তিন পুরুষের কারবার
সিঁড়ি ভেঙে পাঁচতলায় উঠে এসে বাবা হাঁপাচ্ছে, জামিল দেখল, বাবার বুক ওঠা-নামা করছে। অনেক দিন পর সে অকারণে ভালো করে তাকিয়ে দেখল বাবাকে: ভীষণ বুড়ো দেখাচ্ছে। একটা সময় ছিল—ছবি দেখতে পেল জামিল—যখন এই মানুষটি প্রত্যেক সকালে পাঁচ মাইল দৌড়াত।জামিল বাবার মুখমণ্ডলটা জরিপ করে দেখল: গত এক বছরে বয়স বেড়েছে যেন ১০ বছর। বাবার এখন ৭৬, আর এক বছর পর বয়সটা বাড়বে আরও ১০ বছর? নাকি ২০? আর মাত্র চার বছর পরই বাবার বয়স হবে ৮০! ৮০ বছরের বুড়োরা দেখতে কেমন হয়!জামিল ড্রয়িংরুমে সোফায় বসে খবরের কাগজ পড়ছিল। সে চেয়ে রইল বাবার মুখের দিকে। বাবা সামনের সোফায় বসল; বসার পরও তার বুকের ওঠা-নামা দেখতে পেল জামিল। হঠাৎ উঠে ব্যস্ত পায়ে ছুটে গিয়ে ঢুকল বাথরুমে। আয়নায় তাকাল নিজের মুখের দিকে এবং চমকে উঠল: আয়নার ওপাশে জামিল নয়, তার বাবা জাফর আহমদ।জামিল আয়নার ছবিটাকে মিনতি করে বলল, ‘বাবা, আর বুড়া হোয়ো না, প্লিজ! তার চেয়ে বরং তুমি এখন মরে যাও।’প্রস্রাব সেরে টয়লেটের ফ্ল্যাশ টেনে বাথরুম থেকে বেরিয়ে এল জামিল। দেখল, ড্রয়িংরুমের যে সোফায় বসে ছিল তার বাবা, সেখানে এখন আট বছরের খোকন: জামিলের একমাত্র পুত্র, জাফর আহমদের একমাত্র নাতি।‘কখনো কি তোমার মনে এমন প্রশ্ন জেগেছে, মানুষ কবে থেকে বসে প্রস্রাব করা শুরু করেছিল? স্পেশালি, পুরুষ?’খোকনের প্রশ্ন শুনে জামিল খুব লজ্জা পেল। একটু আগেই সে দাঁড়িয়ে প্রস্রাব করছিল, কমোডের পানিতে তার প্রস্রাবের ধারার শব্দ হচ্ছিল ছর ছর ছর।‘আদিম পুরুষ প্রস্রাব করত নিশ্চয়ই দাঁড়িয়ে। নিশ্চয়ই মিলিয়ন বছর ধরে, বা তারও বেশি। মানবসভ্যতা বিকাশের কোন পর্যায়ে এসে পুরুষ প্রস্রাব করার সময় বসা শুরু করে? ইন্টারেস্টিং না প্রশ্নটা?’জামিল কাচুমাঁচু ভঙ্গিতে বসে রইল; বিব্রতকর পরিস্থিতি থেকে উদ্ধার পেতে হাতে তুলে নিল খবরের কাগজ।‘রিলিজিয়াস কারণে বলছি না, বসে প্রস্রাব করা হেলদিয়ার হ্যাবিট। টয়লেটে এশিয়ান স্টাইলে বসলে ব্লাডারে যে চাপ পড়ে..., জানো তো, বয়স হওয়ার সঙ্গে সঙ্গে ব্লাডারের টিস্যুগুলো... তোমার চল্লিশ পেরিয়েছে না...?’জামিল কিছু বলে না। মুখের সামনে খবরের কাগজ পুরোটা মেলে ধরে পড়ার ভান করে চলে, আসলে আড়াল করে রাখে নিজেকে।‘পুরুষের প্রস্টেট গ্ল্যান্ড এমন এক বস্তু, রিপ্রডাকশনের কাজ ফুরিয়ে গেলে নেচার ওটাকে ডিসকার্ড করে দেয়। তখন ওটা ঠিক থাকল না পচে গেল তাতে প্রকৃতির কিচ্ছু এসে যায় না। মনে হচ্ছে, আমার প্রস্টেট অপারেশনের কোনো ফলই হলো না। প্রস্রাবের সেই ফ্লো তো আর ফিরল না...। জামিল, শুনতে পাচ্ছ?’এবার খবরের কাগজটা মুখের সামনে থেকে একটু পাশে সরিয়ে জামিল তাকাল। সহানুভূতির সঙ্গে বলল, ‘কাল তাহলে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট চাইব?’‘না, না। আমি সেটা বলছি না। ডাক্তারের আর কিছু করার নাই। প্রকৃতি যে জিনিস বাতিল করে দিয়েছে, ডাক্তার সেটার কী করবে।’ সোফার পাশের টুল থেকে একটা বই হাতে তুলে নিয়ে নাড়াচাড়া করতে করতে খোকন বলল, ‘ট্রায়াল তুমি আগে পড়নি?’জামিল বলল, ‘পড়েছি। কিন্তু এটা নতুন ট্রান্সলেশান। খুব ভালো একটা ইনট্রোডাকশানও আছে এতে।’