তিন পুরুষ ধরে চলছে যে লড়াই...
পানিতে কুমির আর ডাঙায় বাঘ থাকলে সেখানে টিকে থাকাটাই কঠিন। সেই সঙ্গে যদি যোগ হয় বনদস্যুদের উপদ্রব, তবে তো রক্ষা নেই। অনেক ক্ষেত্রে বাঘ ও কুমিরের পেটে যেতে হয় পরিবারের একাধিক সদস্যকে। বনদস্যুদের নির্যাতন সহ্য করতে হয় প্রতিনিয়ত। কিন্তু এমন প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে বংশপরম্পরায় সুন্দরবনকে আঁকড়ে বেঁচে আছে নিরঞ্জন মণ্ডলের মতো উপকূলীয় জনপদের কয়েক হাজার পরিবার।২৩ ডিসেম্বরের ঘটনা। সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মাথাভাঙা নদীর দাতিনাখালী খাল এলাকায় কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকারে পরিণত হওয়া বাবা নিরঞ্জন মণ্ডলকে অসীম সাহসিকতায় ছেলে তাপস মণ্ডল বাঘের সঙ্গে মিনিট দশেক লড়ে গুরুতর আহত অবস্থায় ফিরিয়ে এনেছেন।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের চার দশকের বনবাদাড় জীবনে অসংখ্যবার বাঘের মুখোমুখি হয়েছেন, সরাসরি বাঘের আক্রমণের শিকার হয়েছেন এর আগেও তিনবার, কিন্তু তিনবারের মধ্যে এবারের ঘটনাকে বেশি ভয়াবহ বলে উল্লেখ করেন নিরঞ্জন মণ্ডল: বাবা সুরেন মণ্ডল দীর্ঘদিন ধরে সুন্দরবনে মধু কাটার কাজ করে এসেছেন। বাবার হাত ধরে তাঁর বনে যাওয়া আর এখন তাঁর হাত ধরে ছেলে তাপস মণ্ডলও বনে যাতায়াত শুরু করেছেন।‘তিন শত্রুকে স্মরণ করে বনে যাতি হয়, তাই নিজের রক্তের কেউ সাথে থাকলি বাড়তি সাহস পাওয়া যায়।’নিরঞ্জন মণ্ডল বলেন, বনদস্যু, বাঘ আর কুমির হলো তাদের তিন শত্রু। বৃদ্ধ বাবা সুরেন মণ্ডল নয়-দশ বছর আগে বনে যাওয়া ছেড়ে দিয়েছেন, এখন তাঁরা শুধু বাপ-বেটা মিলে বনে যাতায়াত করছেন। অভাব-অনটন তাঁদের প্রতিদিনের সঙ্গী। বিপদ মাথায় নিয়ে তাঁদের ভোর হওয়ার আগেই যেতে হয় সুন্দরবনে। ঝাঁপ দিতে হয় খরস্রোতা নদীতে।২৩ ডিসেম্বরের ঘটনার বর্ণনা দিয়ে ছেলে তাপস মণ্ডল (২৫) বলেন, ‘নৌকাপ্রতি বনদস্যুদের দাবিকৃত চাঁদার ছয় হাজার টাকা জোগাড় করতে পারিনি। তাই বাপ-বেটা মিলে বনের গভীরে না গিয়ে ওই দিন মাথাভাঙা নদীর দাতিনাখালী খালের মধ্যে কাঁকড়া শিকারের দোন (কাঁকড়া শিকারের কাজে ব্যবহূত বড়শিসদৃশ) ফেলার মন স্থির করি। সকাল বড়জোর আটটা হবে। বনের মধ্যে তখন আন্ধার কাটেনি। খালের তীর ঘেঁষে থাকা নৌকায় দাঁড়িয়ে কাঁকড়ার দোন ওঠাছেন বাবা। এমন সময় একটি বড় বাঘ লাফ দিয়ে তাঁর (বাবা) ওপর ঝাঁপিয়ে পড়ে। ডান পাঁজর আর কাঁধের পেছনের অংশে কামড়ে ধরে তাঁকে টেনেহিঁচড়ে বাঘটি বনের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। এ সময় বাবা তাঁর হাতে থাকা নৌকার বৈঠা দিয়ে বাঘের মুখে অনবরত আঘাত করতে থাকেন। আমিও হুঙ্কার দিয়ে নৌকার বৈঠা নিয়ে পাল্টা হামলা করি বাঘের ওপর। শুরু হয় বাঘে-মানুষে লড়াই। প্রায় ১০ মিনিট পর বাঘটি বাবাকে ছেড়ে দিয়ে চলে যায় বনের গহিনে।’তীব্র শীতের কারণে জ্যাকেটসহ শরীরে জড়ানো চার-চারটি পরিধেয় বস্ত্র ভেদ করে বাঘের বিষাক্ত দাঁত তাঁর পাঁজরের ওপরের অংশে প্রায় আট ইঞ্চি ক্ষতের সৃষ্টি করে। একই অবস্থা তাঁর কাঁধের ওপরের অংশের।