
সুন্দরের প্রত্যাশায় অসুন্দর, অসংগতি, কদর্যের বিরুদ্ধে চিরকাল বিদ্রোহ করে এসেছেন শিল্পীরা। কখনো বিদ্রূপের ভাষায় প্রতিবাদ, কখনো বা মনস্তাত্ত্বিক সচেতনতা সৃষ্টি করতে প্রতীকী ভাষা ব্যবহার করে নিজেদের ছবিতে কাঙ্ক্ষিত সুন্দর পৃথিবীর বাসনা ব্যক্ত করে এসেছেন তাঁরা। আর কে না জানে, নবীন শিল্পীদের কাজে প্রতিবাদ ও স্বপ্নের ভাষাই উঠে আসে। এর ব্যত্যয় ঘটেনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত চলমান ২১তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর শিল্পকর্মে।
মিডিয়ার কল্যাণে পৃথিবীর শিল্পভাষার পাঠ নিয়ে নিত্যনতুন পরীক্ষণ করছেন বাংলাদেশি শিল্পীরা। এ ক্ষেত্রে প্রশ্ন রাখা যেতে পারে, নবীন শিল্পীদের কাজে স্বকীয়তা ও নতুনত্ব কতটা থাকছে? কতটাই বা থাকছে দেশীয় সংস্কৃতি, মাটি, মানুষ, নিসর্গের জয়গান? বৈশ্বিক শিল্পভাষা ও উপকরণের আদলে হারাচ্ছে না তো মাধ্যমগত চিরকালীন স্বাতন্ত্র্য?
উত্থাপিত এ প্রশ্নগুলো নিশ্চয় বিতর্কমূলক; তবে এগুলো আমাদের ভাবনাকে উসকে দিতে সাহায্য করে, শিল্পভাষা বিশ্লেষণের ক্ষেত্রেও সহায়তা দেয়।
জলরং মাধ্যমের কথাই ধরা যাক। উদীয়মান শিল্পীর সাধনা ও চর্চায় এ মাধ্যমটির জুড়ি নেই। অথচ এই প্রদর্শনীতে জলরঙের কাজ দেখা গেল হাতে গোনা কয়েকটি। এর মধ্যে বেশির ভাগ ছবিতেই নেই মাধ্যমগত উৎকর্ষ। আবার জলরঙের কয়েকটি চিত্রে পাওয়া গেল না চিন্তাজগতের কোনো বিশেষ ইঙ্গিতও। ফলে এ মাধ্যম নিয়ে হতাশ হওয়ার কারণ থেকে যাচ্ছে বৈকি।
অন্যদিকে তরুণদের করা মিশ্র মাধ্যমের কাজে যেমন উৎকর্ষের ছাপ স্পষ্ট, তেমনি রয়েছে বিক্ষিপ্ততাও। কারণ, বৈশ্বিক শিল্পকলার ধারণা নিয়ে চর্চিত এ সবকিছুতে মিশ্র মাধ্যমে উপকরণগত মিশ্রণ কতটুকু প্রাসঙ্গিক, আর কাজের ক্ষেত্রে এখানে কতটুকু নতুনত্ব আনতে পারছেন নবীন শিল্পীরা? তরুণ চিত্রীদের প্রদর্শনী দেখার পর প্রশ্নটি তোলা যেতে পারে।
তাহলে শুধু উৎসাহ দেওয়ার জন্যই কি ৩৮০ জন শিল্পীর ৪১২টি কাজ প্রদর্শিত হয়েছে এই প্রদর্শনীতে? প্রদর্শিত ছবিগুলো, কাজগুলো সব কি মানোত্তীর্ণ?
‘সংখ্যা নয়, আগে দরকার মান’—এ কথায় ঐকমত্য পোষণ করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক আশরাফুল আলম। তবে তিনি মনে করেন, মান রক্ষায় দায় ও দায়িত্ব আয়োজকদের চেয়ে শিল্পশিক্ষা প্রতিষ্ঠানের ওপরই বেশি বর্তায়। কারণ নবীন এ শিল্পীদের বেশির ভাগই শিক্ষানবিশ। কয়েকজন শিল্পীর কাজ বিচার করলে উপকরণের ব্যবহারে অপ্রাসঙ্গিকতা লক্ষণীয়। বক্তব্য উপস্থাপনের সঙ্গে সঙ্গে উপকরণের অন্তরস্পর্শী ভাব না থাকার ব্যাপারটিও লক্ষ করা গেছে এখানে। এমনকি কয়েকজনের শিল্পকর্মের শিরোনাম ও কনসেপ্ট নোটের সঙ্গে শিল্পকর্মের সাযুজ্য নেই—চোখে পড়েছে এমনটাও।
তেলরং, ভাস্কর্য, কারুশিল্প, মৃৎশিল্পের শিল্পকর্মের সংখ্যা নগণ্য। ক্যানভাসে নানা উপকরণের মিশ্রণে মিশ্র মাধ্যমের প্রবণতায় স্বকীয়তা কম এবং রসের বিচারেও রসোত্তীর্ণ নয় সেগুলো।
তাহলে কি ২১তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর বিভিন্ন মাধ্যমের ছবি দেখে কেবলই হতাশ হতে হবে? অনেক ক্ষেত্রে হতাশা থাকলেও নবীনদের কয়েকজনের কাজ চিন্তার খোরাক জোগায় বটে।
তাঁদের বক্তব্য, ভাবনা ও চিত্রভাষায় নতুনত্ব আছে, উপকরণ ব্যবহারে রয়েছে বিশেষত্ব। এ শিল্পীদের মধ্যে সাজিয়া রহমান, হাসিবা ইয়াসমীন, পূর্ণিয়া মৃত্তিকা, ইফাত রেজোয়ানা, নাইমা রহমান, স্বপন কুমার, নূর আলম মিয়া, অনন্যা দাস, হাসুরা আক্তার, সুমা দেবী মণ্ডল, হ্লু বাই শু চৌধুরী, রত্নেশ্বর সূত্রধর, খোকন চন্দ্র সরকার, মানবেন্দ্র ঘোষ, রোকসানা বাহার ও সাগর চক্রবর্তীর শিল্পকর্ম উল্লেখযোগ্য। প্রদর্শনীতে সব মাধ্যমে শ্রেষ্ঠ শিল্পকর্ম বিবেচিত হয়ে ‘নবীন শিল্পী চারুকলা পুরস্কার’–এ ভূষিত হয়েছেন সাগর চক্রবর্তী—তাঁর ‘রেড সিটি-১’ শীর্ষক স্থাপনাশিল্পের জন্য।
বিশ্বরাজনীতির সহিংসতা, নিসর্গ ও জনজীবনে আনন্দ, বিচিত্র রাগ-অনুরাগ, সুন্দরের স্বপ্ন, অতীত ঐতিহ্য, সমকালের জনজীবন, অস্থিরতা, আশা-নিরাশা ও ভবিতব্যের ভাবনা প্রভৃতি বিষয়গত বৈচিত্র্য আছে আলোচ্য প্রদর্শনীতে। তবু ভাবনা জাগে মনে, নবীন শিল্পীদের কাজে আমরা আসলে কী চাই? দেশীয় শিল্পভাষার মধ্য দিয়ে আন্তর্জাতিক শিল্পভাষা তৈরি এবং রসোত্তীর্ণ শিল্পকর্ম—তাঁদের কাছে এমন প্রত্যাশা করা কি অসংগত হবে? প্রদর্শনীটি আগামীকাল ২৮ জুলাই শেষ হবে।