
প্রথমত নারী, অতঃপর শিল্পী তিনি। নারীত্বের শক্তিকে উপলব্ধি করেছেন নিজের শিল্পযাত্রায়। মাতৃত্ব তাঁর শক্তিকে আরও সংহত করেছে। মা হয়ে পেছন তাকিয়ে মনে হয়েছে নিজের জন্মদাত্রীর কথা। নিজের মা ও মেয়ের সঙ্গে সম্পর্কের যে গভীরতা, তা তো চিরকালীন; রোকেয়া সুলতানার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। শিল্পী হিসেবে তিনি যেন দর্শক হয়ে নিজের মধ্যেই মা ও মেয়ের দ্বৈত সত্তার চিরন্তন অভিযাত্রাকে অবলোকন করেছেন। আর তিন প্রজন্মের এই নারীযাত্রার প্রতিফলন ঘটেছে বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত রোকেয়া সুলতানার চিত্রপটে।
রোকেয়া সুলতানার সপ্তদশ একক এ চিত্র প্রদর্শনীর শিরোনাম ‘রোকেয়া’। এ নামের বিশেষ মাহাত্ম্য রয়েছে। বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন থেকে রোকেয়া সুলতানা, কিংবা দূরগাঁয়ের জননী-জায়া-বধূ, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মে রোকেয়াদের জীবনসংগ্রাম, ভালোবাসা, বিদ্রোহ—সবই উঠে এসেছে এই নামকে কেন্দ্র করে। এই মূল শিরোনামের প্রদর্শনীতে আছে আরও কিছু নাম, সেগুলো সিরিজ চিত্রমালার। এই সিরিজের মধ্যে রয়েছে ‘ম্যাডোনা’, অর্থাৎ মা ও শিশু, ‘দেবী’, ‘সম্পর্ক’, ‘মাটি-জল- হাওয়া’, ‘অবয়ব’ ইত্যাদি।
রোকেয়া সুলতানার আঁকার ধরন সহজ, অনেকটা শিশুর মতো সরল। অবয়বের ভেতরে সরল চাহনি, অঙ্গপ্রত্যঙ্গের অঙ্কনেও সেই সারল্য বিদ্যমান। অঙ্কনের এই ধরন তাঁর কাজে স্বকীয়তা তৈরি করেছে।
জীবন-পরিক্রমায় একজন নারীর সময় খনন ও ক্রমপরিবর্তন-প্রক্রিয়ার বাস্তবতা ও আবেগ প্রতিফলিত হয়েছে ছাপচিত্র-মাধ্যমে আঁকা ‘ম্যাডোনা’ সিরিজে। উড ইন্টাগ্লিও অবলম্বনে আঁকা ‘ম্যাডোনা-১’ চিত্রে মায়ের অবয়বকে কেন্দ্র করে মাছ ও গাছের পাতা দিয়ে যে পরিবেশ তৈরি করেছেন শিল্পী, সেটি যেন ফলবতী মাতৃকামূর্তিকে স্মরণ করিয়ে দেয় আমাদের। এখানে আছে মায়ের কাছে সন্তানের আকাঙ্ক্ষার প্রকাশ। লিথোগ্রাফ-মাধ্যমের ছাপচিত্রে করা ‘ম্যাডোনা-৫’ ছবির কেন্দ্রে রয়েছেন একজন মা, পেছনেই তাঁর কৌতূহলী কন্যা। এর পশ্চাৎপটে ঢাকার রাজপথের তুমুল নাগরিক ব্যস্ততার চিত্র। জাতপাত-নির্বিশেষে শিশুকন্যাকে নিয়ে জননীদের ছুটে চলার এই ছবি কি আমরা প্রতিদিন দেখি না কর্মব্যস্ত নগরে?
এই জননীই আবার দেবী হয়ে দেখা দেন রোকেয়ার চিত্রপটে। শিল্পীর কল্পনার ডানায় ভর করে নারীজীবনের তিন প্রজন্ম যেন একসঙ্গে উঠে এসেছেন ‘দেবী’ সিরিজের চিত্রে। এই কাজগুলো অঙ্কন ও ওয়াশকেন্দ্রিক। ‘দেবী-৩’ চিত্রে দেখা গেল এক সারিতে তিন নারীর আদুল শরীর, দুই প্রান্তের দুজনের হাতের জায়গায় দুটি ডানা। যেন সদ্যই উড়াল থেকে নেমে এসেছেন মর্ত্যে। শিল্পীর নিজের অভিজ্ঞতাকে অনুভূতির রঙে রাঙিয়ে কিংবদন্তিকে সমকালের নারীজীবনের সঙ্গে একাকার করে দেখা—বিষয়টি বেশ চমকপ্রদ।
রোকেয়া ‘মাটি-জল-বাতাস’ সিরিজ এঁকেছেন ক্যানভাসে টেম্পেরা রঙে। তেলরং আবিষ্কারের আগে ডিমের কুসুম আর গুঁড়োরঙের মিশেলে এভাবেই আঁকতেন রেনেসাঁ-পূর্ববর্তী শিল্পীরা। চিত্রপটে নানা বর্ণের মিশ্রণের বাহারি খেলা, টেক্সচার আর রঙের পরতে পরতে অভিনব কিছু তৈরির চেষ্টায় এই কাজগুলো হয়েছে নৈর্ব্যক্তিক ও দৃষ্টিনন্দন।
আলোচ্য প্রদর্শনীর সবচেয়ে বড় দুই ক্যানভাসের একটিতে মিশ্রমাধ্যমে আঁকা হয়েছে ‘একদা একসময়’ শিরোনামে অসাধারণ একটি ছবি। এ ছবিতে দেখা যায়, ক্যানভাসের কেন্দ্রে সেই মা ও শিশু এবং তার চারপাশে রিকশাসহ রাজপথের ভিড়। বিশাল ক্যানভাসে অসামান্য দক্ষতায় কাজটি সম্পন্ন করেছেন শিল্পী। আরেকটি কাজ তেলরং ও টেম্পেরায় আঁকা—‘গ্রামের পথে একদিন’। এটি আমাদের মনে করিয়ে দেয় বাংলা গ্রামের চিরন্তন রূপ।
রোকেয়া সুলতানার এ প্রদর্শনী চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত।