তিন শান্তিযোদ্ধা
পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় ১৯৮৯ সালে গৃহযুদ্ধ শুরু হয়। দুই দফায় ১৪ বছর ছিল রক্তক্ষয়ী যুদ্ধের ডামাডোল। ঝরে যায় আড়াই লাখ প্রাণ। সরকারের অনুগত সেনাদের সঙ্গে বিদ্রোহীদের এ লড়াই চলাকালে খাদ্য, পানি, বিদ্যুৎ, অবকাঠামো—এসব মৌলিক চাহিদা নিয়ে সমস্যায় জর্জরিত ছিল মানুষ। ভুক্তভোগী এসব মানুষের পাশে থেকে দেশে শান্তি ফিরিয়ে আনতে নিরলস তৎপর ছিলেন বর্তমান প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফ (৭২) ও নারী অধিকারকর্মী লেমাহ বোয়িই (৩৯)। আরেক দিকে ইয়েমেনের এক সাহসিকা তাওয়াক্কুল কারমান, যে সোচ্চার নারীর অধিকার রক্ষায়, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে যে জাগিয়ে তুলেছেন সহস্র কণ্ঠকে এবং এসবই তিনি করছেন এক শান্তিপূণর্, অহিংস আন্দোলনের মাধ্যমে। যে কারণে কারমানের অহিংস ব্রতে মুগ্ধতা প্রকাশ করেছে নোবেল কমিটি। সব মিলিয়ে শান্তি প্রতিষ্ঠায় এই তিন নারীর অসামান্য অবদানের স্বীকৃতির প্রতিফলন ঘটেছে ২০১১ সালের নোবেল শান্তি পুরস্কারে তাঁদের নাম ঘোষণার মধ্য দিয়েই।লৌহমানবী সারলিফ‘অ্যা, কী বললে! লাইবেরিয়ার প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন? ও-ও-ও...হো-হো-হো!’ এলেন জনসন সারলিফের নোবেল শান্তি পুরস্কার পাওয়ার খবর শুনে এভাবেই আনন্দ প্রকাশ করেন দক্ষিণ আফ্রিকার শান্তিদূত ডেসমন্ড টুটু। ১৯৮৪ সালে তিনিও এই পুরস্কার পান। নিজের জীবনেরই এক শুভক্ষণে সারলিফের সুখবরটি পান টুটু। তিনি তখন তাঁর ৮০তম জন্মদিন উদ্যাপনের এক অনুষ্ঠান থেকে ফিরছিলেন। প্রতিক্রিয়া জানাতে কেপটাউনের সেন্ট জর্জেস ক্যাথেড্রালের বাইরে সমবেত সাংবাদিকদের তিনি বলেন, ‘বড্ড দেরি হয়ে গেল। এ পুরস্কার তাঁর আগেই পাওয়া উচিত ছিল। যুদ্ধের ঘোরে লাইবেরিয়া যখন নরকের দিকে যাচ্ছিল, তখন তিনি সে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখেন।’ কেবল টুটু নন, লাইবেরিয়া তথা আফ্রিকার প্রথম নারী প্রেসিডেন্ট এলেন জনসন সারলিফের এমন গুণমুগ্ধ গুণীজন আরও অনেকেই। যুদ্ধপরবর্তী লাইবেরিয়ার পুনর্গঠন ও সংস্কারকাজে দারুণ সফল তিনি। সফল নারীর অধিকার রক্ষার ব্রতেও। এসব কাজে নিজের নীতিতে তিনি অটল। এ জন্য খেতাব জুটেছে ‘লৌহমানবী’। তবে শিরাবরণ ও ঢোলা পোশাকে তিনি যখন সাধারণ মানুষের সামনে হাসিমুখে হাজির হন, তখন তাঁকে সে রকম কঠিন নারী মনে হয় না। জনতার কাছে তখন যেন তিনি ঘরেরই চিরচেনা আপনজন কেউ। অথচ যুদ্ধের দিনগুলোতে তিনি কী কষ্টই না করেছেন!