেল্প ইউ, স্যার? কোথাও যাওয়ার জন্য প্রয়োজন কি ট্যাক্সি ভাড়ার? তিনি এক হাতে ক্রন্দনরত বাচ্চাকে বুকে চেপে ধরে অন্য হাতে মানিব্যাগ বের করে দেখান। তাতে দক্ষিণ আফ্রিকান কারেন্সি—এক তাড়া রেন্ড। না, টাকাপয়সার প্রয়োজন তাঁর নেই। কপাল কুঁচকে বলেন, এক সপ্তাহের ভেতর পরিবারে একটি ডেথ ও একটি ইভিকশন হলো, মিসেসকে গোর দিয়ে ফ্ল্যাটে ফিরতেই বাড়িওয়ালা উচ্ছেদের নোটিশ দিলেন। মাত্র ৪৮ ঘণ্টা সময়। এইচআইভি এইডস ব্যাধি তো হালফিল অনেকেরই হচ্ছে। মিসেস গোরে গেলেন তাতে। কিন্তু বাড়িওয়ালা—যে পরিবারে থাকতে পারে এইচআইভির সংক্রামক জীবাণু, তাঁদের তাঁর ফ্ল্যাটে থাকতে দেবেন না। ভদ্রলোক মাথা ঝাঁকিয়ে বলেন, আই টেল ইউ, দিস সাউথ আফ্রিকান ব্ল্যাকস্ আর ভেরি ক্রুয়েল। আমি বুরুন্ডির লোক। ওখানে পরিবারের মৃত্যু হলে বাড়িওয়ালা রান্না করা খাবার পাঠিয়ে সাহায্য করেন। জোহানেসবার্গ ইজ আ ক্রুয়েল প্লেস। টাকাপয়সা আমার আছে বটে, কিন্তু ট্যাক্সি ধরে যাব কোথায়? ভাই-বেরাদর কেউ তো নেই এ জ্বলাপোড়ার শহরে, উঠব গিয়ে কার ফ্ল্যাটে? আমি বুরুন্ডিয়ান বিদেশি, আই ডোন্ট নো হোয়ার টু গো উইথ মাই কিডস্?
সড়কদ্বীপ ছেড়ে ফুটপাত ধরে হাঁটতেই দেখি কিছুদূর রোয়াকে বসে বসে ঝিমোচ্ছে খিন্ন চেহারার জরাজীর্ণ পোশাকের কৃষ্ণাঙ্গ কয়েকজন তরুণ। চারদিকে ছড়াচ্ছে ফ্রেশ পেইন্টের গন্ধ। ছেলেগুলোর হাতে ধরা পলিথিনের ব্যাগ। এরা ওপেনলি গ্লু বলে একধরনের ড্রাগের নেশায় আচ্ছন্ন হয়ে আছে। আমি যেতে যেতে অল্পবয়সী একটি ছেলের দিকে ফিরে তাকাই। সে যেন ধুন ধরে বুঝতে চেষ্টা করছে পলিথিনের ব্যাগের লেবেলে কী লেখা আছে?
