জাতীয় জাদুঘরের কম্পাউন্ডের মধ্যে তাঁর বাসা। এই বাসাতেই তাঁর স্টুডিও। স্টুডিওতে প্রচুর ছবি, ছবি আঁকার সরঞ্জাম। কুড়িয়ে পাওয়া, ফেলে দেওয়া কাগজ তিনি তাঁর ছবিতে ব্যবহার করেন। এ রকম কাগজও তাঁর স্টুডিওতে আছে বেশ। আর আছে বই। প্রচুর বই। পড়ার জন্য প্রচুর সময় দেন।প্রতিদিন রাতে তিনি স্টুডিওতে বসেন। বড় ছবির কাজ তিনি এখানেই করেন। বিশেষত রাতের বেলা। ছোট আকারের কাজগুলো যখন যেখানে সময়-সুযোগ পান সেখানে বসেই করতে থাকেন। ধরা যাক, একটা ম্যাচবাক্স নাড়াচাড়া করতে করতে মনে হলো, ওতেই আঁকবেন। তো আঁকতে শুরু করলেন। শিল্পী তরুণ ঘোষ। জন্ম রাজবাড়ীতে, ১৯৫৩ সালে। ১৯৭১ সালে দশম শ্রেণীর ছাত্র। যুদ্ধ শুরু হলে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। যুদ্ধের ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞের স্মৃতি নিয়ে ভর্তি হন বর্তমান চারুকলা অনুষদে, ১৯৭২ সালে। প্রথম দিকে মুক্তিযুদ্ধই ছিল তাঁর ছবির বিষয়। ১৯৮২ সালে ভারতের বরোদায় এমএস ইউনিভার্সিটিতে এমএফএ পড়তে যান। সেখানে থেকে তিনি শুরু করেন লোকশিল্পের ওপর গবেষণা। এই আগ্রহই তাঁর ছবির বিষয় বদলে দিয়েছে। বেহুলা কাহিনি নিয়ে তিনি চিত্র রচনা শুরু করেন। ১৯৮৩ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত লোকশিল্পকে বিষয় হিসেবে নিয়ে অসংখ্য স্কেচ করেন। ক্যানভাসে পূর্ণাঙ্গ ছবি আঁকা শুরু করেন ১৯৮৭ থেকে। লোকসাহিত্য থেকে বিষয় নিয়ে প্রথম দিকে ফিগারেটিভ ছবি আঁকতেন এবং পরবর্তী সময়ে বিমূর্ত রীতির দিকে ঝোঁকেন। লোকশিল্পরীতির সরলীকরণ তাঁকে বিমূর্ত আঙ্গিকে চিত্র রচনায় উদ্বুদ্ধ করে।শিল্পীর প্রথম একক প্রদর্শনী হয়েছিল বরোদায়, ১৯৮৬ সালে। দ্বিতীয় একক প্রদর্শনী হয় ২০০৮-এ। বেহুলা সিরিজের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে নিরীক্ষামূলক ছবি ছিল এই প্রদর্শনীতে। স্টুডিওতে বসে কথা হলো শিল্পীর সঙ্গে। তিনি বলেন, শিল্পচর্চার ধারাবাহিকতা বজায় রাখার সঙ্গে সঙ্গে বিভিন্নভাবে নিরীক্ষামূলক অনুশীলন তাঁর ছবি আঁকার প্রেরণা। নতুন সৃষ্টির প্রক্রিয়া তাঁকে আনন্দ দেয়। এই সহজ আনন্দেই তিনি তৈরি করেছেন তাঁর শিল্পের ভুবন। নিজস্ব অভিজ্ঞতা, চিন্তা আর নিজের সময়কে স্বতঃস্ফূর্তভাবে ছবির মধ্যে ধরতে চান তিনি।এ বছরের ১১ এপ্রিল থেকে ১৫ জুলাই পর্যন্ত তরুণ ঘোষ রেসিডেন্সি আর্টিস্ট হিসেবে ইংল্যান্ডে ছিলেন। এই এডুকেশনাল কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রামে তারই কিছু নতুন ও আনন্দদায়ক অভিজ্ঞতা হয়েছে। এখানে তিনি মাসব্যাপী স্কুলের ছাত্রদের সঙ্গে তাঁর উদ্ভাবনী ভাবনা বিনিময় করেন। তরুণ ঘোষ এখন একটি সিরিজ পেইন্টিংয়ের পরিকল্পনা করছেন। বিষয় প্রতিকৃতি। এই প্রতিকৃতিতে শিল্পী ধরতে চেষ্টা করবেন মানুষের অন্তর্নিহিত সত্তার স্বরূপ, যার ভাবনা শিল্পীর দৃষ্টিতে শূন্যতার বোধ জাগায়। ১৯৮৯ থেকে তরুণ ঘোষ জাতীয় জাদুঘরে কর্মরত আছেন। বর্তমানে তিনি জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের ডেপুটি ডিরেক্টর।