গুরুতর আহত নিরঞ্জন মণ্ডল আক্ষেপ করে বলেন, ‘সিডর আর আইলার পর এলাকায় একপ্রকার কাজই নেই। সুন্দরবনে কাঠ কাটা বন্ধ। মাছের পোনা সংগ্রহ নিষিদ্ধ। তার পরও পরিবারের পাঁচ সদস্যের সংসারের খরচ জোগাতেই আমাকে বনে যেতে হয়। বনে ঢুকলেই দস্যুদের চাঁদার টাকা গুনতে হয়। কোনো রকমে তাদের হাত থেকে রেহাই মিললেও রক্ষা নেই বাঘের কবল থেকে। আবার নিরাপদে উপকূলীয় অংশ থেকে মাঝনদীতে থাকতে চাইলে সেখানে কুমিরের উপদ্রব।’ক্ষুধার যন্ত্রণা আর খাবারের জন্য সন্তানদের অপেক্ষায় থাকার জন্য তিন শত্রুকে মোকাবিলা করার মতো মানসিক দৃঢ়তা নিয়ে বনে ঢুকতে হয় জানিয়ে নিরঞ্জন মণ্ডল জানান, ‘বাদায় না গিলি না খাইয়ে মরতি হুবে। এখন ধারদেনা করে চিকিৎসার খরচ জোগাড় কুরতি হতেছে, সুস্থ হুয়ে বাদায় যায়ে দেনা শোধ দিতি হুবে।’ সুস্থ না হওয়া পর্যন্ত ছেলে তাপসকে বাদায় যেতে দেবেন না জানিয়ে তিনি আরও বলেন, ‘বনে-বাদাড়ে গেলি নক্ত কুথা কয়।’ কোনো দুর্ঘটনা ঘটলে সঙ্গীরা যতটা দেখে, তার চেয়ে নিজের রক্ত বেশি ভূমিকা রাখে বলেই তিনি সুস্থ না হওয়া পর্যন্ত ছেলেকে বনে পাঠাবেন না। সুন্দরবনের ‘তিন শত্রু’র কবলে পড়ার অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে যন্ত্রণায় কাতর নিরঞ্জন মণ্ডল বলেন, মাত্র দুই মাস আগের ঘটনা। বাপ-বেটা মিলে সুন্দরবনের কচুখালী খালের মধ্যে গিয়ে মাছ ধরে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছি। নৌকায় দাঁড় খাটানোর সময় একটি বাঘ নৌকার ওপর লাফিয়ে ওঠে। ওই দিন দুজন মিলে বাঘটির মাথায় আঘাত করতে থাকি। তার পরও বাঘটি না গেলে আমরা নদীতে লাফিয়ে পড়ে প্রাণ রক্ষা করি। পাঁচ বছর আগে উলোখালী খালের মধ্যে প্রথমবার বাঘের আক্রমণের শিকার হই আমি। সঙ্গীরা সে যাত্রায় আমাকে বাঁচিয়েছিল। ১৩-১৪ বছর আগে বাবা সুরেন মণ্ডলের সঙ্গে আমিসহ এলাকার ১০-১২ জন সুন্দরবনে মধু কাটতে যাই। আমাদের দলের প্রকাশ মণ্ডল গাছে ওঠার সময় একটি বাঘ তাকে আক্রমণ করে। কেউ বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে তাকে মুখে করে নিয়ে বাঘটি দ্রুত বনের গহিনে চলে যায়। তিন-চার ঘণ্টা পর তার বাবা সুরেন মণ্ডলসহ সহযোগীরা মিলে বনের ভেতর থেকে তার অর্ধ খাওয়া ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করে।বাঘের আক্রমণে আহত নিরঞ্জন মণ্ডলের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর শ্যালক কৃষ্ণপদ মণ্ডলও দুবার বাঘের কবল থেকে আহত অবস্থায় ফিরেছেন। এ ছাড়া ভাই বিষ্টুপদ মণ্ডলের স্ত্রী চুনকুড়ি গ্রামের করুণা মণ্ডল চার বছর আগে চুনকুড়ি নদীতে চিংড়ির পোনা ধরার সময় কুমিরের আক্রমণের শিকার হন। সঙ্গে থাকা একমাত্র ছেলে বিমল কুমিরের সঙ্গে লড়াই করে মাকে আহত অবস্থায় ফিরিয়ে নিয়ে আসেন। তিনি আরও জানান, তিন শত্রুর সবাই ভয়ানক হিংস্র। কারও চেয়ে কেউ কম যায় না, তারপরও থামার উপায় নেই। জীবনের শুরু সুন্দরবন দিয়ে হয়তো শেষও ওই সুন্দরবনেই।