
তুমি বন্ধু ক্লাসের পরে আসতে পার বাসায়
বন্ধু তোমার জন্য আমি বসে আছি আশায়।
চলো বন্ধু বাসায় চলো, আমার বাসায় চলো
আমার সাথে খেলবে তুমি, তোমার মাকে বলো
আমার মা যে খুশি হবে বাসায় তুমি এলে
খুশি হবে বন্ধু তুমি কী কী খাবার খেলে?
আমার যত খেলনা আছে, তোমায় দেব
আমার নিজের কম্পিউটার, তোমায় দেব
ভিডিও গেম খেলার সিডি, তোমায় দেব
বাইসাইকেল আছে আমার, তোমায় দেব
গল্পের বই, রংপেনসিল, তোমায় দেব
ছবি আঁকার ড্রয়িং খাতা, তোমায় দেব
বাসায় এলে আমার যত গানের সিডি বাজিয়ে দেব
ভেবে দেখো, একটা বিকেল অন্য রকম সাজিয়ে দেব।
ছাদে যাব, গাছ দেখাব
অ্যাকুরামে মাছ দেখাব
টবে ফোটা ফুল দেখাব
পুতুল সোনার দুল দেখাব
অ্যালবামটা তাও দেখাব
ব্লক লেগোতে ঘর বানাব
দোকান থেকে চিপস আনাব
তোমার যত ভালো লাগা গানের সিডি বাজিয়ে দেব
ভেবে দেখো, একটা বিকেল অন্য রকম সাজিয়ে দেব।
খেলার বিকেল শেষ হলে পর
খেলনাগুলো রেখে দেব
গুছিয়ে দেব ঘর
থাকবে না ঘর এলোমেলো মা যে খুশি হবে
আসছ নাকি বন্ধু তুমি, আমার বাসায় তবে?
খেলা শেষে ফোনটা করে তোমার মাকে আনাব
চলেই যখন যাবে তুমি, হেসেই বিদায় জানাব
বিদায় বেলায় বলব তোমায়
থাকল আরও খেলার সাধ
আমার সাথে খেলার জন্য জানাই তোমায় ধন্যবাদ।