রবীন্দ্রনাথের জন্মের ১৫০ বছর পর আজ আমরা হঠাৎ তরুণ প্রজন্ম তাঁকে কীভাবে দেখব—এটা ‘সাহিত্য সাময়িকী’র জন্য একটা কৌতূহলী বিষয় হতেই পারে। প্রথম আলো এই কৌতূহল সাধারণ্যে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা করেছে, তা নিশ্চয় প্রশংসনীয়। রবীন্দ্রনাথের সৃষ্টির প্রাচুর্য, মননের গভীরতা ও উচ্চতা কেবল আমাদের কাছেই নয়, বিদেশি লেখক-পাঠকদের কাছেও বিস্ময়ের। রবীন্দ্রনাথ নিজের ‘পঙ্গু’ অনুবাদকর্ম দিয়ে জীবদ্দশায়ই বিদেশি লেখক-পাঠকদের যেভাবে মুগ্ধ করতে পেরেছিলেন, তা অন্য কোনো ভাষার অন্য কোনো লেখক অতটা করতে পেরেছিলেন কি না সন্দেহ। যদিও ইংরেজি ভাষায় তাঁর স্থায়িত্ব ছিল স্বল্পায়ু, তবে স্বল্পায়ু হলেও সাধারণ পাঠকদের মধ্যে রবীন্দ্রনাথ সম্পর্কে আগ্রহ স্তিমিত নয় বলেই তাঁর মৃত্যুর ৫০ বা ৬০ বছর পরও আবার নতুন করে অনুবাদের প্রয়োজন দেখা দেয়। ইংরেজি ভাষায় কিংবা ইতালীয় ভাষায় যে কাজে ব্রতী আছেন উইলিয়াম র্যাদিচে ও ফাদার মারিনো রিগন। এখন আমাদের কাছে অনিবার্যভাবে যে প্রশ্নটি দেখা দেয়, তা হলো অনেক কিছু হারিয়ে যাওয়ার পর অনুবাদের মাধ্যমে যে বিদেশি পাঠকদের এখনো আকর্ষণ করতে পারছেন রবীন্দ্রনাথ, সেখানে কোনো কিছু না হারিয়েই আমরা রবীন্দ্রনাথে আজও আকর্ষণবোধ করি কি না, কিংবা আমাদের তরুণ প্রজন্মের কাছে আদৌ তাঁর কোনো প্রাসঙ্গিকতা আছে কি না। হতে পারে শিক্ষণীয় অর্থে অন্তত কেউ যদি সৃষ্টির শিহরণটুকু গ্রহণের ব্যাপারে কিংবা শিহরণের সমকালীনতা সম্পর্কে খুবই কট্টর জায়গায় বসে এ প্রশ্ন তোলেন। নবীন কিংবা প্রবীণ যে কেউ-ই এ প্রশ্ন তুলতে পারেন। সত্য বটে, আজ এই বহু বছরের দূরত্বে বসে তাঁকে মনে হতে পারে দূরাত্মীয় কিংবা যে অর্থে জীবনানন্দ আজও আমাদের সমসাময়িক অনুভূতি ও প্রকাশরীতির নৈকট্যে—রবীন্দ্রনাথ কি সেই অর্থে এখনো আমাদের সখা? চঞ্চল আশরাফের লেখাটি পড়ে মনে হতে পারে, রবীন্দ্রনাথ ইতিমধ্যেই এক প্রত্নজীবে পরিণত হয়েছেন, যার মূল্য—আমাদের কাছে, চঞ্চলের ভাষায় ‘সংস্কৃতিকে বোঝার জন্য’। সত্যিই কি তাই? ইউরোপীয় প্রাচ্যবিশারদেরা যেভাবে একসময় প্রাচ্যের চিরায়ত সাহিত্য পাঠ করতেন ইতিহাস এবং সংস্কৃতিকে বোঝার জন্য, রবীন্দ্রনাথ তাহলে এত তাড়াতাড়ি তা-ই হয়ে উঠলেন? এসব প্রাচ্যবিশারদ একসময় চিরায়ত সাহিত্য থেকে যে জিনিস খুঁজে পেতে মনোযোগ কেন্দ্রীভূত করেছেন, প্রায় কাছাকাছি সময়ে ইউরোপের সৃষ্টিশীল কোনো কোনো লেখক উপনিষদ, হাফিজ, ওমর খৈয়াম কিংবা কালিদাসে অনুপ্রাণিত হচ্ছেন। এমারসন লিখছেন, ‘When me they fly, I am the wings (Brahma)’, কিংবা ইউরোপের সৃষ্টির আরেক মহান মিনার মহাকবি গ্যেটে ফাউস্ট-এর কেন্দ্রীয় থিম কেন, তাঁর তাবৎ প্রকরণই শকুন্তলা থেকে গৃহীত। শকুন্তলা নামটির ভেতরেই যে গ্যেটে একাধারে স্বর্গ ও ধরিত্রীকে পেয়ে গিয়েছিলেন বিনয়কুমার তথ্যযুক্তিসমেত সেই প্রতীতি প্রতিপন্ন করে ছেড়েছেন (‘বাঙালি কবি ও জার্মান দেবর্ষি’, অলোকরঞ্জন দাশগুপ্ত, দেশ, ২ অক্টোবর ১৯৯৯) কিংবা এই একই কবি যখন হাফিজ প্রণিত প্রাচী-প্রতীচীর মিলনবেলার পুঁথি (প্রাগুক্ত) রচনা করেন, তখন আমরা অনুমান করতে পারি