তাঁদের ব্যাটিং ছিল চোখের জন্য প্রশান্তির

হাবিবুল বাশার। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। এখন ক্রিকেট দলের অন্যতম নির্বাচক। এই ক্রিকেট তারকা বলেছেন তাঁর প্রিয় ৫ নিয়ে।
১. প্রিয় বই
ভালো লাগে শীর্ষেন্দুর বই
আমার জীবনে বইয়ের ভূমিকা অনেক। প্রচুর বই পড়েছি। তাই প্রিয় বইয়ের তালিকাটা বেশ লম্বা। স্কুলে লুকিয়ে বই পড়তাম। শাহরিয়ার কবিরের নুলিয়াছড়ির সোনার পাহাড় বইটা তখন খুব ভালো লাগত। আমার প্রিয় লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তাঁর যেকোনো বই ভালো লাগে। শীর্ষেন্দুর লেখা পড়তে পূজাসংখ্যা কিনতাম। আলাদা করে তাঁর কোনো বইয়ের নাম বলতে হলে সেটি হৃদয় বৃত্তান্ত।
২. প্রিয় চলচ্চিত্র
সিনেমা দেখি বিনোদনের অংশ হিসেবে
প্রিয় চলচ্চিত্রের নাম বলতে হলে অবশ্যই বলব দিল চাহতা হ্যায়–এর নাম। এখানে দেখা যায়, তিন বন্ধুর জীবনে ঘাত-প্রতিঘাত গেছে কিন্তু কারও সঙ্গে কারও সম্পর্ক খারাপ হয়নি, তাদের মধ্যে বিরোধ দেখানো হয়নি। আমি আসলে সিনেমা দেখি বিনোদনের অংশ হিসেবে। তাই দুঃখ-কষ্ট কিংবা জীবনদর্শনভিত্তিক সিনেমার চেয়ে বিনোদনমূলক ছবিই ভালো লাগে। একসময় হলে গিয়েছি বিনোদন নিতে। নির্মল, স্নিগ্ধ বিনোদনমূলক কাহিনি খুব পছন্দ করি আমি, যে কারণে দিল চাহতা হ্যায় সিনেমাটা আমার খুব পছন্দের।
৩. প্রিয় শিল্পী
গান ভালো তো শিল্পীও ভালো
একেক শিল্পীর একেক গান ভালো লাগে আমার। একসময় ‘ডিফারেন্ট টাচ’ ব্যান্ডের গান খুব শুনেছি। ব্যান্ডগুলোর মধ্যে চাইমের গানও শুনতাম। গান যখন শুনতে ভালো লাগে, তখনই শুনি। আলাদা করে কোনো শিল্পীর গান শোনা হয় না। এ কারণে সেভাবে প্রিয় কোনো শিল্পী আমার নেই, গান ভালো হলে যেকোনো শিল্পীই ভালো লাগে।
৪. প্রিয় নায়িকা
লারা দত্তই প্রথম পছন্দ
বাংলা সিনেমা অত দেখা হয়নি। শাবানা-ববিতাদের ছবি দেখা হয়নি খুব একটা। হিন্দি সিনেমাও তেমন একটা না। একসময় মাধুরী দীক্ষিতকে খুব ভালো লাগত। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রিয় নায়িকাও পাল্টায়। একসময় হয়তো কাউকে ভালো লাগত কিন্তু দেখা গেল পরে আর ভালো লাগছে না। সিনেমাকেন্দ্রিক নায়িকা ভালো লাগে। মানে সিনেমার কাহিনির সঙ্গে নায়িকার অভিনয় মানানসই হতে হবে। এর পরও যদি আলাদা করে কারও নাম বলতে হয়, বলব লারা দত্তই প্রথম পছন্দ।
৫. প্রিয় খেলোয়াড়
তাঁরা এত ভালো যে যন্ত্র যন্ত্র লাগে, কোনো ভুল করেন না
মফস্বল শহরে বেড়ে ওঠার ফলে আমাদের খেলাধুলা ছিল মৌসুমভিত্তিক। অষ্টম শ্রেণি থেকে থেকে ফুটবল, ক্রিকেট, হকি চুটিয়ে খেলেছি। এমনকি গ্রাম্য খেলা হাডুডু, দাঁড়িয়াবান্ধাও খেলা হয়েছে। তখন খেলাগুলো ছিল মৌসুমভিত্তিক—অর্থাৎ যে মৌসুমে যে খেলা চলত। সে সময় ফুটবলাররা ছিলেন আমাদের সুপারস্টার। সবচেয়ে জনপ্রিয় খেলাও ছিল ফুটবল। ক্রিকেট তখন টিভিতে অতটা দেখা যেত না, যতটা ফুটবল দেখানো হতো। তাই ডিয়েগো ম্যারাডোনা আর রবার্তো ব্যাজ্জিওর ভক্ত হয়ে গিয়েছিলাম। ক্রিকেট শুরুর পর অস্ট্রেলিয়াকে ভালো লাগত। ওদের সাবেক ওপেনার মার্ক ওয়াহর ব্যাটিং দেখতে ভালো লাগে। একইভাবে ভিভিএস লক্ষ্মণ ও মোহাম্মদ আজহারউদ্দিনকেও ভালো লাগে। তাঁদের ব্যাটিং ছিল চোখের জন্য প্রশান্তির। দেখতে খুব ভালো লাগত। আর এমনিতে শচীন টেন্ডুলকার তো ভীষণ নিখুঁত ব্যাট করতেন, এখন যেমন বিরাট কোহলি। তবে তাঁরা এত ভালো যে যন্ত্র যন্ত্র লাগে, কোনো ভুল করেন না!
অনুলিখন: মেহেদী হাসান