উপন্যাস অন্যের জীবনে ঢোকার জানালা : তাহমিমা আনাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমা প্রকাশন থেকে অচিরেই বেরোচ্ছে তাহমিমা আনামের দ্বিতীয় উপন্যাস দ্য গুড মুসলিম-এর বাংলা অনুবাদ। উপন্যাসের অনুবাদক মশিউল আলমের সঙ্গে এ আলাপচারিতায় নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তাহমিমা আনাম

তাহমিমা আনাম
তাহমিমা আনাম

মশিউল আলম: আপনার জন্ম বাংলাদেশে। বেড়ে উঠেছেন প্যারিস, নিউইয়র্ক ও ব্যাংককে। কেমব্রিজ ও ম্যাসাচুসেটসে দীর্ঘদিন পড়াশোনা করেছেন। এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সোশ্যাল অ্যানথ্রপোলজিতে পিএইচডি অর্জন করেছেন। আপনার অভিজ্ঞতার জায়গাগুলো দেশের বাইরে। কিন্তু আপনি বাংলাদেশ নিয়ে দুটি উপন্যাস লিখেছেন, কেন?
তাহমিমা আনাম: দেশের বাইরে আমি বেশির ভাগ সময় কাটালেও আমার সৃজনশীল, রাজনৈতিক ও সামাজিক ভাবনা বাংলাদেশ ঘিরেই আবর্তিত হয়েছে। আমার একাধিক বাসস্থান থাকলেও বাংলাদেশ আমার হৃদয়তন্ত্রীতে গভীর অনুরণন সৃষ্টি করে। আমি যতই দূরে থাকি না কেন, আমার জন্ম বাংলাদেশে, আমার শেকড়ও এখানে প্রোথিত—এ সত্য কখনোই বদলানো যাবে না। বস্তুত, দেশের বাইরে থাকায় আমার উপন্যাসের স্থানিক প্রেক্ষাপট হিসেবে বাংলাদেশকে বেছে নেওয়ার আগ্রহ আরও বেড়েছে। কারণ, আমার বাংলাদেশ-বিষয়ক অভিজ্ঞতা নানা রসে সিক্ত; অপেক্ষা, স্মৃতি, দেশে না থাকা ও প্রিয়জনদের কাছে না থাকার দুঃখবোধের রসে। তা ছাড়া বাংলাদেশ আসলে গল্পের দেশ। যেদিকেই তাকান না কেন, কোনো না কোনো বিস্ময়কর, কৌতূহলোদ্দীপক, বিয়োগান্তক কিছু না কিছু ঘটছে। এটা একজন ঔপন্যাসিকের কাছে স্বপ্নের মতো।
মশিউল: আপনার দ্বিতীয় উপন্যাস প্রসঙ্গে কথা বলা যাক। এর শিরোনাম দ্য গুড মুসলিম কেন? তার মানে ‘ব্যাড মুসলিম’ বলে কিছু আছে কি?
তাহমিমা: এটি এক মুক্তিযোদ্ধা যুবককে নিয়ে লেখা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর সে তার মনের না জানা প্রশ্নের উত্তর পাওয়ার জন্য ধর্মের আশ্রয় নেয়। তার এই ধার্মিকতা পরিবারের কাছে বিচ্ছিন্নতার ব্যঞ্জনা নিয়ে ধরা দেয়। কারণ, যুদ্ধের সময় তারা সবাই ধর্মনিরপেক্ষ ছিল। বিশেষ করে, তার ছোট বোন ভাইয়ের এই রূপান্তর নিয়ে মানসিকভাবে খুবই বিপর্যস্ত হয়ে পড়ে। সে মনে করে, যে ভাইয়ের সঙ্গে সে বড় হয়েছে, সে আর এই ভাই একই মানুষ নয়। এই উপন্যাসের লক্ষ্য হচ্ছে, পাঠকের মনে কিছু প্রশ্নের জন্ম দেওয়া: ভালো মানুষ, ভালো মুসলমান, ভালো ভাই, বোন বা মা বলতে কী বোঝায়। উপন্যাসে ভালো মুসলমান ও নীতিনিষ্ঠ ব্যক্তির কিছু উদাহরণ দেওয়া হয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ভার পাঠকের ওপরই রইল।
মশিউল: আপনি এ বিষয়টি কেন বেছে নিলেন? এটা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর সমাজকে প্রতিনিধিত্ব করে?
তাহমিমা: দ্য গুড মুসলিম আসলে মুক্তিযুদ্ধের ঠিক পরের সময়ের প্রেক্ষাপটে রচিত। সেখানে দেখানো হয়েছে, যে মানুষেরা দেশটি স্বাধীন করেছিল, তারা এই বিপ্লবের অংশ হয়ে কীভাবে এর রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত ফলাফল মোকাবিলা করেছে। কিছু মানুষের ক্ষেত্রে যুদ্ধের চেয়ে শান্তির সময়টাই বেশি কঠিন। কারণ, শান্তির সময় যুদ্ধের অনেক আদর্শেরই আর অস্তিত্ব ছিল না। একতা ও সবাই এক লক্ষ্যে কাজ করবে—এ ধারণা খান খান হয়ে ভেঙে পড়েছিল। এভাবে খেয়াল করলে দেখবেন, সোহেল কেন জীবনের অর্থ খুঁজতে ধর্মের দিকে ঝুঁকল, যার জীবনের উদ্দেশ্য ব্যক্তিক জীবনের সীমা ছাড়িয়ে আরও ব্যাপ্ত।
মশিউল: আপনি সোশ্যাল অ্যানথ্রপোলজি পড়েছেন, কিন্তু পেশা হিসেবে বেছে নিয়েছেন লেখালেখি। কেন?
তাহমিমা: আমি গল্প লিখতে চেয়েছি, যেসব গল্পে মানুষ নিজেদের জীবন দেখতে পাবে, যেগুলোকে তাদের নিজেদের জীবনের গল্প বলে মনে হবে। আমি জানতাম, একজন অ্যাকাডেমিক হিসেবে আমি তা করতে পারব না। উপন্যাস অন্যের জীবনে ঢোকার জানালা। এটা এমন যে মনে হয়, অন্যের বাড়ির জানালা দিয়ে আপনি তাকিয়ে আছেন। তারা বাড়িতে পরিবারের মধ্যে যেসব কথা বলছে, তা আপনি শুনছেন। এরপর তাদের মনের ভেতর ঢুকে চিন্তা সম্পর্কে ধারণা লাভ করছেন। এটার মধ্যে এক ধরনের জাদুকরি ও রাসায়নিক ব্যাপার আছে।
মশিউল: বাংলাদেশ সম্পর্কে আপনি একবার বলেছিলেন, এটি একটি সুন্দর দেশ, যার গায়ে আঘাতের চিহ্ন লেগে আছে (‘বিউটিফুল অ্যান্ড ব্রুইজড কান্ট্রি’)। আসলে কী বলতে চেয়েছিলেন, একটু ব্যাখ্যা করবেন কি?

