
আমাদের গোচরে-অগোচরে এই ঢাকা শহরে প্রতিদিন কত মানুষই তো মরে যায়। কত মুর্দার গোসল হয়। কয়েক শ জানাজা হয়। গোরখোদকেরা নতুন নতুন কত কবর খোঁড়ে—আমরা তার হিসাব রাখি না। নিজের অতি আপনজন না হলে এসব মৃত্যু আমাদের স্পর্শ করে না। অথবা আমরা প্রতিনিয়ত মানুষের বিদেহী হয়ে যাওয়ার ঘটনাগুলোকে নিজের বেঁচে থাকার প্রয়োজনে অস্বীকার করতে চাই।
রেবেকাও চাইছে আতাউরের মৃত্যুকে সেই সব অস্পর্শিত মৃত্যুর মিছিলের অংশ বলে ভাবতে। নিজেকে নিজে প্রশ্ন করেছে, আতাউর আমার কে? নিজেই উত্তর দিয়েছে, কেউ না। রেবেকার জীবনে প্রথম পুরুষ ছিল তার পিতা। দ্বিতীয় পুরুষ তার ভাই। তৃতীয় পুরুষ তার স্বামী বোরহান। চতুর্থ পুরুষ তার পুত্র রোহান। তাহলে আতাউর কে? এই জটিল প্রশ্নের জবাব হাসতে হাসতে আতাউরই একদিন তাকে দিয়েছিল। তখনো রোহানের জন্ম হয়নি। আতাউর বলেছিল, ‘আমি হলাম তিন দশমিক পাঁচ।’
কিছু মানুষ থাকে যারা এই পৃথিবীতে কখনো পূর্ণসংখ্যায় বিরাজ করতে পারে না। সমাজে থাকে, সংসারেও থাকে কিন্তু কোথাও স্বাচ্ছন্দ্যবোধ করে না। আতাউর ছিল তেমনই একজন মানুষ। ভাইবোনদের মধ্যে সে ছিল তৃতীয়। কিন্তু সে বলত, ‘আমি দুই দশমিক পাঁচ।’
রেবেকা একদিন বিরক্ত হয়ে বলেছিল, ‘দশমিকের সুতা না ঝুলিয়ে বললেই হয়, আমি তৃতীয় অথবা আমার কোনো ভাইবোন নেই।’
আতাউর বলত, ‘আমার তো একটা ইতিহাস আছে। দুইয়ের পর দশমিক পাঁচ হলো ইতিহাসের চিহ্ন।’
অন্য সময় এসব হেঁয়ালি ভরা কথা মনে হলে আপন মনে হাসত রেবেকা। আজ হাসতে পারছে না। আতাউরের মৃত্যুসংবাদ শোনার পর সে ঠিক করেছে, পত্রিকার পাতায় দেখা শোকসংবাদগুলোর মতোই গুরুত্বহীন একটি ঘটনা বলে পাশ কাটিয়ে যাবে। পাশ কাটিয়ে যেতে চাইলেও ঠিক যেতে পারছে বলে মনে হচ্ছে না। স্কুলে সে পরপর দুটি ক্লাস নিয়েছে। প্রথম ক্লাসটি নেওয়ার পর মনে হলো, তার কি শেষবারের জন্য একবার আতাউরকে দেখতে যাওয়া উচিত? দ্বিতীয়বার ক্লাস শেষ করে একটু সময়ের জন্য ওয়াশরুমে গেলে মনে হলো, আতাউরের জানাজা কি হয়ে গেল? অন্য এক শিক্ষক কী এক প্রয়োজনে সহকর্মী অরেকজন শিক্ষককে তাঁর ক্লাসটি নিতে বলেছিলেন। কিন্তু সহকর্মী সেটি নিতে অপারগতা জানাচ্ছিলেন। রেবেকা নিজেকে ব্যস্ত রাখার জন্য অনেকটা গায়ে পড়ে সে ক্লাসটিও নিয়েছে। আজকে নিজেকে তুমুল ব্যস্ত রাখার প্রত্যয় নিয়েছে রেবেকা। নিজের স্কুল শেষ করে ছেলেকে ওর স্কুল থেকে তুলে এনেছে। ফেরার পথে অপ্রয়োজনকে প্রয়োজন বানিয়ে একটা মার্কেটে অনেকক্ষণ ঘুরে এক প্যাকেট ন্যাপথলিন কিনেছে। ঘরে এসে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করার জন্য চুলায় চড়িয়েছে। নামতা পড়ার মতো করে দৈনন্দিন জীবনের কাজগুলো করে যাচ্ছে সে। মৃত আতাউরকে সে এক মুহূর্তের জন্যও মাথায় আসতে দিতে চায় না।