ফুটপাত আবর্জনা-দীর্ণ হলেও ট্যাক্সি-র্যাং কের প্ল্যাটফর্মটি পয়পরিষ্কার। এক কোণে টাইলসের মেঝেতে বসে আছেন দশাসই চেহারার এক কৃষ্ণাঙ্গ। তাঁর মাথায় একরাশ কোঁকড়ানো চুল, দৃষ্টিও কেমন যেন বেকরার-বেভুল। তিনি জামাকাপড় কোর্তা-কামিজ কিছু পরার প্রয়োজনবোধ করেননি। তবে জানুর ওপর বিছিয়ে রেখেছেন লোমঝরা হরিণের ছাল। মাঝে মাঝে সিনায় ঝুঁকে আসছে তাঁর থুতনি। মনে হয় বেপরোয়া কোনো ড্রাগ ইস্তেমাল করে রীতিমতো বেসামাল হয়ে আছেন তিনি।
গুমটির নিচে কাচের দেয়ালে আঁকা ইমারতরাজির বিমূর্ত চিত্রকলা। পাশে দাঁড়িয়ে আছে লাল রঙের সিটিবাস। তাতে চেপে আমি চলে আসি অরেঞ্জ গ্রোভে। ভোর বিহান থেকে আমি ঘোরাফেরা করছি, খিদেও পেয়েছে। ফুটপাতে ক্যানভাসের আলগা চালের ছায়ায় টেবিলক্লথে মোড়া চেয়ার-টেবিলে ছিমছাম একটি ইতালিয়ান রেস্তোরাঁ, নাম তরতেলিনো। রিসেপশন কাউন্টারের পাশেই ফুটরেস্টে জুতসমেত পা তুলে আরাম কেদারায় বসা আধকপালি টাকের ব্যক্তিত্বসম্পন্ন এক শ্বেতাঙ্গ। বোধ করি ম্যানেজার, এক নজরে সঠিক করে বলা মুশকিল—মহাশয়ের ঝুপসি ভুরুতে যেন বাঁকানো জোড়া ধনুক; তির ছোড়ার মতো তা ভাওছাও করে তাকালে আমি থতমতো খেয়ে বলি, জোহানেসবার্গে আমি ইতালিয়ান কোজিন প্রত্যাশা করিনি। তিনি তড়াক করে উঠে দাঁড়িয়ে কোঁদো বাঘের হালুম ছোড়ার মতো গমগমিয়ে বলেন, ওয়েলকাম। তারপর আবার ভুরুতে ধনুকের নকশা তৈরি করে বলেন, অরেঞ্জ গ্রোভে তো তুমি ইতালিয়ান ডেলিকেসি অফকোর্স প্রত্যাশা করবে। তুমি কি জো-বার্গে আজ এসেছ? জোহানেসবার্গকে যে স্থানীয়ভাবে সংক্ষিপ্ত করে জো-বার্গ বলা হয়, তা আমি শুনেছি। জবাব দিই, ল্যান্ড করেছি মাত্র দিন দেড়েক আগে। তিনি নিজেকে সিনিয়র ডমিনিকো পরিচয় দিয়ে আবার গমগমিয়ে ওয়েলকাম হাঁকলে ভাবি, নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দিন বদল হয়েছে না? শ্বেতাঙ্গ এ শর্মার গলায় এত তেজ আসে কোথা থেকে? সিনিয়র ডমিনিকো আমাকে তরতেলিনো রেস্তোরাঁর ভেতরবাগে বসাতে বসাতে বলেন, ‘নাও টেল মি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ইট?’

একটি টেবিলে বসে রেস্তোরাঁর দেয়ালে টাঙানো ইতালিয়ান ল্যান্ডস্কেপের ডেকোরেশনগুলো দেখি। রোমান যুগের বেশ কিছু স্থাপত্যকলার পাশে বিসুবিয়াস আগ্নেয়গিরির লাভা লিপ্ত আগ্নেয়শীলায় ঢাকা পম্পেই নগরের কিছু দৃশ্য। এগুলোর পাশেই মস্ত শেলফে সাজিয়ে রাখা অনেক বছর আগের একটি ভেসপা স্কুটার। রাশভারী গোছের সিনিয়র ডমিনিকো নিজেই খাবারের ডিশ সার্ভ করে বসে পড়েন উল্টোদিকের চেয়ারে। ডিশে খাবার হিসেবে