তাঁর কথা মনে পড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুর থেকে শ্যামলীর রাস্তা দিয়ে যখন যাই কোথাও, আলিয়ঁস ফ্রঁসেজ, নিউমার্কেট বা আজিমপুরের দিকে, তখন প্রায়ই মনে পড়ে কবি শামসুর রাহমানকে, যাঁকে আমরা অনেকেই সম্বোধন করতাম ‘রাহমান ভাই’ বলে। তাঁকে ব্যক্তিগতভাবে চিনতাম তাঁর ৩০ আশেক লেনে বসবাসের সময় থেকে। এক দিনই অবশ্য যাওয়া হয়েছে তাঁর ওই বাসায়, কবি মোহাম্মদ রফিকের সঙ্গে। আর তাঁকে প্রথমবার দেখি তারও অনেক আগে, ১৯৬৬ সালের দিকে, যখন সবে ঢাকা কলেজে উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছি। বাঙালি আর দশটি তরুণের মতো কবিতা পড়ছি প্রচুর, লেখারও চেষ্টা করছি, হাতে থাকত শামসুর রাহমান, জীবনানন্দ দাশ, সুধীন্দ্রনাথ দত্ত প্রমুখের কবিতার বই। শেষের তথ্যটি কতটা মনে থাকত জানি না, সহপাঠী কবি মুহম্মদ নূরুল হুদার স্মৃতিচর্যায় বারবার তার উল্লেখ আমাকে ভুলতে দেবে না বলেই মনে হয়। পরিচয় হতে না-হতেই নূরুল হুদা আমাকে জানান, তিনি কবিতা লেখেন। আমি তাঁকে জিজ্ঞেস করে বসি, আপনি শামসুর রাহমানের নাম নিশ্চয়ই শুনেছেন? কবিতা পড়েছেন তাঁর? পরিচয় হওয়ামাত্র তাঁকে যখন এ প্রশ্ন করেছিলাম, তখন নিশ্চয়ই আরও অনেককেই করে থাকব। কবি শামসুর রাহমান তখন থেকেই কলেজের প্রথম বর্ষের এ ছাত্রটির মন দখল করে রেখেছিলেন।কিন্তু কবি শামসুর রাহমানের কবিতা বিষয়ে এখানে আলোচনা নয়। তা নিয়ে লেখার উপযুক্ত অনেক লেখক আছেন। ব্যক্তি-মানুষটির কথা খুব মনে পড়ে আজকে, যখন মাথার ওপরে তাঁর মতো আর একজন কেউ নেই বলে মনে হতে থাকে। আজ বুঝি, তিনি যে কত বড় এক অবলম্বন হয়ে ছিলেন। যেমন সৌজন্যে, অমায়িক ব্যবহারে, তেমনি সাহসে, সততায় শামসুর রাহমান ছিলেন অতুলনীয়। তাঁর মতো আর একজন কাউকে পাওয়া যেতে পারে বলে আজ আর প্রতীতি হয় না। একজন কবির কেমন হওয়া উচিত—দেখায়, কথায়, ব্যবহারে—যদি কখনো ভেবেছি, শামসুর রাহমানের চেহারাই সামনে ভেসে উঠেছে। উনিশ শ ছেষট্টিতে যখন তাঁর অটোগ্রাফ চেয়ে মিনি নোটবুক খুলে সামনে ধরেছি, অচেনা এই কিশোরের সামনেও তখনই, খ্যাতিমান কবি কেমন লাজরাঙা হয়ে উঠেছিলেন, সে দৃশ্য ভোলার নয়। প্রতিভাবান মানুষের সমীপে উপস্থিত হলে সংকোচে আরক্ত হয়ে পড়া কারও কারও ক্ষেত্রে প্রায় রোগলক্ষণেরই মতো। আমার তো আছে এই উপসর্গটি। কিন্তু রাহমান ভাইয়ের ক্ষেত্রে এমনটা যখন প্রায় যে-কারও মুখোমুখি হলেই ঘটতে দেখেছি, তখন তা তাঁর ভদ্র, বিনয়ী স্বভাবের কারণেই ঘটেছে মনে হয়েছে। বিশেষত, লেখালেখির সঙ্গে জড়িত সবার সঙ্গেই দেখেছি তাঁর এমনধারা আচরণ। অন্যদিকে, কোনো সাহিত্য বা অন্যবিধ সভায় তাঁকে কতই না সপ্রতিভ, সুবক্তা হিসেবে দেখে মুগ্ধ হয়েছি।অপরিচিত একজন তরুণ কবি তার প্রথম কবিতার বইটি নিয়ে তাঁর দৈনিক বাংলার অফিসে তাঁকে পৌঁছে দিতে গিয়ে তাঁকে না পেয়ে রেখে এসেছিল, কয়েক দিন পরে সে বইটির প্রশংসা করে তিনি তাঁর এক কলামে লিখেছিলেন বেশ কয়েকটি লাইন। তাঁর মতো খ্যাতিমান আর কোনো কবি এমনটা করতে পারেন বলে আমি জানি না। কারও কোনো একটি লেখা ভালো লাগল, তাঁকে অমনি ফোন করে সে কথা জানিয়েছেন, এমন বেশ কিছু ঘটনার কথা আমরা জেনেছি। পাশাপাশি অবশ্য এুমন ঘটনাও ঘটেছে যে যাঁরা তাঁদের বই নিয়ে লেখা নিয়ে রাহমান ভাইকে কিছু লিখতে অনুরোধ জানিয়েছেন তাঁদেরই কথা লিখেছেন তিনি, অন্যদের কথা ভুলে গেছেন। এমন দু-চারটি ঘটনার মূলে হয়তো ছিল তাঁর বয়স এবং রোগশোক বেড়ে যাওয়া।