চারদিকে গোলাগুলি চলছে, একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ, আপনজনকে ছেড়ে নিজের প্রাণ নিয়ে পালাচ্ছে অনেকে, আর তখন সারলিফ আন্তর্জাতিক সমপ্রদায়ের কাছে ধরনা দিচ্ছেন—এসব মানুষকে বাঁচান; খাদ্য দিন, অর্থ দিন। লাইবেরিয়ার জন্য বড় বড় অর্থনৈতিক সংস্থা থেকে তখন কোটি কোটি ডলারের ঋণ ও সহায়তা এসেছে সারলিফের কলমের জোরে। উচ্চশিক্ষা ও প্রভাব-প্রতিপত্তির গুণে ইচ্ছা করলেই আরাম-আয়েশে জীবন কাটাতে পারতেন সারলিফ। তাঁর পেশাগত জীবন শুরুই হয়েছিল উচ্চপদ দিয়ে। কিন্তু অন্যায় ও দুর্নীতি তিনি কখনোই প্রশ্রয় দেননি। আশির দশকে সেনা স্বৈরশাসক স্যামুয়েল ডু ক্ষমতায় এসে তাঁকে উঁচু পদে বসিয়েছিলেন। কিন্তু সারলিফ ঠিকই তাঁর দুর্নীতি ও অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করে পদত্যাগ করেন। পরবর্তী সময়ে প্রথম গৃহযুদ্ধে ডুর বিরুদ্ধে লড়াইয়ে চার্লস টেলরের নেতৃত্বাধীন বিদ্রোহীদের তিনি সমর্থন করেন ঠিকই, কিন্তু পরে টেলরের যুদ্ধাপরাধের ঘটনা প্রকাশিত হলে তাঁর বিপক্ষে কঠোর অবস্থান নিতে দ্বিধা করেননি।নারীর অধিকার রক্ষায় বরাবরই তিনি সরব। দরিদ্র মানুষের অধিকার রক্ষায়ও তাঁর বড় অবদান। সারলিফ যখন আবিদজানে নির্বাসিত জীবন কাটাচ্ছিলেন, তখন তাঁকে খুব কাছ থেকে দেখেছেন পশ্চিম আফ্রিকাবিষয়ক গবেষক লনসানা বেরি। তিনি বলেন, ‘আমি সব সময় মনে করি যে তৃণমূল পর্যায়ের মানুষের জন্য তাঁর অনুভূতি খুব জোরালো। লাইবেরিয়ার উঁচু ও নিচুশ্রেণীর মানুষের মধ্যে ব্যবধান ঘোচানোর ক্ষমতা তাঁর আছে।’১৯৩৮ সালের ২৯ অক্টোবর লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ায় সারলিফের জন্ম। কলেজ অব ওয়েস্ট আফ্রিকায় অর্থনীতি ও হিসাববিজ্ঞানে পড়াশোনা করেন। ১৭ বছর বয়সে তিনি জেমস সারলিফকে বিয়ে করেন। ১৯৬১ সালে স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্র যান তিনি। সেখানে উইসকনসিনের ম্যাডিসন বিজনেস কলেজে হিসাববিজ্ঞানে পড়াশোনা করেন। এ ছাড়া কলোরাডো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতেও পড়শোনা করেন তিনি। পরবর্তী সময়ে হার্ভার্ডের জন এফ কেনেডি স্কুল অব গভর্নমেন্ট থেকে লোকপ্রশাসনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর তিনি দেশে ফেরেন। লাইবেরিয়ায় তখন উইলিয়াম টলবার্টের সরকার ক্ষমতায়। ১৯৭২ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত টলবার্টের প্রশাসনে তিনি সহকারী অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু বনিবনা না হওয়ায় পরে পদত্যাগ করেন। ১৯৭৯ থেকে ১৯৮০ সালের