অথচ জীবনের একটা সময় দিন-রাত সে আতাউরকে ভেবে কাটিয়েছে। খুব কঠিন একটা সময়ে রেবেকার জীবনে এসেছিল আতাউর। বোরহানের ব্যবসায় অর্থসংকট তখন চরমে। বাজারে অনেক টাকা আটকে ছিল। কোনো ব্যাংক লোন দিচ্ছিল না। সংসারজীবনে প্রথমবারের মতো বাড়িভাড়া বাকি পড়ে গিয়েছিল। বড় মেয়েকে একটা ভালো স্কুলে দেওয়ার সাহসও করতে পারছিল না। এমনই একসময় আতাউর এসেছিল ত্রাতা হয়ে তার বা তার পরিবারের জীবনে। রেবেকা এখন যে স্কুলে পড়ায়, সেখানে চাকরি সম্ভব হয়েছিল আতাউরের সুপারিশে। বোরহানকে মোটা অঙ্কের একটা ব্যাংক লোন করিয়ে ব্যবসাটাকে আবার দাঁড় করিয়ে দিয়েছিল আতাউর। সেই কঠিন সময়ে আতাউরের ছায়া না পেলে তাদের পরিবারটি হয়তো বানের জলে ভেসে যেত। দুর্বল ভিতের একটি পরিবারকে যখন শক্ত একটা ভিতের ওপর আস্তে আস্তে দাঁড় করাচ্ছিল আতাউর, সেই সময়টিতে রেবেকা একটু একটু করে দুর্বল হয়ে পড়ছিল আতাউরের ওপর। প্রথম দিকে বোরহান কিছু বুঝত কি না, কে জানে? স্ত্রীর প্রতি সে যে পরিমাণ পজেটিভ তাতে বোরহান বুঝত না—এটা ভাবাও ভুল। সম্ভবত সে না বোঝার ভান করে থাকত। কিন্তু ব্যবসা যখন দাঁড়িয়ে গেল তখন আতাউরকে আর সহ্য করতে পারছিল না বোরহান। রেবেকা ‘শুধুই বন্ধুত্ব’ শব্দবন্ধের আড়ালে স্বামীকে ফাঁকি দিতে চাইত; কিন্তু বোরহান তা মেনে নেয়নি—আতাউর যে একজন জঘন্য মানুষ এবং এক বা একাধিক অসৎ উদ্দেশ্য নিয়ে যে সে উপকার করতে এসেছিল তার নানা রকম প্রমাণ হাজির করতে করতে রেবেকাকে ক্লান্ত করে দিয়েছিল।
আতাউরের প্রতি বোরহানের ঘৃণা দেখে রেবেকা মাঝেমধ্যে ভাবত, শাস্তি যদি কিছু পাওয়ার থাকে তবে তা রেবেকারই প্রাপ্য, আতাউরের নয়। আতাউর রেবেকাকে কখনোই বলেনি, আমি তোমাকে ভালোবাসি। আতাউরের যা ছিল তাকে ভালো লাগা ছাড়া আর কিছুই বলা যায় না! হয়তো রেবেকা একেই ‘প্রশ্রয়’ বলে মনে করেছিল। সেই ভালো লাগা আর ভালোবাসা পর্যন্ত পৌঁছায়নি। তবে নিজের স্ত্রীর দুর্বলতার দায়টুকু বোরহান পুরোপুরি আতাউরের ওপর চাপিয়ে দিয়ে নিজের সঙ্গে নিজেই একটি মিথ্যে খেলা শুরু করেছিল। স্বামীর তীক্ষ্ণ নজরদারি, সমাজের ভয়—এই সবকিছু এড়িয়ে একবার নয়, কয়েকবারই আতাউরের ফ্ল্যাটে গিয়েছিল রেবেকা। প্রতিবারই সে পণ করেছিল, আতাউর চাইলেই নিজেকে সমর্পণ করবে। কিন্তু আতাউর তাকে কখনোই গ্রহণ করেনি। কেন গ্রহণ করছে না—ভেবে ভেবে রেবেকা ক্লান্ত হয়েছে অনেক দিন। আয়নায় নিজেকে বহুবার ঘুরিয়ে-ফিরিয়ে দেখেছে। পথে হাঁটতে হাঁটতে অতিক্রমরত পুরুষদের চোখের ভাষাগুলো অনুবাদ করেছে বহুবার। আত্মবিশ্বাস হারানোর মতো কিছু নজরে পড়েনি। শেষে নিজেকে অতিক্রমের জন্য নানা রকম সাজসজ্জার সামগ্রী বদলেছে। পোশাকেও পরিবর্তন এনেছিল কয়েকবার। কিন্তু আতাউর তাকে গ্রহণ করেনি। শেষবার নিজেকে উন্মুক্ত করে কোনো আগন্তুকের সামনে তুলে ধরার মতো ব্যাকুলতা নিয়ে রেবেকা বলেছিল, ‘তুমি কি আমাকে অযোগ্য ভাবো?’
