তাঁবু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওখানেই পড়ে আছে যত ঘুমের ঘুঙুর;
মদ মোহ প্রেম কাম আর মধু—
যারা শুধু চাইছে কেবলি আজ ডুবে যেতে
অভ্র, ভায়োলিন আর ভ্রমরের স্বরে—
তাদের আস্তিনে দ্যাখো জমে আছে
সিরামিক রোদ, পরিযায়ী তিতিরের ডানা—
ওষ্ঠের কোয়ার নিচে তারা জড়ো করে
লালাভ দ্রাক্ষার রস, চকমকি প্রিজমের কণা!
তন্দ্রালস তুন্দ্রাঞ্চল থেকে উঠে আসা
এই তাঁবু—নভোনীল থেকে দেখা যাচ্ছে
ঠান্ডা বরফকুটির—ঝলসানো হরিণীর ঘ্রাণে শিকারির
বুনো রক্ত মেতে ওঠে ট্যাবুতে ও টাকিলায়!
তাঁবুর নিচেই আজ চাইছি দু-হাতে
শাদা শাবকের ডানা, মেদহীন তরুণীর নাভি—
কোয়েল যেভাবে ঘুম দেয় সেই
পালক ছড়ানো ঘুম—স্বর্গভ্রষ্টা ডাকিনীর চাবি!