এপ্রিল পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ১৯৮০ সালের ১২ এপ্রিল আদিবাসী ক্রান গোষ্ঠীর নেতা মাস্টার সার্জেন্ট স্যামুয়েল ডু সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। মন্ত্রিসভার কয়েকজন সদস্যসহ টলবার্টকে হত্যা করা হয়। পিপলস রিডেম্পশন কাউন্সিল দেশের নিয়ন্ত্রণ নেয়। সে সময় সারলিফ লাইবেরিয়ান ব্যাংক ফর ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন। ১৯৮০ সালের নভেম্বরে প্রকাশ্যে ডু ও তাঁর কাউন্সিলের দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে দেশ ছাড়েন তিনি। এরপর যুক্তরাষ্ট্র ও কেনিয়ার নাইরোবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। ১৯৮৫ সালে দেশে ফিরে সাধারণ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর একে একে নানা রাজনৈতিক চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। এমন কি কারাগারেও যেতে হয়েছে। ২০০৫ সালের সাধারণ নির্বাচনে ইউনিটি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি।সারলিফ চার ছেলের মা। নাতি-নাতনি আছে আটজন। অনন্য যোদ্ধা বোয়িই‘এই পুরস্কার আমাদের নারীদের কঠোর সংগ্রামের এক বিশাল স্বীকৃতি।’ নোবেল শান্তি পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন লেমাহ বোয়িই। তিনি বলেন, আফ্রিকাসহ বিশ্বে পুরোপুরি শান্তি প্রতিষ্ঠাই তাঁর লক্ষ্য। বোয়িই আরও বলেন, এই পুরস্কার এটাই বোঝাচ্ছে যে আফ্রিকায় সংঘাত সমাধানে এখানকার নারীরা ব্যতিক্রমী ভূমিকা পালন করতে পারে। তিনি বলেন, ‘আমি সব সময় বলি যে আমার কাজ হচ্ছে রাজনীতিতে অংশ নিতে নারীদের অনুপ্রেরণা দেওয়া। নারীকে বাদ দিয়ে আমি যদি অন্য কাউকে সমর্থন করি, তা হবে ভণ্ডামি।’যুক্তরাষ্ট্র থেকে ঘানা হয়ে গত রোববার দেশে ফেরেন বোয়িই। রাজধানী মনরোভিয়ায় নাচ-গানে ভরা উৎসবমুখর পরিবেশে তাঁকে অভ্যর্থনা জানান সমর্থকেরা। গৃহযুদ্ধের দ্বিতীয় দফায় বোয়িইর ভূমিকা ছিল অসাধারণ। চারদিকে যখন সাবেক প্রেসিডেন্ট চার্লস টেলরের অনুগত সেনা ও বিদ্রোহীদের মধ্যে প্রচণ্ড লড়াই চলছে, তখন সাহসী এক ব্যতিক্রমী ভূমিকা নিলেন তিনি, যা ওই পরিস্থিতিতে কোনো সাধারণ নারীর পক্ষে অকল্পনীয়। মনরোভিয়ায় দলে দলে নারীদের জড়ো করে চালিয়ে যেতে লাগলেন যুদ্ধবিরোধী আন্দোলন। অনেকের মতে, বোয়িইর নেতৃত্বে সাদা পোশাক পরা এসব নারী যুদ্ধবিরোধী আন্দোলনে না নামলে হয়তো ২০০৩ সালে গৃহযুদ্ধের অবসান ঘটত না। এ ব্যাপারে বোয়িই বলেন, ‘২০০৩ সাল ছিল সত্যিই এক কঠিন সময়। ১৪ বছর গৃহযুদ্ধের মধ্যে থেকে আমরা বিপর্যস্ত। এ সময় আমরা একদল নারী শান্তি প্রতিষ্ঠায় আন্দোলনে নামার সিদ্ধান্ত নিলাম। শুরু হলো পিকেটিং, অনশন আর প্রার্থনা।’