নারী হিসেবে নিজেকে যোগ্যতা পরিমাপের পাল্লায় তুলতে গিয়ে রেবেকার এতটাই অপমান হয়েছিল যে প্রশ্নটি করার সময় দুই চোখ বেয়ে জল গড়িয়ে পড়েছিল। ‘যোগ্যতা’ শব্দের মধ্যে যেন নিজের দেহ-রূপ-শিক্ষাগত যোগ্যতা—সব একসঙ্গে ঢুকিয়ে নিজেকে ফাস্টফুডের দোকানের একটা ‘সেট মেনু’ বানিয়ে ফেলেছিল। সেদিনই প্রথম এবং শেষবার তার মুখটি করতলে নিয়ে আতাউর তাকে বলেছিল, ‘তুমি আমাকে যা দিতে চাচ্ছ, তা হলো প্রতিদানের সমর্পণ। প্রতিদানে সমর্পিত শরীর আমাকে টানে না। এতে উপকারের মহিমা নষ্ট হয়ে যায়। আমার শরীর ভালোবাসার শরীর চায়। যেদিন প্রতিদানের কথা ভুলে গিয়ে আমাকে ভালোবাসবে, সেদিন তুমি আমাকে পাবে।’
প্রত্যাখ্যান হয়তো আতাউর করেনি, তবে প্রতিদানের সমর্পণের প্রসঙ্গ তুলে সে উত্তপ্ত উনুনে এক কলসি জল ঢেলে দিয়েছিল। ফিরে আসতে আসতে ভীষণ কান্না পেয়েছিল রেবেকার। এত দিন জানত, ভালো লাগা, ভালোবাসা, প্রেম, সমর্পণ—এই শব্দগুলো স্ফটিকের মতো স্বচ্ছ। অথচ আতাউর তাকে কেমন সহজভাবে জানিয়ে দিয়েছিল, অনুভূতি প্রকাশে সক্ষম স্বাবলম্বী শব্দগুলোর ভেতরেও যে কত সূক্ষ্মাতিসূক্ষ্ম প্রভেদ থাকতে পারে। আতাউর তাকে সরল অঙ্কের মোড়কে এক জটিল ধাঁধা উপহার দিয়ে পর্দার অন্তরালে চলে গিয়েছিল। গত চার বছর কোনো রকম যোগাযোগ ছাড়াই সেই জটিল ধাঁধার উত্তর খুঁজেছে রেবেকা। জীবন তো তিন ঘণ্টা সময়ের এক শ নম্বরের পরীক্ষা। এক-দুটি প্রশ্নের সমাধান না পারলে অভিমান করে বসে থাকার জো নেই। পরের অঙ্কে চলে যেতে হয়। ক্লান্ত রেবেকা পরের অঙ্কে চলে গিয়েছিল। কিন্তু বোরহান নষ্ট ঘড়ির কাঁটার মতো ওই এক জায়গায় আটকে থেকে তিরতির করে কেঁপে যাচ্ছে আজও।
দুপুরে ছেলেমেয়েকে ঘুম পাড়িয়ে মাথা পর্যন্ত কাঁথা টেনে শুয়ে শুয়ে এসবই ভাবছিল রেবেকা। কিন্তু আচমকাই ভরদুপুরে অফিস থেকে ফিরে আসে বোরহান। হাতে কুপারসের কেক। বাচ্চারা নিয়ম করে এ সময় দুই ঘণ্টা ঘুমায়। কিন্তু বোরহান আজ সে নিয়ম মানতে চায় না, আধো ঘুম থেকে বাচ্চাদের টেনে তোলে। রেবেকা বোঝার চেষ্টা করে কী উপলক্ষে এই কেক? কিন্তু কোনো কারণ মনে করতে পারে না। অগত্যা বোরহানকে সে জিজ্ঞেসই করে ফেলে, ‘কী জন্য এই কেক?’
