তারেকের জীবন ও সৃষ্টিশীলতার অংশ হতে চেয়েছিলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্রকার তারেক মাসুদ সড়ক দুর্ঘটনায় মারা যান ২০১১ সালের ১৩ আগস্ট। ২৬ আগস্ট ঢাকায় এক স্মরণসভা হয়, যেখানে তারেক মাসুদের ঘনিষ্ঠ বন্ধু, আত্মীয়, দেশি-বিদেশি চলচ্চিত্রকার, লেখক-বুদ্ধিজীবী-সাংবাদিকেরা স্মৃতিচারণা করেন। সেই স্মৃতিচারণাগুলো সংকলিত হয়েছে তারেক মাসুদ: জীবন ও স্বপ্ন শিরোনামে। সঙ্গে প্রায় ১০০ ছবি। ব্রিটিশ কাউন্সিল, ঢাকার সহযোগিতায় বইটি করছে প্রথমা প্রকাশন। আগামীকাল শনিবার সন্ধ্যায় ঢাকা ব্রিটিশ কাউন্সিল মিলনায়তনে বইটির প্রকাশনা অনুষ্ঠান। বইটিতে সংকলিত তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদের ভাষণ এখানে ছাপা হলোআমরা এই ব্রিটিশ কাউন্সিলে অনেক অনুষ্ঠান করেছি, কিন্তু কোনো দিন ভাবিনি, এ রকম একটা অনুষ্ঠান করতে আমাকে আসতে হবে। তারেকের মৃত্যুর পর আমার মনে হলো তারেকের জন্য এমন একটা কিছু করা খুব দরকার, যা ও পছন্দ করত বা ও নিজে করলে এমনটিই করতে চাইত। তাই ওর প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আমি অনুষ্ঠানটি এভাবে করতে চেষ্টা করেছি, যেন মনে না হয় তারেক আমাদের মধ্যে নেই। আমরা এখানে তারেকের পুরো জীবনযাত্রা নিয়ে কথা বলব, তারেককে ঘিরে আমাদের যে স্মৃতিকথা, সেগুলো শেয়ার করব।আমার অনেক কিছুই বলার আছে, তবে বুঝতে পারছি না কীভাবে শুরু করব। একদম প্রথম থেকেই শুরু করছি। আমি ১৯৮৬ সালে খুব অল্প সময়ের জন্য প্রথম বাংলাদেশে আসি। আমার প্রাতিষ্ঠানিক পড়াশোনার অংশ হিসেবে গবেষণাকাজে ছয় মাস থেকে এক বছরের জন্য এখানে এলেও ভিসার মেয়াদ আমি বারবার বাড়াচ্ছিলাম। এ দেশকে আমার কাছে অনেক ভালো লাগছিল, অনেক সম্ভাবনাময় দেশ মনে হয়েছিল। এক বছর পর ১৯৮৭ সাল, তত দিনে আমার গবেষণা নিয়ে বেশ লেখালেখি করেছি, কিন্তু আস্তে আস্তে ওই গবেষণাকাজে আগ্রহ হারাতে শুরু করেছিলাম। চারুকলার ওপর আমার একটা বিশেষ দুর্বলতা সব সময় ছিল। সেই সূত্রে শিল্পী এস এম সুলতানের সঙ্গে আমার যোগাযোগ হয় এবং সুলতান ভাইয়ের মাধ্যমে আহমদ ছফার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। শিল্পী সুলতান ও ছফা ভাই আমার নিজের চিন্তাজগৎ ও বিশ্ব দেখার দৃষ্টিভঙ্গিকে গভীরভাবে প্রভাবিত করেছিলেন। তাঁদের দুজনের মাধ্যমে হঠাৎ একদিন তারেকের সঙ্গে আমার পরিচয় হয়। তখন মফিজ চৌধুরী নামের বঙ্গবন্ধু সরকারের সময়কার একজন মন্ত্রী ২ ইন্দিরা রোডে একটি একতলা পরিত্যক্ত বাড়িতে বাস করতেন। গুলশানেও আরেকটি চমৎকার বাড়ি থাকার পরও তিনি অবসর জীবনে স্ত্রী-আত্মীয়স্বজন ছেড়ে ওই পরিত্যক্ত একতলা বাড়িতে এক অদ্ভুত জীবন যাপন করতেন। তাঁর কাজের মধ্যে ছিল শেক্সপিয়ারের সাহিত্যের বাংলা অনুবাদ করা। ভদ্রলোক তাঁর বাড়িতে তারেক, ছফা ভাইসহ সে সময়কার অনেক বোহেমিয়ান শিল্পী-সাহিত্যিকের থাকতে দিতেন। এর বাইরে অনেকেই সেখানে যেতেন। ছফা ভাই প্রায় প্রতিদিনই আমাকে সেখানে যাওয়ার জন্য দাওয়াত দিয়ে বলতেন, ‘ক্যাথরিন, আজ অবশ্যই আসবে কিন্তু।’ তাঁর কথামতো আমিও প্রতিদিন সেখানে যেতাম। বেড়ানোর প্রচণ্ড ইচ্ছা, যা আমি আমার পরিবার থেকে পেয়েছি; ওই জগতের প্রতি প্রচণ্ড আগ্রহ, কৌতূহল, আরও বেশি জানার ও শেখার আগ্রহ থেকেই মূলত আমি সেখানে যেতাম। আমি তারেকের সঙ্গে ওখানে পরিচিত হওয়ার পর অনেক বেশি বিস্মিত হয়েছিলাম ওর ভিন্ন ব্যাকগ্রাউন্ড দেখে, যা কিনা নানাভাবে এবং নানা দিক থেকে আমার সঙ্গে মিলে গিয়েছিল। ছফা ভাই তারেককে বলতেন, ‘তোমাকে আমি ক্যাথরিনকে দিয়েছিলাম।’ কিন্তু প্রকৃতপক্ষে তারেকের সঙ্গে পরিচয়ের প্রথম দিনই যখন শিল্পী সুলতানের ওপর তার চলচ্চিত্র এবং অন্য বিষয়গুলো নিয়ে আলাপ করেছিলাম, তখনই বুঝেছিলাম, সে অন্যদের থেকে পুরোপুরি আলাদা এবং যার সঙ্গে আমি চমৎকারভাবে আমার নিজের চিন্তাভাবনা নিয়ে আলাপ করতে পারি। আমরা দুজন একই ধরনের কবিতা, লেখক বা গান পছন্দ করতাম। আমাদের দুজনেরই বৈশ্বিক ধারণা ছিল একই রকম এবং দুজনের মধ্যেই জীবনকে তাৎপর্যপূর্ণ করে তোলার তাড়না ছিল। তখন তারেকের আদম সুরত ছবির ইংরেজি ভার্সনটা আমাকে করে দেওয়ার জন্য অনুরোধ করা এবং তা করতে আমার সানন্দে রাজি হওয়ার মধ্য দিয়েই আমাদের একত্রে যাত্রা শুরু হয়। সেখানে দুটি বিষয় আমার কাছে খুবই অপ্রত্যাশিত ছিল—প্রথমত, এত দূরের এবং বাংলাদেশের মতো সংস্কৃতির একটা দেশে আমার জীবনসঙ্গী বেছে নেওয়া; আর দ্বিতীয়ত, সিনেমা তৈরিতে এত মজা খুঁজে পাওয়া। তারেক আমাকে সত্যি সত্যিই এ জগৎ থেকে দূরে রাখতে চেয়েছিল। ও বলত, ‘ডিএফপি একটা ফালতু জায়গা, ওখানে যেয়ো না। শুধু আজেবাজে মানুষ, ঘুষ খায় খালি।’ কিন্তু আমি সিনেমা তৈরির রহস্য ও পরিশ্রমকে কাছ থেকে দেখতে উৎসাহী ছিলাম। প্রথম যেদিন আমি ডিএফপির এডিটিং রুমে ঢুকলাম, ওখানে দেখি চারদিকে শুধু সেলুলয়েডের টুকরা আর টুকরা, যেগুলো সিলিংয়ে, দেয়ালে ঝুলছে, মেঝেতে পড়ে আছে। আমার কাছে চমৎকার লেগেছিল এটা দেখে যে এই অবস্থা থেকেই সৃষ্টিশীল, চমৎকার কিছু তৈরি হচ্ছে। এরপর আমি এ প্রক্রিয়ার অংশ হতে চাইলাম। আমি শর্ট ফিল্ম ফোরামের সংস্পর্শে এলাম এবং তারেকের মাধ্যমে তাদের আন্দোলনেরও অংশ হয়ে গেলাম। তখন আমার মনে হয়েছিল, পাশ্চাত্যে ইতিমধ্যেই সবকিছু বলা ও করা হয়ে গেছে, কিন্তু এখানে নতুন অনেক কিছু করার ও অর্জনের রয়েছে। এ জায়গা বা ভাবনা থেকে আমার মনে হলো, আমি এমন কিছুরই অংশ হতে চাইছিলাম। শুধু তারেকের জীবনের অংশ নয়, এখানে নতুন নতুন সৃষ্টিশীল যা-কিছু হতে যাচ্ছিল, তারও অংশ হতে চাইছিলাম। এখানে তখন কী ঘটছিল, তা আমি আমার পরিবারের সঙ্গে খুব বেশি আলাপ করতাম না। তাদের জানতে দিইনি, কেন আমার ভিসার মেয়াদ দিনের পর দিন, মাসের পর মাস বাড়িয়ে নিচ্ছিলাম। যা হোক, অবশেষে আমাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা হলো। জেনারেল এরশাদের নেতৃত্বাধীন তখনকার সামরিক সরকার আমার ওপর খেপে গিয়ে আমাকে কালো তালিকাভুক্ত করল এবং আমাকে এখান থেকে বের করে দিল। সে অন্য ইতিহাস, যা এখানে আর না বলি। এর অল্প কিছুদিন পর আমি আবার এখানে ফিরে এলাম এবং তারেকের সঙ্গে, বাংলাদেশের সঙ্গে পুনরায় আমার যাত্রা শুরু করলাম।