‘হ্যাঁ, সেটাই দেখছিলাম। সিক্সটিজের শুরুর দিকে, আমরা যখন ভার্সিটি শেষ করছি, কাফকা খুব টেনেছিল আমাদের। ব্যাপারটা জানো তো, পৃথিবীর বেশির ভাগ লিটারেচার দাঁড়িয়ে আছে ফলস হোপ আর কমফোর্টিং লাইয়ের ওপর। কিন্তু কাফকা ডিফরেন্ট, তার কাছে তুমি কোনো ফলস হোপও পাবে না, কমফোর্টিং কোনো লাইও পাবে না। পাবে শুধু হেল্পলেস হিউম্যান কন্ডিশান...।’‘সে জন্যই তিনি পেসিমিস্টদের প্রফেট?’ বলল জামিল, তার ভুরুতে গিঁট।‘ইন্ডিভিজুয়াল পেসিমিজম... পেসিমিজম ব্যাপারটাই বোধ হয় বেসিক্যালি ইন্ডিভিজুয়াল, কিন্তু ব্যাপারটাকে তুমি অন্যভাবেও দেখতে পার, প্র্যাগম্যাটিক্যালি। কাফকা যে হিউম্যান কন্ডিশান তুলে ধরছেন, সেটা একটা ব্যাধিগ্রস্ত কন্ডিশান, সোশিও-পলিটিক্যাল সেন্সে বলছি, মেটাফিজিক্যাল সেন্সে না। কাফকা আমাদের ব্যাধিটা ধরিয়ে দিচ্ছেন। এখন তুমি যদি প্র্যাগম্যাটিক হও, তাহলে ব্যাধির রিমেডি খুঁজবে...।’‘কাম্যু তো বলেছেন, দি ক্যাসল-এ কাফকা একটা রিমেডি প্রপোজ করেছেন।’‘বাট ইউ মাইট নট এগ্রি উইথ দ্যাট।... কিন্তু তার চেয়েও বড় প্রবলেম, এখন তো সোশিও-পলিটিক্যাল কন্ডিশানকে ছাড়িয়ে যাচ্ছে ইকোলজিক্যাল ডিগ্রেডেশান। হিউম্যান স্পিসিসের অস্তিত্বেরই সংকট। হোলোসিন ফেইজ কালমিনেট করতে আর খুব জোর একশ বছর। এটাকেও একটা কাফকায়েস্ক সিচুয়েশান তুমি বলতে পার। কিন্তু মানুষের তো হতাশ হলে চলবে না। স্টিফেন হকিং সেদিন কী বলল দেখনি কাগজে? মানুষ পৃথিবীকে ফতুর করে সারার আগেই মহাবিশ্বে মাইগ্রেট করতে হবে..।’সিঁড়ি বেয়ে দুপদাপ শব্দ উঠে আসছে; দ্রুত, শশব্যস্ত পদশব্দ। জামিল হাতঘড়ির দিকে তাকাল। সঙ্গে সঙ্গে কলবেল বেজে উঠল, সেই সঙ্গে দরজায় ঘন ঘন ধাক্কা।জামিল সোফা থেকে উঠে গিয়ে দরজা খুলল।‘বাবা, দারোয়ান আমাকে সালাম দিল কেন? মা বলছে ঠাট্টা করে..., দারোয়ান তো আমার সঙ্গে এ রকম ঠাট্টা কখনো করে না...!’জামিল দেখল তার সামনে জাফর আহমেদ, পরনে স্কুলের পোশাক, পিঠে বইভর্তি স্কুলব্যাগ। তার পেছনে জাফর আহমেদের পুত্রবধূ রুবিনা সুলতানার ঘর্মাক্ত মুখে চাপা হাসি।‘এই দাদু! কী কাণ্ডকীর্তি! তুমি এ রকম ছোট হয়ে গেলে কীভাবে?’পিঠ থেকে স্কুলব্যাগটি হাতে নিয়ে সোফায় ছুড়ে দিয়ে ছুটে গেল সে মায়ের ঘরে। দাঁড়াল ড্রেসিং টেবিলের আয়নার সামনে।‘এই মা, আয়নায় আমাকে দেখা যাচ্ছে না! বাবা, এই দাদু, আমাকে দেখা যাচ্ছে না কেন?’বাবা ও তার বাবা ড্রয়িংরুমে বসে চিৎকার শুনতে পাচ্ছে। তারা দুজন পরস্পরের মুখের দিকে চেয়ে আছে। উভয়ের মুখে নীরব হাসি। কিন্তু বাবা বুঝতে পারছে ছেলে জানে না বাবা কেন হাসছে। ছেলেও বুঝতে পারছে বাবা জানে না ছেলে কেন হাসছে।‘আম্মু! এদিকে আসো তাড়াতাড়ি! এই বাবা, এই দাদু!’তারপর নাতির পেছনে গিয়ে দাঁড়াল বাবা, বাবার পেছনে তার বাবা। সামনে আয়না। আয়নায় কেউ নেই।‘বাবা, আমাকে দেখতে পাচ্ছ? দাদু, দেখতে পাচ্ছ আমাকে?’নাতি পেছন ফিরে তাকাল। বাবা নেই। বাবা পেছন ফিরে তাকাল। তার বাবাও নেই।‘বাবা, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন?’‘খোকন, তুমি কই? আমি তোমাকে দেখতে পাচ্ছি না।’‘জামিল, তুমি কোথায়? আমাকে দেখতে পাচ্ছ?’রুবিনা সুলতানা বাথরুম থেকে বেরিয়ে শুনতে পেল তিন পুরুষের চিৎকার। যেন বহু দূর থেকে তিনজন পরস্পরকে ডাকাডাকি করছে। কিন্তু কোথাও কারোর ছায়ামাত্র নেই।‘পাগলের গুষ্টি!’ বিড় বিড় করতে করতে রুবিনা ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চিরুনি হাতে নিল।আয়নায় কেউ নেই।ঢাকা, ১ সেপ্টেম্বর ২০১০