বোরহান কেন যেন রেবেকার চোখে চোখ রাখে। কী যেন বুঝতে চায়। তারপর অনেকটা হতাশ হয়েই বলে, ‘এমনি কাজের চাপে থাকি। তোমাদের সময় দেওয়া হয় না। তাই আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলাম।’
বোরহানের কথায় সন্তুষ্ট হতে পারে না রেবেকা। তার কেন যেন মনে হয় স্ত্রীর প্রেমিকের মৃত্যুসংবাদে বোরহান আনন্দ পেয়েছে। সেই আনন্দ সে লুকোতে পারছে না। আবার ভাবে, মানুষ কি এমন নিষ্ঠুর হয়? বোরহান হয়তো জানেই না যে আতাউর আজ সকালে মারা গেছে। অন্য কেউ হলে রেবেকা ফোন করেই মৃত্যুসংবাদ জানাত। কিন্তু আতাউরের মৃত্যুসংবাদটি জানাতে কেন যেন অস্বস্তিবোধ করছিল। রেবেকা অপেক্ষা করতে চায়, বোরহান যেন নিজেই একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ‘শুনেছ, আতাউর ভাই আজ সকালে মারা গেছে।’
কিন্তু বোরহানের মধ্যে কোনো ভাবাবেগ দেখে না। কেক কেটে নিজেই সবাইকে বিলি করে বোরহান। রেবেকার খেতে ইচ্ছে করে না। তার মনে পড়ে, দুপুরেও সে কিছু খায়নি। সুনিপুণ অভিনয় করতে গিয়ে কেকের একটি টুকরো নেয়। ভীষণ বিস্বাদ ঠেকে মুখে। তবু চিবুতে চিবুতে তৃপ্তির ভাব এনে বলে, ‘বাহ্, ভীষণ মজা তো!’
রেবেকাকে বোরহান খুব কঠোরভাবে নিরীক্ষণ করে হয়তো। কথাটা শেষ করার আগেই সে আরও এক টুকরো কেক তুলে দেয় স্ত্রীর মুখে। রেবেকা সেই টুকরোটিও খুব তৃপ্তির সঙ্গে খেতে খেতে রান্নাঘরের দিকে যেতে থাকলে বোরহান অনুযোগ করে বলে, ‘টেবিলে বসে খেয়ে যাও না।’
চট করে রেবেকার মনে পড়ে সে দুপুরে গোসল করেনি। এমনকি যে শাড়িটি পরে স্কুলে গিয়েছিল তা-ও খোলেনি। ইস্তিরি করা শাড়িটি এখন দোমড়ানো-মোচড়ানো কাগজের মতো হয়ে গেছে। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে তাঁর অন্তত বোরহানের সামনে থাকতে আর ইচ্ছে করে না। বাঙালি নারীর লুকোনোর জায়গা বড্ড কম। এমন পরিস্থিতিতে পড়লে ছোটবেলা থেকেই রেবেকার মনে পড়ত গোসলখানার কথা। সে গতিপথ বদলে নিজের ঘরের ভেতর যেতে যেতে বলে, ‘গোসল করব, খুব অস্বস্তি হচ্ছে।’
পেছনে না তাকিয়েও রেবেকা বোঝে বোরহানের মুখে বাঁকা হাসি। সে বলে, ‘সেই কখন স্কুল থেকে ফিরেছ, এখনো গোসলটাও করোনি?’