অনেক দিন পরপর তাঁর বাসায় যাওয়া হতো। আমার ধারণা ছিল, এত নামী কবি, যাঁকে অভিহিত করা হতো ‘দেশের প্রধান কবি’ বলে, নিশ্চয় তিনি সর্বদা ভক্ত-পরিবৃত হয়ে থাকেন। কিন্তু যে কয়বার গিয়েছি তাঁর বাসায়, ভিড় দেখিনি। একবার পেলাম কথাশিল্পী রশীদ করীমকে। গল্প হচ্ছিল। কুশলাদি বিনিময়ের পর বললাম, ‘রাহমান ভাই, ফোন করি না ব্যস্ত থাকেন ভেবে। কালকের কবিতাটি ভালো লেগেছে। জানাতাম কিন্তু ভাবলাম এত এত লোক জানিয়েছে যে...’,আমাকে ঝটিতি থামিয়ে দিয়ে রশীদ করীম বললেন, ‘না না না, কেউ ফোন করে না, কেউ কিছু জানায় না।’এটাও তাহলে বাস্তবতা!শেষের দিকটায় রাহমান ভাইয়ের সঙ্গে যোগাযোগ বাড়ছিল। একদিন গিয়ে অনেক দিন ধরে খুঁজে ফেরা ইউজিন ইয়েনেস্কোর বই নোটস কাউন্টারনোটস দেখে আমি তো মহা উত্তেজিত। বললাম, ‘এ বইটা আমার পড়তে হবে রাহমান ভাই। খুঁজছি অনেক দিন ধরে।’অবলীলায় বললেন, ‘নিয়ে যান না।’আমি তো হতবাক। বই হারানোর ব্যাপারে এমন তিক্ত অভিজ্ঞতা আমার যে না-কাউকে পড়তে দিতে চাই, না-কারও কাছ থেকে পড়ার জন্য চাই। আমি বললাম, ‘না, বই নিয়ে রাখব না বাসায়, আপনারও কাজে লাগবে। আজই ফটোকপি করে কাল আপনাকে ফেরত দেব।’ লোকেরা শুনলে মারবে, কিন্তু জীবনের অ্যাবসার্ডিটিতে বা অসংগতিতে আমার খুব বিশ্বাস। প্রায় ছোটবেলা থেকেই। এ ব্যাপারটি নিয়ে একদিন তাঁর সঙ্গে কথা বলে যতটা কমিউনিকেশন বা বোঝাবুঝি হয়েছিল আর কারও সঙ্গে তা হয়েছে বলে মনে হয় না।তাঁর জীবদ্দশায় কবি শামসুর রাহমান দেশটির টালমাটাল অবস্থাই দেখে গেছেন। স্বস্তি পাওয়ার কোনো কারণ ছিল না। ধর্মান্ধ জঙ্গিরা চেয়েছিল তাঁকে খুন করতে, কোনোভাবে বেঁচে গেছেন। এসব ভাবলে মনে হয়, চলে গিয়েও বেঁচেই গেছেন তিনি। প্রগতিবাদী তাঁর বিরুদ্ধে জমায়েত হচ্ছিল অন্ধকারের জীবেরা। আজকের লড়াকু তরুণদের সঙ্গী হয়ে তিনি নিশ্চয়ই বেঁচে উঠবেন আবার।সম্প্রতি তাঁর জীবনের অন্য একটা দিকের পরিচয় পেয়ে বেশ লেগেছে। কিছুদিন আগে শিল্পী নাসির আলী মামুন তাঁর একটি লেখায় শামসুর রাহমানের আমেরিকা-ভ্রমণের কিছু বিবরণ দিয়েছেন। সেখানে একটি ঘরোয়া সভায় দেওয়া তাঁর ভাষণটি ছিল মজার। সমবেত শ্রোতা-দর্শকেরা তাঁর প্রেমের অভিজ্ঞতার কথা শুনতে চেয়েছিলেন। একটুও অপ্রস্তুত না হয়ে তিনি যতটা সম্ভব শুনিয়েছিলেন। তাতে বোঝা গেছে, কবি পাবলো নেরুদার মতো না হলেও তাঁর জীবনে ভালোই প্রেমের অভিজ্ঞতা হয়েছে এবং তা তাঁকে যথেষ্ট সমৃদ্ধ করেছে। আমরাও পেয়েছি অনেক প্রেমের কবিতা পাঠের সুখ। মামুনের ওই লেখাটি সত্যিই খুব কৌতূহলোদ্দীপক। শামসুর রাহমান যে কত ভালোভাবে, কত বুদ্ধিমত্তার সঙ্গে তাঁর বক্তব্য পেশ করতে পারেন মামুনের ওই লেখায় তার নিদর্শন আমরা দেখতে পাই। এসব পড়ে শামসুর রাহমানের সব লেখাই আবার আমাদের পড়ে দেখতে ইচ্ছা হবে বলে আমার মনে হতে থাকে।