তারুণ্যের শিল্পযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ইপসিবিলিটি অব ফাইন্ডিং ডাইভিনিটি অব আ থটফুল মাইন্ড’, শিল্পী: তানভীর জালাল
‘ইপসিবিলিটি অব ফাইন্ডিং ডাইভিনিটি অব আ থটফুল মাইন্ড’, শিল্পী: তানভীর জালাল

তারুণ্যের চোখ মানেই ভিন্ন রকম কিছু। ২০তম নবীন শিল্পী চারুকলা প্রদর্শনীর আয়োজনও ছিল খানিকটা ভিন্নতর। প্রদর্শনীর ১৮৮ জন তরুণের কাজে একদিকে যেমন উঠে এসেছে বাস্তবানুগ রীতির অঙ্কন, অন্যদিকে প্রকাশ পেয়েছে নিরীক্ষা—প্রথাগত দ্বিমাত্রিক তলে চিত্র রচনার দেয়াল পেরিয়ে তরুণেরা যুক্ত হয়েছেন বিশ্ব শিল্পকলার একেবারে সাম্প্রতিক ঘরানার সঙ্গেও। বাংলাদেশের বিভিন্ন শিল্পকলা শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিল্পী বা এর বাইরে যাঁদের বয়স অনূর্ধ্ব ৩০ বছর, এই প্রদর্শনী ছিল মূলত তাঁদের নিয়েই।
শিল্পসৃষ্টির নানা মাধ্যম—তেলরং, জলরং, অ্যাক্রিলিক, মিশ্রমাধ্যম, রঙিন সুতা, কাগজ, কাঠ, পেনসিল, লোহা, তামা, সিমেন্ট, পোড়ামাটি—শিল্পীদের কাজে দেখা গেল নানা দ্রব্যের সমাহার। স্থাপনাশিল্প, ভিডিও আর্টসহ অভিনয়কলার মাধ্যমেও কেউ কেউ প্রকাশ করেছেন তাঁদের ভাবনা।
বিভিন্ন মাধ্যমের বৈচিত্র্য ও এই আয়োজনের পুরস্কারপ্রাপ্ত কিছু কাজ আশার সঞ্চার করে। কাজগুলো দেখে একটি কথাই মনে হয়েছে বারবার, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ফর্মগুলো থেকে দূরে সরে যাননি এ প্রজন্মের শিল্পীরা। লোকজ শিল্প ও কারুকলার ঐতিহ্যবাহী রং ও আকৃতি থেকে সংগ্রহ করা অবয়বের দেখা মিলছে তাঁদের ছবিতে। এমনকি ঐতিহ্যবাহী সিনেমার ব্যানার পেইন্টিং থেকে শুরু করে রিকশাচিত্র, শখের হাঁড়ি, আলপনা, নকশিকাঁথার নকশা—কী নেই তারুণ্যের ভাবনায়? এ প্রসঙ্গে মানিক বনিকের ‘চৈত্রের সময়’ শিরোনামে ছবিটির কথা বলা যায়। অ্যাক্রিলিক মাধ্যমের এই ছবিটিতে আছে হালের প্রযুক্তিনির্ভর কথোপকথনের ভাষা। সিনেমার ব্যানার আঁকার ধরনের করা কাজটি আসলেই চমকপ্রদ।
পুরস্কারপ্রাপ্ত ছবিগুলো সম্পর্কে বলি এক্ষণে। চিত্রকলায় শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া তানভীর জালালের আঁকা ‘ইপসিবিলিটি অব ফাইন্ডিং ডাইভিনিটি অব আ থটফুল মাইন্ড’ বাস্তবধর্মী ধারায় অঙ্কিত। এখানে দুটি হাত মুখোমুখি রেখে নিজের চিন্তার ভগ্নদশা প্রকাশ করেছেন শিল্পী। তবে ছবিটি তেলরঙে আঁকা হলেও করণপদ্ধতিতে তা প্রকাশিত হয়নি।