হাঁটতে হাঁটতেই একবার থমকে দাঁড়ায় রেবেকা। ভাবে বলবে, ‘হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, আমি আজ সারা দুপুর কাঁথা মুড়ি দিয়ে আতাউরের জন্য কেঁদেছি। এই দেখো, কাঁদতে কাঁদতে আমার দুই চোখ লাল হয়ে গেছে’, কিন্তু বোরহানের কথা শুনেও না শোনার ভান করে নিজের ঘরে ঢুকে পড়ে রেবেকা। তার মনে হয়, এখনই পিছু পিছু ঘরে এসে ঢুকবে বোরহান। রেবেকা তাড়াতাড়ি করে, ঘরে পরার কাপড় আর একটা তোয়ালে নেয়। তারপর দ্রুত পায়ে বোরহানকে এড়িয়ে সে ঢুকে পড়ে গোসলখানায়।
গোসলখানার দরজা বন্ধ করে দিয়ে অনেকক্ষণ পর একটু শান্তি পায় রেবেকা। ৮ ফুট বাই ১০ ফুটের এই ছোট্ট ঘরটা তার সবচেয়ে প্রিয় জায়গা। দরজার ছিটকিনি লাগিয়ে দিলে সে যেন মুক্ত প্রজাপতি হয়ে যায়। নারী যখন প্রজাপতি হয়, তখন ছোট্ট ঘরও অনেক বড়—বিশাল হয়ে ওঠে। নিজের পাপ, পুণ্য—সবকিছুর জবাব নিয়ে সে হাজির হয় নিজের কাছে। আজ আয়নার সামনে দাঁড়িয়ে ভালোবাসার সময়গুলোর কথা মনে পড়ে না। কেন যেন প্রত্যাখ্যানের দিনটির কথা মনে পড়ে যায়। এ আয়নার সামনে কিংবা নিজের সামনে নিজে দাঁড়িয়ে সেই দিনটিতেও খুব কেঁদেছিল রেবেকা। খুব চেয়েছিল আয়নার মানুষটি হাত বের করে তার চুলে বিলি কেটে দিক আর বলুক, ‘জীবন অনেক বড়। এত অল্পতে ভেঙে পড়লে চলে?’
কিন্তু দুঃসময়ে আয়নার মানুষটি কখনো মানুষ হয়ে ওঠে না। কোনোদিন মানুষের মতো করে মিথ্যা আশ্বাস দেয় না। আয়নার মানুষ শুধু সমব্যথী হতে পারে। তাই-বা কম কী? এই পৃথিবীতে সমাজ অনুমোদনহীন সম্পর্কে সমব্যথী হওয়ার মতো মানুষও তো নেই—ভাবতে ভাবতে কল ছেড়ে দিয়ে জলের ধারার নিচে নিজেকে সমর্পণ করে রেবেকা। ঠান্ডা জলের শত শত ধারার মধ্যেও দু-ফোঁটা উষ্ণ ধারাকে আলাদাভাবে ঠিকই অনুভব করতে পারে সে। তার মনে হয়, তার বুক ভর্তি জল। এখনো অনেক জল ঝরার বাকি। এ সময় দরজায় ঠকঠক করে শব্দ। ওপাশ থেকে অস্থির হয়ে বোরহান বলতে থাকে, ‘অ্যাই, এতক্ষণ ধরে কী করতেছ? তোমার তো ঠান্ডা লাগবে।’
রেবেকার ইচ্ছে করে চিৎকার করে বলে, ‘আমি আতাউরের জন্য কাঁদছি। ভালোবাসার অধিকার আছে বলে তুমি আমার কান্নার অধিকারও কেড়ে নিতে পারো না।’
কিন্তু কিছুই বলা হয় না। কান্নার স্রোতে যেন কেউ বাঁধ দিয়ে দেয়। রেবেকা এপাশ থেকে অনুগত স্ত্রীর মতো জানান দেয়, ‘আসছি...।’
জলের কল বন্ধ করে মুখে বারবার পানি ছিটিয়ে অর্ধেক গোসল সেরেই বের হয়ে আসে রেবেকা। লিভিং রুমে তখন আয়োজন চলছে মুভি দেখার। গোসলখানা থেকে বের হতেই বোরহান জানায়, ‘তাড়াতাড়ি আসো। গড মাস্ট বি ক্রেজির থার্ড পার্ট আনছি। এইটা সেকেন্ড পার্টের চেয়েও হাসির।’
