লেভ তলস্তয়ের সঙ্গে আমাদের রবীন্দ্রনাথের বিস্তর মিল রয়েছে। আজানুলম্ব দীর্ঘ বহিরাবাসে ও শ্মশ্রুমণ্ডিত চেহারায় তাঁদের দুজনকেই মনে হয় বিগত এক সময়ের কোনো সন্ত বা ঋষি। দুজনই সাহিত্যকে নির্বাচন করেছিলেন তাঁদের আত্মপ্রকাশের মাধ্যম হিসেবে। মানবকল্যাণনির্ভর, শ্রেয়োবোধকেন্দ্রিক ধর্মবোধ ছিল সে সাহিত্যের কেন্দ্রে। দুজনেই দীর্ঘ জীবন লাভ করেছিলেন, কিন্তু একধরনের আত্মপীড়ন ও সুখহীনতা তাঁদের যেন নিয়তির মতো অনুসরণ করেছিল। রবীন্দ্রনাথের সাহিত্যে এই আত্মপীড়নের ছায়া নেই, যদিও তাঁর গানে এক গভীর বিষণ্নতা, এক নির্জন হাহাকার ধ্বনি অনবরত বেজে চলে। বিবাহিত জীবনে রবীন্দ্রনাথ সুখী ছিলেন এমন ভাবারও কোনো কারণ নেই। যে গ্রাম্য বালিকাটিকে তিনি পিতার নির্দেশে বিয়ে করেন, এর কোনো সরাসরি উল্লেখ নেই কোনো গান বা কবিতায়। স্ত্রীকে যেকটি চিঠি লিখেছিলেন, সেগুলোর কপি রাখতে ভোলেননি, অথচ স্ত্রীর কাছ থেকে পাওয়া একটি চিঠিও গুছিয়ে রাখার কথা মাথায় থাকেনি।তলস্তয়ের পারিবারিক সুখহীনতা অবশ্য কোনো গোপন ব্যাপার নয়। তিনি নিজেই এ নিয়ে বিস্তর লিখে গেছেন। তলস্তয়ভক্তদের ধারণা, বৃদ্ধ বয়সে গৃহত্যাগ ও অপরিচিত এক রেলস্টেশনে প্রবল রোগভোগের পর তাঁর মৃত্যুর জন্য দায়ী তাঁর স্ত্রী। টাকা টাকা করে তিনি তলস্তয়ের মাথা খেয়ে ফেলেছিলেন। সে কারণেই সব ছেড়েছুড়ে বৃদ্ধ তাপস অবশেষে গৃহ ত্যাগ করেন।এ গল্পটা জনপ্রিয় বটে, কিন্তু তা একমাত্র সত্য নয়। তলস্তয়ের স্ত্রী সোফিয়া তলস্তয়ার যে ভাষ্য আমরা পাই তাঁর নিজের হাতে লেখা ডায়েরিতে, তার ছবি কিছুটা ভিন্ন। এ ডায়েরির নানা সংস্করণ রয়েছে। সম্প্রতি আলমা বুকস ক্যাথি পোর্টারের অনুবাদে এ ডায়েরির একটি নতুন সংস্করণ প্রকাশ করেছে। বিয়ের সময় সোফিয়ার বয়স ছিল ১৯ (তলস্তয়ের ৩৪)। তারও আগে, মাত্র ১৬ বছর বয়স থেকে তিনি ডায়েরি লেখা শুরু করেন। প্রায় আমৃত্যু তিনি এই অভ্যাস ধরে রেখেছিলেন। ১৯২২ সালে তাঁর মৃত্যুর আগে রুশ বিপ্লব ঘটে। সে বিপ্লবের ঢেউ ইয়াসনায়া পলিয়ানাতে তাঁদের বিশাল খামারবাড়িতেও এসে লাগে। সোফিয়া খুব যত্নের সঙ্গে সেই উন্মাতাল সময়ের বিবরণ দিয়েছেন, তবে যে কারণে আমি আগ্রহ নিয়ে বইটি পড়ি এবং আপনাদের পড়তে পরামর্শ দিই, তা হলো মহান লেখক তলস্তয়ের জীবনের ভেতরের কথা জানার জন্য।