তারেক আমাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়েছিল। ও বলত, ‘আমাদের প্রচলিত গৎবাঁধা নিয়মের বাইরে চিন্তা করতে হবে। আমাদের কখনো আমাদের নিজেদের সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ থাকলে চলবে না, আমাদের অনেক বড় স্বপ্ন দেখতে হবে।’ ও আমাকে শিখিয়েছে ব্যর্থ হয়ে কখনোই কোনো কিছু ছেড়ে না দিতে। ও বলত, ‘তুমি কতবার দাঁড়াতে ব্যর্থ হলে সেটা বিষয় নয়, আসল বিষয় হলো দাঁড়ানোর পথ খুঁজে পুনরায় শক্তভাবে দাঁড়ানো।’ তারেক নিজেকে নিজেই গড়ে তুলেছিল। এখানে আপনারা অনেকেই তার জীবনের বিভিন্ন অংশে তাকে কাছ থেকে দেখেছেন। আপনারা নিশ্চয় জানেন, কী অবস্থা থেকে, কোন পরিস্থিতি মোকাবিলা করে তারেক এত দূর উঠে এসেছিল। কীভাবে সংগ্রাম করতে হয় এবং এগিয়ে যেতে হয়, তারেক তা খুব ভালোভাবে জানত। আমি তারেকের এসব বিষয়ের অংশীদার হতে পেরেছিলাম। এ কারণেই হয়তো আমাদের সৃজনশীল যাত্রায় নানাভাবে একে অন্যের সহযোগী হতে পেরেছি। তারেক অবশ্যই সাধারণের জীবন থেকে আলাদা; তার জীবন ছিল গতিময়, সহজাত ও প্রচলিত চিন্তাধারার বাইরের। সে ছিল অত্যন্ত মেধাবী, যে কিনা কোনো কঠিন সমস্যার খুব সহজ সমাধান বের করতে পারত, যা অন্য কারও কল্পনাতেও আসত না। অন্যদিকে আমি ওর তুলনায় ছিলাম নিয়মের মধ্যকার একজন, অন্তর্মুখী, যে কিনা অনেক সময় নিয়ে ধীরে ধীরে পদ্ধতি মেনে কাজ করতে পছন্দ করে। তারেক আমার সামনে চালকের আসনে বসে আমাকে এগিয়ে নিয়ে যেত। সেদিক থেকে বলা যায়, আমরা একে অন্যের খুব ভালো সহায়ক বা পরিপূরক ছিলাম। আমাদের জীবনের অন্যতম বিষয় ছিল শেয়ারিং। এর পরও তারেকের অনেক গুণাবলির কথা বাকি রয়ে গেছে। সত্যিকার অর্থে তারেক আমার জীবনের বিশেষ কিছু ছিল, যাকে পাওয়ায় আমি নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করি। আমি কখনোই ভাবতে পারিনি যে ওকে এভাবে হারাতে হবে। এর পরও আমি নিজেকে ধন্য মনে করি, এ জীবনের অনেকটা সময় আমরা একসঙ্গে কাটাতে পেরেছি, একসঙ্গে অনেক কিছু করার সুযোগ পেয়েছি।আমি যেকোনো উপায়ে তারেকের কাজ, স্বপ্ন এগিয়ে নেওয়ার মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে চাই। আমি এখনো বিশ্বাস করি, তারেক আমার সঙ্গে আছে, আমার পাশে আছে। অনেক কিছু, অনেক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে, যেগুলো আমি প্রতিদিন আমার করণীয় কাজের তালিকায় যোগ করছি। তারেক এটা চাইত। সে তার মৃত্যু নিয়ে চিন্তা করত এবং আমাকে অনেকবার বলেছে, ‘আমি তোমার আগে চলে যাব। এটা মাথায় রাখো। তোমার চেয়ে আমার বয়স অনেক বেশি। অন্য আর কোনো কারণ না থাক, শুধু এ কারণেই। এটা মাথায় রাখতে হবে যে আমাদের দুজনের কাজগুলোকে তখন তোমাকে একাই এগিয়ে নিতে হবে। তোমার প্রতি আমার আত্মবিশ্বাস রয়েছে যে তুমি পারবে।’ আজ আমি আপনাদের সামনে বলতে চাই, আমাকে এটা পারতেই হবে, তা শুধুই তারেকের জন্য।