তারিক আলীকে প্রথম দেখি ১৯৬৯ সালে ঢাকায়, আইয়ুববিরোধী গণ-অভ্যুত্থানের উত্তাল সময়ে। তারিক তখন অক্সফোর্ডের নামজাদা বামপন্থী ছাত্রনেতা, তুখোড় তার্কিক। ভিয়েতনাম যুদ্ধবিরোধী আন্দোলনের প্রথম সারির নেতা হিসেবে পৃথিবীর এ কোনা থেকে সে কোনা চষে বেড়াচ্ছেন। আইয়ুববিরোধী আন্দোলনের সূচনা পশ্চিম পাকিস্তানে, দ্রুত তা পূর্ব পাকিস্তানেও ছড়িয়ে পড়ে। সে আন্দোলনে শরিক হতে তারিক লন্ডন থেকে ছুটে এসেছিলেন, প্রথমে রাওয়ালপিন্ডি, তারপর ঢাকায়।আমি তখন স্কুলের ছাত্র। মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সেদিন লোকে লোকারণ্য। সবাই এসেছে তারিক আলীর ভাষণ শুনতে। শুরু করলেন উর্দুতে। আমরা সবাই তারস্বরে চেঁচিয়ে উঠলাম, ইংরেজিতে বলুন। বোধ হয় ঘণ্টাখানেক বক্তব্য দিয়েছিলেন। আইয়ুববিরোধী, সেনা অভ্যুত্থানবিরোধী তাঁর ভাষণের মোদ্দা কথা ছিল, সীমিত আকারের অটোনমির জন্য যে আন্দোলন বাঙালিরা করছে, সেনাকর্তারা তা কখনোই মেনে নেবেন না। পরে তাঁর স্মৃতিকথা, স্ট্রিট-ফাইটিং ইয়ার্স-এ তারিক সে ঘটনার কথা স্মরণ করে লিখেছেন, নিজ ভাষণে তিনি নাকি বলেছিলেন, স্বাধীনতা ছাড়া বাঙালিদের মুক্তির অন্য কোনো পথ নেই। সেবার শেখ মুজিবের সঙ্গেও তারিক আলী সাক্ষাৎ করেছিলেন। বঙ্গবন্ধুর তিনি নাম দিয়েছিলেন চিয়াং কাই শেক। চীনা বিপ্লবে মাও-চিয়াং কাই শেক ভিন্ন ভিন্ন ফ্রন্টে লড়েছিলেন, একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে। আলীর এই নামকরণ তাঁর কানে গেলে বঙ্গবন্ধু নাকি মৃদু হেসে বলেছিলেন, ‘এ দেশে তোমাদের, মানে বামপন্থীদের নিয়ে সমস্যা হলো, তোমাদের নিজেদের কোনো মাও নেই।’সেই তারিক আলী গত সপ্তাহে নিউইয়র্কের এশিয়া সোসাইটিতে এসেছিলেন তাঁর নতুন বই দি ওবামা সিনড্রম নিয়ে কথা বলতে। ঘরভর্তি লোক দেখে বিস্মিত হলাম। এই পুরোনো ট্রটস্কিপন্থী ‘পেশাদার বিপ্লবীর’ কথা শুনতে এখনো লোকের অভাব হয় না। তারিকের বয়স এখন ৬৭, কিন্তু দেখতে এখনো শক্ত-সবল। মাথাভর্তি কাঁচা-পাকা চুল, গোঁফজোড়া এখনো নাকজুড়ে, তবে তার অনেকটাই ধূসর। কিন্তু কথাবার্তায় তিনি এখনো আগের মতো রাগী, ভিন্নমতাবলম্বী, দুর্বিনীত। তাঁর নতুন বই ওবামা সিনড্র্রম-এর মোদ্দা কথা, ওবামা আর বুশের মধ্যে কোনো তফাৎ নেই। বুশ দেশের ভেতরে ও বাইরে যে নীতি অনুসরণ করেছেন, ওবামা তা-ই বহাল রেখেছেন, ঘরে ও বাইরে উভয় স্থানেই। বুশ ‘বিগ বিজনেস’-এর পোষা গোলাম ছিলেন, ওবামাও তা-ই। ওয়াল স্ট্রিটের কাছে তিনিও একই রকম হাত বাঁধা। ওবামার