তিনকাল পর্বের নিবিড় জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিরে দেখা জীবন
ফিরে দেখা জীবন

ফিরে দেখা জীবন
এটি এম শামসুলহুদা
প্রচ্ছদ: কাইয়ুম চৌধুরী
প্রকাশক: প্রথমা প্রকাশন, ২০১৪
পৃষ্ঠা: ২২৪, দাম: ৩৬০ টাকা
সেই কবে, বিংশ শতকের দ্বিতীয় দশকে প্রকাশিত তাঁর এক ব্যক্তিগত রচনায় আমেরিকান লেখক স্কট ফিটজেরাল্ড লিখেছিলেন, ‘প্রত্যেক ব্যক্তি তাঁর জীবনের নায়ক। নায়ক তিনি কেবল তাঁর নিজস্ব, একান্ত জীবনের অভিজ্ঞতার জোরেই।’ এ টি এম শামসুল হুদার আত্মজীবনী ফিরেদেখাজীবনপড়তে গিয়ে ফিডজেরাল্ডের কথাটা মনে এল খুব স্বাভাবিকভাবে। তিন তিনটি ঐতিহাসিক কালপর্বের সাক্ষী তিনি, সেই কালপর্বের নিবিড় পর্যবেক্ষকও। কোনো কোনোটির তিনি প্রত্যক্ষ অংশীও বটে।
‘ভূমিকা’ দিয়েই শুরু করেছেন শামসুল হুদা। তাতে এই আত্মজীবনী লেখার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, ‘ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ আমলের কালান্তরিত প্রতিষ্ঠানগুলোর বাস্তব অবস্থা নিজের জীবনের অভিজ্ঞতার আলোকে খণ্ড খণ্ড চিত্রের মাধ্যমে উপস্থাপন।’
সুলিখিত ‘ভূমিকা’র পরই লেখক যে অধ্যায়ের আশ্রয় নেন, সেটির শিরোনাম ‘পূর্বলেখ’। এ অধ্যায়ের মাধ্যমেই তিনি জানিয়েছেন তাঁর ২০০৭-২০১২ সাল সময় পরিসরে প্রধান নির্বাচন কমিশনার হওয়ার নেপথ্য আখ্যান। এই অধ্যায়টি পড়ার পর সচেতন পাঠকমাত্রকেই চলে যেতে হবে ‘নির্বাচন কমিশনের সময়কাল’ নামের অধ্যায়ে। অধ্যায়টি পড়লেই পাওয়া যাবে এ টি এম শামসুল হুদার প্রজ্ঞা, তাঁর মেরুদণ্ডের দৃঢ়তা ও চারিত্রিক পরিচ্ছন্নতার সুস্পষ্ট পরিচয়। মিলবে তাঁর সাহস ও সততার দৃষ্টান্তও।
‘ভূমিকা’ বাদে মোট ১০টি অধ্যায়ে বিভক্ত এই বইয়ের পাঠ সত্যিই এক বিরল অভিজ্ঞতা। সাতচল্লিশের ভারত উপমহাদেশের বিভক্তির সময় লেখকের বয়স মাত্র তিন কি চার। স্কুলজীবনে যতটা না, কলেজ জীবনে এসে সেই দেশ বিভাগ-উত্তর প্রতিক্রিয়াটা নানা দিক থেকে, বিশেষত শিক্ষাক্ষেত্রে কতটা গভীর হয়েছিল, হিন্দু শিক্ষকেরা ভারতে চলে যাওয়ায় তাঁদের শূন্যস্থানগুলো কীভাবে পূরণ করা হয়েছিল, শামসুল হুদা দিয়েছেন তার প্রায় অনুপুঙ্খ বিবরণ।
একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে নিতে শুরু করেন চাকরি জীবনের প্রস্তুতি। বলছেন, ‘আমাদের সময় সরকারি চাকরিই ছিল কর্মজীবনে প্রবেশের অন্যতম প্রধান অবলম্বন আর সিএসএস ছিল তখনকার দিনের হিসেবে কর্মজীবনে প্রবেশের সিংহদ্বার। অন্যদের মতো আমিও তাই এই সিংহদ্বার পেরোনোর পরীক্ষায় অবতীর্ণ হওয়ার পথ ধরলাম।’ চাকরি জীবনে অভিষেক হওয়ার যে বর্ণনা তিনি পেশ করেছেন, তা বেশ রসভোগ্য। তৎকালীন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের সরকারি কর্মকর্তাদের একই ধরনের পদের মধ্যেও যে নানা ধরনের বৈষম্য ছিল, তা-ও তুলে ধরতে কসুর করেননি লেখক।
উপরন্তু, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধা, অমুক্তিযোদ্ধা ও পশ্চিম পাকিস্তান থেকে আসা পদস্থ কর্মকর্তাদের সেখানে আত্তীকরণ করা নিয়ে যে ধূম্রজাল ও জটজটিলতার সৃষ্টি হয়, তৈরি হয় অসন্তোষ, সে ব্যাপারেও খোলাখুলি মত প্রকাশ করেছেন আত্মজীবনীকার।
বইটির মাত্র একটি দৃষ্টান্ত হাজির করেই শেষ করব এই লেখা। কৃষি ব্যাংকের এক কর্মচারী দম্পতির প্রসঙ্গ। স্বামী-স্ত্রী দুজনই ব্যাংকের পদস্থ কর্মকর্তা। তাঁরা শামসুল হুদাকে জানালেন, বিশেষত স্ত্রীটি, ‘আগামী মাসে আমার প্রথম সন্তান ডেলিভারির তরিখ চিকিৎসক নির্ধারণ করে দিয়েছেন। এ অবস্থায় আমাকে বরিশালে এক থানায় আর আমার স্বামীকে পটুয়াখালীর পাথরঘাটায় বদলি করা হয়েছে। স্যার, বরিশালের প্রত্যন্ত থানায় আমার বিপদ হলে সেখানে আমাকে কে দেখবে?’
পরে নিজের জবানিতে হুদা জানাচ্ছেন, এই দম্পতি একটি ‘অপরাধ’ করেছেন। সেটাই তাদের বদলির কারণ। ‘অপরাধ’, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাঁরা বিএনপি–দলীয় সার্ভিস অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কাজ করেছিলেন।
এর পরের ঘটনা হলো যাচাই-বাছাইয়ের পর সব বাধা-বিপত্তি উপেক্ষা করে পদক্ষেপ নিলেন হুদা। সঙ্গে সঙ্গে বাতিল হলো ওই দম্পতির বদলির আদেশ।
এভাবে টুকরো টুকরো ঘটনায় সমৃদ্ধ এই আত্মজীবনী শেষ অবধি হয়ে উঠেছে এক নির্দিষ্ট সময় পর্বের অন্তরঙ্গ চালচিত্র।