বিয়ের আগে তলস্তয়ের নাম সোফিয়া শুনেছিলেন বটে, কিন্তু তাঁর লেখার সঙ্গে পরিচয় ছিল না। নিজে ধনাঢ্য পরিবারের সন্তান, বউ হয়ে এসেছেন ততোধিক ধনী ও খ্যাতিমান এক লোকের পরিবারে। কিন্তু বিয়ের পর পরই যে ধাক্কাটা তিনি পান, তা সামলাতে তাঁর দীর্ঘদিন লেগেছিল। এ কথা মোটেই গোপন নয় যে যৌবনে তলস্তয় অতিশয় লম্পট ছিলেন। ১৪ বছর বয়সে এক বারবনিতার হাতে তাঁর প্রথম যৌন-অভিজ্ঞতা। জমিদারের ছেলে, সে সময় থেকে হাতের কাছে যে কৃষক-কন্যা পেয়েছেন, নির্বিচারে তাঁর শ্লীলতাহানি করেছেন। বিয়ের আগে এক পরিচারিকার সঙ্গে তাঁর গভীর প্রণয় ঘটে। সে প্রণয়ের ফল হিসেবে এক সন্তানের জন্মও হয়। তলস্তয় নিজে ডায়েরি লিখতেন, তাতে এসব অভিজ্ঞতার কথা সবিস্তারে লিখে রাখেন। বিয়ের দিন কয়েক পরই তিনি সোফিয়াকে সে ডায়েরি পড়তে দেন। উদ্দেশ্য, সবকিছু খোলামেলাভাবে তুলে ধরা, যাতে দুজনের মধ্যে কোনো চালাকি না থাকে।আঘাত পেলেও সোফিয়া সবকিছু মেনে নিয়েছিলেন। তলস্তয় তাঁকে নিজের অধিকাংশ লেখা কপি করতে দিতেন। ওয়ার অ্যান্ড পিস ও আনা কারেনিনা উভয় গ্রন্থই সোফিয়াকে বার কয়েক কপি করতে হয়। এ কাজটি তিনি আনন্দের সঙ্গেই করতেন, ডায়েরিতে তার প্রমাণ রয়েছে। কিন্তু খুব কম পাতাতেই আমরা সত্যিকার সুখ বা আনন্দের বিবরণ পড়ি। তলস্তয় ব্যক্তিগত জীবনে নারী-পুরুষের প্রেমে বিশ্বাস করতেন বলে মনে হয় না, সোফিয়ার কথা থেকে তেমনই মনে হয়। তলস্তয় তাঁর ডায়েরিতে লিখেছিলেন, ‘প্রেম বলে আসলে কিছু নেই, যা আছে তা হলো একজন জীবনসঙ্গীর ব্যবহারিক প্রয়োজনীয়তা।’ সেই লেখা পড়ে আহত, ক্রুদ্ধ সোফিয়া নিজের ডায়েরিতে লিখেছেন, ‘আমার একটাই কাজ, আর তা হলো এ লোকটির সব রকমের (জৈবিক) প্রয়োজন মেটানো, তাঁর সন্তানদের লালন করা। অন্যকথায়, আমি তাঁর ঘরে একটা আসবাব ছাড়া আর কিছু নই।’ অন্যত্র সোফিয়া লিখেছেন, ‘তলস্তয় বিশ্বমানবতার জন্য অনেক বড় বড় কথা বলেন বটে, কিন্তু তা আমার জন্য দুঃখ ছাড়া আর কিছুই দেয়নি।’বিয়ের সময় তাঁদের দুজনের চুক্তি হয়েছিল একে অপরকে নিজের লেখা ডায়েরি তাঁরা পড়তে দেবেন। প্রথম প্রথম সেই শর্ত উভয়েই মেনে চলেন, কিন্তু কয়েক বছরের মধ্যেই সোফিয়ার ডায়েরির বক্তব্য আক্রমণাত্মক, এমনকি বিদ্রূপাত্মক হয়ে ওঠে। ক্ষিপ্ত তলস্তয় স্ত্রীকে নিজের ডায়েরি ধরতে নিষেধ করে দেন। সে নিষেধ মানা হচ্ছে না দেখে ডায়েরি তিনি লুকিয়ে রাখতেন। পরে তাঁদের দুজনের এ ডায়েরি পড়া নিয়ে রীতিমতো কোন্দল শুরু হয়ে যায়।