বর্তমানে ঘানাভিত্তিক উইমেন পিস অ্যান্ড সিকিউরিটি নেটওয়ার্কের (ডব্লিউপিএসএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন বোয়িই। এই সংস্থায় বোয়িইর ব্যক্তিগত সহকারী বার্থা আমানর তাঁর সম্পর্কে বলেন, তিনি কেবল লাইবেরিয়ার নারীদের সহায়তায় কাজ করছেন না, কঙ্গো প্রজাতন্ত্রসহ আফ্রিকার অন্য দেশগুলোতেও তিনি নারীর অধিকার রক্ষায় একইভাবে সক্রিয়। আমানর বলেন, পুরুষদের কাছে তাঁদের সংস্থার বার্তা হচ্ছে, নারীর ওপর যদি তারা নির্যাতন চালায়, তাদের যদি হত্যা করে, তাহলে নারীর কাছ থেকে ভালোবাসার সম্পর্ক প্রত্যাশা করতে পারে না। ১৯৭২ সালে লাইবেরিয়ার মধ্যবর্তী অঞ্চলের একটি গ্রামে লেমাহ বোয়িইর জন্ম। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ গে ফ্যাটোরমাহ তাঁর স্বামী। ঘরে ছয়টি শিশুসন্তান রয়েছে তাঁর। এর মধ্যে দত্তক সন্তানও আছে। গৃহযুদ্ধ শেষ হওয়ার পর বোয়িই একটি বই লিখেছেন। মাইট বি আওয়ার পাওয়ার্স: হাউ সিস্টারহুড, প্রেয়ার অ্যান্ড সেক্স চেঞ্জড আ নেশন অ্যাট ওয়ার শীর্ষক বইটিতে তিনি গৃহযুদ্ধে সহিংসতা ও যুদ্ধ অবসানে নারীর ভূমিকা বর্ণনা করেছেন। পুরস্কারজয়ী একটি তথ্যচিত্রেরও কেন্দ্রীয় চরিত্র তিনি। প্রে দ্য ডেভিল ব্যাক টু হেল শীর্ষক তথ্যচিত্রে আফ্রিকার সব নারীকে শান্তির সমর্থনে প্রচারণায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শরিফুল ইসলাম ভূঁইয়া প্রেরণার প্রতীক কারমানদেখতে আর দশজন আরব নারীর মতোই। বিপ্লবের কথা বলেন, পরিবর্তনের কথা বলেন, নারী-স্বাধীনতার কথা বলেন। তাই বলে আরব সংস্কৃতি ছিন্ন করে নয়। বরং সংস্কৃতির নামে, সামাজিক সংস্কারের নামে নারীদের হাতে-পায়ে শিকল পরানোর বিরুদ্ধে তিনি। আর তাই সব সময় তাঁর পরনে থাকে বোরকা, যদিও একেবারে বোরকার ঘেরাটোপে তিনি বন্দী নন। মাথায় স্কার্ফ। ঈষৎ শ্যামলা মুখটায় সব সময় একটা নির্ভরতার হাসি। নাম তাঁর তাওয়াক্কুল কারমান।‘তাওয়াক্কুল’, যার অর্থ—নির্ভরতা, আস্থা। নিজের নামটি সার্থক করে দিয়ে ইয়েমেনের এই ৩২ বছর বয়সী নারী হয়ে উঠেছেন পুরো দেশের, কখনো দেশের গণ্ডি ছাড়িয়ে পুরো আরবের নারীদের আস্থার প্রতিশব্দ। আর এবার যৌথভাবে শান্তিতে নোবেল জয়ের পর তাওয়াক্কুল নিশ্চিতভাবেই প্রেরণার প্রতীক হয়ে উঠবেন পুরো বিশ্বের নারীদের। প্রথম আরব নারী হিসেবে নোবেল জিতেছেন, সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল বিজয়ের কৃতিত্বটাও এখন তাঁর।