পরিবেশিত হয়েছে কালঝোন বলে মাৎসারেলা চিজের সঙ্গে টমেটো সস ও আনচবি মাছের পুর দেওয়া একধরনের রুটি। খেতে খেতে বেজায় রাশভারী চেহারাসুরত দেখে আমি হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হই যে সিনিয়র ডমিনিকো তরতেলিনো রেস্তোরাঁর ম্যানেজার নন। আমি আলাপের সুযোগ নিয়ে জিজ্ঞেস করি, আপনি এখানে কী করছেন? ঘটনা কী সিনিয়র? তিনি যেন কৈফিয়ত দিচ্ছেন এমন ভঙ্গিতে বলেন, লিসেন, আমি কথা বলতে পছন্দ করি। আর যে প্রফেশনে সারা জীবন কাজ করেছি, সেটা হচ্ছে স্কুল ইন্সপেক্টর, হামেশা স্কুলে গিয়ে ক্লাসে ক্লাসে কিছু একটা বলতে হতো। জানতে চাই, সিনিয়র কি স্কুল ইন্সপেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছেন? নো, নো, নট রিয়েলি, বলে হতাশভাবে মাথা ঝাঁকিয়ে তিনি বলেন, আই লাভড মাই জব, অল থ্রো মাই লাইফ লাভড ইট। রিটায়ার করার এখনো আট বছর বাকি, কিন্তু শ্বেতাঙ্গ হওয়ার জন্য আমাকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠিয়ে দিল।
সিনিয়র ডমিনিকো উঠে লেজারবুকে গদ দিয়ে আটকানো পত্রিকার একটি কার্টিং নিয়ে ফিরে আসেন। তাতে জোহানেসবার্গে ব্ল্যাক এমপ্লয়মেন্ট এমপাওয়ারমেন্ট অ্যাক্ট কায়েম করার সংবাদ ছেপেছে। বিষয় হচ্ছে, এপারটাইট বা বর্ণবিভাজনের জমানায় দক্ষিণ আফ্রিকার বুদ্ধিবৃত্তিক সেক্টরের সব চাকরিবাকরিতে ছিল শ্বেতাঙ্গদের মৌরসি-স্বত্ব। ম্যান্ডেলার উদ্যোগে দিন বদল হলে এ অ্যাক্টটি জারি হয় অনেক বছরের বর্ণবৈষম্য হ্রাস করার জন্য। এ আইনের মাধ্যমে শ্বেতাঙ্গদের তাদের অনিচ্ছায় অবসরে পাঠিয়ে এসব পোস্ট রিপ্লেস করা হচ্ছে কৃষ্ণাঙ্গ এমপ্লয়ি দিয়ে। সিনিয়র ডমিনিকের চাকরি থেকে অব্যাহতি লাভে আমি বিশেষ একটা বেজার হই না। নিজস্ব বাসভূমে মান-ইজ্জতের সঙ্গে কৃষ্ণাঙ্গদের চাকরি পাওয়ার হক আছে।
ডমিনিকো সাহেব তাঁর স্বদেশ ইতালিতে ফিরে গেলেই পারেন। তিনি আমার দিকে তাকিয়ে আছেন দেখে জানতে চাই, ইতালি ছেড়ে জোহানেসবার্গে এসে কায়েম-মোকাম হওয়ার পেছনে কারণটা কী? কোনো দ্বিধা না করে তিনি জবাব দেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আমরা ইতালির নেপলসের লোক। পম্পেই নগরের কাছঘেঁষে ছিল আমাদের পিতৃপুরুষের ভিটামাটি। জানালা দিয়ে দেখা যেত বিসুবিয়াসের ধূমায়িত চূড়া। তিনি দেয়ালে ভেসপা স্কুটারের ওপর আটকানো একটি ইস্পাতের বোম্বশেলের খোল দেখিয়ে বলেন, বোমাতে ঘরদুয়ার সব পুড়ে গেলে আমার বাবা চারের দশকের মাঝামাঝি দরিয়া পাড়ি দিয়ে চলে আসেন জোহানেসবার্গে। তরতেলিনো রেস্তোরাঁটি চালু করেন তিনি। আমার জন্ম জোহানেসবার্গ শহরের এ অরেঞ্জ গ্রোভে। তিনি চুপ হয়ে গেলে আমি দেয়ালের বোম্বশেলের দিকে তাকাই। তাঁর পিতাকে ইতালির নেপলস ছেড়ে জো-বার্গে আসার জন্য দোষ দিতে পারি না। আমার ঘরের চালে এ সাইজের বোমা বর্ষিত হলে আমিও পালিয়ে হিমালয় অতিক্রম করে তিব্বত চলে যেতাম।