আমরা জানি, তলস্তয় উষ্ণ-শোণিতের মানুষ ছিলেন। মারিয়া ছিলেন ঠিক উল্টো। স্ত্রীর শরীরের ওপর যখন-তখন যেভাবে চড়াও হতেন তলস্তয়, সোফিয়ার তা ভালো লাগত না। একদিনের কথা লিখেছেন তিনি। তখন তলস্তয়ের বয়স সত্তর পেরিয়েছে। স্ত্রীর যৌবনও অতিক্রান্ত। খুব ভোরের দিকে সম্ভোগের বাসনা প্রকাশ করেন লেখক। সোফিয়া লিখছেন, ‘কী লজ্জা, কী লজ্জা। লুভভচকা (অর্থাৎ, লেভ তলস্তয়) আমাকে চুমোয় চুমোয় ভরিয়ে তুললেন। আর আমিও কি না, এই বুড়ো বয়সে এমন কাণ্ড করতে রাজি হয়ে গেলাম।’বয়সের সঙ্গে সঙ্গে তাঁদের দুজনের সম্পর্কে দূরত্ব সৃষ্টি হচ্ছে, এ কথা দুজনেই জানতেন। স্ত্রীকে তিনি ভালোবাসেন না, এ কথাও খুব স্পষ্টভাবে সোফিয়াকে জানিয়ে দিয়েছিলেন তলস্তয়। ১৯০৩ সালের নভেম্বরে তাঁর ডায়েরিতে সোফিয়া লিখছেন, ‘ঘুমের আয়োজন করছিলেন তলস্তয়। তাঁকে দেখে আমার বোধ হলো আজকাল আমি তাঁর কাছে একটি সদয় বা স্নেহময় কথা শুনি না।’ শেষ বয়সে ক্লান্ত ও বিরক্ত তলস্তয় লেখা ছেড়ে দিয়েছিলেন। সোফিয়া স্মরণ করেছেন, তিনি আর লেখেন না কেন জানতে চাইলে লেখকের জবাব ছিল, লেখার জন্য তাঁর চাই অনুপ্রেরণা, চাই ভালোবাসা। সোফিয়া বললেন, ‘কেন, চাইলে আপনি আমার সঙ্গে প্রেম করতে পারেন।’ বৃদ্ধ লেখকের জবাব ছিল, ‘না, সে সময় অনেক আগেই চলে গেছে।’ একদিনের একটি ঘটনার কথা লিখেছেন সোফিয়া। তাঁকে না বলে অসুস্থ তলস্তয় বাইরে চলে গিয়েছিলেন, দীর্ঘ সময় ধরে তাঁর কোনো খোঁজ নেই। উদ্বিগ্ন স্ত্রী বারবার ঘর-বাহির করছেন। অনেকক্ষণ পর তলস্তয় ফিরলে তাঁর জবাব ছিল, ‘বলে যাইনি তো কী হয়েছে? সব সময় কি তোমাকে বলে যেতে হবে নাকি?’প্রায় অর্ধশতকের দাম্পত্য জীবন। সোফিয়ার এ ডায়েরি পড়ে মনে হয়, সে জীবনে বোধহয় ভালোবাসার চিহ্নমাত্র নেই। তলস্তয় তাঁর আনা কারেনিনা শুরু করেছিলেন এভাবে, ‘সব সুখী পরিবার বাস করে একইভাবে। আর অসুখী পরিবার যার যার নিজের মতো।’ কী জানি, এই মহান রুশ লেখক হয়তো নিজের অসুখী জীবনের কথাই ইঙ্গিতে সেখানে বলে গেছেন।৬ জুন ২০১০, নিউইয়র্ক