১৯৭৯ সালের ৭ ফেব্রুয়ারি ইয়েমেনের তাইজ শহরে জন্ম। জন্মেছেন রাজনৈতিক পরিবারেই। বাবা আবদেল সালাম কারমান আইন পেশার পাশাপাশি রাজনীতি করেছেন। ইয়েমেনের স্বৈরশাসক আলী আবদুল্লাহ সালেহর মন্ত্রিসভার সদস্যও ছিলেন একসময়। কিন্তু সালেহর সঙ্গে মতের মিল না হওয়ায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন কারমান। বাবার আদর্শে অনুপ্রাণিত তাওয়াক্কুল নিজের জীবনের একটা বড় অংশ ব্যয় করেছেন স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে। এখনো চলছে তাঁর আন্দোলন। সে আন্দোলন অহিংস। তাওয়াক্কুল গান্ধীবাদে বিশ্বাসী। মনেপ্রাণে বিশ্বাস করেন, জ্বালাও-পোড়াও করে নয়, নিয়মতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই পরিবর্তন সম্ভব।নিজের এই বিশ্বাস তিনি ছড়িয়ে দিচ্ছেন তাঁর অনুগতদের মধ্যে। ঘর ছেড়ে পথই তাঁর এখন ঠিকানা। গত ফেব্রুয়ারিতে রাজধানী সানার চেঞ্জ স্কয়ারে তাঁবু গেড়েছেন। সেটাই এখন তাঁর ঠিকানা। এই চত্বরে প্রতিদিন হাজার হাজার মানুষের জমায়েতের মধ্যমণি হয়ে থাকেন। সেখান থেকেই দিচ্ছেন আবদুল্লাহ সালেহর ৩৩ বছরের একনায়কতান্ত্রিক শাসনের পরিবর্তনের ডাক। প্রতিদিনই জোরদার হচ্ছে সেই আন্দোলন। চাপের মুখে এই সেদিন আবদুল্লাহ সালেহ মন্তব্য করেছেন, তিনি পদত্যাগে প্রস্তুত, যদিও তাঁর এই ঘোষণাকে দেখা হচ্ছে রাজনৈতিক চাল হিসেবে। আর তাই সালেহর এমন মন্তব্যে বিভ্রান্ত না হয়ে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাওয়াক্কুল।সরকারবিরোধী এই আন্দোলন তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি আর স্বীকৃতি এনে দিয়েছে বটে, তাওয়াক্কুল কিন্তু হুট করে নেতা হয়ে যাননি। কাজ করছেন দীর্ঘদিন ধরে। প্রধান বিরোধী দল আল-ইসলার কর্মী হিসেবে সংগ্রাম করেছেন বহুদিন। তিন সন্তানের এই জননী কাজ করেছেন সাংবাদিক হিসেবেও। পদে পদে নারী-সাংবাদিকদের বাধার মুখে পড়তে দেখে ২০০৫ সালে গঠন করেছেন ‘উইমেন জার্নালিস্ট উইদাউট চেইন’ নামের একটি সংগঠন, যে সংগঠন সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে। ইয়েমেনের সংবাদমাধ্যম এখনো রাষ্ট্র নিয়ন্ত্রিত।কারমান দেখেছেন সমাজে প্রতি পদে কীভাবে বঞ্চনার শিকার হন নারীরা। কন্যাশিশুর অধিকার আদায়েও সোচ্চারকণ্ঠ তিনি। ১৭ বছরের আগে ইয়েমেনের নারীদের বিয়ে না দেওয়ার জন্য একটি আইন তৈরির পক্ষেও গঠন করছেন জনমত। পুরো মুখ আচ্ছাদনে ঢেকে ফেলা নেকাব ব্যবহারের বিরুদ্ধেও তৈরি করেছেন সচেতনতা। তিনিই প্রথম নেকাবের পরিবর্তে রঙিন স্কার্ফ পরে হাজির হয়েছিলেন ইয়েমেনের একটি টিভিতে। কাজ করেছেন নারীর শিক্ষা প্রসারে। এমনকি পরিবারে বেড়ে ওঠার সময় ভাইদের তুলনায় বোনেরা যে কম পরিমাণ পুষ্টিকর খাবার পায়, এ বিষয়টিও সবার গোচরে এনেছেন তাওয়াক্কুল।