কঙ্কাললিপ্সু তথ্যপঞ্জির নিষ্প্রাণ গবেষক আর সৃষ্টির তাড়নায় উন্মুখ আলোকপিয়াসীর মধ্যে পার্থক্য কোথায়। সৃষ্টিশীল মন যে বহু দূরের ও বহুকালের ব্যবধান সত্ত্বেও নক্ষত্রের আলো শুষে নিয়ে নিজেকে আলোকিত করবে, এমারসন বা গ্যেটের মতো মহান লেখকদের স্বাভাবিক বৃত্তির মধ্যে আমরা তারই নমুনা দেখতে পাই। প্রথাবিরোধিতার কথা বলে অন্ধত্বে তাঁরা সুখ খুঁজে পেতেন না; প্রথার পোশাক পরেই তাঁরা গোপনে, সূক্ষ্ম ইশারায় প্রথাবিরোধী সংকেতগুলো সংস্কৃতির মর্মে রেখে গেছেন।আজকাল আমরা নির্বিচার বর্জন ও বাতিলের মধ্য দিয়ে সস্তা মনোযোগ আকর্ষণের নির্লজ্জ প্রবণতাকে প্রকাশ করতে ভয় পাই না। সস্তা বাণিজ্যের লোভে কোনো কোনো পত্রিকাও এই প্রবণতাকে প্রশ্রয় দেয় বলে সাহিত্যযশপ্রার্থীরা ভাঁড় বনে যেতে কুণ্ঠিত নন। চঞ্চল বলেছেন, ‘প্রকৃত কবির লক্ষণ ধরা পড়ে তাঁর রচনার সংস্কৃতির অগ্রগমনের কাজটি কেমন করে কতটা সম্পন্ন হয়েছে, তা লক্ষ করলে।’ চঞ্চলের কাছে এই অর্থে রবীন্দ্রনাথের গুরুত্ব বাংলা ভাষাকে কবিতার উপযোগী করে তোলার কারণে। এবং সেই ভাষাটিরও নাকি মৃত্যু ঘটেছে বেশ আগে। বলা যেতে পারে, মধুসূদনের কাব্যভাষার পর রবীন্দ্রনাথ যে কাব্যভাষা তৈরি করেছেন সে কাব্যভাষাই আমরা এখনো ব্যবহার করে যাচ্ছি, ওটার মৃত্যু ঘটেনি, মৃত্যু ঘটে থাকতে পারে কাব্যের কোনো কোনো বিষয়বস্তুর, যেমন তার দেবতাদের, পূজা-পার্বণের, হয়তো বা প্রার্থনার, তবে ভাষার নয় কোনোভাবেই। বিষয়বস্তুর সঙ্গে ভাষাকে গুলিয়ে ফেললে হবে না। আর তাঁর গদ্য ভাষার অমেয় প্রসাদগুণ আমরা আজও পুরোপুরি রপ্ত করে তাকে বিকশিত করতে পারিনি আমাদের উত্তুঙ্গ প্রতিভাহীনতার কারণে।গীতাঞ্জলি, পত্রপুট ও শ্যামলী কাব্যগ্রন্থের যে বৈশিষ্ট্যের কথা তিনি উদাহরণ হিসেবে হাজির করেছেন, তা অগভীর পর্যবেক্ষণ ছাড়া আর কিছু নয়। বরং বলা যেতে পারে, বাঙালির সরল আবেগের দিকটাকে লুকিয়ে কপট ভঙ্গির প্রকাশ ঘটিয়েছেন তিনি। এই কপটতা দিয়ে রবীন্দ্র-স্বর্গের সিঁড়ির নাগাল তিনি কোনোদিনই পাবেন না। রবীন্দ্রনাথকে ‘বিশ্বকবি’ উপাধি দেওয়াটাকে তিনি বাঙালির আতিশয্য হিসেবে বিবেচনা করেছেন। আমি মনে করি, এই উপাধি দিয়ে বাঙালি তার নিজের গভীর উপলব্ধির প্রমাণ রেখেছে। কারণ রবীন্দ্রনাথের আগে আর কোনো কবি-ই বিশ্বের সঙ্গে নিজের অস্তিত্বের সংযোগটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেননি কিংবা সেই চেতনার বিকাশ ঘটাবারও প্রয়োজন বোধ করেননি। রবীন্দ্রনাথের আগে আর কোনো কবি বলতে পেরেছেন:‘বিশাল বিশ্বে চারিদিক হতে প্রতি কণা মোরে টানিছে। আমার দুয়ারে নিখিল জগৎ শতকোটি কর হানিছে।’(‘প্রবাসী’, উৎসর্গ)শুধু এই প্রবন্ধটিই নয়, চঞ্চল আশরাফের অন্য কিছু প্রবন্ধ পড়েও আমার মনে হচ্ছে তিনি হুমায়ুন আজাদের অপভ্রংশ হওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। সমালোচনার নামে জলো এবং তথাকথিত প্রথাহীন মন্তব্য দিয়ে নির্লজ্জভাবে মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন। এই প্রবণতা অশুভ ও অসাধু। তালের কোন্দায় চড়ে খালবিল ঘুরে বেড়ানো যায়, নদী কিংবা সমুদ্রদর্শন সম্ভব নয়।রাজু আলাউদ্দিনঢাকা