.
.

তাহমিমা: বাংলাদেশ নানা দ্বন্দ্ব, সংঘাত ও বৈপরীত্যে ভরপুর একটি দেশ। এটা অনেক ভুলের দেশ, সমস্যার দেশ, অনেক ট্র্যাজেডির দেশ। আবার একই সঙ্গে এটি এমন এক দেশ, যেখানে অনেক রকমের চিন্তাভাবনার বিকাশ ঘটে চলেছে, যেখানে সাধারণ মানুষের প্রাণশক্তি অফুরান, যেখানকার মানুষ টিকে থাকার অদম্য ক্ষমতা দেখিয়েছে, যেখানে আমরা প্রতিনিয়ত নানা রকমের প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে যাচ্ছি এবং সব প্রতিকূলতাই অতিক্রম করে এগিয়ে যাচ্ছি।
মশিউল: আপনি কাদের জন্য ইংরেজি ভাষায় বাংলাদেশকে নিয়ে উপন্যাস লিখছেন? কোন শ্রেণির পাঠকের কথা মাথায় রেখে লিখছেন? বাংলাদেশ নিয়ে আপনি তাঁদের কী বলতে চান?
তাহমিমা: যিনি পড়তে চান, তঁার জন্যই আমার উপন্যাস। কিছু পাঠক সমাজবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে উপন্যাসটি পড়বেন। মানে একটি অপরিচিত সময় ও স্থান সম্পর্কে জানার জন্য তঁারা এটি পড়বেন। আর অন্যরা পড়বেন শুধুই কাহিনির রসাস্বাদনের জন্য, তঁারা চরিত্র ও লেখার স্টাইলে আকৃষ্ট হয়ে এটি পড়বেন। লেখক হিসেবে আমার কাজ সামর্থ্যের পুরোটা ব্যবহার করে সবচেয়ে ভালো লেখাটি লেখার চেষ্টা করা, লেখায় সততা ও বিনয় রাখা। বাকিটা পাঠকের বিষয়।
মশিউল: আপনি কি বাংলা গল্প-উপন্যাস-কবিতা পড়েন? আপনার প্রিয় লেখক কারা?
তাহমিমা: আমি মহাশ্বেতা দেবীর ছোটগল্প পছন্দ করি। সম্প্রতি বাণী বসুরপঞ্চম পুরুষ পড়া শেষ করেছি। এটি পাঠককে পড়তে বাধ্য করার মতোই একটি রচনা।
মশিউল: বিশ্ব সাহিত্যে আপনার প্রিয় লেখক কারা?
তাহমিমা: তালিকা অনেক দীর্ঘ হয়ে যাবে। কিন্তু আমার চিরন্তন প্রিয় লেখকেরা হচ্ছেন টনি মরিসন, অ্যালিস মানরো, চিমামান্ডা এনগোজি আদিচি ও কামিলা শামসি।