তাঁর এই পরিবর্তনের ডাক যে সরকার ভালোভাবে নেবে না, এ তো জানা কথাই। অনেকবারই কারাগারে বন্দী হয়েছেন। হয়েছেন নির্যাতনের শিকার। বেশ কয়েকবার তাঁকে হত্যার পরিকল্পনাও করা হয়েছিল। বেশ কয়েকবার তিনি মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন।রাজনৈতিক আন্দোলনে থাকে নানামুখী ছক, থাকে উসকানি, স্বার্থসিদ্ধির নানা ফন্দিফিকির। সব প্রলোভন আর উসকানি সামলে শান্তিপূর্ণ আন্দোলনের সিদ্ধান্তে অটল থেকেছেন তাওয়াক্কুল। নোবেল বিজয়ের পর আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘শান্তিপূর্ণ বিপ্লবই ইয়েমেনের একমাত্র মুক্তির পথ। শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে রাস্তায় অবস্থান নেওয়াই একমাত্র উপায়। পড়ে পড়ে আমি শান্তিবাদী আন্দোলনের কথা জেনেছি। মহাত্মা গান্ধী, নেলসন ম্যান্ডেলা আর মার্টিন লুথার কিংয়ের আদর্শে আমি উজ্জীবিত। এই তিনজন ছিলেন শান্তিপূর্ণ আন্দোলনের পথিকৃৎ। আমি তাঁদের কাছে সর্বান্তঃকরণে কৃতজ্ঞ।’তাঁর এই শান্তিপূর্ণ আন্দোলনই মুগ্ধ করেছে নোবেল কমিটিকে। তাঁর সঙ্গে আরও দুই নারীকে এবার শান্তিতে নোবেল দেওয়ার কথা উল্লেখ করে নরওয়ের নোবেল কমিটি বলেছে, ‘নারীর নিরাপত্তা, শান্তি-প্রক্রিয়ায় নারীর পূর্ণ অংশগ্রহণের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ফলই এই স্বীকৃতি।’তাওয়াক্কুল জানতেনই না শান্তিতে নোবেলজয়ীর সম্ভাব্য তালিকায় আছেন তিনি। আর তাই নোবেল বিজয়ের ঘোষণা তাঁর কাছে একই সঙ্গে পরম আনন্দ ও বিস্ময়ের উপলক্ষ হয়ে এসেছে। নিজের এই অর্জনের খবর তিনি শুনেছেন চেঞ্জ স্কয়ারেই। বলেছেন, ‘আমি আমার তাঁবুর ভেতরেই ছিলাম, যখন খবরটা শুনি। আসলে জানতামই না শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের তালিকায় আমার নাম আছে। তাই টিভি চ্যানেলগুলো থেকে যখন জানলাম আমার নামও ঘোষণা করা হয়েছে বিজয়ী হিসেবে, সেটা আমার জন্য হয়ে এসেছে চরম বিস্ময়ের।’এই পুরস্কার তিনি উৎসর্গ করেছেন আরবজুড়ে পরিবর্তনের আন্দোলনে শরিকদের। উৎসর্গ করেছেন এরই মধ্যে যাঁরা জীবন দিয়েছেন। উৎসর্গ করেছেন তাঁর স্বামী আর তিন সন্তানকেও। আন্দোলনের কারণে মা ও স্ত্রীর ভূমিকা যে ঠিকমতো পালন করতে পারছেন না! রাজীব হাসান সূত্র: এএফপি, বিবিসি, গার্ডিয়ান, আল-জাজিরা অনলাইন।