প্রথম আলো এ বছর প্রথমবারের মতো একজন লেখকের মৃত্যু-পরবর্তী সময়ে প্রকাশিত বইকে বর্ষসেরা বইয়ের পুরস্কার প্রদান করেছেন। এ জন্য প্রথমেই আমি আমার ও আমাদের পরিবারের সব সদস্যের পক্ষে প্রথম আলো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।শহীদুল হক, মানে কথাসাহিত্যিক শহীদুল জহির আমার অগ্রজ। তাঁর শৈশবের কয়েকটি বছর কেটেছে পুরান ঢাকার ভূতের গলিতে, যার পোশাকি নাম ভজহরি সাহা স্ট্রিট। মাত্র কয়েক বছর হলেও এই ভূতের গলি শহীদ ভাইয়ের লেখায় এসেছে প্রবলভাবে। আসলে শহীদ ভাইয়ের গল্প-উপন্যাসের স্থানগুলি তাঁর জীবনের সঙ্গে জড়িত। তিনি একদা সেসব স্থানে ছিলেন। রচনার পাত্রপাত্রীদের নামও তিনি নিয়েছেন তাঁর চেনা মানুষজনের নাম থেকে। ফলে ভূতের গলির ফখরুল আলম লেদু থেকে শুরু করে সাতকানিয়ার গোলাম ফেরদৌস কাসেম, অথবা এসবি জুয়েলার্সের জ্যোতিভূষণ—সবই বাস্তব চরিত্র। তিনি তাঁর পিতা নুরুল হক, মাতা রুনু, মাতামহ, আমলাপাড়ার আজীমউদ্দিন সবার নামই তাঁর লেখায় ব্যবহার করেছেন। এক অর্থে তাঁর সাহিত্যকর্মের সঙ্গে এঁদেরও তিনি বিস্মৃতির কবল থেকে রক্ষা করেছেন।শহীদুল জহিরের যাঁরা কাছের লোক, তাঁরা সহজেই তাঁর গল্প-উপন্যাস থেকে বের করে নিতে পারবেন কেমন ছিল তাঁর ভূতের গলির বাসা বা কেমন ছিল তাঁর দাদা-নানার বাড়ি অথবা নয়াটোলায় তাঁর সর্বশেষ আবাস। ভূতের গলির কেরোসিনের ল্যাম্পপোস্টের গল্প অথবা সাদমন আলী কন্ট্রাক্টরের বাসাও ছিল একেবারে বাস্তব। এখানে একটা কথা বলে রাখি, সাদমন আলী কন্ট্রাক্টরের ৩৬ নং ভূতের গলির বাসাটিই ছিল শহীদুল জহিরের, অর্থাত্ আমাদের বাসা। আমরা এখান থেকে ফুলবাড়িয়া চলে যাওয়ার পর চুনসুরকির পুরানো দালানটি ভেঙে দোতলা চকমিলান দালানটি তৈরি হয়েছে। এখন আছে শুধু পুরোনো দালানটির স্মৃতি।শহীদ ভাই আজ নেই, তাঁর স্মৃতিটুকুই এখন শুধু আছে। আর আছে তাঁর সাহিত্যকর্ম। তিনি লিখেছেন খুব কম। ফলে মৃত্যুর পর প্রকাশকেরা যখন তাঁর লেখার খোঁজ নিচ্ছিলেন, প্রকাশ করার জন্য নতুন কোনো লেখাই আমি খুঁজে পাচ্ছিলাম না। কাগজপত্রের মধ্যে তাঁর প্রথম দিকের কয়েকটি লেখা পেয়েছিলাম, যেগুলো ডিটেকটিভ ও সাপ্তাহিক পূর্বাণীর ঈদসংখ্যায় প্রকাশিত হয়েছিল। শহীদ ভাই নিজেই পরে সেগুলো বই হিসাবে প্রকাশ করতে আগ্রহী হননি। সেসবের মধ্যেই পেয়ে যাই আবু ইব্রাহীমের মৃত্যু। লেখাটি প্রকাশিত হয়েছিল ১৯৯১ সালে, নিপুণ পত্রিকার ঈদসংখ্যায়। লেখাটি পড়ে ভালো লাগল। পাণ্ডুলিপি থেকে আমার অফিসের কম্পিউটার অপারেটরকে দিয়ে টাইপ করাই। প্রকাশনা সংস্থা মাওলা ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী আহমেদ মাহমুদুল হক বইটি প্রকাশ করতে আগ্রহ দেখান। সবার আন্তরিকতায় ২০০৯-এর একুশে বইমেলায় বইটি প্রকাশিত হলো।পরবর্তী প্রতিক্রিয়া আপনাদের সবারই জানা। বইটি পাঠকপ্রিয়তা পেয়েছে। এবার এটি পেল সৃজনশীল শাখায় ‘প্রথম আলো বর্ষসেরা বই’য়ের পুরস্কার। এ পুরস্কার শহীদ ভাইয়ের জন্য একটা বড় অর্জন, আর আমাদের সবার জন্য এটি গর্বের।আমি মনে করি, শহীদুল হক আমার অগ্রজ, আর শহীদুল জহির সবার। আর সবার মতো আমিও তাঁর একজন অনুরাগী পাঠক। শহীদুল জহির তাঁর সাহিত্যকর্মে চিরদিন বেঁচে থাকুক, এই কামনা করে আমাদের পরিবারের পক্ষ থেকে প্রথম আলোকে ধন্যবাদ জানাচ্ছি।হাবিবুল হক: শহীদুল জহিরের অনুজ