রফিকুন নবী। এ দেশের প্রথিতযশা চিত্রশিল্পীদের একজন। তাঁর বিস্ময়কর কার্টুনচিত্র টোকাই এ দেশে ব্যাপকভাবে আদৃত। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন।ফ্রিদা কাহলোর জীবনীবই আমার অনেক প্রিয় বিষয়। আমার ক্ষেত্রে বই পড়ার কোনো সময়-অসময় নেই। বর্তমানে নিজের প্রদর্শনীর কাজে ব্যস্ত থাকার কারণে সেভাবে বই পড়ার সময় মেলেনি। তবে এর মধ্যেও পড়ছি চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর জীবনীগ্রন্থ। ফ্রিদা কাহলোর জীবন দারুণ বৈচিত্র্যময় ও ভয়াবহ কষ্টের। নিঃসন্দেহে খুব বড় মাপের শিল্পী। তবে এই বইয়ে ফ্রিদার শিল্পকর্মের চেয়ে তাঁর জীবনের ছবিই আলোচিত হয়েছে বেশি। যেমন, শিল্পী দিয়াগো রিবেইরার সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা, বিয়ে এবং তার পরের নানা ঘাত-প্রতিঘাত উঠে এসেছে। শিল্পী ফ্রিদা সম্পর্কে আগে থেকেই জানা ছিল। এই বই পড়ে তাঁর ব্যক্তিজীবন সম্পর্কেও জানা হলো। ভিন্ন মতাবলম্বী রাশিয়ান নেতা ট্রটস্কির সঙ্গে ফ্রিদা কাহলোর ভাবনার সম্পৃক্ততার বিষয়ে চমকপ্রদ কিছু তথ্য আছে বইটিতে। ভালো জীবনীগ্রন্থের ক্ষেত্রে মজা হলো, একবার পড়তে শুরু করলে শেষ না করে ওঠা যায় না, ফ্রিদা কাহলোর জীবনী গ্রন্থটি সেই রকমই একটি।ড্রয়িং অব রফিকুন নবীআমি তো ছবির জগতের মানুষ। ছবির সঙ্গেই আমার নিত্য ওঠাবসা। এই মুহূর্তে আমার একক প্রদর্শনী ‘ড্রয়িং অব রফিকুন নবী’ নিয়ে দারুণ মাতোয়ারা আমি। গ্যালারি চিত্রকে ৩ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এ প্রদর্শনী চলবে। এটি আমার ড্রয়িংয়ের প্রদর্শনী। পাঁচ মাস ধরে কাজ করছি এ প্রদর্শনীর জন্য। দীর্ঘ সময় ধরে তুলি ও ক্যানভাস নিয়ে আছি। আমি যেভাবে ছবি আঁকি, আমাদের দেশের মানুষ, পশুপাখি, প্রকৃতি—সবকিছুই এ প্রদর্শনীতে স্থান পাবে। মোট কথা, ‘ড্রয়িং অব রফিকুন নবী’ শীর্ষক প্রদর্শনীর মাধ্যমে আমি আমার দেখা বাংলাদেশকে দেখাতে চাই।তন্ময় হয়ে শুনিআমি যখন ছবি আঁকি, তখনই গান শুনি। ঠিক গান নয়—ইনস্ট্রুমেন্টাল। তবে এ সময় আমার পছন্দ চৌরাসিয়ার বাঁশি, জাকির হোসেনের তবলা কিংবা শিবকুমার শর্মার সরোদ। আর সে ক্ষেত্রে আমি সর্বভুক। ভালো যেকোনো গানই তন্ময় হয়ে শুনি। প্রথম পছন্দ কিন্তু রবীন্দ্রনাথ—তাঁর গানের বাণী ও সুরের ঐকতান প্রাণকে মুহূর্তেই যেন জুড়িয়ে দেয়। নতুনদের চেয়ে সুচিত্রা মিত্র, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠই আমাকে বেশি টানে। রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠও মন্দ লাগে না।আড্ডার আবহেআড্ডা বাঙালির শ্রেষ্ঠতম বিনোদন। বিশেষ করে সৃজনশীল কাজ যাঁরা করেন, তাঁদের অবশ্যই আড্ডা দেওয়া উচিত। আমি কিন্তু ভীষণ আড্ডাবাজ। আড্ডায় যেমন অনেক অনেক বাঘ-ভালুক মারা হয়, তেমনি আড্ডা মারতে মারতেই আমি আমার অনেক উৎসমুখকে খুঁজে পেয়েছি। তাই আড্ডার আবহে থাকতে আমার ভালোই লাগে।