নির্বাচনী প্রচারণায় সবচেয়ে বেশি অর্থের জোগান তারাই দিয়েছে। প্রতিদান হিসেবে ওবামা সরকারি পয়সায় ব্যক্তিমালিকানাধীন প্রায় লালবাতি জ্বলা ব্যাংক ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান উদ্ধার করতে কোটি কোটি ডলার ব্যয় করেছেন। সর্বজনীন স্বাস্থ্যবিমা চালুর একটা অপূর্ব সুযোগ পেয়েছিলেন, তা কাজে না লাগিয়ে তিনি এমন এক স্বাস্থ্যবিমা আইন পাস করেছেন, যাতে ধনী-গরিব কারোরই কোনো লাভ হবে না। লাভ শুধু বিমা কোম্পানিগুলোর। অর্থনৈতিক মন্দাবস্থার মুখে ব্যাংক ও আর্থিক খাতে লেনদেন নিয়ন্ত্রণের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছিল। সে সুযোগও কাজে লাগালেন না। যে আইন কংগ্রেসে পাস হয়েছে, তাতে আর যা-ই হোক, ওয়াল স্ট্রিটের ঘোড়া সামলানো যাবে না।তারিকের সবচেয়ে বেশি আপত্তি ওবামার বৈদেশিক নীতি নিয়ে। যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসীন হয়েছেন। তাঁর সেই উত্থান সারা বিশ্বে কী আশারই না সঞ্চার করেছিল। কিন্তু এ পর্যন্ত ইরাক থেকে আফগানিস্তান, সর্বত্র তিনি যা করেছেন, তা শুধু বুশের আগ্রাসী নীতি অব্যাহত রাখা। কোনো কোনো ক্ষেত্রে বুশকেও তিনি ছাড়িয়ে গেছেন। যেমন, চালকবিহীন ড্রোন আক্রমণ। বুশ তাঁর ১০ বছরে যতগুলো ড্রোন আক্রমণ শাণিয়ে ছিলেন, ওবামা তাঁর দেড় বছরেই সে সংখ্যা বহুগুণে ছাড়িয়ে গেছেন। সবচেয়ে যা ভয়ের কথা, তা হলো এই ড্রোন আক্রমণে যাদের মারা যাওয়ার কথা, তারা মরছে না, মরছে নিরীহ মানুষ। ফলে আফগানিস্তান, পাকিস্তান বা ইয়েমেন—সর্বত্রই মার্কিনবিরোধী মনোভাব চাঙা হচ্ছে।তারিক আলীর বইটি আমি পড়িনি, ফলে কী তথ্য-উপাত্ত ব্যবহার করে তিনি এমন সব ঢালাও উপসংহারে পৌঁছালেন, তা আমার পক্ষে বলা মুশকিল। এশিয়া সোসাইটিতে আমাদের যা বললেন, এ দেশের বা বিদেশের বামপন্থীদের মুখে সেসব কথা হরহামেশাই শোনা যায়। ওবামার নির্বাচনে জয়ের পর এ দেশে যে প্রবল রকম ডানপন্থী প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তথাকথিত ‘টি-পার্টি’ আন্দোলন, যার ফসল—সেখানে ওবামা কীভাবে সত্যিকারের ‘প্রগ্রেসিভ’ রাজনৈতিক এজেন্ডা বিভক্ত ও দুর্বল কংগ্রেসকে এড়িয়ে বাস্তবায়ন করতে পারতেন, তা বোঝা গেল না। আফগানিস্তান থেকে কাল যদি মার্কিন সেনা প্রত্যাহার করা হয়, সেখানে তালেবানি শাসন কীভাবে ঠেকানো যাবে, তারও কোনো বুদ্ধি তিনি বাতলালেন না। মোটের ওপর তাঁর কথা শুনে আমার অনেকটা দেশি-বিদেশি কলাম লেখকদের কথা মনে পড়ল। কী করা উচিত, কী করলে দেশ এগোবে, তার সবই এসব কলাম লেখকের নখদর্পণে, কিন্তু কীভাবে তাঁদের বাতলানো প্রেসক্রিপশন বাস্তবায়িত হবে, সে কথার ধারেকাছেও তাঁরা নেই। (কবুল করছি, এই কলাম লেখকও তার ব্যতিক্রম নন)।