তাঁর স্মৃতি
গুলি করে মেরে ফেলতে চেয়েছিল তারা লোকটিকে। দৈহিকভাবে ১৯৬৮ সালের ৪ এপ্রিল মার্টিন লুথার কিং মারাও গেছেন। কিন্তু তাতে বঞ্চিত মানুষের জন্য কিংয়ের লড়াই, লড়াইয়ের অস্ত্র হিসেবে তাঁর অহিংসা মরেনি। কিংয়ের কাজ ও দর্শনকে দুনিয়াজুড়ে অনেক মানুষ নিজের কাজের ভেতর দিয়ে অমর করে রেখেছে। তেমনই অমর করে রাখা হয়েছে মার্টিন লুথার কিংয়ের জন্মস্থান। শুধু জন্মস্থানটি নয়, জর্জিয়া প্রদেশের আটলান্টা জেলায় যে সড়কটিতে তাঁর বাড়ি ছিল, সেই এলাকাটিই সংরক্ষণ করে ফেলেছে যুক্তরাষ্ট্র সরকার। এলাকাটির নাম এখন ‘মার্টিন লুথার কিং জুনিয়র ন্যাশনাল হিস্টোরিক সাইট’। যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল পার্ক সার্ভিসের’ নিয়ন্ত্রণ ও দেখভালে প্রায় ৩৫ একরের জায়গা সংরক্ষণ করা হয়েছে। পুরো এলাকার আকর্ষণের কেন্দ্রে নিশ্চয়ই মার্টিন লুথার কিংয়ের জন্মস্থান। ৫০১ আউবার্ন এভিনিউয়ের এই বাড়িটি ছিল আসলে কিংয়ের নানার। বিয়ের পর ১৯২৬ সালে এই বাড়িতে বাস করতে শুরু করেন কিংয়ের বাবা মার্টিন লুথার কিং সিনিয়র। ১৯৪১ সাল পর্যন্ত এই বাড়িতেই ছিলেন কিংয়েরা। এখন ভ্রমণার্থীদের বাড়িটি বিনা মূল্যে ঘুরে দেখার সুযোগ দেয় কর্তৃপক্ষ। দোতলা বাড়ির নিচতলায় আছে সামনের বারান্দা, অভ্যর্থনা কক্ষ, পড়ার ঘর, খাবার ঘর, রান্নাঘর, লন্ড্রি, একটি শোয়ার ঘর ও একটি বাথরুম। দোতলায় চারটি শোয়ার ঘর ও একটি বাথরুম। এলাকার মধ্যে আছে ‘এবিনেজার ব্যাপ্টিস্ট চার্চ’। এই চার্চে অভিষেক হয়েছিল মার্টিন লুথার কিংয়ের। এ ছাড়া কিংয়ের ভুবনকাঁপানো ‘আমার একটি স্বপ্ন আছে’ বক্তৃতার নামে গড়ে তোলা হয়েছে ‘ইন্টারন্যাশনাল পিস রোজ গার্ডেন’। আছে অহিংসবাদের প্রচারক মহাত্মা গান্ধীর একটি মূর্তি। মহাত্মা গান্ধীর এই মূর্তিটি কিংয়ের এই ঐতিহাসিক এলাকাকে দান করেছে ইন্ডিয়ান কাউন্সিল। ২০০৪ সালে ন্যাশনাল পার্ক সার্ভিস ‘আন্তর্জাতিক সিভিল রাইটস ওয়াক অব ফেম’ চালু করে। বিশ্বজুড়ে মানবতার জন্য লড়াকুদের স্বীকৃতিস্বরূপ এই ‘ওয়াক অব ফেমে’ অন্তর্ভুক্ত করা হয়। আক্ষরিক অর্থেই এখানে গ্রানাইট ও ব্রোঞ্জে তাঁদের পায়ের ছাপ রাখা হয়। মার্টিন লুথার কিং ঐতিহাসিক এলাকার সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে ‘কিং সেন্টার’। কিংকে হত্যা করার পরের বছর তাঁর স্ত্রী কোরেটা ‘কিং সেন্টার’ নামে নিজেদের বাড়ির নিচতলায় একটি জাদুঘরের মতো গড়ে তোলেন। অহিংসার মাধ্যমে সমাজ বদলের উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করা কিং সেন্টারকে ১৯৮১ সালে আউবার্ন এভিনিউতে কিংয়ের ছোটবেলার বাড়ির কাছে নিয়ে আসা হয়। ইন্টারনেট অবলম্বনে দেবব্রত মুখোপাধ্যায়