
২৬ আগস্ট, ২০১৬-এর প্রথম আলোর ‘শিল্পসাহিত্য’ পাতায় নাসির আলী মামুনের নেওয়া কবি আবুল হোসেনের (১৯২২-২০১৪) একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে কবির একটি মন্তব্য, ‘রবীন্দ্রনাথ গদ্যকবিতার কারুকাজ বুঝতে পারেননি’—পড়ে আফসোস হলো এ জন্য যে, জনাব হোসেন আজ বেঁচে থাকলে তাঁর সঙ্গে বিষয়টি নিয়ে লিখিত আলোচনা করা যেত। তিনি এই ছোট সাক্ষাৎকারে এত সাংঘর্ষিক মন্তব্য করেছেন, যা আত্মপ্রসাদপূর্ণ ভাববিলাসে পীড়িত। হতে পারে, নব্বইয়ের কাছাকাছি বয়সের হোসেন মনে রাখতে পারেননি কিছুক্ষণ আগে কী মন্তব্য তিনি করেছেন। সাক্ষাৎকার গ্রহণকারীও তাঁকে বলেননি, কিছুক্ষণ আগে যা বললেন, আর এখন যা বলছেন, দুটো তো সাংঘর্ষিক।
পাঁচ বছর আগে, ২০১১-এর ১৪ জুলাইয়ে নেওয়া এ সাক্ষাৎকারটি ছিল অপ্রকাশিত। মামুন কেন আবুল হোসেনের জীবিতকালে এটি ছাপতে দেননি বা ছাপাননি, সে রহস্য আমার অজানা। রবীন্দ্রনাথ ও আবুল হোসেনকে আমি যতটুকু পড়েছি তার ভিত্তিতে আমার ধারণা বরং উল্টো—জনাব হোসেন রবীন্দ্রনাথের ‘গদ্যকবিতার কারুকাজ’ বোঝেননি। আমার এই মন্তব্যের পক্ষে অনেক কথাই বলা যায়, ধীরে ধীরে তা বলবও।
এবার সাক্ষাৎকারে কোথায় কোথায় আবুল হোসেন সাংঘর্ষিক কথাবার্তা বলেছেন, তার কিছু উল্লেখ করব। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ দশকের দু-একটি কাব্যগ্রন্থের নাম বলব এবং তাঁর কবিতা থেকে মাত্র দু-তিনটি উদ্ধৃতি দেব, যা থেকে বোঝা যাবে ‘গদ্যকবিতার কারুকাজ’ এবং ‘সাধারণের প্রাত্যহিক ভাষাকে’ কীভাবে ব্যবহার করেছেন রবীন্দ্রনাথ। তা ছাড়া আরও একটি বিষয় ভেবে, এই প্রতিক্রিয়া জানানো তা হলো, জনাব হোসেনের মন্তব্যগুলো পড়ে কোনো পাঠক যেন বিভ্রান্তিতে না পড়েন। এমনও তো কেউ কেউ ভাবতে পারেন, আমাদের সুশিক্ষিত বর্ষীয়ান কবি অযথা এসব কথা কেন বলবেন? নিশ্চয়ই তিনি সব বুঝেই বলেছেন।
‘রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক কবিদের লেখা বুঝতেন?’—এই প্রশ্নে হোসেন বলছেন, ‘আমার বিশ্বাস, তিনি বুঝতেন। তিনি আধুনিক কবিতা বুঝতে পারেননি, এটা আমার বিশ্বাস হয় না।’ আর এক জায়গায় বলেছেন: ‘উদার হলেও রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক কবিদের লেখার অন্তর্নিহিত স্বরূপকে অনুধাবন করতে পারেননি।’ আবার বলেছেন, ‘তিনি আধুনিক কবিতা উপেক্ষা করেছিলেন, এ কথা আমি বলতে পারব না। আমার অনুমান, পুরোটা তিনি বুঝতে পারেননি।’
‘বিশ্বাস’ আর ‘অনুমান’-এর ওপর নির্ভর করে কথা বলেছেন আমাদের এই অগ্রজ! মামুনও তাঁর কাছে ব্যাখ্যা চাননি।
