তাহাদের পথ চলা
ধানমন্ডির দৃক গ্যালারিতে আয়োজিত হয়েছে আমাদের পথ চলা প্রদর্শনী। শান্ত-মারিয়ম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ১০ জন তরুণ-তরুণী তাঁদের নিজস্ব উদ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করেন।শিল্পীরা প্রত্যেকেই প্রায় নতুন। তাই নতুন আশার স্বপ্ন তাঁদের চোখে-মুখে। এই ছবিগুলোও তাঁদের স্বপ্নের কথাই বলে। গ্যালারির চারপাশের দেয়ালে ছোট-বড় ক্যানভাসে তাঁদের আঁকা বর্ণিল সব ছবি। ছবির মাধ্যম ব্যবহারে বেশ নতুনত্ব আছে। অধিকাংশ ক্ষেত্রে পাওয়ার কালার এবং গ্লাস ব্যবহার করেছেন শিল্পীরা। পাওয়ার কালার হলো ব্লকের রং, যা কাপড়ে রং করতে কাজে লাগে। এই রং দামেও তুলনামূলক সস্তা। তবে এই রং খুব উজ্জ্বল। ঠিকমতো ব্যবহার করতে না পারলে ছবিতে জবরজং একটা ভাব চলে আসে। ছবিগুলোর ভেতরে এই ভাব বেশ প্রকট। কম্পোজিশন দুর্বল। হলুদ, সবুজ আর লালের যথেচ্ছ ব্যবহার চোখে পীড়া দেয়। ছবি আঁকার ক্ষেত্রে এ রং ব্যবহারের প্রচলন নেই। তার পরও তাঁরা এ রং ব্যবহার করে বেশ সাহসের পরিচয় দিয়েছেন বলতে হয়।ছবিগুলোতে বিশেষ কোনো চিন্তার ছাপ নেই, বরং এক ধরনের ছেলেমানুষি ভাবই প্রকাশিত। বেশির ভাগ ছবিতেই বিভিন্ন ফর্মের বিমূর্ত উপস্থাপন করা হয়েছে। ছবিগুলোতে ফিগারের প্রাধান্য নেই।শিল্পী সাবিহা হোসেনের আঁকা ‘প্লে উইথ ফ্লাওয়ার’ ছবিটি বেশ দৃষ্টিনন্দন। ছবিটিতে পাওয়ার কালার এবং গ্লাস ব্যবহার করা হয়েছে। ছবির কম্পোজিশন ভালো। স্টাইলাইজড ভঙ্গিতে বসা নারী ফিগারের হাতে সাদা রঙের শাপলাফুল। ছবিতে গভীর কোনো তাৎপর্য নিহিত আছে, এমন মনে হয় না; কিন্তু ছবির পরিপাট্যে শিল্পীর দক্ষতা টের পাওয়া যায়।প্রদর্শনী ঘুরে আলাদাভাবে নজর কাড়ল তানজিলা তানভীনের ‘ট্রান্সপারেন্ট’ ছবিটি। এ ছবিতে মুনশিয়ানার ছাপ আছে। আলো-আঁধারির বুনটের মধ্যে সামনের দিকে ঝুঁকে বসে আছেন এক রমণী। ফিগারের সঙ্গে ব্যালান্সড রেখে ফোরগ্রাউন্ডে ফুলের কম্পোজিশন, রঙের ব্যবহার সংগত ও পরিমিত। ছবিটির নামকরণ সার্থক মনে হলো। কারণ, ছবিতে স্বচ্ছ এক জলজ আবহ ফুটে উঠেছে। অংশগ্রহণকারী অন্য আট শিল্পী হলেন ইফতেখার হোসেন, মনির হোসেন, রাসেল মৃধা, সুজন চন্দ্র রায়, রোমানা শারমিন, আনিকা তাসনিম, ফারজানা খানম ও আফরোজা শাতু।অংশ নেওয়া শিল্পীরা সবাই আগে ‘ইয়ুথ সোসাইটি অব আর্ট’-এ অংশ নিয়েছিলেন।