তিনি আরও বলেন, আমার পিতা এ রেস্তোরাঁ চালু করেন। তখন কাছাকাছি খনি থেকে তোলা হচ্ছে বিস্তর স্বর্ণ, জো-বার্গের অর্থনীতি বেজায় চাঙা হচ্ছে দিনকে দিন। অরেঞ্জ গ্রোভের উন্নয়নেও তিনি অবদান রেখেছেন। মিউনিসিপ্যালিটির কমিশনার ছিলেন। ভেসপা স্কুটার চালিয়ে রাস্তাঘাট নির্মাণ, ওয়াটার পাইপলাইন বসানো—এসব তত্ত্বাবধান করতেন। এখন অবশ্য মিউনিসিপ্যালিটির সব পদেই আছেন কৃষ্ণাঙ্গরা। আমার পিতার জেনারেশনের লোকজন যেসব ডেভেলপমেন্ট করেছিলেন, এখন তাঁরা তা ভাঙচুর করছেন। নাগরিকদের ট্যাক্সের কড়িতে মিউনিসিপ্যালিটির গণপূর্ত বিভাগে যেসব যন্ত্রপাতি সে আমলে কেনা হয়েছিল, হালজমানার কমিশনাররা তা অবৈধভাবে বিক্রি করছেন ব্ল্যাকমার্কেটে। তাঁরা সবাই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের মেম্বার, এঁদের বিরুদ্ধে চুচেরা করলে তোমাকে শ্বেতাঙ্গ বর্ণবাদী হিসেবে হালত খারাপ করে দেবে। তুমি তো আজ পয়লা জো-বার্গে এলে, রাস্তাঘাটের খানাখন্দ, পথের পাশে জমে থাকা ট্র্যাশ আবর্জনা খেয়াল করে দেখেছ? লিসেন, ব্ল্যাকরা সংখ্যাগরিষ্ঠ, তারা ডেমোক্রেটিকেলি দেশশাসন করুক—এ নিয়ে আমার কোনো আপত্তি নেই। তুমি বাইরের লোক, নিজের চোখেই দেখো...দে আর ভেরি ইনএফিশিয়েন্ট, এদের মস্তিষ্কে ম্যানেজমেন্টের বিষয়টা ঠিক খেলে না...।
শ্বেতাঙ্গ এই সাহেবের কাছ থেকে কৃষ্ণাঙ্গদের ব্যবস্থাপনা-বিষয়ক অদক্ষতা নিয়ে লেকচার শুনতে আমি রেস্তোরাঁতে ঢুকিনি। তাই পোলাইটভাবে তাঁকে থামিয়ে দিয়ে বলি, এক পেয়ালা কফি পাওয়া যাবে? তিনি ক্রিসতোফানো বলে এ্যয়সা জোরে আওয়াজ করেন যে কাচের গ্লাসে ছলকে ওঠে জল। শেফের সাদা টুপি ও অ্যাপ্রোন-পরা ক্রিসতোফানো সাহেব কিচেন থেকে আস্তে-ধীরে বেরিয়ে আসেন। তাঁর মুখখানা মাঝারি সাইজের চাপাতির মতো গোলগাল ও ফ্যাকাশে। মনে হয় তাঁর গন্ডদেশে লেগে আছে গুঁড়া গুঁড়া মিহি কিছু ময়দা। সিনিয়র ডমিনিক আমার জ্ঞাতার্থে বলেন, ক্রিসতোফানোও নেপলসের লোক, অর্থাৎ তাঁর দেশওয়ালি বেরাদর। আর ইতালির নেপলস হচ্ছে সেই জায়গা, যেখানে পিৎজা প্রথম আবিষ্কৃত হয়। বিষয়টি খানাপিনার পুরাতত্ত্বে জো-বার্গে গোল্ড আবিষ্কারের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্রিসতোফানো আজ সন্ধ্যার দিকে পিৎজা