সাক্ষাৎকারে আবুল হোসেন দাবি করেছেন, ‘সাধারণের প্রাত্যহিক ভাষাকে আমিই প্রথম কবিতায় প্রকাশ করলাম।’ আমার ধারণা, তিনি পুনশ্চর বিখ্যাত কবিতাগুলো, যথা ‘ক্যামেলিয়া’, ‘সাধারণ মেয়ে’, ‘খোয়াই’ পড়লেও বোঝেননি ‘গদ্যকবিতার কারুকাজ’ এবং ‘সাধারণ প্রাত্যহিক ভাষা’ কাকে বলে। রবীন্দ্রনাথ-ব্যবহৃত ভাষা পড়া যাক: ‘বাঁখারি-বাঁধা মেহেদির বেড়া/ তার ওপারে কলা পেয়ারা নারকেলের বাগান,’ (পুকুর-ধারে) ; ‘একটা ঠেলাগাড়িতে চলেছে কলেজে/ বুঝলুম, ভুল করেছি গোঁয়ারের মতো’, ‘বাবু, ডেকেছিস কেনে?’ (ক্যামেলিয়া)। ‘বাঁশি’ কবিতায় ‘জমে ওঠে, পচে ওঠে/ আমের খোসা ও আঁটি, কাঁঠালের ভূতি/ মাছের কানকা/ মরা বেড়ালের ছানা/ ছাইপাঁশ আরও কত কী যে।’
লিপিকার ভাষা নিয়ে রবীন্দ্রনাথের কিছু সংশয় ছিল। কিন্তু আমরা যখন লিপিকাপড়ি, মনে হয়, এই বইয়ের ভাষার কারুকাজ কবিতার গদ্যে বা গদ্যকবিতার একটি শ্রেষ্ঠতম উদাহরণ। রবীন্দ্রনাথ ‘ফ্রি ভার্স’ মনে করে লিখেছিলেন এবং ছিলেন সংশয়ে। কবিদের সংশয়-বোধ থাকতেই হয়। আমরা জানি, রূপসী বাংলা নিয়ে জীবনানন্দ দাশেরও কী রকম সংশয় ছিল।
লক্ষণীয় বিষয় হলো, ‘তিনি (রবীন্দ্রনাথ) কিন্তু গদ্যকবিতার পক্ষে কয়েকটি প্রবন্ধ লিখেছেন। অন্তত আমি দুটো পড়েছি, মনে পড়ছে।’—এ কথা বলে আরও তিনটি প্রশ্নের পর আবুল হোসেন বলছেন: ‘আসলে তাঁর মনে কী সিদ্ধান্ত ছিল গদ্যকবিতা লেখা নিয়ে, তা তো আমার পক্ষে বলা সম্ভব না।’—গোটা সাক্ষাৎকারে এই কথাগুলো খুবই সাংঘর্ষিক। তাই জনাব হোসেনের কথা শুনে অনেকের মনেই এমন চিন্তা আসতে বাধ্য, রবীন্দ্রনাথের গদ্যকবিতা-বিষয়ক প্রবন্ধ পড়ে তিনি (আবুল হোসেন) কিছুই বোঝেননি। রবীন্দ্রনাথ পরিশেষও পুনশ্চর নতুন রীতিকে বলেছিলেন ‘গদ্যিকা রীতি’, এই শব্দবন্ধের অর্থ তো সহজ।
আবুল হোসেন বলছেন, ‘বুদ্ধদেব বসু জসীমউদ্দীনকে বড় কবি মনে করেননি।...সুধীন্দ্রনাথ দত্তের একই মত ছিল।’ বুদ্ধদেব বসু জসীমউদ্দীনকে ‘বড় কবি’ মনে না করলেও তাঁর সম্পাদিত আধুনিক বাংলা কবিতায় জসীমউদ্দীনের কবিতা নিয়েছেন। আবুল হোসেনকে নেননি। আমাকে কেউ যদি জানান, সুধীন্দ্রনাথ দত্ত তাঁর কোন লেখায় জসীমউদ্দীন সম্পর্কে ‘মত’ দিয়েছেন; খুব উপকৃত হবো।
আর মামুনের প্রতি অনুরোধ, যদি তিনি ভবিষ্যতে কবি আবুল হোসেনের ‘রবীন্দ্রনাথ গদ্যকবিতার কারুকাজ বুঝতে পারেননি’ শিরোনামের এই সাক্ষাৎকারটি গ্রন্থভুক্ত করেন, তখন সাক্ষাৎকারে হোসেনের বলা বিশেষ বিশেষ তথ্যের সূত্র যেন উল্লেখ করেন। যেমন, গদ্যকবিতা-বিষয়ক রবীন্দ্রনাথের প্রবন্ধগুলোর নাম, জসীমউদ্দীন সম্পর্কে সুধীন্দ্রনাথ দত্তের ‘মত’ কোন লেখায় প্রকাশিত, ইত্যাদি।
ভেবে খারাপ লাগে, একজন অগ্রজ কী এলোমেলো কথা বলেছেন! তাহলে শেখার জন্য আমরা কার কাছে যাব?