
আমাদের মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে। আর সেই যুদ্ধে অংশগ্রহণকারীর সংখ্যা কত ছিল, এখনো তা অনিরূপিত। মুক্তিযুদ্ধে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারীদের সংখ্যা যেমন ছিল সংখ্যাহীন, তেমনি অনানুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারীর সংখ্যাও কম ছিল না। কতজন কতভাবে যে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন বা নিয়েছিলেন, কতভাবে যে তাঁরা এই মহানযজ্ঞে শামিল হয়েছিলেন, তার রূপ ও প্রকৃতি কত বিচিত্র, কত ঝুঁকিপূর্ণ ও জীবনবাজি-রাখা-ঘটনা ছিল, প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ‘মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীদের বয়ান’ সিরিজের বইগুলো তার অপরিমেয় আধার।
আমাদের আজকের আলোচ্য বই মুহম্মদ লুৎফুল হক সম্পাদিত বরিশাল ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান তারই আপাত সর্বশেষ দলিলবিশেষ। তিনি তাঁর ‘সম্পাদকের কথা’ মারফত আমাদের প্রথমেই জানাচ্ছেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পরিস্থিতি, সংগ্রাম ও যুদ্ধের চিত্র ছিল ভিন্ন, বিশেষত বরিশাল অঞ্চলের। এ এলাকা ছিল নদী-নালাবেষ্টিত। বেশ কিছু জায়গায় জোয়ার-ভাটার প্রভাব ছিল। নদীবহুল হওয়ায় বরিশালে রেল যোগাযোগ ছিল না। সড়ক যোগাযোগও তেমন ছিল না। যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল জলপথ। অন্যদিকে ভারত সীমান্তও ছিল অনেক দূরে।’ ফলে এই অঞ্চলজুড়ে সংঘটিত মুক্তিযুদ্ধের প্রকৃতি ভিন্ন হলেও এতে অংশগ্রহণকারী এলাকাবাসীর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের ব্যাপারে মনোভাব ছিল অন্যান্য এলাকার মুক্তিযোদ্ধাদের মতোই ঘৃণার বারুদে ঠাসা। এ বই কেবল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদেরর স্মৃতিচারণসিক্ত বিবরণ নয়। সম্পাদক জানাচ্ছেন, ‘অংশগ্রহণকারী, প্রত্যক্ষদর্শী ও নির্যাতিত—সবার জন্য মুক্তিযুদ্ধ অবিস্মরণীয় এক ঘটনা। তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষ।’ এই রকম ১৮ জনের সাক্ষাৎকার প্রথমে টেপ রেকর্ডারে ধারণ করা হয়। তারপর শ্রুতলিখন করার পর করা হয় যৌক্তিক ও সতর্ক সম্পাদনা, আহরিত তথ্যের সঠিকতা যাচাই। তারপর এই গ্রন্থের প্রকাশ।
>

বরিশাল ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান
সম্পাদক: মুহম্মদ লুৎফুল হক
প্রচ্ছদ: অশোক কর্মকার *প্রকাশক: প্রথমা প্রকাশন, ঢাকা * প্রকাশকাল: অক্টোবর ২০১৬ * ১৭৬ পৃষ্ঠা *দাম: ২৮০ টাকা।
বস্তুত তৃণমূল পর্যায় থেকে মুক্তিযুদ্ধের বিবরণ সংগ্রহের কাজের শুরু হয়েছিল বেশ আগে। মুক্তিযুদ্ধ ট্রাস্টের তরফ থেকে। মঈদুল হাসান, এই প্রকল্পের সদস্য পরিচালক, তাঁর ভূমিকা মারফত জানাচ্ছেন, ‘মুক্তিযুদ্ধে যাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিয়েছিলেন অথবা ওই সময়ের ঘটনা যাঁরা প্রত্যক্ষ করেছিলেন, এমন মানুষের অভিজ্ঞতার বিবরণ সংগ্রহের কাজ আমরা শুরু করেছিলাম ১৯৯৬ সালে। কাজটি আমরা শুরু করেছিলাম এই উপলব্ধি থেকে যে এ দেশের মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থেই ছিল জনযুদ্ধ। দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের এ রকম সশস্ত্র লড়াই এই উপমহাদেশের ইতিহাসে এর আগে আর কখনো ঘটেনি।’ মঈদুল হাসানের এই উচ্চারণ অনুষঙ্গেই আমরা যখন এ বই পাঠ করতে বসি, তখন বরিশাল জেলাজুড়ে সংঘটিত মুক্তিযুদ্ধের প্রকৃত ছবি আমাদের চোখের সামনে মূর্ত হয়ে ওঠে। এমন সব লড়াই, পাকিস্তানি বাহিনীর এমন নিষ্ঠুর সব নির্যাতন, তাদের এ দেশীয় দোসর আলবদর ও আলশামস বাহিনীর নিপীড়ন, মুক্তিযোদ্ধাদের প্রস্তুতি ও লড়াই, ধর্ম-বর্ণনির্বিশেষে নারী নির্যাতনের যে বিবরণ ১৮ জন সক্রিয় মুক্তিযোদ্ধা ও প্রত্যক্ষদর্শী তাঁদের নিজস্ব বয়ানে তুলে ধরেন, তার পাঠ আমাদের এমন এক অভিজ্ঞতার ভেতর দিয়ে নিয়ে যায়, পলে পলে তা শিহরিত, রোমাঞ্চিত, বেদনাতুর, পাশাপাশি মুখোজ্জ্বলও করে সমভাবে। কেননা, ঘোর শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের ইতিহাস সহজ পথে হয় না, আত্মত্যাগ যেমন তার পার্শ্বচর, আত্মত্যাগ শেষে বীরত্বের বিরাটত্বও তেমনি মহিমান্বিত করে তোলে আমাদের জীবনের ধারাকে। বরিশাল ১৯৭১: অংশগ্রহণকারী ও প্রত্যক্ষদর্শীর বয়ান আমাদের সেই অভিজ্ঞতাতেই গভীরভাবে জারিত করে।
প্রথমা প্রকাশন এর আগেও বিভিন্ন জেলা বা অঞ্চলের তৃণমূল পর্যায় থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করে বই আকারে প্রকাশ করেছে। আমরা আশা করব, তাদের এই কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।