ঘরের ভেতর যেতে যেতে রেবেকা নিশ্চিত হয়, বোরহান জানে আতাউর মরে গেছে। কোনো একদিন তার উপকার করেছিল ভেবে হলেও সে আজ নিশ্চুপ থাকতে পারত, কিন্তু সে যেন দীর্ঘদিন আতাউরের মৃত্যুকামনা করেছিল। সে জানত অর্থবিত্ত-প্রতিপত্তি—কোনো দিক দিয়েই সে আতাউরের সমকক্ষ নয়। রেবেকা যদি আতাউরের হাত ধরে চলে যেত, তবে তার কিছুই করার ছিল না। সমাজের কাছে তার পৌরুষ বড় রকমের প্রশ্নের সম্মুখীন হতো। তাই হয়তো প্রতিনিয়ত সে প্রকৃতির দয়া চাইত। প্রকৃতি তাকে দয়া করেছে ভেবে সে আজ মত্ত হয়েছে উৎসবে। চুল বাঁধতে বাঁধতে রেবেকা ভাবে, আতাউর যদি অর্থ-প্রতিপত্তিতে বোরহানের চেয়ে নীচুস্তরের মানুষ হতো, তবে কি এত আনন্দ সে পেত? রেবেকা বোরহানের চেয়ে গরিব কারও হাত ধরে উধাও হয়ে গেলে এই পরিমাণ আনন্দ পেত কি সে? রেবেকার জীবনে আর কোনো পুরুষের অস্তিত্ব নেই—এই ভাবনা বোরহানকে কতটা স্বস্তি দিচ্ছে, সেটি ভেবে খুব অসহায় লাগে রেবেকার। বোরহানের এই আচরণকে সে ভালোবাসা বলে মেনে নিতে পারছে না। খুব নারীসুলভ হলেও রেবেকার মনে হয়, আতাউর তাকে স্বামীর কাছে যতটা মূল্যবান করে তুলেছিল, আজ সে মূল্যের পতন ঘটেছে। এটাই হয়তো বোরহানের স্বস্তি।
রেবেকা পরিবারকে খুশি করতে গড মাস্ট বি ক্রেজি ছবিটি দেখে। হাসির জায়গায় গলা উঁচিয়ে হাসে। রাতে বোরহানের অনুরোধে খিচুড়ি-মাংস রান্না করে। সবাইকে ঘুম পাড়ায় এবং নিজেও ঘুমায়। বোরহানের তীক্ষ্ণ দৃষ্টির সামনে প্রতিনিয়ত পরীক্ষা দেওয়ার চেয়ে ঘুমকে অনেক বেশি আকাঙ্ক্ষিত মনে হয় তার।
পরদিন সকালে সবাইকে নাশতা খাইয়ে স্কুলে এবং অফিসে পাঠিয়ে নিজেও স্কুলে যায়। তারপর কী ভেবে যেন কাকুতি-মিনতি করে প্রিন্সিপালের কাছ থেকে দুই ঘণ্টার ছুটি নেয়। সানগ্লাস আর ওড়না দিয়ে মুখটাকে অচেনা করে সাজিয়ে একটা সিএনজি নিয়ে হাজির হয় আজিমপুর কবরস্থানে। কিন্তু গোরস্থানে ঢুকতেই তার মনে হয়, প্রতিদিন কত কত কবর খোঁড়া হয়, তার মধ্য থেকে আতাউরের কবর কীভাবে খুঁজে নেবে সে? কাউকে জিজ্ঞেস করে জেনে নেবে, সেই সাহসও হয় না। নাম-চিহ্নহীন কয়েকটা কাঁচা কবরের পাশে দাঁড়িয়ে নিজেকে বোকা বোকা মনে হয় রেবেকার। এভাবে কী কবর খোঁজা যায়? পাছে পরিচিত কেউ দেখে ফেলে, এমন ভাবনা থেকে আবার বের হয়ে আসতে চায় তড়িঘড়ি করে। আতাউরের কবর খুঁজে না পেয়ে ফিরে আসতে গিয়ে নিজেকে আর আটকে রাখতে পারে না সে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। কান্নার শব্দ আটকে রাখতে না পারায় রাগ হতে থাকে নিজের ওপর নিজের। তবু সামলাতে পারে না নিজেকে। পথে তজবি জপতে থাকা এক হুজুর প্রশ্ন করেন, ‘মুর্দা আফনের কে হয়?’
প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে অথবা পলায়নরত রেবেকা দুপাশে মাথা নাড়িয়ে খুব মৃদুস্বরে বলে, ‘তিন দশমিক পাঁচ।’