তাঁর নিমগ্ন সাহিত্যিক সত্তা

রাবেয়া খাতুন আশিতে পড়লেন। এর মধ্যে ৬০ বছর ধরে তিনি সাহিত্য সৃষ্টিতে সক্রিয়। সাহিত্যই তাঁর জীবনসংগ্রামের প্রধান ক্ষেত্র। তিনি যখন লিখতে শুরু করেছিলেন, তখনো আমাদের ঢাকাকেন্দ্রিক জীবনযাত্রার কথাসাহিত্য গড়ে ওঠেনি। বাংলাদেশের কৃষি অধ্যুষিত জীবনযাত্রা থেকে উঠে আসা গ্রাম প্রভাবিত নাগরিক মধ্যবিত্তের জীবনধারা পায়নি যথেষ্ট পরিসর। কেবল কৃষি নয়, কৃষিঘনিষ্ঠ সামগ্রিক জীবনযাত্রায় ১৯৪৭-এর রাজৈনতিক পটভূমিকা একটা বড় অভিঘাত সৃষ্টি করেছিল। সংগত কারণেই সাহিত্যেও তাঁর প্রতিফলনের প্রত্যাশা সৃষ্টি হচ্ছিল বাংলাদেশের সম্প্রসারমাণ মধ্যবিত্তের মনোজগতে। রাবেয়া খাতুন সেই প্রজন্মের সাহিত্যিক প্রতিনিধি যে প্রজন্ম প্রায় ঊষর মরুভূমিতে সৃষ্টি করে চলেছেন সেই আধুনিক জীবন জিজ্ঞাসার সাহিত্য। বাংলাদেশের সাহিত্যে এই দিক থেকে তো রাবেয়া খাতুনের গুরুত্ব আছেই, আরও যে দিক থেকে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ সেটা হলো, নারী হিসেবে তিনি যতটা প্রতিকূলের যাত্রী, ততটা প্রতিকূলতাকে ঠেলে এত দীর্ঘ সময় ধরে সাহিত্যে তাঁর সক্রিয়তা। সৃজনশীলতার আকাঙ্ক্ষাকে এতটা দীর্ঘ সময় ধরে বাঁচিয়ে রেখেও তিনি বাংলাদেশের সাহিত্যের অঙ্গনকে জুগিয়েছেন শক্তি।
নারী হিসেবে তাঁকে সংগ্রাম করতে হয়েছে বলেই তিনি আবার নারীবাদী খণ্ডিত দৃষ্টিতে জীবনকে দেখেননি। কারণ, তাঁর জীবনদৃষ্টি সমগ্র অর্থে মানবিকতারই আকাঙ্ক্ষী। নারীর সংগ্রামও তাঁর চোখে মানবিকতারই সংগ্রাম। তবে এই সংগ্রাম নারীগত অবস্থান থেকে সামগ্রিক অর্থে মানবিকতার।
মধ্যবিত্ত জীবনের বিকাশমানতার বিচিত্র তলকে তিনি তুলে আনেন তাঁর কথাসাহিত্যে। বিকাশমান বুর্জোয়া আধুনিকতা বাংলাদেশের তাঁতিদের জীবনযাত্রাকে যে সংকটে ফেলে দিয়েছিল তার সমাজগত রূপের প্রতিফলন ঘটিয়ে লেখা মধুমতী উপন্যাস দিয়ে ঘটেছিল তাঁর ঔপন্যাসিক সত্তার অভিষেক।
অনন্ত অন্বেষা উপন্যাস রচিত হয়েছিল বিমানের একজন স্টুয়ার্ডকে নিয়ে। এখানে তিনি উন্মোচন করলেন ব্যক্তির নবতর সংকটকে। পুরান ঢাকার আদি বাসিন্দাদের সাংস্কৃতিক অবস্থানে আধুনিকতা অভিমুখী ব্যক্তির নাজুকতাকে নিয়ে লেখেন উপন্যাস বায়ান্নো গলির এক গলি। কিংবা মোহর আলী লেখেন বিলীয়মান কবিরাজি পেশার সংকটাপন্ন ব্যক্তিকে নিয়ে। স্বাধীনতা-উত্তরকালে ফেরারী সূর্য বা বাগানের নাম মালনিছড়া লেখেন মুক্তিযুদ্ধের পটভূমিকায়। অর্থাৎ বাংলাদেশের নানা সমাজ পরিপ্রেক্ষিতে ব্যক্তির ভঙ্গুর অবস্থাকে তিনি মূর্ত করে তোলেন একের পর এক উপন্যাসে।
ছোটগল্পের শিল্পরূপে তিনি ব্যক্তির কত না খণ্ডরূপকে তুলে আনেন! তাঁর ছোটগল্পের মনোযোগী পাঠ ও বিশ্লেষণের দেখা পাওয়া যায়নি বলে তিনি যথার্থভাবে এখনো শনাক্ত হননি। তাঁর লেখনীতে গত ৬০ বছরের মধ্যবিত্তীয় সমাজ মনস্তত্ত্বকে পাওয়া যাবে অন্তরঙ্গ রূপে।
শিশুসাহিত্যের অঙ্গনেও তিনি বিচরণ করেন যুগপৎ দায়িত্বশীলতা ও কল্পনাশীলতা নিয়ে। শিশুসাহিত্যেও তাঁকে দেখা যায় আধুনিক জীবনচেতনার পরিবাহী হতে। স্বাদেশিকতা বাংলা শিশুসাহিত্যের অন্যতম প্রবল কাঙ্ক্ষিত অনুষঙ্গ। রাবেয়া খাতুনের দৃষ্টি সেদিকে তীক্ষ্ণ। তাঁর রূপকথায় পাওয়া যায় লোকায়তিকতার ঘ্রাণ।
তাঁর গল্প-উপন্যাস পাঠ করতে করতে অনুভব করা যায়, জীবনকে নির্মোহ দৃষ্টিতে দেখার সাধনা করেন তিনি। আরও মনে হয়, সাহিত্যে নিজের ভুবন সৃষ্টি করতে হলে যে ধ্যাননিমগ্ন সত্তাকে লালন করতে হয়, রাবেয়া খাতুন তা করে চলেছেন এখনো।