তারুণ্যের পদাবলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরদৌস মাহমুদ

আগামীর শাসক

তিনি একজন কেউ না। তাঁকে জিজ্ঞেস করি, কারওয়ান বাজারের ১ কেজির বাটখারার ওজন মগবাজারের বাটখারার চেয়ে কম কেন? তিনি বসে যান ওল্ড টেস্টামেন্টের কমা, দাড়ি, সেমিকোলন গুনতে।

লোহায় ঘুণ ধরে, সোনায় জং পড়ে, গরু ঢুকে যায় পাখির খাঁচায়, প্রস্টিটিউট পায় সুপাত্রীর খেতাব। ১৭ কোটি যাত্রী নিয়ে বারমুডা ট্রায়াঙ্গেলে হারায় বাংলার

জাহাজ! তিনি দাড়ি-কমা-সেমিকোলন গুনতে গুনতে হঠাৎ ভুলে যান কত পর্যন্ত গুনেছিলেন।

তাঁকে খবর দিই, আগামী বসন্তে দেশের প্রেসিডেন্ট হবেন এক টেস্টটিউব মানব। তিনি সেই গ্রাম থেকে উঠে আসবেন, মিসাইলের হামলায় যে গ্রাম হয়ে গিয়েছিল জনশূন্য। তাঁর উপস্থিতিতেই জনশূন্য গ্রামে একটি টিকটিকি ডিম পাড়বে আর সেই ডিম থেকে বেরিয়ে আসবে ডাইনোসর।

তিনি ওল্ড টেস্টামেন্ট একপাশে রেখে দিয়ে বললেন, আগামী পৃথিবী শাসন করবে তারা, যারা আসলে কেউ না!

ইমরান মাঝি

বন্দনা

পুবেতে বন্দনা করি সূর্য ওঠে লাল

তারপরে বন্দনা করি শীতের সকাল।

চারিদিকে ধোঁয়া-ধোঁয়া ফোঁটা-ফোঁটা জল

ভালো এই নাড়া-কুটা ভালো যে সকল৷

তারপরে বন্দনা করি কন্যা তোমার চুল

তারপরে বন্দনা করি গাছে গাছে ফুল৷

তারপরে বন্দনা করি গাছে রসের হাঁড়ি

লতাপাতায় ঘেরা থাকে কৃষকের বাড়ি৷

তারপরে বন্দনা করি ওরে আমার মন

তারপরে বন্দনা করি কালো সুন্দরবন৷

এইখানে বন্দনা-কথা করে দিলাম ইতি

যেই কন্যার কথা কইব ভরসা জ্ঞান-স্মৃতি৷

মুয়িন পারভেজ

আপোলিনেয়ারের প্রতি

বড় গোল হয়ে যাচ্ছি, দাদা। আমার ভেতরে যেন ছাপ্পান্ন হাজার অন্ধ বেলুনের চিৎকার। আমার হাত-পা নেই, কেবল গড়িয়ে যাচ্ছি বরফের কলে আর মাংসের দোকানে। এখন বিন্তিকে নিয়ে মুখোমুখি বসতে গেলেই শীতল কফির মতো নিঃশব্দে গড়িয়ে যাচ্ছি টেবিলের নিচে। যে বিড়াল শুয়ে আছে মেঘের কার্নিশে, তার মতো গোল হয়ে যাচ্ছি কোনো রোমশ রোদ্দুরে। আমাকে তাড়িয়ে নিচ্ছে দূরে দুঃস্বপ্নের স্নাইপার, এক মরু থেকে আরেক মরুতে। বড় গোল হয়ে যাচ্ছি, দাদা। ছানায় ডুবিয়ে রাখা সূর্যাস্তের মতো; একটি পিঁপড়ে তবু সমস্ত শরীর ঘুরে এসে কিছুতেই আর খুঁজে পাচ্ছে না আমার চোখ

আল ইমরান সিদ্দিকী

মলিন প্রবাসী

কমলা আলোর কোমল বিকালে

নিস্তরঙ্গ পুকুরের জলে

শাপলা ফুল ও পাতার ওপরে

            ঝরছে কমলা কৃষ্ণচূড়ার ফুল।

ফুলের ওপর ফুল ঝরা দেখি

ফুলে ফুলে আজ এত মাখামাখি!

আলোও ঝরছে পানির ওপরে

            চূর্ণ চূর্ণ জাফরান বিলকুল!

সে-ও তো দশেক বছরেরও বেশি,

হয়ে গেছ তুমি মলিন প্রবাসী

আমরা বঙ্গে দুইবেলা খেয়ে

            বাংলা ভাষায় দু-চার কবিতা লিখি

তোমার তুষার, তোমার গাউন

তোমার শিরোপা, বিষাদ-ক্রাউন

আর যত শত খাবারের ছবি

            যতটাই পারি দূর থেকে এঁকে রাখি।

কেননা তুমি তো লিখতে পার না

ভিন ‍ভাষা ঠেলে বলতে জান না

সময় কোথায় তোমার অতটা

            আমরা এখনে জ্যামে-ঘামে বসে ভাবি

লেখার ভেতর কত কত স্মৃতি

অনুযোগে ভরা যত সম্প্রীতি—

চূর্ণ চূর্ণ জাফরান ওড়ে

            ছবির গভীরে ভাঙাচোরা কত ছবি!

হিজল জোবায়ের

পোড়া জমিন

উলঙ্গ এক শ্বেতাঙ্গ এক

বারবারিয়ান, গাইতেছে গান

—রাস্তাফারি রাস্তাফারি

স্ট্রবেরি ফল স্ট্রবেরি ফল

আয় জিহোভার জিভের আগায়,

অর্কিডের এক বন জেগেছে

—ইথিওপিয়ায় ইথিওপিয়ায়

উলঙ্গ এক শ্বেতাঙ্গিনী

কৃষ্ণে মাতেন বনমালিনী

—রাস্তাফারি রাস্তাফারি

গমের দানা, ধুম তা না না

সাঁইজি, আমার মন মানে না

পোড়া জমিন বাড়ির পাশে

ছোট্ট দেওরা হাল জুইড়াছে

—রাস্তাফারি রাস্তাফারি

ও নওফিয়া, বাতিল জমি,

কেসুর খুঁড়ে আনব আমি;

আমার ভেড়া দেইখা রাখো,

—রাস্তাফারি রাস্তাফারি

শ্বেতাঙ্গিনী, ও বোষ্টমি

একতারাতে—কৃষ্ণ নমিঃ

—পায়ে করো রাস্তা ফেরি;

গাইতেছ গান গুরুর বাখান

—রাস্তাফারি রাস্তাফারি

noname
noname

রাসেল রায়হান

দ্বিধা

অমরত্বের ওষুধ সহজলভ্য হওয়ার দীর্ঘ বছর পর যে পিতা তাঁর সর্বস্ব দিয়ে সঞ্জীবনী কিনে দিয়েছিলেন সন্তানকে, আমি তাঁদের দুজনকেই চিনি। এমনকি সেই সন্তান সবার অজ্ঞাতে যখন সেদিনই সিদ্ধান্ত নিয়ে ফেলে আত্মহত্যার (যেমন অন্যান্য আত্মহত্যার সিদ্ধান্তগুলো হয়), সেটাও আমার অজ্ঞাত ছিল না।

...শুধু এক হাতে বিষের শিশি, অন্য হাতে অমরত্বের ওষুধের শিশি নিয়ে ছেলেটির ছাদে যাওয়ার কথা জানতাম না আমি।

একটি তারা তখন তীব্র উজ্জ্বল, অন্য একটি মৃদু, মলিন।