তারিক তাঁর সবচেয়ে কঠোর মন্তব্য জমা করে রেখেছিলেন নিজের দেশ পাকিস্তান সম্বন্ধে। সে দেশের অব্যাহত দুর্নীতির কথা বললেন, সামরিক বাহিনীর দৌরাত্ম্যের কথা বললেন, সর্বনাশা বন্যায় বানভাসি মানুষের দুর্দশার কথা বললেন। তাঁর গলা ক্রমেই চড়ছিল। শুধু সমালোচনা নয়, একধরনের নির্বীজ ঘৃণাও দেখলাম সে কণ্ঠে। ৬০ বছর পেরিয়ে গেছে, অথচ এখনো পাকিস্তান তার দেশের মানুষের জন্য একদম মৌলিক চাহিদা পূরণ হয়, এমন সামাজিক-আর্থিক অবকাঠামো গড়ে তুলতে পারল না। শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে, স্বাস্থ্য-ব্যবস্থা বলে কিছু কখনো ছিল না, এখনো নেই। রাজনৈতিক-ব্যবস্থায় জনগণের অংশগ্রহণের সুযোগ এখনো অত্যন্ত সীমিত। এ অবস্থায় একটা বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন না এলে দেশটা টিকবে না। তারিক আলী ফয়েজ আহমেদ ফয়েজের কবিতা থেকে দুই লাইন আওড়ালেন: ‘আমার দেশ এখন মৃতপত্রের অরণ্য, আমার দেশ এখন বেদনার মিছিল।’তারিক আলী বলেন, ভালো, পাক্কা অক্সফোর্ড উচ্চারণ, ফলে শুনতে ভালোই লাগে। কিন্তু তাঁর মতো ‘পেশাদারি বিপ্লবী’কে নিয়ে সমস্যা হলো, কথা বেচে খাওয়া ছাড়া অন্য কিছু তিনি জানেন না। ৪০-৪৫ বছর ধরে তিনি একই মন্ত্র জপে যাচ্ছেন। এখনো অপেক্ষায় আছেন এক মহা বিপ্লবের। একসময় চীনকে নিয়ে খুব স্বপ্ন দেখেছিলেন। সেই চীন এখন পুঁজিবাদী। এরপর নিজের সব ডিম রাখলেন কিউবা ও নিকারাগুয়ার টুপিতে। নিকারাগুয়ায় সান্দিনিস্তা বিপ্লব অনেক আগেই মুখ থুবড়ে পড়েছে, আর কিউবা গত সপ্তাহে ঘোষণা করেছে, আগামী বছর থেকে তারা পাঁচ লাখ সরকারি চাকরিজীবীর চাকরি বেসরকারি খাতে ছেড়ে দেবে। অর্থাৎ, সমাজতন্ত্রের পথ ছেড়ে সেও ধনতন্ত্রের পথে এগোবে। বাকি থাকল এক ভেনেজুয়েলা ও তার ‘টিনপট ডিক্টেটর’ শাভেজ। এক হাতে তেলের নল, অন্য হাতে বন্দুক, এই যদি হয় বিপ্লব, তাহলে তা নিয়ে উৎসাহী হওয়ার খুব বেশি কিছু আছে বলে মনে হয় না।আমি তারিক আলীকে দেখি আর ভাবি, একসময় এই সব মানুষের চোখ দিয়ে দেখে আমরা পরিবর্তনের স্বপ্ন দেখেছিলাম। পৃথিবী বদলায়নি, পরিবর্তনের সে স্বপ্নও অর্জিত হয়নি। সবচেয়ে বিস্ময়ের কথা, আজীবন বিপ্লবী তারিক আলীও বদলাননি। এখনো তাঁর চোখে স্বপ্নের কোমল-কঠোর হাতছানি।২০ সেপ্টেম্বর ২০১০নিউইয়র্ক