তুতেনখামেনের মমি
মিসর, পিরামিড, মমি—শব্দগুলো শুনলেই রহস্যের এক অদ্ভুত জগতে চলে যেতে চায় মন। আর রহস্যের দুনিয়ার সবার ওপরে নিশ্চয়ই রাজা তুতেনখামেনের মমি।ফারাও রাজবংশের তরুণ রাজা ছিলেন তুতেনখামেন। মাত্র নয় বছর বয়সে রাজা হয়ে রাজা তুত রাজত্ব করেন মাত্র ১০ বছর। মিসরের যত প্রাচীন মমি পাওয়া গেছে, তার মধ্যে সবচেয়ে প্রাচুর্যময় হলো তুতেনখামেনের মমি।১৯২২ সালে আমেরিকান প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার এবং কারনাখান তুতেনখামেনের মমির সন্ধান পান। তাঁরা খুঁজে পান চারটি সমাধি। চতুর্থ সমাধিতে তিনটি কফিনের মধ্যে একটিতে আবিষ্কৃত হয় প্রায় সাড়ে তিন হাজার বছর পুরোনো তুতেনখামেনের মমি। সঙ্গে অমূল্য সব রত্নরাজি, স্বর্ণালংকার। আর ছিল অসাধারণ শৈল্পিক নৈপুণ্যতায় নির্মিত একটি মুখোশ।এই আবিষ্কারের সঙ্গে সঙ্গে দুনিয়াজুড়ে তোলপাড় শুরু হয়ে যায়। এর আগে ফারাও রাজাদের যেসব সমাধি আবিষ্কৃত হয়েছে, তার বেশির ভাগই চোর-ডাকাতের হাতে লুণ্ঠিত হয়েছে। এই প্রথম অক্ষত একটি সমাধি আবিষ্কৃত হলো।সমাধিতে পাওয়া প্যাপিরাস থেকে উদ্ধার হলো চমকপ্রদ সব তথ্য। সেই সঙ্গে অনেক অনেক অমীমাংসিত প্রশ্ন।তুতেনখামেনের এই স্বল্পায়ুর কারণ কী? কেন এত কম বয়সে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে তুতেনখামেনের?তুতেনখামেনের মমিতে পাওয়া ১৫০টি রক্ষাকবচের যেমন সে সময়ের শিল্প পরিচয় দিল, তেমনই হাজার বছর পুরোনো মিসরের অনেক ধর্মীয় বিশ্বাসের কথাও প্রকাশ করল। ১৫০টির মধ্যে তিনটির পরিচয় বের করা গেছে—হরারে চোখ, ইসিসের বকলস আর সূর্যদেবতা রাকে উৎসর্গ করে নির্মিত স্কারাব। বাকিগুলোর পরিচয় মেলেনি।বলা হয় আবিষ্কারের পর কার্টার সাহেব আর তাঁর সঙ্গী ছাড়া দলের বাকি ২০ সদস্যই অপঘাতে মারা গেছেন। রহস্য সন্ধান করতে গিয়ে হাজির হয়ে গেল আরও এক শ একটা রহস্য।সবচেয়ে বড় রহস্য, ‘কিং তুত’ মারা গেলেন কীভাবে?কেউ বলেন, তুতকে হত্যা করা হয়েছিল। কারণ তাঁর মাথার পেছনে আঘাতের চিহ্ন আছে। কেউ বলেন, তুত মারা গেছেন ম্যালেরিয়ায়।সব উত্তরই জানার উপায় মমির ডিএনএ পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষার অনুমতি মিলছিল না। অবশেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রকাশ হলো তুতেনখামেনের ডিএনএ পরীক্ষার ফলাফল। এই ফলাফলে বলা হলো, মূলত পা ভেঙে যাওয়া এবং মস্তিষ্কের ম্যালেরিয়ার কারণে মারা গেছেন তুত। এ দুটি রোগই প্রাণঘাতী হয়ে দাঁড়ানোর কারণ হিসেবে তুতের আন্তপারিবারিক বিয়েকে দায় দেওয়া হয়।অবশ্য এসব মতামত এখনো মানতে অনেকে নারাজ। তাঁরা এখনো রহস্যের গন্ধ পান, অলৌকিকতার গন্ধ পান রাজা তুতের মধ্যে। কে জানে রহস্যের শেষ কোথায়!শিখতী সানী