প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার জীবন ভাগ হয়ে আছে
বরষা এবং বৃষ্টিহীনতায়
ভালোবাসা আর প্রেমস্পৃষ্টতায়
তুমি ও বরষা তাই চিরকাল অভিন্ন রূপক
দূর সমুদ্রের এক দলছুট মাছ
বর্ষার বিরহে তার হাবুডুবু জলের গভীর
আর শূন্যে হাঁসফাঁস লাফ
বিশ্বাস করবে, যদি বলি
দিনলিপি তার আমারই নিজস্ব পদাবলি
এখন সময় অসময়
বাইশ সহস্র লাথি এসে পড়ছে পৃথিবী গোলকে
রঙ্গমঞ্চে তবু আনন্দের পর্দা নামছে না
কোথাও বৃষ্টির মতো বোমা পড়ছে
বৃষ্টির ধারার মতো ঝরে পড়ছে শিশুদের রক্ত
তবু বাংলায় নির্লজ্জের মতো প্রতিদিন
ফুটছে কদম ফুল
মানুষের কান্নার সমান নয় আস্ত বর্ষাকাল
মাঝে মাঝে রৌদ্রজ্বরে পুড়ে যাচ্ছে বৃষ্টির স্তনাগ্র
অভিশপ্ত আমি অন্ধকারে মেঘে মেঘে খুঁজে চলেছি তোমাকে
তুমিই আমার ভরসা...