মারগারিতা তৈরি করবে। চলে এসো ডিনারের সময়। আমি পিৎজা নিয়ে কোনো আলোচনায় যেতে চাই না। তাই বলি, কফি পাওয়া যাবে কি? সিনিয়র ডমিনিক অফকোর্স বলে কোঁদো বাঘ যে রকম ঘাড় মটকানোর আগে জংলি গর্দভের দিকে তাকায়, সে রকম কটমটে দৃষ্টিতে ক্রিসতোফানোর দিকে তাকান। তাতে রাঁধুনে শেফের চোখমুখ এমন ত্যাড়াবেঁকা হয়ে যায় যে মনে হয় ক্রিসতোফানো মাঝে-সাঝে তাঁর হাতে চড় কিংবা চটকনা খেয়ে অভ্যস্ত।
ইতালিয়ান কেতার গোল্ডেন রোস্ট করা এক পেয়ালা কফির সঙ্গে ফাউ হিসেবে পাওয়া যায় তিন কিসিমের চিজের পুর দেওয়া প্যানজেরোতি নামে সুস্বাদু পেস্ট্রি। সিনিয়র ডমিনিকো আমাকে আশ্বস্ত করেন, ইটস্ অন দ্য হাউস, অর্থাৎ পেস্ট্রির দাম আমাকে পরিশোধ করতে হবে না। তারপর ফিসফিসিয়ে বলেন, জো-বার্গে কৃষ্ণাঙ্গরা চালাচ্ছে এ রকমের রেস্তোরাঁ তুমি পাবে অনেক, কিন্তু খবরদার, খাবার গিজগিজ করছে বীভৎস বীজাণুতে। হোয়াইট রেস্তোরাঁগুলো তোমার কাছ থেকে পয়সা হয়তো একটু বেশি নেবে, বাট দে উইল নেভার কিল ইউ। খদ্দেরেরা হচ্ছে সোনালি ডিম দেওয়া রাজহাঁস। উই আর হোয়াইট বিজনেস পিপুল ইন সাউথ আফ্রিকা, উই নেভার এভার উইল নট কিল গোল্ডেন রাজহাঁস। তো, তুমি ডিনারে আসছ তো? ক্রিসতোফানো আজকে ওভেনে পিৎজা মারগারিকা চড়াবে।
আমি কোনো প্রতিশ্রুতি না দিয়ে উঠে পড়লে সিনিয়র ডমিনিকোও সড়কে বেরিয়ে পড়েন। তাঁর তরতেলিনো রেস্তোরাঁয় খদ্দের নেই একজনও, বসে বসে তিনি করবেনই বা কী? আমি কোথায় ট্যাক্সি পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন, টুডে ইজ আ ভেরি ডিফিকাল্ট ডে, সকালে সড়কে একটা মার্ডার হওয়ার পর কোনো ট্যাক্সি-ফেক্সি এদিকে আসছে না। আসো আমার সঙ্গে, চলো...। আমার গাড়িতে করে তোমাকে লিফট দিয়ে দিচ্ছি। রাস্তায় এ রকম আওয়ারা হাঁটাহাঁটি করা ঠিক সেফ না। আমি তাঁর ফিয়াটে বসে ৩৪ নম্বর গ্রোভ রোডে যেখানে একসময় মহাত্মা গান্ধী বাস করতেন, সেদিকে যেতে বললে তিনি আঁতকে ওঠেন। ওদিকে তিন দিন আগে এক আইরিশ পর্যটক নারীকে কিডন্যাপ করা হয়েছে। ওই আইরিশ নারীর সঙ্গে ছিল বছর ছয়েকের ছোট্ট ছেলে। আজ খুব সকালে ছেলেটিকে রাজপথে পাওয়া যায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে একা সে আকুল হয়ে কাঁদছিল। পুলিশ এসে তাকে নিয়ে গেছে। ১০টার সংবাদে দেখলাম কিডন্যাপাররা ছেলেটির পকেটে একটি ডিভিডি দিয়েছে। তাতে মুক্তিপণের শর্তের সঙ্গে আছে তার ক্রন্দনরত মায়ের বিবস্ত্র দেহের ফিল্ম। না, ৩৪ নম্বরে যাওয়া যাবে না। কালোরা স্রেফ তোমার-আমার দুজনের চোখের আলো নিভিয়ে দেবে।