ছাপচিত্র মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া ফখরুল ইসলাম মজুমদারের ‘সময় ও বাস্তবতা’ শিরোনামের কাজটি কাঠখোদাই করে পাঁচ রঙে ছাপ নেওয়া। ১০টি জ্যামিতিক আকৃতির ভেতর থেকে ছবির জমিন আলাদা করে দিয়েছে সাদা রেখা। কিন্তু এই জ্যামিতিক আকৃতির ভেতরে আছে মানুষের হাত। হাতগুলো যেন আহ্বান জানাচ্ছে মুক্ত মানুষকে। সব মিলিয়ে কাজটির মধ্যে পাওয়া যায় একধরনের নান্দনিকতার ছাপ।
এ ছাড়া চারুকলার ক্ষেত্রে নবীন শিল্পী পুরস্কার পাওয়া সইয়দ তারেক রহমানের কাজে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল বিশালতা। কিন্তু নির্দিষ্ট উচ্চতার বাইরে যাওয়ায় শিল্পকর্মটি দেখতে অসুবিধাজনক মনে হয়েছে। ‘ট্রান্সফরমেশন-৪’ শীর্ষক এই স্থাপনাশিল্পে চলমান বাস্তবতার প্রতিরূপ হিসেবে প্রযুক্তি ও মানুষের সম্পর্ককে চিহ্নিত করেছেন শিল্পী। প্রতিনিয়ত যান্ত্রিক হয়ে উঠছে মানুষ, হয়ে উঠছে একক ও স্বার্থপর—কাজের মূল কথাটি এমনই। এখানে কাঠের সাহায্যে জ্যামিতিক আকৃতি তৈরি করেছেন তারেক। তাঁর স্থাপনাশিল্পে ব্যবহৃত আলো ও জ্যামিতিক বিন্যাস সত্যিই মনোমুগ্ধকর।
পুরো প্রদর্শনীর শিল্পকর্মগুলো তিনটি ধারায় চিহ্নিত করা যায়। একেবারে বাস্তবধর্মী, বিমূর্ত এবং বাস্তব ও বিমূর্ততার মিশেলে গড়া। প্রদর্শনীতে চিত্রকলা, ছাপচিত্র, কারুশিল্প, সিরামিকস, ভাস্কর্য, স্থাপনাশিল্প, ভিডিও চিত্রসহ মিশ্রমাধ্যমের কাজে চারটি সম্মানসূচক পুরস্কারের সঙ্গে ছিল তিনটি পুরস্কার ও একটি নবীন শিল্পী পুরস্কার।
পুরস্কৃত কয়েকটি কাজের কথা তো বলা হলোই। এখন আরও কয়েকটি ছবি প্রসঙ্গে বলি: মিশ্রমাধ্যমে করা কুন্তল বাড়ৈর ‘ঢাকার রাস্তা’ শিরোনামের কাজটিতে দেখা যায়, পুরো ক্যানভাসকে অসংখ্য টুকরোয় ভাগ করে চারকোল আর পেনসিলের রেখায় শিল্পী তুলে এনেছেন ঢাকার রাস্তায় চলাচল করা যানবাহনের আকৃতি। ধবধবে সাদা, ছাইরঙা বাদামি বর্ণের মোটা কাগজের বাক্সের গায়ে রিকশা, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, স্ট্রিট, লাইট, ফুটপাত, জ্যাম—এসব প্রকাশ করেছেন রেখা আর আলো ছায়ার সাহায্যে।
‘অধিক জনসংখ্যা’ শীর্ষক অজয় সান্যালের ছবিটিও আলোচনাযোগ্য। এখানে দেখা যায়, মানুষের স্রোত। সম্মুখমুখী ও বিপরীত দিক থেকে আসা দুই রকম মানুষ এবং তার গতি—এ বিষয়টি চমৎকারভাবে উঠে এসেছে ছবিতে। পাশাপাশি বেশি জনসংখ্যার চাপও এখানে দৃশ্যমান।
সমাজ বাস্তবতা, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি, পরিবেশ, সমকালীন বিশ্ব—নানা কিছু নিয়েই ঔৎসুক্য তরুণ শিল্পীদের। তাঁদের ছবিই এর প্রমাণ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় প্রদর্শনীটি শেষ হয়েছে ৯ জুন।